ছবি : সংগৃহীত
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হওয়া সেই হাই-প্রোফাইল ‘ভাড়ায় খুনের’ মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত গত শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করেছেন।
৫৪ বছর বয়সী এই ব্যক্তি যখন যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানি আন্দোলনের নেতা মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের ভূমিকার কথা স্বীকার করেছেন, তখন এই প্রক্রিয়ার মাধ্যমে ঘটনার এক বিরল ও অকপট চিত্র সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গে ভারত সরকারের একজন গোয়েন্দা কর্মকর্তার যোগসূত্র ছিল।
১৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। বিচারক সারাহ নেটবার্নের সভাপতিত্বে এই শুনানিতে সহকারী মার্কিন অ্যাটর্নি কামিল ফ্লেচার, আলেকজান্ডার লি, অ্যাশলে নিকোলাস এবং নিখিল গুপ্তের আইনজীবী ডেভিড টুজারসহ একটি বড় আইনি দল উপস্থিত ছিল।
গুপ্ত মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। তবুও আইনি বিষয়ের সূক্ষ্ম দিকগুলো যাতে তিনি সঠিকভাবে বুঝতে পারেন, তা নিশ্চিত করতে উমেশ সি পাসি এবং মধু মিশ্র নামে দুজন হিন্দি দোভাষীকে সেখানে শপথ পাঠ করানো হয়েছিল। শুনানির সময় নিখিল গুপ্ত বলেন, বন্দী থাকাকালে তাঁর ইংরেজি বেশ উন্নত হয়েছে। তবে তাঁর প্রবেশন ইন্টারভিউয়ের সময় তিনি তাঁর আইনজীবীর উপস্থিতি চেয়েছেন।
দোষ স্বীকার করার আগে বিচারক নেটবার্ন একটি পদ্ধতিগত বিষয় পরিষ্কার করেন। সেই অনুযায়ী নিখিল গুপ্ত ডিস্ট্রিক্ট জজের পরিবর্তে একজন ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর দোষ স্বীকারোক্তি দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। মার্কিন ফেডারেল সিস্টেমে এটি একটি সাধারণ নিয়ম, যেখানে আসামি প্রক্রিয়াটি দ্রুত করতে ডিস্ট্রিক্ট জজের পরিবর্তে ম্যাজিস্ট্রেটের সামনে প্রাথমিক দোষ স্বীকার করেন।
অবশ্য, চূড়ান্ত সাজার রায় ডিস্ট্রিক্ট জজই দেবেন।
নিখিল গুপ্ত নিশ্চিত করেন, তিনি এই অধিকারের বিষয়টি বোঝেন এবং তাঁর আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। এরপর বিচারক তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান- ভাড়ায় খুনের ষড়যন্ত্র, ভাড়ায় খুনের মূল কাজ এবং অর্থ পাচারের ষড়যন্ত্র।
নিজের ভাষায় স্বীকারোক্তি
যখন নিজের দোষ স্বীকারের সপক্ষে বর্ণনা দেওয়ার সময় আসে, তখন আদালত নিখিলকে নিজের ভাষায় সব বলতে বলেন। আদালতের ট্রান্সক্রিপ্ট থেকে প্রাপ্ত কথোপকথনটি হুবহু নিচে দেওয়া হলো-
আসামি: ২০২৩ সালের বসন্তকালে আমি অন্য এক ব্যক্তির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করতে রাজি হয়েছিলাম। সেই অপরাধকে এগিয়ে নিতে আমি সেলফোন বা মোবাইল ফোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অন্য একজনকে ১৫ হাজার ডলার নগদ অর্থ পাঠিয়েছিলাম।
নিখিল গুপ্ত এরপর পরিষ্কার করেন, অর্থ দেওয়ার সময় তিনি ভারতে থাকলেও জানতেন, অর্থ গ্রহণকারী এবং যাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, দুজনই নিউইয়র্কে অবস্থান করছেন। তিনি সুনির্দিষ্টভাবে ‘কুইন্স’ এলাকার কথা উল্লেখ করেন।
সম্ভাব্য সাজা
শুনানির সময় আদালত জানান, নিখিল গুপ্ত তার আবেদন পরিবর্তন করে দোষ স্বীকার করতে চান—এ কথা তাদের আগেই জানানো হয়েছিল। গুপ্ত নিশ্চিত করেছেন, অভিযোগপত্রটি ইতিমধ্যে তাঁর জন্য অনুবাদ করা হয়েছে। আদালতে আসার আগে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দোষ স্বীকারের ‘ভালো ও মন্দ’ দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
এই অপরাধ প্রমাণিত হলে নিখিল গুপ্তের সর্বোচ্চ ৪০ বছরের সাজা হতে পারে। ভাড়ায় খুনের দুটি অভিযোগে ১০ বছর করে এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য ২০ বছর। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া ‘পিমেন্টেল লেটার’ (সাজার সম্ভাব্য হিসাব–সংবলিত আনুষ্ঠানিক চিঠি) অনুযায়ী, তাঁর সাজা ২৩৫ থেকে ২৯৩ মাস (প্রায় ১৯ বছর ৫ মাস থেকে ২৩ বছর ৫ মাস) হতে পারে।
এ ছাড়া নিখিলকে ৫০ হাজার থেকে ৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। নিখিল গুপ্ত নিশ্চিত করেছেন, শুনানির আগে তিনি এই চিঠিটি দেখেছেন এবং আইনজীবীর সঙ্গে আলোচনা করেছেন।
নিখিল গুপ্তের জন্য ২৩৫ থেকে ২৯৩ মাসের এই সাজার সীমাটি মার্কিন ফেডারেল বিচারব্যবস্থায় ব্যবহৃত ‘সেনটেন্সিং গাইডলাইনস’ নামক একটি জটিল গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।
প্রসিকিউটররা আদালতকে জানান, নিখিল গুপ্তের ক্ষেত্রে অপরাধের মাত্রা বা ‘টোটাল অফেন্স লেভেল’ ৩৮-এ পৌঁছেছে, যা তাঁর সাজার ভিত্তি হিসেবে কাজ করবে।
আদালত মামলাটির জন্য আগামী ১৫ মে একটি ‘কন্ট্রোল ডেট’ নির্ধারণ করেছে। এর মধ্যে প্রবেশন বিভাগকে একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। মার্কিন ফেডারেল আদালতে ‘কন্ট্রোল ডেট’ হলো এমন একটি সময়সীমা, যার মাধ্যমে আদালত নিশ্চিত করেন, প্রবেশন অফিস আসামির জীবনবৃত্তান্ত ও অপরাধের বিস্তারিত বিশ্লেষণ সম্পন্ন করেছে কি না। এটি আগামী ২৯ মে ডিস্ট্রিক্ট জজ ভিক্টর মারেরোর চূড়ান্ত সাজা ঘোষণার প্রস্তুতির অংশ বলা যেতে পারে।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা নিখিল গুপ্ত চেক প্রজাতন্ত্রে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে তিনি প্রায় তিন বছর ধরে মার্কিন হেফাজতে রয়েছেন।
মার্কিন ব্যুরো অব প্রিজনসের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি নিউইয়র্ক নগরের ‘মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার ব্রুকলিন’-এ বন্দী আছেন। সাজা ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।