শুক্রবার (২০ নভেম্বর) দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বাদ আছর দিনাজপুর শহরের জেল রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় ব্যানারে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজনের কথা উল্লেখ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।


উল্লেখ্য, তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ রাজনৈতিক পথচলার এক পর্যায়ে তিনি প্রায় ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থান করেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়ীত্ব গ্রহণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়।


প্রধানমন্ত্রী হিসেবে দায়ীত্ব গ্রহণের পর তাঁর সরকারের আলোচিত কর্মসূচীর মধ্যে রয়েছে নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলী কার্ড, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড এবং নদী-খাল পুনঃখননের উদ্যোগ। এসব কর্মসূচীর মূল লক্ষ্য হিসেবে সামাজিক সুরক্ষা, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নের বিষয়গুলো সামনে এসেছে। তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল নির্ভর করবে সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল ও মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ খালুকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, সহসাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোঃ নাজমুল হুদা জনি, প্রচার সম্পাদক মোঃ বাবু চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বাদশা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মণ্ডল বকুল।


এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও দিনাজপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম গুরু, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ হাসু খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, কাজী মোঃ কামরুল ইসলাম, জাতীয়তাবাদী পৌর তাঁতীদলের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি এবং জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহীন সুলতানা ডিউটিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের যেসব সদস্য ইন্তেকাল করেছেন, তাঁদের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করা হয়। দেশ ও জনগণের কল্যাণে দায়ীত্ব পালনে তাঁকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।


একই সঙ্গে বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র, অস্থিরতা ও বিপর্যয় থেকে হেফাজত, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়। দেশকে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দায়ীত্বশীলতা, সহনশীলতা, সততা ও জনকল্যাণমূলক মানসিকতা বজায় রাখার প্রত্যাশাও অনুষ্ঠানের প্রার্থনার বিষয়বস্তুতে উঠে আসে।


অনুষ্ঠানে দিনাজপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩০ এএম

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি পালন করা হয়েছে।


এ উপলক্ষে অসচ্ছল নারীদের স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১০০টি সেলাই মেশিন এবং অসচ্ছল নারীদের মধ্যে ৫০০টি শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।




অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন।


কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।


এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি একটি সমৃদ্ধ, মানবিক ও সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ সব খবর

ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৫ এএম

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মায়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. খলিলুর রহমান বলেন, আইসিজের রায় শুধু কাগজে-কলমে থাকলে হবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিরাপত্তা, নাগরিকত্ব, বৈষম্য থেকে সুরক্ষা ও চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার রায় ঘোষণা করেছে আইসিজে। রোহিঙ্গাদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় গুরুত্বপূর্ণ।

রায় বাস্তবায়নে চারটি বিষয়ে গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। এর মধ্যে রয়েছে অপরাধীদের বিচার ও শাস্তি নিশ্চিত করা, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধে মিয়ানমারের আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিপদের মুখে ফেরত পাঠানো যাবে না। প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও স্বাধীনভাবে চলাচলের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি হারানো বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া, পরিবারগুলোকে পুনরায় একত্রিত করা এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা প্রয়োজন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব না হওয়া পর্যন্ত শরণার্থীশিবিরে মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এ দায়িত্ব শুধু বাংলাদেশের একার পক্ষে বহন করা সম্ভব নয় উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের সহায়তা বাড়ানোর অনুরোধ জানান।

বক্তব্যে বাংলাদেশের সরকার ও জনগণ, উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ড. খলিলুর রহমান। রোহিঙ্গাদের বক্তব্য ও প্রত্যাশা জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, তারা দীর্ঘদিন শরণার্থীশিবিরে থাকতে চান না। নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিজ দেশে ফিরতে চান। তাদের দুর্ভোগ ও প্রত্যাবাসনের দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার প্রত্যাশা করেন তিনি।
রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, তারা বহু বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। আইসিজের রায় তাদের আশার জায়গা তৈরি করেছে। তবে শুধু রায় ঘোষণা নয়, অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ক্যাম্পের ফুটবল মাঠে ২০ হাজারের বেশি রোহিঙ্গা জড়ো হন। এ সময় তাদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সর্বশেষ সব খবর

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইজিপি আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৬ এএম

নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, গোপালগঞ্জবাসী চাইলে হবে।


একইসঙ্গে গোপালগঞ্জে পুলিশকে ‘এক্সট্রিম’ (কঠোর) অবস্থায় যাওয়া না লাগে সেভাবে থাকতে গোপালগঞ্জের মানুষকে অনুরোধ জানিয়েছেন আইজিপি।


শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আইজিপি বলেন, আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।


নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গোপালগঞ্জবাসী চাইলে হবে।


দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হোন, পুলিশকে সহায়তা না করেন... ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে; থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই তাহলে আপনারা যা ইচ্ছা করেন।


এর আগে, সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি। তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন। 

সর্বশেষ সব খবর

চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৫ পিএম

নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে নিজের বাবা-মায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে রাফি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও কার্যকর তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।


শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


খান তালাত মাহমুদ রাফি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নেত্রকোনায় তাদের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা। একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় ফেলে যায় দুর্বৃত্তরা। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বেরিয়ে এসে আগুন দেখতে পান। তার চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় রাফির বাবা-মায়ের ঘুম ভাঙে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মাছ ধরার একটি ঠেলা জালের একাংশ পুড়ে যায়। জালের ওপরেই ছিল বিদ্যুতের মিটার।


রাফি জানান, আল্লাহর রহমতে তার বাবা-মা অক্ষত রয়েছেন। তবে এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত।


সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার অভিযোগ তুলে রাফি বলেন, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা ও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।


তিনি বলেন, যারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। তাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন রাফি। তার দাবি, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশকে তথ্য দেওয়া হয়েছে। এরপরও কাউকে গ্রেফতার না করায় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


তিনি বলেন, যে রাষ্ট্র একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্র তার বাবা-মায়ের নিরাপত্তা কীভাবে দেবে, তা নিয়ে তিনি সন্দিহান। এ সময় তিনি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।


জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার ও ছাড়িয়ে নেওয়ার বিষয়ে রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাফি। তার অভিযোগ, বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের পর রাজনৈতিক তদবিরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ডের ফলেই আওয়ামী লীগ আবার সহিংসতায় জড়ানোর সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে রাফি বলেন, গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন ও কারাবরণ করেছেন, তাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও প্রতিহত করার আহ্বান জানান তিনি।


নিজেকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না উল্লেখ করে রাফি বলেন, জুলাইয়ে গুলিও তাদের লড়াই থামাতে পারেনি, অগ্নিসংযোগের চেষ্টাও পারবে না। তার ভাষায়, ‘আমাদের কোনো পিছুটান নাই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪২ পিএম

ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।


আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়। নতুন এই মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।


ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এসময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করেছে নোয়াখালী কলেজ ছাত্রদল।

শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিশুদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এসব সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

নোয়াখালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফরাতুল ইসলাম নাবিল বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা ও জীবনযাত্রায় সহযোগিতা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।

এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ সব খবর