• প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৮ পিএম

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, রাতভর থেমে থেমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমন অভিযোগ করেন, রাজপাড়া থানা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে এলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্না ও তাঁর চাচাতো ভাইয়ের নেতৃত্বে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


ইমদাদুল হক লিমনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। ছাত্রদলের নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর এভাবে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে এরপরও কয়েক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।


পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



সর্বশেষ সব খবর

নিহত অটোরিক্সা চালক আরিফুল ইসলাম।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১০ পিএম

রংপুর নগরীরতে আরিফুল ইসলাম (২৯) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনা সদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়।

 অটোরিকশা চালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে। 

বিকেলে এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল।

পরদিন ২৪ নভেম্বর আরিফুলের বাবা  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আরিফুলকে মসলা বাটার শীলপাটা দিয়ে মাথায় আঘাত করাসহ গলা কেটে হত্যা করা হয়েছে।

ওসি ওয়াদুদ আলম বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে । তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে ২৭ শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৬ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ আজ সন্ত্রাস ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে ২৭ শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে আইনমন্ত্রী এ বক্তব্য দেন।

আইনমন্ত্রী বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রে বসে আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের আর ফেরা হবে না। ফিরতে হলে আইনি কাঠামোর মধ্যেই ফিরতে হবে। অন্য কোনোভাবে বাংলাদেশে ফেরার সুযোগ জনগণ দেবে না। দেশের প্রত্যেক প্রান্তের মানুষ আপনাদের অপতৎপরতা রুখে দিতে জেগে আছে।

১০ নম্বর বগুড়া ইউনিয়নের কামান্না স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শপথ করেই আমি এ কাজ শুরু করেছি। প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসার ব্যবস্থা চালু রয়েছে । এ ছাড়া মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আমাদের শপথ নিতে হবে, শরীরে একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেওয়া হবে না।

সকাল ১০টায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। সেখানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত মানের পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিষ বিন হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিরুদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে শৈলকুপার কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হামলায় ২৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর থেকে প্রতিবছর দিনটি কামান্না দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সর্বশেষ সব খবর

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। আহত ইমাম বর্তমানে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গত ৮ মাস ধরে রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছে। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মাসআলা জানার কথা বলে তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান।

পরে মসজিদের দক্ষিণ পাশের নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে।

একপর্যায়ে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর

সংস্কৃতি ও শ্রমমন্ত্রী জৈন্তিয়ার ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ, হবে আধুনিক জাদুঘর : সংস্কৃতিমন্ত্রী

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৩ পিএম

সিলেটের জৈন্তাপুরের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রাচীন জৈন্তিয়া রাজ্যের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর (মিউজিয়াম) নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। একই সঙ্গে এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন দুই মন্ত্রী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শনকালে তাঁরা এসব কথা বলেন। 

পরিদর্শনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।পরিদর্শনকালে মন্ত্রীরা প্রাচীন জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরীতে অবস্থিত ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ি (বিচারালয়), জৈন্তা রাজবাড়ি, সারিঘাটে মহাসড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক রাজার পান্থশালা এবং রাজা বিজয় সিংহের সমাধিসৌধ ঘুরে দেখেন।

তাঁরা স্থাপনাগুলোর ঐতিহাসিক গুরুত্ব, বর্তমান অবস্থা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন।সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেশের অমূল্য সম্পদ। প্রাচীন রাজধানী নিজপাট নগরীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব নিদর্শন সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি জৈন্তাপুর সদরে একটি আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর মাধ্যমে জৈন্তিয়ার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এ অঞ্চল আরও আকর্ষণীয় হয়ে উঠবে। মন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। পর্যটন খাতের বিকাশেও এসব ঐতিহাসিক স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, হাজার বছরের সমৃদ্ধ ঐতিহ্যের ধারক জৈন্তিয়া রাজ্যের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম নিজেদের শেকড় ও অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে দ্রুত এসব প্রাচীন নিদর্শন সংস্কার ও সংরক্ষণের কাজ বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

এদিকে, ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের পাশাপাশি দুই মন্ত্রী পৃথক এসএমভিটি লেনসহ সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চলমান কাজের অগ্রগতিও সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তাঁরা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শনকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খান এবং জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের উদ্দেশ্যে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গোয়াইনঘাট উপজেলার উদ্দেশ্যে জৈন্তাপুর ত্যাগ করেন।

জৈন্তাপুরে নতুন সম্ভাবনা ঐতিহাসিক জৈন্তিয়া রাজ্যের রাজধানী নিজপাট নগরী একসময় এ অঞ্চলের রাজনৈতিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানকার প্রাচীন স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো জৈন্তিয়ার গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করছে। দীর্ঘদিন ধরে এসব নিদর্শনের যথাযথ সংরক্ষণ, সংস্কার এবং পর্যটন উপযোগী পরিবেশ তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সচেতন মহল।

সংশ্লিষ্টদের মতে, সরকারি উদ্যোগে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কার, সংরক্ষণ এবং আধুনিক জাদুঘর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে জৈন্তাপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যটন, অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৫৬ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা জেলা সফরকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় নদী খননকাজের সম্ভাব্য স্থান ও প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে ব্রিফ করেন প্রতিমন্ত্রী।


ব্রিফিংয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শুধু খাল কিংবা নদী খনন করেই দায়িত্ব শেষ করতে চায় না। বরং খননের পর নদী ও খাল থেকে উত্তোলিত মাটি বা পলি (ড্রেজড ম্যাটেরিয়াল) যেন পুনরায় নদী-খালে গিয়ে না পড়ে, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুযায়ী স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে উত্তোলিত মাটি যথাযথভাবে অপসারণ ও ব্যবস্থাপনার কাজ করা হচ্ছে।


তিনি আরও বলেন, নদী ও খাল খননের মূল উদ্দেশ্য হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো। পরিকল্পিতভাবে করতোয়া নদী খনন করা হলে নদীর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে নদীতে সংরক্ষিত পানি কৃষিকাজে ব্যবহার করা সম্ভব হবে।


প্রকল্পটি বাস্তবায়িত হলে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। একই সঙ্গে নদীর দুই তীরে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।


উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমানোর লক্ষ্যে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করেছে সরকার। গত ১৬ জুন ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।


২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, নদীতীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর ফলে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এ ছাড়া প্রকল্প এলাকায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে দীর্ঘদিনের নদীভাঙন, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।


পরিদর্শনকালে সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, গাইবান্ধার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৪৬ পিএম

টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসা থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করেছে মহানগর ডিবি পুলিশ। এ ঘটনায় সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগ এ অভিযান পরিচালনা করে। 


পুলিশের তথ্য অনুযায়ী, মহানগর ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের এসআই (নিঃ) মোঃ কামরুল হাসান, এএসআই (নিঃ) জিল্লুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আলামিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।অভিযানে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা এবং একটি অ্যাশ কালারের ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়। 


পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা। প্রতি পিস ইয়াবার মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তার সুমাইয়া আক্তার গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মোঃ আনোয়ার হোসেনের মেয়ে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারে ভাড়া থাকতেন।


এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বশেষ সব খবর