এক ইসরায়েলি সেনা বড় আকারের একটি ভারী হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির মাথায় আঘাত করছে
লেবাননে সামরিক অভিযানের সময় যিশুখ্রিষ্টের একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় দুই ইসরায়েলি সেনাকে শাস্তি দেওয়া হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, যে সেনা মূর্তি ভাঙচুর করেছেন এবং যিনি ছবি তুলেছেন—উভয়কেই ৩০ দিনের সামরিক আটকাদেশ দেওয়া হয়েছে।
শাস্তি পাওয়া দুই সেনার নাম প্রকাশ করা হয়নি। তবে আইডিএফ বলেছেন, তদন্ত শেষে ওই দুই সেনাকে ‘যুদ্ধের দায়িত্ব’ থেকে সরিয়ে নেওয়া হবে।
এ ছাড়া ঘটনাস্থলে উপস্থিত আরও ছয় সেনার বিরুদ্ধে আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে যিশুর মূর্তি ভাঙচুরের সময় বাধা না দেওয়া বা হস্তক্ষেপ না করায় এবং ওই ঘটনার রিপোর্ট না করার অভিযোগ আনা হয়েছে বলেও জানায় আইডিএফ।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এক ইসরায়েলি সেনা বড় আকারের একটি ভারী হাতুড়ি দিয়ে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির মাথায় আঘাত করছে। মূর্তিটি ক্রুশ থেকে খুলে পড়ে যায়।
ঘটনাটি ঘটে দক্ষিণ লেবাননের দেবল গ্রামে। এ সপ্তাহের শুরুতে ছবিটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, শুরু হয় তীব্র সমালোচনা। অনেকে এ ঘটনার নিন্দা জানান।
এ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যা ঘটেছে, তা দেখে তিনি ‘স্তম্ভিত ও দুঃখিত’।
গতকাল মঙ্গলবারের এক বিবৃতিতে আইডিএফ জানায়, ঘটনার তদন্তে ‘ওই সেনাদের আচরণ আইডিএফের নির্দেশনা ও মূল্যবোধ থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত ছিল বলে প্রমাণিত হয়েছে।’ আইডিএফ এ ঘটনার জন্য ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে।
স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে ‘সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে’ ক্ষতিগ্রস্ত মূর্তিটি প্রতিস্থাপন করা হয়েছে বলেও তারা জানিয়েছে।
আইডিএফ জোর দিয়ে বলেছে, লেবাননে তাদের অভিযান ‘শুধু’ ইরান-সমর্থিত হিজবুল্লাহ এবং ‘অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে; লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নয়।
স্থানীয় লোকজন জানিয়েছেন, দেবলের প্রান্তে একটি বাড়ির বাইরে ক্রুশবিদ্ধ ওই যিশুর মূর্তিটি স্থাপন করা ছিল। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত চলাকালে যে কয়টি গ্রামে মানুষ থেকে গেছে, দেবল তার মধ্যে একটি।
দেবলের প্রধান ধর্মযাজক ফাদার ফাদি ফ্লাইফেল ঘটনার পর বিবিসিকে বলেন, ‘আমরা ক্রুশসহ আমাদের পবিত্র সব প্রতীক এবং সব ধর্মীয় প্রতীকের অবমাননাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। এটি মানবাধিকারের পরিপন্থী এবং এমন আচরণ সভ্যতাকে প্রতিফলিত করে না।’
যুক্তরাষ্ট্রের ইসরায়েল–বিষয়ক রাষ্ট্রদূত মাইক হাকাবি গত সোমবার এ ঘটনার নিন্দা জানান এবং ‘এই আপত্তিকর ঘটনার পর দ্রুত, কঠোর এবং প্রকাশ্য শাস্তিমূলক ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানান।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।
পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।
ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।
এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।
এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
ছবি : সংগৃহীত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।
এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।