ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে আজ শনিবার ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প এবং তা পরবর্তী একের পর এক পরাঘাতের ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এদিকে উদ্ধারকর্মীরা উপকেন্দ্রের সবচেয়ে কাছের এলাকাগুলোয় পৌঁছাতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ভোররাতের এই ভূকম্পনের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির বেশ কিছু এলাকায় ১ মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো এক সংবাদ সম্মেলনে বলেন, গতকাল শুক্রবার বেলা ৩টা পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে ও ১৩ জন আহত হয়েছেন। প্রায় ২ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
এর আগে বন্দর নগরী মাউমেরের উদ্ধার সংস্থার প্রধান ফাতুর রহমান জানান, সেখানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন ৬ জন এবং ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন ২ জন। ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের সিক্কা রেজেন্সির প্রধান শহর হলো এই মাউমেরে।
সুহারিয়ান্তো জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভবনে এখনো বাসিন্দারা আটকা পড়ে আছেন এবং ভূমিধসের কারণে কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
উপকেন্দ্রের সবচেয়ে কাছের অঞ্চল নাগেকেওতে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি এবং সেখানকার যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ফাতুর। তিনি জানান, সড়কপথে গাড়িতে করে নাগেকেও যাওয়ার চেষ্টা ভূমিধসের কারণে বাধাগ্রস্ত হওয়ায় আরেকটি দল ফেরিতে করে পৌঁছানোর চেষ্টা করছে।
ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের গভর্নর এমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানান, ঘুমের মধ্যে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
ইস্ট নুসা টেঙ্গারার তালিবুরা গ্রামের ৫১ বছর বয়সী বাসিন্দা নোনা বলেন, ভূমিকম্পটি ছিল প্রচণ্ড শক্তিশালী, ধাক্কাটা এতই তীব্র ছিল যে প্রাণ বাঁচাতে আমরা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে আসি।
ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভোর ৪টা ৫৮ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে এবং পরবর্তী সময় বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হয়।
ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অব ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে অবস্থিত, যা একটি ভূকম্পন সক্রিয় অঞ্চল। পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় এই অঞ্চলে প্রচুর সংখ্যায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।
ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। এবার এই ড্রোন উৎপাদনের খরচের বিষয়টি খোলাসা করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, দেশটির তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনের উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন ও পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণেও ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার। ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার কারণে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
ছবি: সংগৃহীত
৭ বছর আগে ‘খুন হওয়া’ নারীকে খুঁজে বের করলেন ‘খুনি’। ছবি: সংগৃহীত
পবিত্র মদিনা। ছবি: সংগৃহীত
চীনের তৈরি বৈদ্যুতিক বিমান। ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।
কোমাক জানিয়েছে, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই এর উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এদিকে বিমানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহণে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।
বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি
সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত