ছবি : সংগৃহীত
আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে হামলার কথা জানিয়েছে আফগানিস্তান। এর কয়েক ঘণ্টা আগে ইসলামাবাদ জানিয়েছিল, সীমান্তে আফগান তালেবানের অভিযানের পর দুজন সেনা নিহত হয়েছে।
বিবিসি লিখেছে, ভোরের শুরুতে আফগানিস্তানের রাজধানী কাবুল জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে।
বাংলাদেশ সময় গতকা বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিট নাগাদ শহরজুড়ে জেট বিমানের শব্দসহ বিস্ফোরণ শোনা যায়। রাত প্রায় সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় গুলির শব্দ শোনা গেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার দেশের বাহিনী ‘যেকোনো আগ্রাসী উদ্দেশ্য নস্যাৎ করতে সম্পূর্ণ সক্ষম।”
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, “প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষায় কোনো আপস হবে না এবং প্রতিটি আগ্রাসনের জবাব উপযুক্তভাবে দেওয়া হবে।”
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির ভাষ্য, তাদের হামলায় এ পর্যন্ত আফগান তালেবানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস এবং আরও নয়টি দখল করা হয়েছে।
তিনি বলেন, ৮০টির বেশি ট্যাংক, আর্টিলারি ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতে ১৯টি পাকিস্তানি সামরিক পোস্ট এবং দুটি ঘাঁটি দখল করেছে। মোট ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
বিবিসি লিখেছে, সাম্প্রতিক সহিংসতায় উভয় পক্ষই একে অপরের ওপর ভারী ক্ষয়ক্ষতির দাবি করেছে, তবে এসব সংখ্যা যাচাই করা কঠিন।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা এম আসিফ কঠোর ভাষার এক্স পোস্টে আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘উন্মুক্ত যুদ্ধ’ ঘোষণা করেছেন।
খাজা লিখেছেন, “পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। “আমাদের ধৈর্যের বাধ ভেঙে পড়েছে। এখন আমাদের এবং তোমাদের মধ্যে উন্মুক্ত যুদ্ধ।”
গত অক্টোবরে একাধিক প্রাণক্ষয়ী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যদিও পরবর্তীতেও সংঘর্ষ অব্যাহত থাকে।
গত সপ্তাহে আফগানিস্তানে একাধিক রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবানের দাবি, এসব হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। সীমান্তের কাছে সাতটি কথিত জঙ্গি শিবির ও আস্তানাকে লক্ষ্য করে হামলা চালানোর কথা তখন পাকিস্তানের তরফে বলা হয়েছিল। এর আগে পাকিস্তানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা ঘটে।
অন্যদিকে কাবুল জানিয়েছে, বেসামরিক বাড়ি ও একটি ধর্মীয় বিদ্যালয়কে নিশানা করেছিল পাকিস্তান।
আফগান তালেবান বলেছে, প্রতিক্রিয়া জানাতে তারা ‘বৃহৎ পরিসরে’ অভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার তারা দাবি করেছে, তাদের অভিযানে ‘অসংখ্য’ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এক মুখপাত্র এ দাবি অস্বীকার করেন এবং তালেবান মুখপাত্র মুজাহিদের ১৫টি সামরিক পোস্ট দখলের দাবিও খণ্ডন করেন। পরে ওইদিন পাকিস্তান নিশ্চিত করে, যৌথ সীমান্তে ‘উসকানিবিহীন গুলি’র জবাব দিতে গিয়ে তাদের দুই সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
পাকিস্তানি বাহিনীর হাতে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে বলে ভাষ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র জাইদির।
তিনি এক্স পোস্টে লেখেন, শুক্রবার কাবুল, পাকতিয়া ও কান্দাহারে পাকিস্তানের হামলায় ‘আরও অনেক হতাহত’ হয়েছে।
আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, সাম্প্রতিক পাকিস্তানি হামলায় ‘কেউ আহত হয়নি।’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আফগান তালেবান হামলার বিরুদ্ধে তার দেশের প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন।
আজ শুক্রবার সকালে এক্সে তিনি লেখেন, “আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া সর্বাঙ্গীন ও দৃঢ়।
“যারা আমাদের শান্তিকে দুর্বলতা মনে করে, তারা কঠোর জবাব পাবে এবং কেউই ধরাছোঁয়ার বাইরে থাকবে না।”
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ২৫৭৪ কিলোমিটারের পাহাড়ি সীমান্ত রয়েছে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত