মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু’ অভিহিত করেছেন।স্বশাসিত দ্বীপটিতে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে ট্রাম্পকে ‘সাবধান’ হতে হবে, বুধবার ফোনে শি মার্কিন প্রেসিডেন্টকে এ সতর্কবার্তা দিয়েছেন বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
শি বলেছেন, তিনি ওয়াশিংটনের সম্পর্ককে ‘বিশেষ গুরুত্ব দেন’ এবং দুই পক্ষ তাদের মতপার্থক্য সমাধানের পথ খুঁজে পাবে বলেও তিনি আশাবাদী।
ট্রাম্পও চীনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপকে ‘অসাধারণ’ আখ্যা দিয়েছেন। বলেছেন, তাদের মধ্যে ‘দীর্ঘ ও বিস্তৃত’ আলাপচারিতা হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার মার্ক কার্নিসহ গত কয়েক সপ্তাহে চীনে একাধিক পশ্চিমা নেতার পা পড়ার পর গতকাল বুধবার বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির কর্ণধারদ্বয়ের মধ্যে এ ফোনালাপ হল। শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক নানা কারণে যুক্তরাষ্ট্রকে ঘিরে উদ্বেগ থেকে ইউরোপের অনেক দেশই এখন চীনের দিকে ঝুঁকছেন বলে মনে হচ্ছে।
আগামী এপ্রিলে ট্রাম্পেরও চীন সফর করার কথা রয়েছে। রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলছেন, তিনি ওই সফরের দিকে ‘আগ্রহভরে তাকিয়ে আছেন’।
শি’র সঙ্গে ফোনালাপের পর তিনি বলেছেন, বেইজিং এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ কোটি টন সয়াবিন কেনার কথা ভাবছে। এখন চীন তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টন কেনে।
“চীনের সঙ্গে সম্পর্ক এবং আমার সঙ্গে প্রেসিডেন্ট শি’র ব্যক্তিগত সম্পর্ক এখন খুবই ভালো, এটা বজায় রাখা যে কত গুরুত্পূর্ণ তা আমরা দুজনেই বুঝি,” ট্রুথ সোশালে দেওয়া পোস্টে এমনটাই বলেছেন ট্রাম্প।
দুই নেতা এর আগে গত নভেম্বরে ফোনে কথা বলেছিলেন। সেসময় তাদের আলাপের মধ্যে বাণিজ্য, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান, ফেন্টানিল ও তাইওয়ান প্রসঙ্গ ছিল বলে ট্রাম্প এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে জানা গিয়েছিল।
এবার তাইওয়ান ও সয়াবিন ছাড়াও দুই প্রেসিডেন্টের মধ্যে ইউক্রেইনে যুদ্ধ, ইরানকে ঘিরে বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের তেল-গ্যাস ক্রয় প্রসঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।
তাইওয়ান প্রসঙ্গে শি স্বশাসিত দ্বীপটিকে ‘চীনের ভূখণ্ড’ আখ্যা দিয়ে বলেন, বেইজিং অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার সুরক্ষা নিশ্চিত করবে।
“তাইওয়ানকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই সাবধানতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে,” সতর্ক করে শি এমনটা বলেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে নেওয়ার অঙ্গীকার চীনের বহুদিনের। এ কাজে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি তারা।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ‘এক চীন’ নীতির সমর্থক, অর্থ্যাৎ কাগজে-কলমে তারা তাইওয়ানকে চীনের অংশ বলেই মনে করে। যদিও দশকের পর দশক ধরে তারা এ প্রসঙ্গে ‘ধোঁয়াশা’ রেখে সতর্ক কূটনৈতিক পদক্ষেপে এগিয়েছে। তারা বেইজিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখলেও তাইওয়ানের প্রভাবশালী মিত্র, দ্বীপটি সবচেয়ে বেশি অস্ত্রও পায় ওয়াশিংটন থেকে।
ডিসেম্বরেই ট্রাম্প প্রশাসন তাইওয়ানে অত্যাধুনিক রকেট লঞ্চার, স্বচালিত কামান ও নানান ক্ষেপণাস্ত্রসহ এক হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে।
বেইজিং সেসময় একে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদে সমর্থনের চেষ্টা’ হিসেবে অভিহিত করেছিল এবং বলেছিল, এমন পদক্ষেপ ‘তাইওয়ান প্রণালীর চারপাশের অঞ্চলকে বিপজ্জনক ও সহিংস পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার গতিই কেবল বাড়াবে’।
“সমতা, সম্মান ও পারস্পরিক উপকারের দিকেই যদি উভয় পক্ষ কাজ করি তাহলে অবশ্যই আমরা একে অপরের উদ্বেগ নিরসনের পথ খুঁজে পাবো,” বুধবার ট্রাম্পকে শি এ কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার কয়েক ঘণ্টা আগে শি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন বলেও দুই দেশের গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। বৈঠকে দুই নেতাই বেইজিং ও মস্কোর জোরাল সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন, বলেছে তারা।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।
পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।
ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।
এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।
এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
ছবি : সংগৃহীত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।
এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।