ছবি : সংগৃহীত
গবেষণা ও চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে দান করা মানবদেহের কিছু অংশ ইসরাইলি সামরিক চিকিৎসকদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়েছে-এমন অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ অভিযোগ সামনে আসার পর অনেক দাতার পরিবার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। খবর আল জাজিরার।
নেভাদার বাসিন্দা মরিয়ম ভলপিন প্রথম বিষয়টি জানতে পারেন এক শিক্ষানবিশ সাংবাদিকের মাধ্যমে। অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া (ইউএসসি) এবং আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দান করা মরদেহ মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় পরিচালিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, যেখানে ইসরাইলি চিকিৎসকরাও অংশ নিয়েছিলেন।
এ তথ্য জানার পর মরিয়মের মনে প্রশ্ন জাগে, তার প্রয়াত মায়ের মরদেহও কি একইভাবে ব্যবহৃত হয়েছিল? ২০২১ সালে মারা যাওয়ার আগে তার মা জ্যানেট ভলপিন নিজের দেহ চিকিৎসা শিক্ষার কাজে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয়ে দান করেছিলেন।
শিক্ষার্থী সাংবাদিকদের অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০১৮ সাল থেকে ইউএসসি অন্তত ৮৯টি মরদেহ একটি যৌথ প্রশিক্ষণ প্রকল্পে সরবরাহ করেছে। সংশ্লিষ্ট নথিতে মার্কিন নৌবাহিনী ও ইসরাইলি চিকিৎসকদের অংশগ্রহণের তথ্যও পাওয়া গেছে।
যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তৈরির প্রশিক্ষণ
একটি চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিবেদনে এমন এক প্রশিক্ষণ কার্যক্রমের বিবরণ পাওয়া যায়, যেখানে যুদ্ধক্ষেত্রের গুরুতর আঘাতের পরিস্থিতি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। প্রশিক্ষণে ব্যবহৃত মরদেহগুলোকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে সেগুলো জীবন্ত মানুষের মতো প্রতিক্রিয়া প্রদর্শন করতে পারে। এ জন্য মরদেহে কৃত্রিম তরল সঞ্চালন করা হয় এবং গুলিবিদ্ধ হওয়া, বিস্ফোরণে আহত হওয়া কিংবা অতিরিক্ত রক্তক্ষরণের মতো পরিস্থিতি অনুকরণ করা হয়। প্রশিক্ষণার্থীরা এসব অবস্থায় জরুরি অস্ত্রোপচার ও জীবনরক্ষাকারী চিকিৎসা পদ্ধতির অনুশীলন করেন।
মার্কিন নৌবাহিনীর দাবি, এটি বাস্তবধর্মী চিকিৎসা প্রশিক্ষণের অংশ। তবে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক মনে করেন, এমন উন্নত পদ্ধতি সাধারণ চিকিৎসা শিক্ষার তুলনায় অনেক বেশি বিশেষায়িত এবং সীমিত ক্ষেত্রেই ব্যবহার করা হয়।
মরদেহের উৎস নিয়ে নতুন প্রশ্ন
অনুসন্ধানে আরও জানা যায়, শুধু ইউএসসি নয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো (ইউসিএসডি) থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মরদেহ সরবরাহ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সাল থেকে ২০২৫ সালের প্রথম ভাগ পর্যন্ত ইউসিএসডি থেকে শতাধিক মরদেহ ইউএসসিতে পাঠানো হয়েছিল। তবে উভয় বিশ্ববিদ্যালয়ই সামরিক প্রশিক্ষণের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, এটি চিকিৎসা ও শিক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কার্যক্রম নয়।
সম্মতির বিষয়টি নিয়ে বিতর্ক
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দাতাদের সম্মতি নিয়ে। অভিযোগ অনুযায়ী, দেহদান সংক্রান্ত নথিতে কোথাও উল্লেখ ছিল না যে মরদেহ বিদেশি সামরিক কর্মীদের প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে।
সমালোচকদের মতে, দাতারা যদি আগে থেকেই এমন ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জানতেন, তাহলে অনেকেই হয়তো ভিন্ন সিদ্ধান্ত নিতেন।
ইউএসসির সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক মোহাম্মদ রাদ বলেন, বিষয়টি কেবল মরদেহ ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষকে পর্যাপ্ত তথ্য দিয়ে সম্মতি নেওয়া হয়েছিল কিনা, সেটিই এখন মূল প্রশ্ন।
ক্ষুব্ধ পরিবারগুলো
অনেক পরিবারের সদস্য জানিয়েছেন, তাদের স্বজনেরা মানবকল্যাণ ও বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে দেহদান করেছিলেন। কিন্তু সামরিক সংশ্লিষ্ট কোনো কর্মসূচিতে সেই দেহ ব্যবহার করা হবে- এমন ধারণা তাদের ছিল না।
জেনিফার গোমেজ নামের এক নারী বলেন, তার নানি চিকিৎসাবিজ্ঞানের উন্নয়নে অবদান রাখতে চেয়েছিলেন। কিন্তু কোনো সামরিক বাহিনীর প্রশিক্ষণের অংশ হওয়ার কথা তিনি কখনো কল্পনাও করেননি।
এ ঘটনার পর দেহদান কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেক সম্ভাব্য দাতাও এখন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছেন।
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে দাতাদের পূর্ণাঙ্গ তথ্য জানানো এবং স্পষ্ট সম্মতি নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত