ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৩ জানুয়ারি, ২০২৬, সময় : ২:৩১ পিএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় একটি বিদ্রোহী দল বহুদিনের আন্দোলনের তরফে নতুন দেশ গঠনের সংবিধান ঘোষণা করেছে। সেই সঙ্গে উত্তর ইয়েমেন থেকে আলাদা হয়ে স্বাধীনতার প্রশ্নে গণভোটের উদ্যোগ নিয়েছে তারা।


সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মূলদ এই বিদ্রোহ করছে। তাদের এ পদক্ষেপটি বাস্তবে কার্যকর করা সম্ভব হবে নাকি এটি কেবলই প্রতীকী ঘোষণা, তা এখনো স্পষ্ট নয়।

এসটিসির সমর্থকরা দক্ষিণ ইয়েমেন রাষ্ট্র দাবিতে বিক্ষোভ করছে। ছবি : এপি

তবে এ ঘোষণায় উত্তাল হয়ে উঠেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনা। সৌদি আরব সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে।


এসটিসির ঘোষণার পরপরই সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন থেকে তাদের সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।


গত মাসে এসটিসি যোদ্ধারা সৌদি সমর্থিত বাহিনীর কাছ থেকে দক্ষিণের দুটি প্রদেশের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় এবং প্রধান শহর এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে। এর ফলে ইয়েমেন সরকার সেখান থেকে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হয়।


এসটিসির এক কর্মকর্তা জানান, শুক্রবার হাজরামাউত প্রদেশে সৌদি যুদ্ধবিমান তাদের ক্যাম্প এবং সামরিক স্থাপনা বোমা হামলা চালিয়েছে। এর আগে সৌদি সমর্থিত যোদ্ধারা ওই স্থাপনাগুলো দখলের চেষ্টা করেছিল।


এ বিমান হামলায় সৌদি আরবের সবশেষ পদক্ষেপ কী হতে পারে   এ বিষয়ে স্কাই নিউজ বলছে, গত কয়েক সপ্তাহ ধরে দেশটি এসটিসি বাহিনীর ওপর বোমা হামলা চালিয়ে আসছে। এসটিসি বলছে, তাদের জন্য পাঠানো আমিরাতি অস্ত্রের একটি চালানেও আঘাত হেনেছে সৌদি আরব।


সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্ররা এতদিন সৌদি নেতৃত্বাধীন জোটের হয়ে উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছিল। এক দশক ধরে চলা এ গৃহযুদ্ধ আরব বিশ্বের দরিদ্রতম দেশটিকে পর্যদুস্ত করে দিয়েছে।


এই জোটের মূল লক্ষ্য ছিল হুথি বিতাড়িত সরকারকে পুনরায় ক্ষমতায় বসানো। কিন্তু জোটের অভ্যন্তরীণ উপদল এবং দুই উপসাগরীয় রাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় এখন সেই জোট ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছে।


এসটিসি প্রধান আইদারুস আল-জুবেদি শুক্রবার একটি ভিডিও বার্তায় বলেন, এই সংবিধান দুই বছরের জন্য কার্যকর থাকবে। এরপর ‘দক্ষিণের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের’ প্রশ্নে একটি গণভোট অনুষ্ঠিত হবে।


তিনি বলেন, এই দুই বছরে উত্তর ও দক্ষিণ ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সংলাপ হওয়া উচিত, যা দক্ষিণের মানুষের অধিকারের পথ ও প্রক্রিয়া নিশ্চিত করবে।


৩০ অনুচ্ছেদের এই সংবিধানে ‘স্টেট অব সাউথ আরাবিয়া’ গঠনের কথা বলা হয়েছে। প্রস্তাবিত রাষ্ট্রটি মূলত ১৯৬৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টিকে থাকা পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক অব ইয়েমেনের সীমানাকেই নির্দেশ করে।


এ ঘোষণার বাস্তবিক প্রভাব কী হবে তা এখনো স্পষ্ট নয়। ঘোষণাটি বিচ্ছিন্নতাবাদী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বাকি অংশগুলোর মধ্যে একটি পূর্ণাঙ্গ সংঘাত এড়ানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।



সর্বশেষ সব খবর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি: রয়টার্স

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৯:০৮ পিএম

ইসরায়েলের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি সমর্থন দিতে অনীহা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (০১ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুকে আরেক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি সমর্থন জানাননি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) প্রকাশিত ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলকে প্রতিরক্ষা ক্ষেত্রে সহায়তা করাই তার প্রধান লক্ষ্য।


ট্রাম্প বলেন, গত কয়েক বছরে ইসরায়েল নিয়ে তার নেওয়া বিভিন্ন নীতির কারণে দেশটির জনগণের মধ্যে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ।


নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী ও সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকটের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তার সম্পর্কে তিনি খারাপ কিছু শোনেননি। তবে নেতানিয়াহুকে অবমূল্যায়ন না করার পরামর্শ দেন তিনি।


ট্রাম্প বলেন, এর আগেও বহুবার নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছেন বলে মনে করা হয়েছিল। একইভাবে তাকেও অনেকবার অবমূল্যায়ন করা হয়েছে। তাই নেতানিয়াহুকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।


ট্রাম্পের এই মন্তব্যের একদিন আগে নেতানিয়াহু তাকে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং দিয়েছিলেন। ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে ইসরায়েলে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন নেতানিয়াহু।


সম্প্রতি ইরান যুদ্ধ এবং লেবানন ও গাজায় ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।


সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সব খবর

ডোনাল্ড ট্রাম্প। ছবি: আলজাজিরা

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রকে খুব শিগগির সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো অথবা দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকিও দেন।


বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ইরান প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, ইরান ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো সামরিক পদক্ষেপ নেবে।


ট্রাম্প বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।’


তিনি আরও বলেন, ‘সময় এসে যাচ্ছে। যে কোনোভাবেই হোক, বিষয়টি খুব শিগগির শেষ হবে।’


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য এলো। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার সম্ভাবনা এবং সামরিক পদক্ষেপের আশঙ্কা নিয়ে সাম্প্রতিক সময়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সূত্র: আলজাজিরা

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৩৭ পিএম

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে সন্দেহজনক ঘটনার কয়েক সপ্তাহ আগে ইসরায়েল ইরান-সমর্থিত একটি হামলার বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষকে গোয়েন্দা তথ্য দিয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড ৮ সেপ্টেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণার কিছুদিন আগে এ সতর্কতা দেওয়া হয়েছিল।


ফেয়ারফোর্ডের ‘সাম্প্রতিক আতঙ্ক’ নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, আমরা ব্রিটিশদের গোয়েন্দা তথ্য দিয়েছিলাম, একটি হামলা হতে যাচ্ছে এবং সেটি ইরানের পৃষ্ঠপোষকতায় হবে। অথচ প্রায় পরদিনই তারা আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।


তিনি ব্রিটিশ সরকারের পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলবিরোধী প্রচারণার প্রভাব এবং ইসলামপন্থি-মার্ক্সবাদী জোটের কাছে পশ্চিমাদের নতি স্বীকার অত্যন্ত বিপজ্জনক।


তবে নেতানিয়াহু স্পষ্ট করেননি, তার দেওয়া সতর্কবার্তাটি সাধারণভাবে সম্ভাব্য কোনো হামলা নিয়ে ছিল, নাকি গত রোববার সকালে আরএএফ ফেয়ারফোর্ডে ঘটে যাওয়া নির্দিষ্ট ঘটনার বিষয়ে ছিল।


ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহে পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তবে গ্রেপ্তারের ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।


জামিন দেওয়ার পর ব্রিটিশ জাতীয় সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর বলেন, তদন্তকারীরা সম্ভাব্য সব দিক বিবেচনা করছেন।


তিনি বলেন, ঘটনাটি কোনো বিদেশি রাষ্ট্রের হয়ে জেনে বা না জেনে কাজ করা প্রক্সি বা ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত হয়ে থাকতে পারে।


এর অর্থ হলো, সন্দেহভাজনরা কোনো বিদেশি রাষ্ট্রের হয়ে অর্থের বিনিময়ে কথিত হামলা চালানোর জন্য নিয়োগ পেয়েছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।


গত এক দশকে ইরান, রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। সাধারণত অর্থের প্রয়োজন রয়েছে; এমন ব্যক্তিদের এ ধরনের কাজে ব্যবহার করা হয় বলে দাবি করা হয়।


বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ফেয়ারফোর্ডের ঘটনায় ইরান কোনো না কোনোভাবে জড়িত ছিল। তবে তদন্তের অন্য কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।


নেতানিয়াহুর বক্তব্য অবশ্য ব্রিটিশ পুলিশের প্রকাশিত তথ্যের চেয়ে এক ধাপ এগিয়ে। কারণ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে ফেয়ারফোর্ডের ঘটনার সঙ্গে ইরানকে যুক্ত করেনি। ইরানও রোববার সকালের ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।


ঘটনার সময় বিমানঘাঁটি থেকে প্রায় ৪০০ মিটার দূরে তিনটি সন্দেহজনক ভ্যান পার্ক করা ছিল। এর আগে ইরান ফেয়ারফোর্ডকে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত একটি বৈধ লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানে ঘাঁটিটি ব্যবহৃত হয়।


সাবেক ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ কর্মকর্তারা পরে ধারণা দেন, ঘটনাটি শত্রুতামূলক গোয়েন্দা নজরদারি বা আরও বড় কোনো হামলার আগে নিরাপত্তাব্যবস্থা যাচাইয়ের ‘ড্রাই রান’ হতে পারে।


এক সাবেক কর্মকর্তা টেলিগ্রাফকে বলেন, এ কারণেই হয়তো পুলিশ সন্দেহজনক ভ্যানগুলোতে বিস্ফোরকের মতো কোনো কিছু খুঁজে পায়নি।


সন্দেহভাজনদের দ্রুত জামিনে মুক্তি দেওয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার তিনি বলেন, তাদের ছেড়ে দেওয়ায় আমি অবাক হয়েছি। আমি এমনটা করতাম না।


ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রশংসা করে ট্রাম্প বলেন, তারা খুবই ভালো ছিল। তারা আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছে।


তবে সন্দেহভাজনদের বিষয়ে তিনি বলেন, আমরা তাদের সম্পর্কে সবকিছু জানি। আমরা তাদের ছেড়ে দিতাম না।


সূত্র : দ্য টেলিগ্রাফ


সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৫:২৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত প্রযুক্তির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলে এক আজব কাণ্ড ঘটে গেল ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে। আরোহীর মাথায় হেলমেট না থাকায় স্কুটারচালককে জরিমানা বা মামলার নোটিশ পাঠিয়েছে ট্রাফিক পুলিশের একটি এআই ক্যামেরা। তবে মজার ব্যাপা হলো, স্কুটারের পেছনে আসলে কোনো মানুষই ছিলেন না। চালকের পিঠে ঝোলানো একটি গিটারের কেসকে ‘হেলমেট ছাড়া আরোহী’ ভেবে ভুল করেছে স্বয়ংক্রিয় প্রযুক্তি।


সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সৌভিক দত্ত নামের এক ব্যক্তি সম্প্রতি তার স্ত্রীর ইলেকট্রিক স্কুটার চালিয়ে বেঙ্গালুরুর হেববাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। সে সময় তার মাথায় নিয়মমাফিক হেলমেট ছিল এবং পিঠে একটি গিটার বাঁধা ছিল।


কিন্তু রাস্তার মোড়ে বসানো এআই ট্রাফিক ক্যামেরা গিটারের কেসটিকে পেছনের আসনে বসা দ্বিতীয় আরোহী (পিলিয়ন রাইডার) হিসেবে ভুল শনাক্ত করে। পরক্ষণেই হেলমেট না পরার অভিযোগে জরিমানা বা চালানের নোটিশ জারি করে। পরবর্তীতে ক্যামেরায় তোলা প্রমাণসহ সেই ৫০০ রুপির জরিমানার নোটিশ পৌঁছায় স্কুটারের মালিক অর্থাৎ সৌভিকের স্ত্রীর কাছে।


বিষয়টি প্রকাশ্যে এলে নেটদুনিয়ায় হাস্যরসের পাশাপাশি সমালোচনার ঝড় ওঠে। সৌভিক দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাফিক ক্যামেরায় ওঠা ছবিসহ চালানের বিস্তারিত তথ্য শেয়ার করে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।


পোস্টে তিনি ক্ষোভ ও ব্যঙ্গ প্রকাশ করে লেখেন, আমি পিঠে গিটার ঝুলিয়ে একা স্কুটার চালাচ্ছিলাম। আর আমার স্ত্রী ‘হেলমেট ছাড়া পিলিয়ন রাইডিং’-এর জন্য জরিমানা নোটিশ পেলেন! এআইভিত্তিক ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ ব্যবস্থার এই হলো নমুনা! দয়া করে এই ভুল চালানটি প্রত্যাহার করুন।’


সৌভিকের সেই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে অনেকেই এআই ক্যামেরার এমন ভুলে ক্ষোভ প্রকাশ করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। একজন ব্যবহারকারী লেখেন, এটি ট্রাফিক ক্যামেরার খুব সাধারণ ভুল, এমন ভুয়া জরিমানা দেওয়ার কোনো প্রয়োজন নেই।


অন্য এক নেটিজেন অবশ্য হতাশা প্রকাশ করে লেখেন, এসব ভুল চালান বাতিল করাতে গেলে চার-পাঁচ মাস ধরে নানা মানসিক হয়রানির শিকার হতে হবে। আবার কেউ কেউ ঠাট্টা করে মন্তব্য করেছেন, ‘ছবিতে তো সত্যিই পেছনের আসনের জন্য কোনো হেলমেট দেখা যাচ্ছে না!’


ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাড়াও দেওয়া হয়েছে। তারা সৌভিককে নির্দিষ্ট ইমেইল ঠিকানায় মেইল অথবা নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করে ওই ভুলের প্রতিকার নেওয়ার পরামর্শ দিয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ৪:৪৬ পিএম

আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়ে ২২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। তবে আফগানিস্তানের তালেবান সরকার বলছে, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হতাহতের কোনো দাবিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।


পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের দুটি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত ‘ক্যাম্প ও আস্তানায়’ হামলা চালানো হয়েছে। এতে আনুমানিক ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।


অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার রাতে কুনার ও হেলমান্দে হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘আগ্রাসন ও অপরাধ’ বলে উল্লেখ করেন।


প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে আন্তসীমান্ত হামলা চালাচ্ছে বলে দাবি ইসলামাবাদের।


তবে আফগান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। কাবুলের দাবি, পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্যবস্তু হচ্ছে এবং এতে নারী ও শিশুরা হতাহত হচ্ছেন।


সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বৃহস্পতিবার ০১ অক্টোবর, ২০২৬, সময় : ১১:২১ এএম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছে। নিহতরা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্য বলে দাবি করা হয়েছে।


বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই বিমান হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান এবং জঙ্গিদের নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের নির্মূলের লক্ষ্যের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়।


মন্ত্রণালয়ের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি এলাকায় জঙ্গিদের ক্যাম্প ও গোপন আস্তানায় হামলা চালানো হয়। এসব স্থাপনা ‘ফিতনা আল-খাওয়ারিজ’, ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে দাবি করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট লক্ষ্যগুলো নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ২২ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি ওই ঘাঁটিগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।


পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি সবসময় চেষ্টা করে এসেছে। তবে পাকিস্তানের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।


বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখনও সন্ত্রাসবাদের একটি কেন্দ্র হিসেবে রয়ে গেছে বলে পাকিস্তানের উদ্বেগ রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের হুমকি আফগানিস্তান থেকেই আসছে বলেও দাবি করেছে ইসলামাবাদ।


এই পরিস্থিতিতে সন্ত্রাসীদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।


পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় ‘গজব লিল-হক’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।


বিদেশি মদদ ও সহায়তায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথাও বিবৃতিতে জানানো হয়েছে।


সূত্র: জিও নিউজ


সর্বশেষ সব খবর