• প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২২ পিএম
  • আপডেট : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২২ পিএম

আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানীর সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২২ পিএম

দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রাণিসম্পদ খাতের অবদান আরও সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানীর সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ লক্ষ্য অর্জনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রান্তিক খামারীদের প্রয়োজনীয় সহযোগীতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।


‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।


দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। পরে তিনি প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারীদের সঙ্গে মতবিনিময় করেন।


পরবর্তীতে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ ও প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানীর লক্ষ্য বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে প্রান্তিক খামারীদের প্রয়োজনীয় সহযোগীতা নিশ্চিত করা জরুরী।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক আফজাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার।


এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা তৃষা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রাণিসম্পদ খাত বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।


দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে এ খাতের ভূমিকা রয়েছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে অসংখ্য পরিবার গবাদিপশু ও পোলট্রি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।


ফলে এ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে পুষ্টি নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও পারিবারিক আয় বৃদ্ধির সুযোগও সম্প্রসারিত হবে। তবে দেশের প্রাণিসম্পদ খাতকে রপ্তানীমুখী শিল্পে রূপ দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান ও নিরাপদ উৎপাদনব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। উন্নত জাতের পশু পালন, বৈজ্ঞানিক খামার ব্যবস্থাপনা, মানসম্মত পশুখাদ্য, নিয়মিত টিকাদান, রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রাণিজ পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।


এ ক্ষেত্রে প্রান্তিক ও মাঝারি খামারীরাই প্রাণিসম্পদ উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের জন্য সহজ শর্তে ঋণ, কারিগরী প্রশিক্ষণ, সাশ্রয়ী পশুখাদ্য, নিয়মিত চিকিৎসাসেবা এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে খামার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সরকারী-বেসরকারী সমন্বিত উদ্যোগের মাধ্যমে আধুনিক খামার ও প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলাও সময়ের দাবী।


উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা দিনাজপুরে প্রাণিসম্পদ খাতের বিকাশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষির পাশাপাশি পরিকল্পিতভাবে গবাদিপশু ও পোলট্রি পালন সম্প্রসারণ, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং খামারীদের প্রযুক্তিগত সহায়তা বাড়ানো গেলে জেলার অর্থনীতি ও কর্মসংস্থানে এ খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন কেবল প্রদর্শনী বা আনুষ্ঠানিক আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে খামারীদের বাস্তব সমস্যা সমাধান, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করার কার্যকর উদ্যোগে রূপ দিতে হবে। তবেই ‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের বাস্তব প্রতিফলন ঘটবে।


উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে।



সর্বশেষ সব খবর

সিলেটে গ্রামীণ ব্যাংক শাখার বারান্দায় আগুন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২০ পিএম

সিলেটের মোগলা বাজারে গ্রামীণ ব্যাংকের আরেকটি কার্যালয়ের পাশে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মোগলাবাজারে ব্যাংকটির একটি শাখার নিচতলার বারান্দায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। 


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক ভবনের বারান্দায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। মুহূর্তেই বারান্দায় আগুন জ্বলতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। যে ভবনে ব্যাংকের কার্যালয় রয়েছে, তার নিচতলার বারান্দায় আগুন দেওয়া হয়েছে।


ভবনটির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় এবং নিচতলায় কেয়ারটেকার থাকেন। নিচতলার বারান্দায় কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এতে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়েছে।


এ ঘটনায় ভবনের কেয়ারটেকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৪ পিএম

একটি ছোট্ট শিশুর নিখোঁজ হওয়ার পর ছয়টি দিন কেটেছে উৎকণ্ঠা আর অপেক্ষায়। স্বজনদের আশা ছিল, হয়তো কোনো একসময় ফিরে আসবে ১০ বছরের সাইদুর ইসলাম। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এক হৃদয়বিদারক পরিণতিতে। বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হলো তার নিথর মরদেহ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেফটি ট্যাংক থেকে সাইদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহত সাইদুর ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। তার মায়ের নাম জহুরা বেগম।


পরিবার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ি থেকে সিঙ্গারা আনতে বের হয়েছিল সাইদুর। এরপর আর বাড়ি ফেরেনি সে। ছোট্ট শিশুটির সন্ধানে পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির সন্ধান পেতে সহযোগিতাও কামনা করা হয়।


ছয় দিন ধরে স্বজনদের মনে ছিল একটাই প্রত্যাশা—সাইদুর যেন সুস্থভাবে ফিরে আসে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রত্যাশা আর পূরণ হলো না। বাড়ির পাশের সেফটি ট্যাংক থেকেই উদ্ধার হলো শিশুটির মরদেহ। তার মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


এদিকে প্রবাসে থাকা সাইদুরের বড় ভাই ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি ভাই হত্যার বিচার দাবি করেন। দূর প্রবাসে বসে ছোট ভাইকে হারানোর বেদনায় তার আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়স্পর্শী আলোচনার জন্ম দিয়েছে।


এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ সব খবর

‘উন্নত দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে হবে’ — এমপি নুরুল আমিন

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩২ পিএম

উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।


তিনি বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা সমাধানে শিক্ষকদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের মীরসরাই জেলা পরিষদ মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা শেষে সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়।


উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী।


এমপি নুরুল আমিন বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব।”


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্যসচিব গাজী নিজাম, উপজেলা প্রাথমিক বদলি কমিটির সদস্য শহিদুল ইসলাম স্বপন ও আবু দাউদ।


সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দোস্ত মোহাম্মদ। প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম। এ ছাড়া কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ ফরিদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভায় উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব, বিদ্যালয়ের পরিবেশ ও পরিচালনাসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এতে উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।

সর্বশেষ সব খবর

নিহত অটোরিক্সা চালক আরিফুল ইসলাম।

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১০ পিএম

রংপুর নগরীরতে আরিফুল ইসলাম (২৯) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ভগিবালাপাড়া এলাকার সেনা সদস্য শাহীন শেখের ভাড়া বাসা থেকে ত্রিপলে মোড়ানো লাশটি উদ্ধার করা হয়।

 অটোরিকশা চালক আরিফুল ইসলাম ভগিবালাপাড়া এলাকার লিটন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হলে পুলিশ গাইবান্ধা জেলার বাসিন্দা মোজাফফর মিয়ার ছেলে শাহীন শেখ (২৫) ও ভগিবালাপাড়ার আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়াকে (২৯) গ্রেপ্তার করেছে। 

বিকেলে এ তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ২৩ নভেম্বর সকাল সাড়ে ৬টায় নিজ বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন আরিফুল।

পরদিন ২৪ নভেম্বর আরিফুলের বাবা  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে সেনা সদস্য শাহীনের বাসা থেকে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে আরিফুলকে মসলা বাটার শীলপাটা দিয়ে মাথায় আঘাত করাসহ গলা কেটে হত্যা করা হয়েছে।

ওসি ওয়াদুদ আলম বলেন, হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় শাহীন শেখ সেনাবাহিনীর হাতে আটক রয়েছে এবং রাসেল মিয়াকে আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে । তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সর্বশেষ সব খবর

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে ২৭ শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৬ পিএম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ আজ সন্ত্রাস ও আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। দেশের মানুষের শরীরে একবিন্দু রক্ত থাকতে স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় কামান্না দিবস উপলক্ষে ২৭ শহীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত মন্তব্যের প্রতিবাদে আইনমন্ত্রী এ বক্তব্য দেন।

আইনমন্ত্রী বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রে বসে আগুন-সন্ত্রাসের পরিকল্পনা করছেন এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব তুলে দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে বলতে চাই, এই বাংলাদেশে আপনাদের আর ফেরা হবে না। ফিরতে হলে আইনি কাঠামোর মধ্যেই ফিরতে হবে। অন্য কোনোভাবে বাংলাদেশে ফেরার সুযোগ জনগণ দেবে না। দেশের প্রত্যেক প্রান্তের মানুষ আপনাদের অপতৎপরতা রুখে দিতে জেগে আছে।

১০ নম্বর বগুড়া ইউনিয়নের কামান্না স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খান। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শপথ করেই আমি এ কাজ শুরু করেছি। প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসার ব্যবস্থা চালু রয়েছে । এ ছাড়া মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, আমাদের শপথ নিতে হবে, শরীরে একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও দখল হতে দেওয়া হবে না।

সকাল ১০টায় শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী। সেখানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত মানের পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার আশিষ বিন হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিরুদ্দিন, সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে শৈলকুপার কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হামলায় ২৭ বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর থেকে প্রতিবছর দিনটি কামান্না দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

সর্বশেষ সব খবর

মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে আমিরুল ইসলাম ওরফে রিয়াদ (৩২) নামে এক ইমামকে পিটিয়ে গুরুতর আহত করেছে মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। আহত ইমাম বর্তমানে কোম্পানীগঞ্জ হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের আশক মিয়াজী জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে।

আহত রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম এবং পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার চরগুল্যাহখালী গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে।

আশক মিয়াজী সমাজের সভাপতি মো. মিজানুর রহমান বলেন, গত ৮ মাস ধরে রিয়াদ আশক মিয়াজী জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছে। বুধবার রাতে এশার নামাজ পড়ানোর পর তিনি মসজিদের বারান্দায় অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মাসআলা জানার কথা বলে তাকে মসজিদের বাইরে ডেকে নিয়ে যান।

পরে মসজিদের দক্ষিণ পাশের নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে অবস্থান করা ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তারা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার কপাল, মাথা ও পায়ে গুরুতর জখম করে।

একপর্যায়ে তাকে আহত অবস্থায় সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সব খবর