মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিন মৃধা (৪০) নামের এক ব্যক্তি মারা যান। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। নিজামউদ্দিন শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
গুলিবিদ্ধ হয়ে নিজামউদ্দিনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনাস্থল জাজিরার নাওডোবা এলাকায়। সেখানে দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ শিবচরের এক বাসিন্দা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন বলে জানতে পেরেছি। ঘটনাস্থল জাজিরা থানার আওতাধীন হওয়ায় এ বিষয়ে ওই থানা থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা গেছে, মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ভোর ৪টা থেকে রাজৈরের টেকেরহাট, শিবচরের কাঠালবাড়ী ও সদর উপজেলার মস্তফাপুরসহ বিভিন্ন স্থানে তারা সড়কে অবস্থান নেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ ও কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সড়কে ইট-পাটকেল ছড়িয়ে রাখা হয়। কোথাও কোথাও টিন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরের যাত্রী ও চালকরা। তবে অবরোধকারীরা জরুরি সেবার গাড়ি চলাচলে বাধা দেননি। সকাল হলে রাজৈর থানা পুলিশের সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় জরুরি যানবাহন চলাচলের সুযোগ এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করতে তাদের অনুরোধ করেন।
অন্যদিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচর অংশের কাঠালবাড়ী থেকে পদ্মা সেতু পর্যন্ত এলাকাতেও ভোর ৪টা থেকে অবরোধ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের পাশাপাশি তারা ককটেল বিস্ফোরণ ঘটান এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল করেন তারা। পরে সকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার রাত ১২টার পর মাদারীপুর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতা শাজাহান খান ও বাহাউদ্দীন নাছিমের নামে যৌথ ব্যানারে তাদের আন্দোলন করতে দেখা যায়। কালকিনি উপজেলার কয়ারিয়া ও সাহেবরামপুরসহ কয়েকটি স্থানেও বিক্ষোভ হয়। তাদের প্রতিহত করতে বিএনপিসহ কয়েকটি দলের নেতাকর্মীরা মিছিল বের করেন।
প্রসঙ্গত, শরীয়তপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহী (৩৪) নামে যুবলীগের আরেকজন কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে আজ দুজনের প্রাণহানি ঘটলো।
জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার কাছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ এবং মোটরসাইকেল ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিতে ইব্রাহিম সিপাহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজ্জাক উদ্দিন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সংঘর্ষে নিহত ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধা। ছবি: সংগৃহীত
রোববার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুরে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। ছবি: শাবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। রোববার ভোর ৪টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এরআগে শনিবার দিনভর এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আট বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা ( কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৩২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক)। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।একইদিনে দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রাথীরা নির্বাচিত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।
নির্বাচন সংশিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে শনিবার ভোটগ্রহণ হয়। এতে ভোটার সংখ্যা ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মো. আরিফ হোসেন
নোয়াখালীর সেনবাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আরিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরিফ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের খালেক ডুবাই আলার বাড়ির গোরফার মিয়ার ছেলে। তিনি কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ডেঙ্গুতে আক্রান্ত হন আরিফ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। একই দিন বিকেলে বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ বলেন, বিষয়টি তার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানাবেন।
ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল পথে বন্ধ বাস চলাচল বাস না পেয়ে ভোগান্তিতে যাত্রীরা সড়কে গাড়ি নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি এবং প্রয়াত সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।
রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশীর ভিআইপি আবাসিক এলাকা থেকে ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দাবি, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
ডা. সেলিম আকতার চৌধুরী কয়েক বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলার নম্বর এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।