গ্রেপ্তার রফিকুল ইসলাম

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ৩:৫৩ পিএম

ছেলের বউভাতের অনুষ্ঠানের ভোজের জন্য গরু চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাড়িতে যখন মাংস কাটাকাটি চলছিল এবং দুপুরে ভূরিভোজের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, ঠিক তখনই চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সেখানে হাজির হন গরুর মালিক। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে এবং জবাই করা গরুর অবশিষ্টাংশ উদ্ধার করে। এ ঘটনায় পণ্ড হয়ে যায় বউভাতের অনুষ্ঠান।


গতকাল সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রফিকুল ইসলাম (৫২) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।


পুলিশ, প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাস্তা গ্রামের কৃষক শহিদুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তাঁর লক্ষাধিক টাকা মূল্যের একটি কালো রঙের সংকর জাতের গাভি গোয়ালঘরে বেঁধে রাখেন। দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তিনি ঘর থেকে বের হয়ে দেখতে পান, বাড়ির মূল ফটকের তালা ভাঙা এবং গোয়ালঘর থেকে গরুটি নিখোঁজ। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। ভোররাতেই তাঁরা গরুটি খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে পাশের বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে যান তাঁরা।


সেখানে গিয়ে শহিদুল ইসলাম ও সঙ্গের লোকজন দেখেন, চুরি হওয়া গরুটি জবাই করে মাংস কাটাকাটি চলছে। জবাই করা গরুর মাথা ও চামড়া দেখে মালিক তাঁর গাভিটি শনাক্ত করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে গরুর মালিক শহিদুলের ভাতিজা আনারুল ইসলামকে আঘাত করেন। আহত আনারুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুর মাথা, চামড়া, ভুঁড়ি ও পা উদ্ধার করে। একই সঙ্গে গরু চুরির অভিযোগে রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পেশায় কসাই রফিকুল ইসলামের ছেলে সোহান মিয়ার (২৩) সঙ্গে পাশের রুদ্রনগর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। গতকাল রফিকুলের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই ভূরিভোজের জন্য রফিকুল গরুটি চুরি করেছিলেন বলে অভিযোগ। 


এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম। 


তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ছেলের বউভাতের অনুষ্ঠানের জন্য গরু চুরির কথা স্বীকার করেছেন রফিকুল ইসলাম। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে গতকাল চারজনের নাম উল্লেখ করে চুরির মামলা করেছেন। মামলার পর রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আজ রোববার আদালতে পাঠানো হবে। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৩ পিএম

ইট-পাথরে মোড়ানো পাকা একটি কবর। চারপাশে পরিপাটি পরিবেশ, সঙ্গে পিলার, ছাদ আর ছোট ছোট মিনার। প্রথম দর্শনে এটিকে সাধারণ কোনো ঘর মনে হলেও, এটি মূলত প্রস্তুত করে রাখা একটি কবর। গত পাঁচ বছর ধরে নিজের হাতে তৈরি করা এই কবরের পাশে বসেই জীবনের শেষ দিনগুলোর প্রহর গুনছেন এক বৃদ্ধ।


এমন ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশাডাঙ্গা গ্রামে। বৃদ্ধের নাম আব্দুর রহিম। প্রতিদিন নিয়ম করে তিনি নিজের এই কবরের যত্ন নেন। ধুলোবালি জমলে নিজ হাতে পরিষ্কার করেন। 


শুধু নিজের জন্যই নয়, মৃত্যুর পর স্ত্রী যেন পাশে ঠাঁই পান, সে জন্য স্ত্রীর জন্যও পাশাপাশি আরেকটি কবর খুঁড়ে রেখেছেন তিনি। আত্মীয়স্বজনদের কাছে তার শেষ আকুতি, মৃত্যুর পর যেন দুজনকে পাশাপাশি দাফন করা হয়।


মৃত্যুর পর সন্তানরা ঠিকঠাক দাফন-কাফন করবেন কি না, এমন শঙ্কা ও মানসিক ভাবনা থেকেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন আব্দুর রহিম। এমনকি মৃত্যুর পর যেন কারও ওপর বোঝা হতে না হয়, সে জন্য জীবিত অবস্থাতেই নিজের কুলখানি, চল্লিশা ও দোয়া মাহফিলের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রেখেছেন তিনি।


জীবিত মানুষের এমন আগাম প্রস্তুতি ও ব্যতিক্রমী কাণ্ড দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন আব্দুর রহিমের বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিষয়টিকে কৌতূহল ও বিস্ময়ের চোখে দেখলেও কেউ কেউ বলছেন, জীবনের চরম সত্যকে এত কাছ থেকে মেনে নেওয়ার এমন মানসিকতা সত্যিই বিরল।


পৃথিবীর মায়াজাল ছিন্ন করে একদিন সবাইকে চলে যেতে হবে পরপারে। তবে মহেশপুরের আব্দুর রহিমের এই প্রস্তুতি শুধুই কি আক্ষেপ ও লোকদেখানো, নাকি মৃত্যুর অবধারিত সত্যকে অতি নিকটে মেনে নেওয়ার এক অদ্ভুত মানসিকতা-তা নিয়ে পুরো এলাকায় আলোচনা ও কৌতূহল এখন তুঙ্গে।


  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৩৭ পিএম

খুলনার দিঘলিয়ায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা মোঃ নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫) নিহত হয়েছেন।


আজ বেলা সাড়ে ১১টার দিকে দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে নাসিম নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে চা খেয়ে হেঁটে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে ওখানে ওৎ পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ভ্যানে করে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে নাসিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পুলিশ তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন এবং একটি চশমা আলামত হিসেবে উদ্ধার করে।


দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক পর্যালোচনায় নিহত নাসিমের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক পর্যায়ের কার্যক্রমের সাথে গভীর সম্পৃক্ততা পান এবং পুলিশ রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র সহ মোট ৮টি মামলা রয়েছে।


খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১:১৮ পিএম

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়কের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে) চারলেনে উন্নীতকরণ প্রকল্পের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ভয়াবহ ধস ও বিশাল ফাটল দেখা দিয়েছে। উপজেলার সিংলাব-পাকুন্দা এলাকার আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে সড়ক দেবে গিয়ে তৈরি হয়েছে চরম মৃত্যুফাঁদ। রোববার (৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায় এ অবস্থা। 

 

শনিবার (৩ অক্টোবর) স্থানীয়রা সড়কে প্রথম এই সুবিশাল ফাটল দেখতে পান।


বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজট ও যাত্রী ও চালকদের তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। দুপুরে খবর পেয়ে পরিস্থিতি মূল্যায়নে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী।


সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালাই সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে দীর্ঘ ফাটল দেখা দিয়েছে।


একাধিক জায়গায় পিচ উঠে গিয়ে ভেতরের মাটি ও নিম্নমানের সুরকি বেরিয়ে এসে সড়কটি নিচের দিকে দেবে গেছে। ফলে পুরো এলাকা জুড়ে বড় ধরনের ভূমিধসের আতঙ্ক দেখা দিয়েছে। সড়ক নির্মাণে চরম দুর্নীতি ও রাতে মাটি চুরির কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে সরাসরি অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। 


স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তা বানানোর সময় আমরা চোখের সামনে দেখেছি কী নিম্নমানের কাজ হইছে! এক বছরও গেল না, এর মধ্যেই রাস্তা ফাইট্টা ধইসা পড়ল। সরকার কোটি কোটি টাকা খরচ করতাছে, আর ঠিকাদাররা চুরি কইরা আমাগো জীবন ঝুঁকিতে ফালাইতাছে।


সড়কের পাশের স্থানীয় বাসিন্দা আল আমিন একই অভিযোগ তুলে বলেন, রাস্তা বানানোর নাম করে বিদেশি চায়না ঠিকাদারের সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কিছু লোক রাতের আঁধারে সড়কের দু'পাশের মাটি কেটে বিক্রি করে পুকুর বানিয়ে ফেলেছে। কোনো গাইড ওয়াল না করেই তাড়াহুড়ো করে সড়ক নির্মাণ করা হয়। ফলে মাটির চাপে দুই পাশের খাদের কারণে পুরো রাস্তা এখন দেবে গেছে। আর কয়দিন বৃষ্টি হইলে এই পুরা অংশ ধসে পড়বে।


তবে কাজের মান ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বাইপাস সড়ক চারলেন উন্নয়ন প্রকল্পের পরিচালক (পিডি) সৈয়দ আসলাম আলী। 


তিনি বলেন, টানা দুই-তিন দিনের বৃষ্টির কারণে সড়কের নিচের মাটি নরম হয়ে পড়ে। তার ওপর সড়ক দিয়ে অনবরত অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে নরম মাটি সরে গিয়ে রাস্তা দেবে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। প্রকল্প নির্মাণকারী বেসরকারি অংশীদার 'ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড'-এর কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তারা জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যানবাহন চলাচলের ব্যবস্থা করছেন। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা হবে।


এদিকে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, শুধু ড্রিল করে জোড়াতালির মেরামত নয় অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে মূল কারণ উন্মোচন করতে হবে এবং দুর্নীতির সাথে জড়িত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।


  • প্রকাশ : রবিবার ০৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৩৯ এএম

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নিয়ামুল কবীর উৎসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নোয়াখালী পৌরসভার মধুপুর, দত্তেরহাট, মাইজদী বাজার, আয়কর অফিস এলাকা ও হাপার গোড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ঘটনাস্থলেই ফায়েক আদনানকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আনোয়ার হোসেন সাদ্দামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মুসলিম কলোনির আলী আহাম্মদ মিয়া বাড়ির মৃত মাঈন উদ্দিন সোহেলের ছেলে ফায়েক আদনান (৩০) এবং সোনাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির মৃত রুহলামিনের ছেলে আনোয়ার হোসেন সাদ্দাম (৩৫)।


 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নিমূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৫৭ পিএম

দিনাজপুরের বিরল থানার একটি চৌকস দল গাজীপুর জেলা থেকে মোঃ ইমন হোসেন (৪৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


দিনাজপুর জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এবং বিরল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইমন হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের দক্ষিণখান থানার মামলা নম্বর-২২, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দে দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামী ছিলেন। পুলিশের তথ্যমতে, ওই মামলায় একজনকে জবাই করে হত্যার অভিযোগ রয়েছে।


পুলিশ আরও জানায়, মামলার আসামী দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার চার্জ গঠনের পর বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে জিআর (সাজা) মৃত্যুদণ্ডের ওয়ারেন্ট জারী করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমন হোসেনের স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলার বিরল থানাধীন মহাজনপাড়া (জগতপুর) এলাকায় হওয়ায় তার বিরুদ্ধে জারী করা ওয়ারেন্ট দিনাজপুর জেলায় আসে।


এরপর বিরল থানা পুলিশ আসামীর অবস্থান শনাক্তে তথ্য সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। পরে শনিবার সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে গাজীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামী মোঃ ইমন হোসেন (৪৫), পিতা—মোঃ হাবিবুর রহমান ওরফে বাবুর; সাং—মহাজনপাড়া; থানা—বিরল; জেলা—দিনাজপুর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আদালতের জারী করা মৃত্যুদণ্ডের ওয়ারেন্টের পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

নাগরিক সেবাকে সহজীকরণের লক্ষ্যে প্রথমবারের মত সিলেটে চালু হচ্ছে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)। এর মাধ্যমে সেবাপ্রার্থী ঘরে বসেই নাগরিক আবেদন সাবমিট করাসহ ট্রাকিং করতে পারবেন। এছাড়া প্রবাসীরা দ্রুততম সেবা নিশ্চিতে প্রবাসী এক্সপ্রেস সার্ভিসও এতে সন্নিহিত থাকবে। যাতে ১ মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদন সহ অন্যান্য সেবা প্রদান করা যায়। 


আজ শনিবার দুপুরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি।


তিনি বলেন, আগামী ৫ অক্টোবর সারাদেশের মত সিলেটে প্রথমবারের মত বিশ্ব বসতি দিবস উদযাপন করবে সিউক। এদিন দুই দিনব্যাপী বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


প্রথম দিনের অনুষ্ঠানমালায় থাকবে র‍্যালি, আলোচনা সভা, ইসিপিএস উদ্বোধন, শিক্ষার্থীদের নিয়ে আইডিয়া প্রতিযোগিতা, মডেল প্রদর্শনী, স্টল ও আলোকচিত্র প্রদর্শনী। 


পরদিন নির্ধারিত সূচি অনুযায়ী, নগরের দু'টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, টেকসই নগরায়ন ও আবাসন বিষয়ক সেমিনার, আইডিয়া ও আলোকচিত্র প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়ন, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা রয়েছে।


এসব অনুষ্ঠানমালায় আধুনিক ও পর্যটনবান্ধব নগর বিনির্মানের পরিকল্পনা তুলে ধরবেন সংশ্লিষ্টরা। দিবসকে কেন্দ্র করে সিলেটে এই প্রথমবারের মত আবাসন সংক্রান্ত সকল অংশীজনকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনার কথা জানান সিউক চেয়ারম্যান। 


সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রার শুরু থেকেই নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে কাজ করছে। ইসিপিএস তারই একটি বাস্তব প্রতিফলন। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা ঘরে বসেই আবেদন জমা দিতে পারবেন এবং আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন।


তিনি বলেন, প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে ইসিপিএসের সঙ্গে ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ যুক্ত থাকবে। এর মাধ্যমে এক মাসের মধ্যে প্রবাসীদের নকশা অনুমোদনসহ অন্যান্য সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।


সিউক জানিয়েছে, আগে সিলেটে বিশ্ব বসতি দিবসের আয়োজন সিলেট গণপূর্ত বিভাগের উদ্যোগে হলেও এবারই প্রথম সিউক দিবসটি আয়োজন করছে। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে দুই দিনের কর্মসূচি সাজানো হয়েছে। দিবসটি সামনে রেখে আবাসন খাতের বিভিন্ন অংশীজনকেও একই আয়োজনে যুক্ত করা হয়েছে। 


সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও লিডিং ইউনিভার্সিটির পুরকৌশল ও স্থাপত্য বিভাগ, ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ এবং এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মসহ বিভিন্ন প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। দুই দিনের আয়োজনে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীরও ব্যবস্থা রাখা হয়েছে। 


এর মধ্যে রয়েছে আবাসন ও নগরায়ণ বিষয়ে ভাবনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন মডেল প্রদর্শনী এবং আলোকচিত্র প্রদর্শনী। ইতিমধ্যে নগরায়ণ সংক্রান্ত ৩০টির বেশি ভাবনা জমা পড়েছে বলে জানিয়েছে সিউক।


৬ অক্টোবর দ্বিতীয় দিনে পরিবেশ সুরক্ষায় আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি হবে। এরপর টেকসই নগরায়ণ ও আবাসন বিষয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। একই দিন প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের আয়োজন শেষ হবে।


সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী জানান, সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সিউক কাজ করছে। পরিকল্পিত নগরায়ণে তরুণ প্রজন্মকে যুক্ত করার পাশাপাশি আবাসন খাতের সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, সুপরিকল্পিত সিলেট গড়ে তুলতে তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের চিন্তা ও পরিকল্পনাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা হচ্ছে। বিশ্ব বসতি দিবসের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরায়ণ ও আবাসন বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোরও চেষ্টা থাকবে।