লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালি
যুক্তরাষ্ট্র তেহরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালালে লোহিত সাগরের তেল পরিবহন পথ বন্ধ করে দিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সকে আজ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে তিন সূত্র। ইরানের এই নির্দেশ বিশ্বে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের এক নতুন হুমকি সৃষ্টি করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইয়েমেনে তাদের হুতি মিত্রদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন জ্যেষ্ঠ ইরানি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত আঞ্চলিক এক সূত্র একথা নিশ্চিত করেছে।
এর সূত্ররা জানায়, তেহরানের ওই অনুরোধের কথা সম্প্রতি হুতিদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কোনও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়নি। তবে এই নির্দেশ ঠিক কীভাবে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালানোর যে হুমকি দিয়েছিলেন, তারপরই এই বার্তা দেওয়া হয়েছে কি না সে বিষয়ে সূত্রগুলো সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং হুতি গোষ্ঠীর মুখপাত্রের তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বাব আল-মান্দেবে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোতায়েন:
হুথিদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ইয়েমেনের পাহাড়ি অঞ্চল হোদাইদাহ ও এডেন উপসাগরের মধ্যবর্তী এলাকায় এবং লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করেছে হুতিরা।
ওই পথে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে গোষ্ঠীটি। বর্তমানে তারা ইরানের কাছ থেকে কেবল হামলা চালানোর জন্য চূড়ান্ত নির্দেশ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
লোহিত সাগর এবং সেখানকার বাব আল-মান্দেব প্রণালির প্রবেশদ্বারে যে কোনও অস্থিরতা বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকট বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকেই এই বৈশ্বিক জ্বালানি সংকট শুরু হয়েছিল। আর এখন নতুন এই হুমকি দুই পক্ষের মধ্যকার সংঘাতের ভয়াবহ ঝুঁকিকে আবারও সামনে এনেছে।
বর্তমানে হরমুজ প্রণালি বন্ধ। তার ওপর লোহিত সাগরে জাহাজে কিংবা বন্দরগুলোতে হুতিরা হামলা চালালে পশ্চিম এশিয়ার প্রধান দুটি তেল রপ্তানি পথ একসঙ্গে সম্পূর্ণ অচল হয়ে পড়বে। এমন পরিস্থিতি একদিকে যেমন বিশ্বব্যাপী জ্বালানি সংকট মারাত্মক পর্যায়ে নিয়ে যাবে, তেমনি অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের পরিধিও আরও বাড়াবে।
হুতিদের ঘনিষ্ঠ ওই সূত্র বলেছে, ইয়েমেনে আগে থেকেই অবস্থান করা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রতিনিধিরা বাব আল-মান্দেব প্রণালি কখন বন্ধ করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
ওই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সোমবার নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি বিমানবন্দরে বোমাবর্ষণের জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এর মাধ্যমে সৌদি আরব ও হুতিদের চার বছর ধরে টিকে থাকা দীর্ঘ যুদ্ধবিরতি ভেস্তে যায়।
ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘ভেরিস্ক ম্যাপলক্রফট’ এর মধ্যপ্রাচ্যবিষয়ক প্রধান বিশ্লেষক তরবজর্ন সলভড বলেন, হুতি ও সৌদি আরবের এই সংঘাত অত্যন্ত বাজে একটি সময়ে সামনে এসেছে।
তিনি বলেন, লড়াই যদি আরও তীব্র আকার ধারণ করে এবং তা লোহিত সাগরের রপ্তানি অবকাঠামো ও জাহাজ চলাচলে ছড়িয়ে পড়ে, তাহলে তা এই অঞ্চল থেকে তেল রপ্তানির একমাত্র প্রধান বিকল্প রুটটিও পুরোপুরি বন্ধ করে দেবে।
রিয়াদের ঘনিষ্ঠ আঞ্চলিক দুটি সূত্র বলছে, ইরান ও হুতিদের কাছ থেকে আসা হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সৌদি আরব। রিয়াদ এ বিষয়ে সজাগ রয়েছে যে, লোহিত সাগর নিয়ে ইয়েমেনি এই গোষ্ঠীটি এখন ইরানের সঙ্গে নিবিড় সমন্বয় করে কাজ করছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এর জবাবে তেহরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
যুদ্ধ শুরুর আগে এই প্রণালিটি বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহনের প্রধান পথ ছিল। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই প্রণালিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।
পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।
ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।
এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।
এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
ছবি : সংগৃহীত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।
এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।