ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ০৩ এপ্রিল, ২০২৬, সময় : ৩:১৩ এএম

যুক্তরাষ্ট্রে থাকা কয়েক ডজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এক খোলা চিঠিতে বলেছেন, ইরানে মার্কিন হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। দিনকয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার হুমকি পুনর্ব্যক্ত করার পর বৃহস্পতিবার তাদের এ খোলা চিঠিটি প্রকাশিত হয়েছে।


এক মাসেরও বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধের লক্ষ্য ও কবে শেষ হতে পারে তার সময়সীমা নিয়ে বারবার অবস্থান বদলানো ট্রাম্প বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মেনে না নেয় তাহলে তাদের জ্বালানি ও তেল স্থাপনায় হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।


“মার্কিন বাহিনীর কর্মকাণ্ড ও ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বক্তব্য আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন—যার মধ্যে সম্ভাব্য যুদ্ধাপরাধও রয়েছে—সে বিষয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে,” চিঠিতে এমনটাই বলেছেন শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ।


এ বিশেষজ্ঞদের অনেকেই হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।


চিঠিতে বিশেষভাবে মার্চের মাঝামাঝি ট্রাম্পের করা এক মন্তব্যের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, “কেবল মজা করতেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে।”


পেন্টাগনপ্রধান পিট হেগসেথের করা এক মন্তব্যও চিঠিতে এসেছে। মার্চে মার্কিন এ যুদ্ধমন্ত্রী বলেছিলেন, “যুদ্ধের অর্থহীন সব নিয়মনীতি মেনে যুক্তরাষ্ট্র যুদ্ধ করে না।”


বিশেষজ্ঞদের এ খোলা চিঠিটি প্রকাশিত হয়েছে জাস্ট সিকিউরিটি পলিসি জার্নালের ওয়েবসাইটে।


এতে বিশেষজ্ঞরা যুদ্ধের প্রথম দিনে ইরানে এক স্কুলে হামলার ঘটনাকে উল্লেখ করে বলেন, “স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও বাড়িঘরে হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।”


গত মাসে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, তারা ইরানে মেয়েদের এক স্কুলে ২৮ ফেব্রুয়ারি চালানো ভয়াবহ হামলার তদন্ত উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।


ওই হামলার জন্য মার্কিন বাহিনীই সম্ভবত দায়ী বলে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। স্কুলে সেদিনের ওই হামলায় দেড় শতাধিক শিশুসহ অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।


ইরানে ‘অত্যন্ত কঠোর’ হামলা হবে বলে ট্রাম্প বুধবারও হুমকি দিয়েছেন।


“আমরা আগামী দুই-তিন সপ্তাহ তাদের ওপর অত্যন্ত কঠোর হামলা করতে যাচ্ছি। আমরা তাদেরকে প্রস্তরযুগে ফিরিয়ে নিতে যাচ্ছি, যেখানে থাকার যোগ্য তারা,” বলেন ট্রাম্প।


ইরানকে ‘প্রস্তুর যুগে ফিরিয়ে নেওয়ার’ হুমকি দেওয়াসহ ট্রাম্প যুদ্ধের সময় যেসব উত্তেজক কথাবার্তা বলছেন তা ‘মানবতাবিরোধী’, বলেছে যুক্তরাষ্ট্রের মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা একটি শীর্ষস্থানীয় সংস্থা।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বসলে মধ্যপ্রাচ্যে এবারের এ ভয়াবহ যুদ্ধের সূচনা হয়। ওয়াশিংটন-তেল আবিবের লাগাতার হামলার পাল্টায় তেহরানও নিয়মিত ইসরায়েল, তাদের দখলকৃত এলাকা, উপসাগরের মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।


ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এবং লেবাননে ইসরায়েলের অভিযান এরই মধ্যে কয়েক হাজার বেসামরিকের প্রাণ কেড়ে নিয়েছে, ঘরবাড়িছাড়া করেছে লাখ লাখ মানুষকে।




  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫২ পিএম

যুক্তরাষ্ট্রের নতুন দফার শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারতসহ বিশ্বের ডজনখানেক দেশ। এসব দেশ নিজস্ব শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর জন্য অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ অভিযোগের ভিত্তিতে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রস্তাবিত শুল্কের আওতায় আসতে পারে বাংলাদেশ, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, ও কম্বোডিয়া, পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা শুল্কসংক্রান্ত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলতি সপ্তাহেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার তদন্তের ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


অন্যদিকে, সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে হোয়াইট হাউস বা ইউএসটিআরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।


যেভাবে আরোপ হতে পারে নতুন শুল্ক


১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ মার্চ ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ আরও ১৩টি দেশের শিল্প খাতে ভর্তুকি ও সরকারি সহায়তার বিষয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এ আইনে কোনো দেশের অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে দেশটির পণ্যের ওপর শুল্ক আরোপের ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।


ডব্লিউএসজের প্রতিবেদন অনুযায়ী, ইউএসটিআর প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, সরকারি ভর্তুকি ও সহায়তার কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। এর ফলে এসব দেশের কোম্পানিগুলো কম দামে পণ্য রপ্তানি করে বিশ্ববাজারে সরবরাহ বাড়াচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন উৎপাদকরা।


তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া অধিকাংশ পণ্যই এর আওতায় আসার আশঙ্কা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো কিছু শিল্পপণ্য নতুন শুল্কের বাইরে থাকতে পারে। এসব পণ্যের ওপর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত পৃথক আইনের আওতায় আগে থেকেই শুল্ক আরোপ করা রয়েছে।


নতুন শুল্কের চূড়ান্ত হার এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিয়েছেন, ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের শুল্ক নির্ধারণ করেছিলেন, এবারও কাছাকাছি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর প্রথম দফার শুল্ক বাতিল করার আগে এসব শুল্ক নির্ধারণ করা হয়েছিল।


এর আগে গত জুলাইয়ে বিদেশি সরবরাহব্যবস্থায় বাধ্যতামূলক বা জবরদস্তিমূলক শ্রম ব্যবহারের অভিযোগে তদন্ত শেষ করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের এক ডজন বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের যৌক্তিকতা তুলে ধরা হয়। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে চলমান তদন্তের আওতায় থাকা ১৬টি অর্থনীতির সব কটিই ওই তালিকায় ছিল। ফলে জুলাইয়ে প্রস্তাবিত শুল্কের সঙ্গে নতুন শুল্কও যুক্ত হতে পারে।


ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় নতুন চাপ


এদিকে, কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারিতে এ চুক্তির কাঠামো চূড়ান্ত হয়েছিল। তবে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর আওতায় আগে আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর বিষয়টি আবার আলোচনার টেবিলে ফিরে আসে।


প্রস্তাবিত চুক্তির আওতায় মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। এ ক্ষেত্রে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম শুল্কসুবিধা পাওয়ার চেষ্টা করছে ভারত। নতুন শুল্ক আরোপের উদ্যোগ দুই দেশের চলমান বাণিজ্য আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৯ পিএম

ঘরকে বলা হয় নিরাপদ আশ্রয়। বিপদে-আপদে মানুষ সেখানেই ফেরে, খোঁজে আপনজনের সঙ্গ ও ভরসা। কিন্তু অনেক নারী ও কিশোরীর জন্য সেই ঘরই হয়ে উঠছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। আপনজনের হাতেই তাদের জীবন থেমে যাচ্ছে। 


জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ নারী ও কিশোরীকে হত্যা করেছেন তাদের সঙ্গী বা পরিবারের সদস্যরা।


গত মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


নারীর প্রতি সহিংসতা বন্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বে প্রায় ৭৮ হাজার নারী ও কিশোরীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৪৭ হাজারকে হত্যা করেছেন তাদের ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের কোনো সদস্য।


অর্থাৎ, মোট হত্যাকাণ্ডের প্রায় ৬০ শতাংশ ঘটেছে আপনজনের হাতে। প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কিশোরী এভাবে প্রাণ হারিয়েছেন।


নারী ও কিশোরীদের জন্য এখনো সবচেয়ে বিপজ্জনক জায়গা তাদের নিজের ঘর। বছরের পর বছর এ পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে ইউএন উইমেন।


সংস্থাটি আরও বলেছে, বিশ্বের কোনো অঞ্চলই এ ধরনের হত্যাকাণ্ডের ঝুঁকিমুক্ত নয়।


আঞ্চলিক হিসাবে আফ্রিকায় এ ধরনের হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে প্রাণ হারিয়েছেন।


আমেরিকায় এ হার ১ দশমিক ৪, ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় শূন্য দশমিক ৬ এবং ইউরোপে শূন্য দশমিক ৫।


২০২৪ সালে এভাবে হত্যার শিকার নারীর সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। গত বছর তা কমে ৪৭ হাজারে নেমেছে।


তবে, এ সংখ্যা কমে যাওয়ার অর্থ এই নয় যে বাস্তবে হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে। জাতিসংঘ জানিয়েছে, তথ্য সংগ্রহ ও হিসাবের পদ্ধতি উন্নত হওয়ায় সংখ্যায় এ পরিবর্তন এসেছে।


ইউএনওডিসির নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেছেন, সমাজের কিছু ক্ষতিকর দৃষ্টিভঙ্গি ও রীতিনীতি এবং নারীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থার অভাবের কারণে সহিংসতা বাড়ছে।


এমন পরিস্থিতিতে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকেও হত্যার শিকার হতে হচ্ছে। এ অবস্থা বদলাতে সমাজের সব পর্যায়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


একই সঙ্গে, পারিবারিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য বিশেষ কর্মসূচি চালু করার ওপর জোর দিয়েছেন মনিকা জুমা। তার মতে, এসব উদ্যোগের পাশাপাশি নারীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করাও জরুরি।


অন্যদিকে ইউএন উইমেন জানিয়েছে, নারীদের হত্যা সাধারণত হঠাৎ ঘটে না। এর আগে দীর্ঘদিন ধরে তাদের ওপর সহিংসতা, হুমকি ও নির্যাতন চলে।


কিন্তু, অনেক নারী ও কিশোরী এসব বিষয়ে সাহায্য চান না। আবার কেউ কেউ প্রয়োজনীয় সুরক্ষাও পান না। ফলে, অনেক অপরাধী শাস্তি ছাড়াই পার পেয়ে যান।


বিশ্বে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার হার কমছে ধীরগতিতে। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকায় সামগ্রিক হত্যার হার কমার গতি নারীদের হত্যার হারের তুলনায় প্রায় দ্বিগুণ এবং ইউরোপে দেড় গুণ বেশি ছিল।


এ অবস্থায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহিংসতা ও নির্যাতনের ঘটনা আগেই শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছে জাতিসংঘ।


সূত্র: আল-জাজিরা


মুহাম্মদ জিশান আলী। ছবি: রয়টার্স

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ এএম

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। এর মধ্য দিয়ে চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী প্রবেশ করতে যাচ্ছেন। প্রায় এক সপ্তাহের এই অভিযানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন জিশান আলী।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছেন পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের গোবি মরুভূমি থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। এতে পাকিস্তানের জিশান আলী ছাড়াও রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাদের গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন।


পাকিস্তানের সঙ্গে গত বছর মহাকাশ সহযোগিতা চুক্তি করে চীন। মহাকাশযানে ওঠার আগে জিশান আলী বলেন, তার কাঁধে শুধু পাকিস্তানের নামই নয়, বরং দেশটির ২৫ কোটি মানুষের প্রত্যাশাও বহন করছেন তিনি। প্রায় এক সপ্তাহ তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানের পর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন জিশান আলী।




বিবিসি বলছে, বুধবার সূর্য ওঠার সময় গোবি মরুভূমি থেকে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটির কমান্ডার হিসেবে আছেন তাং হংবো। আর উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং মুহাম্মদ জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে মহাকাশযানটিতে আছেন। তিনিই মহাকাশে যাওয়া পাকিস্তানের প্রথম নভোচারী।


বিবিসি বলছে, উৎক্ষেপণের পরপরই মহাকাশযানের ভেতরে নভোচারীরা মুখের মাস্ক খুলে ফেলেন। এতে বোঝা যায়, মহাকাশযানের ভেতরের বায়ুচাপ ও বাতাসের মান স্বাভাবিক রয়েছে।


চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটির তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে যুক্ত হওয়ার কথা।


এদিকে চীনের বেইজিং অ্যারোস্পেস কন্ট্রোল সেন্টারের ফ্লাইট তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, শেনঝৌ-২৪ নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে এবং মহাকাশযানটি স্বাভাবিকভাবে কাজ করছে। পরে জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ ঘোষণা করা হয়।


মহাকাশে কী করবেন নভোচারীরা?




মহাকাশে অবস্থানকালে শেনঝৌ-২৪-এর নভোচারীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন এবং প্রযুক্তি যাচাই করবেন। তাদের গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে মহাকাশে প্রাণবিজ্ঞান, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান ও দহনপ্রক্রিয়া।


মহাকাশের পরিবেশ কীভাবে রক্তনালির বয়সজনিত পরিবর্তনকে প্রভাবিত করে, তা-ও পরীক্ষা করে দেখবেন তারা। এর মাধ্যমে এ ধরনের পরিবর্তন প্রতিরোধ ও চিকিৎসার নতুন পদ্ধতি উদ্ভাবনের আশা করছেন গবেষকেরা।


জিশান আলী বিশেষভাবে ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করবেন। পাশাপাশি মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটি বা অতি কম মাধ্যাকর্ষণ শক্তি কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, তা-ও পরীক্ষা করবেন তিনি।


অন্যদিকে তাং হংবো ও উ ই তিয়াংগং মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করবেন। তাদের সঙ্গে সেখানে থাকবেন শেনঝৌ-২৩ অভিযানের নভোচারী ঝু ইয়াংঝু। দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানবদেহ কীভাবে সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়, তা নিয়ে গবেষণা করছেন তিনি।


পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:২১ এএম

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে মহাকাশে যাত্রা করা প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবেও ইতিহাস গড়তে চলেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে করে তার এই যাত্রা শুরু হবে। মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে যাবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে কার্যকর দুটি মহাকাশ স্টেশন রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এতে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ কয়েকটি দেশ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘তিয়ানগং’, যার অর্থ ‘স্বর্গের প্রাসাদ’। ২০২২ সাল থেকে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে।

এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী। তিয়ানগং স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। অভিযানের প্রস্তুতি হিসেবে বেইজিংয়ে সাত মাসের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পাকিস্তানি পাইলট। মহাকাশযাত্রা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিশান আলী বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’

অন্যদিকে, শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে টানা এক বছর অবস্থান করবেন। মহাকাশে দীর্ঘ সময় কাটালে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার অংশ হিসেবে তার এই অবস্থান। কোনো চীনা নভোচারীর মহাকাশে থাকার ক্ষেত্রে এটিই হবে দীর্ঘতম সময়।

বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যেতে পারে। সে ক্ষেত্রে মহাকাশ গবেষণায় চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মহাকাশ কর্মসূচিতে যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সম্পর্ক ও প্রভাব বিস্তারের সুযোগও তৈরি করছে বেইজিং। 


কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইডের অভিযোগ প্রমাণিত হওয়ার পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। এ ঘটনার পর দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হলো।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা।

ওই অভিযানের সময় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের ঘটনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। আইসিজের রায়কে স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘জেনোসাইডের মতো এমন গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে স্পষ্ট পদক্ষেপের সমন্বয় ঘটাতে হবে।’ নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন- মায়ো হুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকানোর ব্যবস্থা নিতে হবে।

মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত সপ্তাহে আইসিজের রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।

সোমবার ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার আইসিজে দেওয়া রায়ে বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘জেনোসাইডের উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হওয়া যায়’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত ১৯৪৮ সালের জেনোসাইড সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করেন।

রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দেশটি তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

জেনোসাইডের সময় মিয়ানমারের নেত্রী অং সান সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এদিকে সংসদ সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে আরাকান আর্মির পক্ষ থেকেও বিমান হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। 


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৯ পিএম

ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশটির সেনাবাহিনী তা ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি তার সফরে ঘটে যাওয়া এ বিশেষ পরিস্থিতির বর্ণনা প্রকাশ্যে এসেছে।


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন তিনি। এ সময় প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো সোনার ব্যাটন তাকে দেওয়ার দাবি জানান। কিন্তু তা নাকচ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ম্যাকআর্থারকে দেওয়া সোনার ব্যাটনটি বর্তমানে তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।


বক্তব্যে ট্রাম্প বলেন, উইলিয়াম হাওয়ার্ড টাফট থেকে ডুইট ডি আইজেনহাওয়ার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনেক মেধাবী ও বিশিষ্ট নেতা ফিলিপাইনের বিপুল সম্ভাবনা সম্পর্কে জানতেন।


প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারকে অতীতে সোনার ব্যাটন দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক সম্মাননার আদলে ট্রাম্পকেও একই ধরনের স্বীকৃতি না দেওয়ায় তিনি প্রতিক্রিয়া জানান।গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।


সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’


অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনারা আমাকেও সেটি দিন। আমি এটা খুব পছন্দ করব। মানে, আমি কেন এই সম্মাননা পাব না?’


সেনাবাহিনী পরে এক বিবৃতিতে জানায়, ফিল্ড মার্শালের পদ এবং এর ব্যাটনটি তাদের পরবর্তী পদমর্যাদার কাঠামোতে রাখা হয়নি। এটি এখন আর তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট