গাজীপুরের কালিয়াকৈরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাস লাইনে লিকেজ থেকে আগুন। ছবি : সংগৃহীত
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপলাইন ফেটে বের হওয়া গ্যাসের কারণে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এই আগুন প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে দাউ দাউ করে জ্বলে ওঠে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।
ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘটনাস্থল থেকে এখনও গ্যাস বের হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে তিতাসের ভূগর্ভস্থ গ্যাসলাইনে লিকেজ দেখা দিচ্ছে। এরমধ্যে কয়েকটি স্থানে মেরামত করা হলেও চন্দ্রা এলাকার ব্লো-ওশান কারখানার সামনে একটি ড্রেনের নিচে থাকা গ্যাসলাইন থেকে গত কয়েক মাস ধরে অবিরাম গ্যাস বের হচ্ছিল। এতে এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ ওই স্থানটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই প্রায় ৩০০ ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের পোশাক কারখানায় ছুটি হলে শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দিগ্বিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে বিকেল ৪টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিভলেও গ্যাস নিঃসরণ বন্ধ হয়নি।
কারখানা শ্রমিক হালিম মোল্লা বলেন, গত কয়েক মাস ধরে এখানে গ্যাস বের হচ্ছে। আগুন ধরার ঘটনাও ঘটেছে, কিন্তু স্থায়ীভাবে কোনো মেরামত করা হয়নি। আমরা প্রতিদিন ভয় নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করছি।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন অভিযোগ করেন, চন্দ্রা থেকে কালিয়াকৈর পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজ হলেও তিতাস কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বারবার জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না।
স্থানীয়দের মতে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একেবারে পাশ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের পাইপলাইন থেকে দীর্ঘদিন ধরে গ্যাস লিকেজ ও আগুন জ্বলার ঘটনা ঘটলেও এখনও গ্যাস সরবরাহ বন্ধ কিংবা স্থায়ী মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এতে পথচারী ও আশপাশের শিল্পকারখানার শ্রমিকরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ওই স্থানে কয়েক মাসে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে তিতাস গ্যাসের কালিয়াকৈর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আল মামুন বলেন, দুই মাস নয়, প্রায় দুই বছর ধরে ওই এলাকায় গ্যাস লিকেজের সমস্যা রয়েছে। ইতোমধ্যে ১৫–১৬টি স্থানের লিকেজ বন্ধ করা হয়েছে। চন্দ্রার এই স্থানটির বিষয়েও মেরামত শাখাকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি
ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত
দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক
আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।
টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।
প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।