ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনো মাচাদো

  • প্রকাশ : মঙ্গলবার ১৩ জানুয়ারি, ২০২৬, সময় : ৭:০৬ এএম

ভেনেজুয়েলার শান্তিতে নোবেল জয়ী বিরোধীদলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে ওয়াশিংটনে ডেকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই, এই অপ্রত্যাশিত ঘোষণায় কারাকাসে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা নিউইয়র্কে নিয়ে আসার পর দেশটির সেনাবাহিনী ও আদালতের আশির্বাদ নিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পান ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। অবিলম্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দেলসির প্রতি সমর্থন জানান। সে সময় মনে হয়েছিল, ব্রাত্য হয়ে পড়েছেন শান্তিতে নোবেলজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনো মাচাদো।


তবে গত কয়েকদিনে আবারও খবরের শিরোনাম হয়েছেন মাচাদো। নিজের নোবেল পুরষ্কার ট্রাম্পকে দিয়ে দেওয়ার বা তার সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচিত-সমালোচিত হয়েছেন স্বেচ্ছা নির্বাসনে থাকা ওই নেত্রী।


এই পরিস্থিতিতে গতকাল সোমবার ওয়াশিংটন ঘোষণা দিয়েছে, এই সপ্তাহেই মাচাদোর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। এই ঘোষণায় চাপে পড়েছে কারাকাসের অন্তর্বর্তী সরকার।


মাদুরোর আমলে দেশটির বিভিন্ন কারাগারে আটক থাকা রাজনৈতিক বন্দীদের শিগগির মুক্তি দিতে চাপ দিচ্ছে ওয়াশিংটন ও অন্যান্য পশ্চিমা দেশ।


৩ জানুয়ারি ভেনেজুয়েলার দীর্ঘদিনের শাসক মাদুরোকে আটকের পর থেকে মাচাদোর বিষয়ে তেমন কোন আলোচনা শোনা যায়নি। সম্প্রতি ট্রাম্প প্রশাসন জানায়, তারাই ভেনেজুয়েলা 'চালাবেন'। মাচাদো ও তার সহযোগী এদমুন্দো গনজালেজ উররুশিয়াকে উপেক্ষা করে ট্রাম্প ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করতে থাকেন।


তবে মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দেলসিকে হুশিয়ার করতে ছাড়েননি ট্রাম্প। 'ওয়াশিংটনের ইচ্ছা-অনিচ্ছার সঙ্গে তাল মিলিয়ে' চলতে না পারলে চরম পরিণতির হুমকি দেন রিপাবলিকান নেতা। 


বিশেষত, লাতিন আমেরিকার দেশটির বিস্তৃত তেলের মজুদ সংক্রান্ত বিষয়ে কোনো ছাড় দিতে চান না তিনি।


মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা এএফপিকে জানান, বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্প-মাচাদোর বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে চলেছে।


অপরদিকে, ভেনেজুয়েলা আরও ১১৬ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে তাদেরকে আটক করেছিল তৎকালীন প্রেসিডেন্ট মাদুরোর প্রশাসন।


জাতিসংঘের বিশেষজ্ঞ ও বিরোধীদলের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন পর্যন্ত মাত্র ৫০ বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। অধিকার সংস্থাগুলোর হিসাব মতে, বিক্ষোভ থেকে ৮০০ থেকে ১,২০০ এর মতো মানুষকে আটক করা হয়েছিল।


মাচাদোর সঙ্গে বৈঠকের ঘোষণার আগে গত সপ্তাহে মার্কিন প্রতিনিধিরা কারাকাস সফর করেন। তারা সেখানে ওয়াশিংটনের দূতাবাস খোলার বিষয়ে আলাপ করেন। সাত বছর আগে দুই দেশের কূটনীতিক সম্পর্কের অবসান ঘটেছিল।


গত রোববার ট্রাম্প জানান, দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠকে তার আপত্তি নেই। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রশাসন দেলসির প্রশাসনের সঙ্গে 'খুব ভালো ভাবে' কাজ করে যাচ্ছে।


সব মিলিয়ে বলা যায়, ট্রাম্প এখনো দেলসিকে বাতিলের খাতায় পাঠাননি। একইভাবে, মাচাদোর সঙ্গেও তিনি যোগাযোগ রাখতে আগ্রহী।


অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোনো কারণে দেলসি রদ্রিগেজ বা তার প্রশাসন 'বেঁকে বসলে' বিকল্প হিসেবে শান্তিতে নোবেলজয়ী মাচাদোর কথা ভেবে রেখেছেন ট্রাম্প। তবে আগামী বৃহস্পতিবারের বৈঠকের পরই হয়তো আরও স্পষ্ট করে জানা যাবে ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে।





ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৩ পিএম

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির কয়েকজন মুসলিম নাগরিক আটক ও দেশান্তরের শিকার হয়েছেন। তাদের কারও কারও পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তাদের নিজেদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতে নাগরিকত্ব হারানোর আতঙ্ক তৈরি হয়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়ে আর ফেরেননি ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাইয়ের ওই ঘটনার তিন মাসের বেশি সময় পর তিনি এখন বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে। স্বামী ও দুই ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটছে তার। সাহিদার ভাষ্য, সাদাপোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করেন। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। ফোনে তার পরিচয়পত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, ওই কর্মকর্তারা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও পুলিশ বিভাগ সাড়া দেয়নি।


সাতক্ষীরায় রয়টার্সকে সাহিদা বলেন, পেছন থেকে কেউ তার হাত ধরে গাড়িতে উঠতে নির্দেশ দিয়েছিলেন। ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, আটক কিংবা দেশান্তরের শিকার হয়েছেন- এমন ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। তাদের সবার কাছেই ভারতের পরিচয়পত্র বা পারিবারিক নথি ছিল। তাদের বাবা-মা, ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যদের নামও ভোটার তালিকায় রয়েছে।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ভোটার তালিকা সংশোধনের বড় উদ্যোগটি অবৈধ অভিবাসী শনাক্ত ও তাদের দেশ থেকে বের করে দেওয়ার পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে। অথচ ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়া মানেই তিনি বিদেশি নাগরিক, এমন নয়।


ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে সবচেয়ে বড় সংখ্যক নাম বাদ দেওয়ার এ উদ্যোগে দেশজুড়ে ১৩ কোটি নাম বাদ পড়েছে। উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, বাদ পড়াদের মধ্যে মুসলমানদের অনুপাত তুলনামূলক বেশি। ভারতের বৃহত্তম সংখ্যালঘু এই সম্প্রদায় ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।


ভোটার তালিকা সংশোধনের এ উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিজেপির বিরুদ্ধে নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ভোটার তালিকা বদলে দেওয়ার অভিযোগও উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।


পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ সবচেয়ে ব্যাপকভাবে চালানো হয়েছে। চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিস্তারিত যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলমানদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলমান।


নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে বিজেপি। সাবার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, নির্বাচনে সরকারবিরোধী মনোভাবের প্রভাব অস্বীকার করা যায় না। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনাও ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে।


ভোটার তালিকা ও দেশান্তরের যোগসূত্র

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনী সমাবেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা সংশোধন ও অবৈধ অভিবাসী বহিষ্কারের বিষয় দুটি একসূত্রে যুক্ত করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এরপর একজন একজন করে তাদের দেশ থেকে বের করে দেওয়া বিজেপির অঙ্গীকার।


পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাভাষী মুসলমানদের বিরুদ্ধে অভিযান নিয়ে উদ্বেগ রয়েছে। ১৯৪৭ সালে দেশভাগের সময় ব্রিটিশদের টানা সীমান্তরেখায় বাংলা দুই ভাগে বিভক্ত হয়। দেশভাগের সময় এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে যাতায়াত করেন। এতে অনেক পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন দুই দেশের ভূখণ্ডে ছড়িয়ে পড়েন।


এ বিষয়ে মন্তব্য জানতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো মন্তব্য করেনি।


আদালতে লড়াই

সাহিদা ফকিরের দাবি, রাত একটার দিকে তাকে সীমান্তের একটি জনমানবহীন ও বেড়াবিহীন অংশ দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। শরীরে কাদা মেখে কয়েক ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কাঁদতে দেখেন। পরে ওই কৃষক তাকে আশ্রয় দেন।


মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠানো হয়। ওই অভিযানে সাহিদাসহ ১৪৯ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে দেশান্তর করা হয়েছিল। এ বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তারা সাড়া দেয়নি।


সাহিদা বলেন, তাকে বাংলাদেশে পাঠানো হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। তার বাড়ি, দাদা-দাদি এবং পরিবারের শিকড় ভারতে।


এখন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আদালতে লড়ছেন তার স্বামী জুম্মান। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে করা অসংখ্য আবেদনের পাশাপাশি সাহিদার পরিবারও গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে। আবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া দিয়ে নাগরিকত্ব নির্ধারণ করা যায় না। যথাযথ যাচাই ছাড়া প্রশাসনের দাবির ভিত্তিতে তাকে দেশ থেকে বের করে দেওয়াও আইনসম্মত নয়।


রয়টার্সের পর্যালোচনা করা পারিবারিক নথিতে দেখা গেছে, ভারতের ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই সাহিদার বাবা-মা ও দাদা-দাদির নাম পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার তালিকায় ছিল। ২০০২-০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে। সাম্প্রতিক সংশোধনে অতিরিক্ত নথি জমা না দিয়ে ভোটার তালিকায় থাকার যোগ্যতা নির্ধারণে ওই সময়ের তালিকাকে ভিত্তি হিসেবে ধরা হয়েছে। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছিল বলে তার ভোটার পরিচয়পত্রে দেখা গেছে।


তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন দপ্তর কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য নথি দিতে পারেননি। সাহিদা এ দাবি অস্বীকার করেছেন। তার অভিযোগ, মোবাইল ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা নথির কপি দেখানোর সুযোগ পাননি। ভারতের আইনে নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়।


‘ভোটার তালিকায় নাম নেই, আপনি বাংলাদেশি’

কলকাতা হাইকোর্টে করা আরেকটি আবেদনে বাসনপত্র বিক্রেতা নাসিরউদ্দিন শেখ ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ার পর আটক করা হয়েছিল। অথচ নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের আপিল তখন বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।


নাসিরউদ্দিনের ভাষ্য, বাড়ি থেকে কয়েক শ কিলোমিটার দূরে ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। ১৪ দিন পর সংশোধিত ভোটার তালিকায় নাম পাওয়া যাওয়ায় তাদের ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। তবে তালিকায় নাম না থাকায় নাসিরউদ্দিনসহ চারজনকে ৩২ দিন আটক থাকতে হয়।


নাসিরউদ্দিন বলেন, এক পুলিশ সদস্য তাকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় আপনার নাম নেই। আপনি বাংলাদেশি।’


আদালতে শুনানির আগের রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককেন্দ্রে ৬০ জনের বেশি মানুষের থাকার মতো বিছানাসহ বড় একটি হলঘর ছিল বলে জানান তিনি। আটকের আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও বায়োমেট্রিক নিবন্ধন করা হয়।


নাসিরউদ্দিনের ভাষ্য, ‘ওটা সব অর্থেই কারাগার ছিল। আমরা বাইরে যেতে পারতাম না।’


পশ্চিমবঙ্গে স্থায়ী কোনো বন্দিশিবির নেই বলে কলকাতা হাইকোর্টকে জানিয়েছে পুলিশ ও রাজ্য সরকারের আইনজীবীরা। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য একটি অস্থায়ী কেন্দ্রে রয়টার্সের সাংবাদিকেরা ভেতরে কাপড় শুকাতে দেওয়া এবং জানালা দিয়ে কয়েকজনকে উঁকি দিতে দেখেছেন। কঠোর নিরাপত্তাবেষ্টিত ওই চত্বরে একটি অ্যাম্বুলেন্স ও ঢেকে রাখা পুলিশের বাসও ছিল।


কেন্দ্রটির বিপরীতে বসবাসকারী মোসামি রায় বলেন, দুই মাস আগে সেখানে লোকজনকে আনা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদের বাইরে কাঁদতে দেখেছেন তিনি।


মানবাধিকারকর্মী কিরিটি রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় লাখ লাখ মামলা হয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় আছে। ট্রাইব্যুনালগুলো ধীরগতিতে কাজ করছে। পরিস্থিতি নিয়ে তারা হতাশ।


রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। চীনের শেনজেন শহরে এই তিন নেতা প্রথমবারের মতো একত্রিত হবেন বলে সোমবার নিশ্চিত করেছে বেইজিং।


এর আগে মস্কো ও হোয়াইট হাউজ এ বৈঠকের কথা ঘোষণা করেছিল। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সেটি নিশ্চিত করলেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে ইউক্রেইনে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।


শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতা শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এর আগে বিভিন্ন সময় এই নেতারা পরস্পরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেও তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।


গত বছরের অক্টোবর থেকে শি তিনবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন আর ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পুতিনের সঙ্গে চল্লিশেরও বেশিবার সাক্ষাৎ করেছেন। অপরদিকে ট্রাম্প ও পুতিন অনেকগুলো উপলক্ষ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন; এরমধ্যে ২০২৫-র অগাস্টে রাশিয়ার নেতার যুক্তরাষ্ট্রের আলস্কা সফর উল্লেখযোগ্য।


সাংহাইভিত্তিক ডেটা অ্যানালিটিক্স এবং ফিন্যান্সিয়াল কনসাল্টিং প্রতিষ্ঠান ‘জেড-বেন অ্যাডভাইজরাস’ এর ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার বলেন, “শি জিনপিংয়ের ক্ষেত্রে, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারার সক্ষমতা অনেকটা ‘সমকক্ষদের মধ্যে প্রথম’ হওয়ার মতো একটি পরিস্থিতি; এটি মূল আলোচনা শুরু হওয়ার আগেই তাকে বড় ধরনের রাজনৈতিক সুবিধা এনে দেবে।”


ট্রাম্প ইতোমধ্যেই চার দিনের এক সফরে এশিয়ার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ছেড়েছেন। তার এ সফরে ফিলিপিন্সে যাত্রা বিরতি করার কথা রয়েছে। তিনি নেতার এ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করেনি চীন।


সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

সীমান্ত পেরিয়ে যাওয়া দাবানলের ধোঁয়ার জন্য প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চেয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোয়ো সুবিয়ান্ত।

আল জাজিরা লিখেছে, কয়েক মাস ধরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো ভয়াবহ দাবানলের শিকার ইন্দোনেশিয়া। পুড়ে গেছে প্রায় ৩০ লাখ হেক্টর জমি ও বনভূমি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফিলিপিন্সের ম্যানিলায় রোববার শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের একটি সেশনে প্রেসিডেন্ট সুবিয়ান্ত ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, “আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কাছে। আমরা ভয়াবহ দাবানলের শিকার হয়েছি, সেই আগুনের ধোঁয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ছড়িয়ে পড়েছিল।

“এটি আমাদের ত্রুটি না হলেও ফের ক্ষমা চাইছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেই দাবানল নিয়ন্ত্রণ করেছি। এতে আমাদের প্রায় চার মাস সময় লেগেছে।”

সুবিয়ান্ত জানান, দাবানল মোকাবিলায় ৭১ হাজার অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়। আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয় ১৬ জনের। বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরকার ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট।

তাকে উদ্ধৃত করে প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, দাবানলের জন্য দায়ী যে কোনো কোম্পানির বিরুদ্ধে ইন্দোনেশিয়ার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। এ নিয়ে পুলিশের তদন্তের আওতায় রয়েছে ১০৪টি কোম্পানি। আল জাজিরা লিখেছে, ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে তীব্র দাবানলের সঙ্গে লড়াই করছে। বিশেষ করে সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ে গেছে।

সেপ্টেম্বরে দেশটিতে দাবানলের আগুনে মারা গেছেন ৩ হাজার ৫৬০ জন। ওই মাসে কালো ধোঁয়া ও দূষণে মারা গেছেন আরও ১৭৫০ জন।

সব মিলিয়ে সেপ্টেম্বরে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩১০ জনের। এর আগে অগাস্টে দাবানলের কারণে প্রাণ গেছে ৩ হাজার ৭৪০ জনের।

গত কয়েক মাসে এসব দাবানলের ধোঁয়া ইন্দোনেশিয়ার নিকটবর্তী প্রতিবেশী দেশগুলোর আকাশ ঢেকে দেয়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

ধোঁয়া ও দূষণের শিকার দেশদুটি সেজন্য অবশ্য ইন্দোনেশিয়ার কোনো সমালোচনা করেনি। আবার দাবানল নেভাতে সহায়তার জন্যও এগিয়ে আসেনি।


জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৩১ পিএম

ভারতের মধ্যপ্রদেশে বাঘ সংরক্ষণ এলাকার কর্মকর্তার বাসভবনে অভিযান চালিয়ে ১৪ কোটির সমপরিমাণ স্বর্ণ, নগদ টাকা ও সম্পদ জব্দ করেছে দুর্নীতিবিরোধী সংস্থা-লোকায়ুক্ত। অভিযানে প্রায় ২ কোটি ৬৩ লাখ রুপি নগদ অর্থ এবং আড়াই কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা।  লোকায়ুক্তের কর্মকর্তারা রোববার (১৫ নভেম্বর) সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট তিনটি স্থানে অভিযান চালান। 


এর মধ্যে রয়েছে নর্মদাপুরম জেলার সরকারি বাসভবন ও কার্যালয় এবং ছিন্দওয়াড়া জেলার ব্যক্তিগত বাসভবন। আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার ভিত্তিতে আদালতের পরোয়ানা নিয়ে এ অভিযান চালানো হয়।


সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে লাইভমিন্ট জানিয়েছে, অভিযানে ১ দশমিক ৬ কেজি রুপাও পাওয়া গেছে। এর মূল্য প্রায় ২ লাখ ৯০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া সঞ্জীবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি আবাসন ও পর্যটন প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছেন তদন্তকারীরা। এর মধ্যে ইকোটেল রিসোর্টের আনুমানিক মূল্য ২ কোটি রুপি এবং সেরেনিটি দ্য ভিলা নামের স্থাপনাটির মূল্য ১ কোটি রুপি। 


বাংলাদেশি মুদ্রায় এ দুটির মোট মূল্য প্রায় ৪ কোটি ১ লাখ টাকা। তবে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন এখনো বাকি। তদন্তকারীরা ২৮টি জমি কেনাবেচার নথি এবং চারটি যানবাহনের সন্ধান পেয়েছেন। যানবাহনগুলোর আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১ লাখ ৬৮ হাজার টাকা। বাড়ির আসবাব ও অন্যান্য সামগ্রীর মূল্য ধরা হয়েছে প্রায় ৫০ লাখ রুপি।


প্রাথমিক হিসাবে সঞ্জীবের সম্পদ তার বৈধ আয়ের তুলনায় ৫৬০ শতাংশ বেশি বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তার স্ত্রী ও অন্যদের নামেও কিছু সম্পদ কেনা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত চলছে। 

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ পিএম
  • আপডেট : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ এএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫৯ পিএম

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।


পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।


ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।


এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।


এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।


ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৫ পিএম

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।


ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।


রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।


সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।


তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।


এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।


এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।


জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।


২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।


চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।


হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।