• প্রকাশ : রবিবার ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৯:৩৭ এএম

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্নের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন কমিটির সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।  


গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। 


ইতোমধ্যেই সমস্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নির্বাচনের আগ মুহূর্ত ও পরবর্তী সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে জেলা রিটানিং অফিসার হিসেবে তার দায়িত্ব ও কর্ম ব্যস্ততা বেড়েছে। 


এ সময় তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপস্থিত সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা বরাবরের ন্যায় বিভিন্ন তথ্য-উপাত্ত ও পরামর্শ দিয়ে জেলা প্রশাসনকে সহযোগিতা করে চলেছেন। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 


গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জেলায় গত মাসে ২০ জন আত্মহত্যা করেছে যা কারোরই কাম্য নয়, এ লক্ষ্যে মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আত্মহত্যা মহাপাপ এ বিষয়ে ধর্মীয় তাৎপর্যের ভিত্তিতে  মানুষকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। 


এছাড়া পরকীয়ায় আসক্ত হয়ে নিজ কন্যা সন্তানকে হত্যা মামলায় অভিযুক্ত গর্ভধারিণী মাকে আইনের আওতায় নেওয়া  হয়েছে বলেও জানান। এছাড়া প্রত্যেক অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি বিশেষ করে কন্যা সন্তানদের প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। ফেব্রুয়ারি মাসে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন- এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক এ সভায় জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোঃ আশ্রাফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেষ বিশ্বাস, জেলা এনএসআই'র উপ-পরিচালক মোঃ আবু হেনা মোস্তফা কামাল, 


গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ মামুনুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মিয়া, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, 


সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নবী নেওয়াজ, গোপালগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ খালিদ হোসেন সরদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, 


জেল সুপার শওকত হোসেন মিয়া, গোপালগঞ্জ বিআরটিএ'র সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সভাপতি মোঃ জুবায়ের হোসেন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোশাররফ হোসেন, 


গোপালগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামিল সরোয়ার, খাটরা কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, গণমাধ্যম ও মানবাধিকারকর্মী কে এম সাইফুর রহমান সহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ /তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানুয়ারি/ '২৬ মাসের বিভিন্ন বিষয়ের ওপর সংক্ষিপ্ত পর্যালোচনা ও গৃহীত সিদ্ধান্ত উপস্থাপনের পর সভায় মুক্ত আলোচনায় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধে বিভিন্ন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিশেষ করে পেট্রোল, অকটেন, কেরোসিন ও ডিজেল বিক্রয় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এ ব্যাপারে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেন।




বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৩ এএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় দুপুরে আটচক করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

দুপুরে ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। বিজিবি ৪৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল নুর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর সাতটার দিকে ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্য বিছনাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধরের উদ্দেশ্যে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ও পর্যটকরা মিলে তাকে আটক করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিছনাকান্দি বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ এক বিএসএফ সদস্য বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাৎক্ষণিক তাকে আটক করে নিজেদের হেফাজতে নেন।’

তিনি আরও জানান, ‘পরবর্তী সময়ে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।’


ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই গ্রেফতার। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৪ এএম

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক। তার ছোট ভাই কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার ভারত থেকে দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকায় পৌঁছলে পুলিশ তাকে গ্রেফতার করে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।


সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১০ পিএম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের পুরোনো বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকার ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়।

জুলাই গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোজাম্মেল হক পলাতক আছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।

সাইদুল আলম বলেন, ‘মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লেগেছে। তবে এটি কার বাড়ি, তা আমার জানা নেই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এই বাড়িতে বসবাস করতেন মোজাম্মেল হক। পরে মহানগরীর হায়দরাবাদ এলাকায় একটি বাড়ি করে সেখানে থাকতেন তিনি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্ত চলছে।


এমপি জিলানীর বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৫৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার পাটগাতী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টার দিকে সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

আগুনে এমপির পৈতৃক বাড়ির পাশে থাকা তার চাচাতো ভাই ও প্রতিবেশীর বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক থানা কমপ্লেক্সের ভবন ও সেখানে থাকা একাধিক গাড়িতে আগুন দিচ্ছে। 


দিনাজপুরে কুরিয়ার সার্ভিসের গোডাউনে মাদক

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আতিক খান মিম মনু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুরের কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।


দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।


পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে কার্টনটি তল্লাশী করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট (প্রতিটি ২৫ গ্রাম), ১৮টি জয় স্যানিটারী ন্যাপকিনের প্যাকেট এবং আটক ব্যক্তির পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি ক্যাশ মেমোসহ চালান কপি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের তথ্যমতে, উদ্ধার করা প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ গ্রাম। এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবী করেছে পুলিশ।


জেলা গোয়েন্দা পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর দিনাজপুর সদর থানায় দায়ের করা একটি মাদক মামলার এফআইআর ও জিআর নম্বর রয়েছে। ওই মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।


মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহব্যবস্থা এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করা জরুরী। একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যাশা সংশ্লিষ্ট সচেতন মহলের।


আগুনে জ্বলছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০২ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করে। পরে সেখান থেকে গ্রেপ্তার কয়েক নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়। থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে জানা গেছে। সন্ধ্যার পর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে। পরে তারা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে ও ভবনে আগুন ধরিয়ে দেয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলটির নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।


পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে একপর্যায়ে থানা ছেড়ে সরে গেলে নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে বিভিন্ন স্থাপনা ও পুলিশের যানবাহনে আগুন ধরিয়ে দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।


এ ব্যাপারে জানতে পুলিশের জেলা ও থানা পর্যায়ের কর্মকর্তাদের মোবাইলে ফোন করা হলেও তারা রিসিভ করেননি। পরে গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের মোবাইলে ফোন করা হলে একজন কর্মকর্তা ধরে ‘পরে কথা বলবেন’ বলে কেটে দেন।


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃতদের নিয়ে গেছে বলে শুনেছি। তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কিনা সে বিষয়ে কোনো খবর পাইনি।


টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়েও কোনো ইউনিট সেখানে যেতে পারছে না বলে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান। তিনি বলেন, আমরা আগুনের খবর পেয়েছি, গাড়ি রাস্তায় আছে। কিন্তু নিরাপত্তার কারণে আমরা যেতে পারছি না।


প্রত্যক্ষদর্শী কয়েকজন স্থানীয় সংবাদকর্মী ও বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় ছাত্রলীগের কিছু নেতাকর্মী উপজেলা পরিষদের পাশে চা পান করছিলেন। এ সময় সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেন। এরপর শত শত মানুষ গিয়ে থানা ঘেরাও করেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন আহত হন।


এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে কিছু মানুষ থানা চত্বরে ঢুকে পড়েন। হামলাকারীরা থানা চত্বরে থাকা কয়েকটি গাড়িতে আগুন দেয়। তারপর তারা থানা ভবনে আগুন দেয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, তখন পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে গিয়ে অবস্থান নেন। এরপর থানা চত্বরের পাশে পুলিশ মেসেও আগুন দেওয়া হয়।


এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপজেলার খালেক বাজার, পাটগাতি মোড়, বর্ণি ও গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া প্রবেশের সড়কগুলোতে অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।