ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬, সময় : ২:৪৭ পিএম

বিশ্বে প্রথমবারের মতো সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে যুক্তরাজ্যের এক রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকেরা। চিকিৎসকেরা বলেছেন, এই অস্ত্রোপচার না করা হলে ওই ব্যক্তি দৃষ্টিশক্তি হারাতে পারতেন। ৪৮ বছর বয়সী রিস হিবার্ট দুই সন্তানের বাবা। তিনি যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের বাসিন্দা। ইউনিভার্সিটি কলেজ লন্ডন হাসপাতালের চিকিৎসকেরা সরাসরি এআইয়ের সহায়তায় তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন।


অস্ত্রোপচারের সময় এআইয়ের একটি ব্যবস্থা সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণ করে চিকিৎসকদের সহায়তা করে। মস্তিষ্কের ভেতরে গুরুত্বপূর্ণ কিন্তু বাইরে থেকে দেখা যায় না—এমন রক্তনালি ও স্নায়ুগুলোর সম্ভাব্য অবস্থান চিহ্নিত করে চিকিৎসকদের সতর্ক করে দেয় এআই–ব্যবস্থা। ফলে কোনো ঝুঁকি ছাড়াই টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে।


হিবার্ট বলেন, ‘রোগীর নিরাপত্তার দিক থেকে এআইয়ের সহায়তার বড় সুবিধা রয়েছে। কারণ, আমাদের মাথার ভেতরে তো আর পথ চেনার কোনো দিকনির্দেশনা থাকে না।’


কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে কর্মরত ৪৮ বছর বয়সী হিবার্ট ১৮ মাস আগেও সুস্থ ও কর্মক্ষম ছিলেন। প্রতিদিন দুপুরে তিনি প্রায় দুই মাইল হাঁটতেন। এমনই এক দুপুরে হাঁটার সময় রাস্তায় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি এবং তাঁর খিঁচুনি শুরু হয়।


স্বাস্থ্য পরীক্ষায় হিবার্টের মস্তিষ্কে ১১ মিলিমিটার আকারের একটি টিউমার ধরা পড়ে। টিউমারটিতে ক্যানসারের ঝুঁকি ছিল না। এটি বেড়ে উঠেছিল পিটুইটারি গ্রন্থিতে। মস্তিষ্কের নিচের দিকে থাকা মার্বেলের মতো ছোট একটি গ্রন্থি পিটুইটারি। এটি শরীরের বৃদ্ধি, বিপাকক্রিয়া এবং রক্তচাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে।


পিটুইটারি গ্রন্থির খুব কাছেই রয়েছে ক্যারোটিড ধমনি। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী এই রক্তনালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কাছেই রয়েছে দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণকারী অপটিক স্নায়ু।


হিবার্টের টিউমারটি বড় হতে থাকায় তাঁর অপটিক স্নায়ুর ওপর চাপ পড়তে শুরু করে। ফলে ধীরে ধীরে তাঁর দৃষ্টিশক্তি কমে যাচ্ছিল।


শুরুতে হিবার্টের অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু পরে ঝাপসা দেখার কারণে তিনি হাঁটার সময় বিভিন্ন জিনিসে হোঁচট খেতে শুরু করেন। একই সঙ্গে প্রচণ্ড ক্লান্তি ও মাথা ঘোরার সমস্যাও দেখা দেয়।


হিবার্ট বলেন, ১৮ বছর ধরে দাম্পত্য জীবনে তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর জন্য এক কাপ কফি বানাতেন। তিনি ঠিক করেছিলেন, এই টিউমার তাঁকে সেই কাজ থেকে বিরত রাখতে পারবে না।


অস্ত্রোপচারের আগে হিবার্টের সবচেয়ে বড় সমস্যা ছিল মানসিক ও আবেগজনিত। তাঁর ভাষায়, অনেকে সাহায্যের প্রস্তাব দিলেও তিনি কারও ওপর বোঝা হয়ে থাকতে চাননি।


চিকিৎসকেরা হিবার্টকে তাঁদের তৈরি এআই–ব্যবস্থা ব্যবহার করে প্রথম রোগী হিসেবে অস্ত্রোপচারে অংশ নেওয়ার প্রস্তাব দেন। তিনি সঙ্গে সঙ্গে রাজি হন।


হিবার্ট বলেন, রোগীরা গবেষণায় অংশ নিতে প্রস্তুত না হলে চিকিৎসকেরা কীভাবে শিখবেন এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি কীভাবে হবে?


অস্ত্রোপচারের সময় হিবার্টের নাক দিয়ে একটি সরু ক্যামেরা প্রবেশ করিয়ে খুলির নিচের অংশে নেওয়া হয়। সেখানে টিউমারটি হাড় ও শক্ত একটি আবরণের আড়ালে ছিল। টিউমারটি বের করার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা শনাক্ত করা সহজ ছিল না। কারণ, প্রত্যেক মানুষের শরীরের অভ্যন্তরীণ গঠন কিছুটা আলাদা।


চিকিৎসকেরা জানিয়েছেন, এ ধরনের অস্ত্রোপচারে টিউমারের পুরোটা অপসারণ করতে না পারার আশঙ্কা ২৫ থেকে ৫০ শতাংশ। আর কোনো গুরুত্বপূর্ণ রক্তনালি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি শূন্য দশমিক ৫ থেকে ২ শতাংশ।


এখানেই এআই–ব্যবস্থা চিকিৎসকদের সহায়তা করেছে। অস্ত্রোপচারের সময় অন্য একটি পর্দায় এআই–ব্যবস্থা সরাসরি ভিডিও চিত্র বিশ্লেষণ করেছে। একই সঙ্গে অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রগুলোর গতিবিধি অনুসরণ করেছে এবং মস্তিষ্কের গুরুত্বপূর্ণ রক্তনালি ও স্নায়ু যেখানে থাকার সম্ভাবনা বেশি, সেসব জায়গা চিহ্নিত করেছে। কোন অংশ দিয়ে টিউমার অপসারণ করা তুলনামূলক নিরাপদ, সেটিও দেখিয়েছে।


মুঠোফোনে মুখ শনাক্ত করার প্রযুক্তির মতোই কাজ করেছে এআই–ব্যবস্থা। তবে মুখের পরিবর্তে এটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ও অনেক সময় আড়ালে থাকা শারীরিক গঠন শনাক্ত করেছে।


যুক্তরাজ্যের একজন চিকিৎসক বছরে এ ধরনের ১০ থেকে ২০টি অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের আগে করা স্ক্যান দেখে রোগীর মস্তিষ্কের গঠন সম্পর্কে ধারণা নিয়ে তাঁরা অস্ত্রোপচার করেন।


গবেষকেরা পিটুইটারি গ্রন্থির টিউমার অপসারণের শত শত অস্ত্রোপচারের ভিডিও ব্যবহার করে এআই–ব্যবস্থাটিকে প্রশিক্ষণ ও পরীক্ষা করেছেন। প্রতিটি ভিডিওতে রক্তনালি ও স্নায়ুর অবস্থান আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে এআই–ব্যবস্থা গুরুত্বপূর্ণ শারীরিক গঠনগুলো শনাক্ত করতে শিখেছে।


অস্ত্রোপচারে যুক্ত অধ্যাপক হানি মার্কাস বলেন, একজন চিকিৎসক সারা জীবনে যত অস্ত্রোপচার দেখেন বা করেন, তার চেয়েও বেশি অস্ত্রোপচারের তথ্য দিয়েছে প্রশিক্ষিত এই এআই–ব্যবস্থা। তাই এটি একজন বিশেষজ্ঞের মতো কাজ করতে পারে।


হানি মার্কাস বলেন, পরীক্ষামূলক অন্য অনেক এআই–ব্যবস্থার সঙ্গে এর পার্থক্য হলো, এটি অস্ত্রোপচারের সময় সরাসরি কাজ করতে পারে।


তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এআই চিকিৎসকদের শুধু সহায়তা করেছে। অস্ত্রোপচারের পুরো নিয়ন্ত্রণ ছিল চিকিৎসকদের হাতেই।


অধ্যাপক মার্কাস বলেন, তাঁদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো চিকিৎসকদের জন্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যা অনেকটা চ্যাটজিপিটির মতো কাজ করবে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চাইলে এর কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। আবার পরামর্শের সঙ্গে একমত না হলে তা উপেক্ষাও করতে পারবেন।


যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ এবং গুগলের অর্থায়নে গবেষকেরা কয়েক বছর ধরে পরীক্ষাগারে এআই প্রযুক্তিটি নিয়ে কাজ করেছেন। প্রথমবার বাস্তব অস্ত্রোপচারে এর ব্যবহার নিয়েও তাঁরা সন্তুষ্ট। এখন বড় পরিসরে এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন।


অস্ত্রোপচারের পর হিবার্ট বলেন, চোখ খোলার পর তাঁর মনে হয়েছিল, তিনি যেন চারপাশের সবকিছু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। প্রায় এক বছর ধরে তিনি এতটা পরিষ্কার দেখতে পাননি।


অস্ত্রোপচারের পর আট সপ্তাহে হিবার্টের দৃষ্টিশক্তি অনেক উন্নত হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মশক্তিও ফিরে এসেছে। অস্ত্রোপচারের আগে থাকা অন্যান্য সমস্যাও চলে গেছে। তিনি বলেন, অস্ত্রোপচার তাঁকে তাঁর জীবন ফিরিয়ে দিয়েছে।



সর্বশেষ সব খবর

নেহা বোরা

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ৫:২৩ পিএম

প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি বার্তা জানিয়েছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। 


গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে ভিডিও বার্তাটি শেয়ার করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।


ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। আমাদেরকে পথ দেখানোর জন্য ও ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিল, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যেও এক।


তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।


সূত্র: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ফেসবুক পেজ

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ২:৩৭ পিএম

অনুমতি ছাড়া ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভ করার ঘটনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারিক জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মুচলেকার শর্ত ভঙ্গ ও সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেয়াসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মঙ্গলবার (১৩ অক্টোকর) পুলিশের ব্যারিকেড পেরিয়ে যন্তর মন্তরে ঢুকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন তারা। এরপরই তাদেরকে আটক করা হয়। পুলিশের অভিযোগ, তারা আগে দেয়া মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ পদক্ষেপকে ভিন্নমত দমনের চেষ্টা বলে সমালোচনা করেছেন।


সংবাদমাধ্যম বলছে, ককরোচ জনতা পার্টির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারিক জেল হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জামিনের শর্ত ভঙ্গ এবং সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেয়াসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। একই ঘটনায় অজিঙ্কা শিন্দের বিরুদ্ধেও মামলা হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে তিন নেতাকে দিল্লির মন্দির মার্গে একজন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে পাঁচ দিনের বিচারিক জেল হেফাজতে পাঠানো হয়। 


এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এ পদক্ষেপের সমালোচনা করে তিনি সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তোলেন।


দিল্লি পুলিশের সূত্রের দাবি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আবারও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন। পুলিশের দাবি, একই ধরনের অপরাধে পুনরায় জড়িত হওয়ায় তারা আগে যে মুচলেকা দিয়েছিলেন, তার শর্তও ভঙ্গ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের বিচারিক হেফাজতে পাঠিয়েছেন।


এর আগে মঙ্গলবার সকালে পুলিশের ব্যারিকেড পেরিয়ে যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভ দেখানোর পর শিন্দে, দাস ও রাঙ্কাকে আটক করা হয়। এ সময় তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।


এদিকে অজিঙ্কা শিন্দেকে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে বলে এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন সিজেপির আইনি দলের প্রধান রত্না সিং।


এর আগে এক ঘটনায় ৫০ হাজার রুপির মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তারা। সেই সঙ্গে এক বছরের মধ্যে শান্তিশৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনায় জড়াবেন না বলেও অঙ্গীকার করেছিলেন। এবার তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ ও মুচলেকার শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ তাদের পুনরায় অপরাধে জড়িত ব্যক্তি হিসেবে বিবেচনা করছে।


এর আগে এক্সে দেয়া এক পোস্টে সিজেপির আইনি দলের প্রধান রত্না সিং লিখেছিলেন, ‘আজ যন্তর মন্তরের ঘটনায় সংসদ মার্গ থানায় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও অজিঙ্কা শিন্দেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, মুচলেকার শর্ত ভঙ্গ, সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।’


রত্না সিং আরও অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত তিন নেতাকে তাদের আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। রাত ৩টার দিকে একটি ব্যক্তিগত ভ্যানে করে তাদের সংসদ মার্গ থানায় নেয়া হয়।


এর আগে গত শনিবার দিল্লিতে বিক্ষোভের সময় আটক হওয়ার পর রাঙ্কা ও দাস এক বছরের জন্য শান্তিশৃঙ্খলা বজায় রাখার মুচলেকায় সই করেছিলেন বলে দাবি করা হচ্ছে।


সংবাদমাধ্যম বলছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সিজেপিসহ বিভিন্ন সংগঠনের চলমান বিক্ষোভের মধ্যে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।


গত ১১ অক্টোবর দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার এক আদেশে রামলীলা ময়দান, বুরারি মাঠ ও সিবিডি মাঠকে বিক্ষোভ ও সমাবেশের নির্ধারিত স্থান হিসেবে ঘোষণা করেন। একই আদেশে অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে যন্তর মন্তরের নাম বাদ দেয়া হয়।


সিজেপি এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। দলটির বক্তব্য, রাজধানীর কেন্দ্রস্থল থেকে বিক্ষোভ সরিয়ে নিলে জনসমাবেশের দৃশ্যমানতা ও প্রভাব কমে যাবে।

সর্বশেষ সব খবর

পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ১:০০ পিএম

সৌদি আরবের ওপর পরিচালিত যেকোনো আক্রমণকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ। মঙ্গলবার (১৩ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পর আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ জানান, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তাকে নিজেদের নিরাপত্তার অংশ মনে করে। 


রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মালিশিয়ার সাম্প্রতিক হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং আরো ১১ জন আহত হওয়ার পটভূমিতে তিনি এই বক্তব্য দেন।


মন্ত্রী ইউসুফ বলেন, পবিত্র হারামাইন শরিফাইন ও হিজাজ-ই-মুকাদ্দাসের নিরাপত্তা ক্ষুণ্ন করার চক্রান্ত কোনো মুসলিম সহ্য করবে না। তিনি উল্লেখ করেন, উমরাহ যাত্রীদের লক্ষ্য করে হামলা চালানো একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কারণ ধর্মপ্রাণ মানুষ সেখানে কেবল পাপমোচনের উদ্দেশ্যে যান, কারো সঙ্গে লড়াই করতে নয়।


সৌদি আরবকে কার্যকর সুরক্ষা দিতে ইতোমধ্যে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং গত আগস্টে তুরস্কসহ ত্রিদেশীয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলোর শর্ত অনুযায়ী মিত্র যেকোনো একটি দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর যৌথ হামলা হিসেবে গণ্য করা হবে।


সংবাদ সম্মেলনে পাকিস্তানের অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরাও অংশ নেন। জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মহাসচিব মাওলানা আবদুল গফুর হায়দারী, পাক-সৌদি সংহতি পরিষদের পৃষ্ঠপোষক সিনেটর ড. হাফিজ আবদুল করিম এবং জমিয়তে উলামায়ে পাকিস্তানের প্রধান শাহ ওয়াইস নূরানী যৌথভাবে সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং উমরাহ যাত্রীদের নিরাপত্তার ওপর আঘাতকে চরম সীমালঙ্ঘন বলে আখ্যা দেন।


সূত্র: আরব নিউজ

সর্বশেষ সব খবর

সৌদি আরামকোর সদর দপ্তরে তেলের ট্যাংক

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০২ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। তবে আগুনের ব্যাপ্তি সীমিত ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত তীব্র হয়ে ওঠার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।


এর আগে আরামকোর একটি সূত্র রয়টার্সকে জানায়, মঙ্গলবার রাতে দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারের ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়। ওই সূত্র এবং এ বিষয়ে অবগত আরও দুজন রয়টার্সকে জানান, ভবনটিতে আগুন জ্বলছিল।


সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।


আরামকোর দাহরান কমপ্লেক্সে কোম্পানিটির একটি বড় পরিচালনকেন্দ্র রয়েছে। এর আগে কমপ্লেক্সটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে রয়টার্সকে জানিয়েছিলেন ছয়টি সূত্র।


এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা দাহরানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জোট।


ইয়েমেনে নতুন করে তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। এর জবাবে গত এক সপ্তাহ ধরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে হুতিরা।


এর মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে। গত শনিবারের হামলায় ১৩ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত এক দশকের মধ্যে সৌদি আরবে এটিকে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। পরবর্তী হামলাগুলোর কারণে দেশটিতে ফ্লাইট চলাচলও বন্ধ হয়ে যায়।


সৌদি সিভিল ডিফেন্স গতকাল বুধবার জানায়, হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। সেগুলোর ধ্বংসাবশেষ রিয়াদে পড়ে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একটি শিশু রয়েছে। ধ্বংসাবশেষের আঘাতে রাজধানীর ১৫টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।


এর আগে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল হুতিরা। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে দাহরানে সৌদি আরামকোর সদর দপ্তর ও রিয়াদের একটি তেল শোধনাগারের নাম উল্লেখ করেছিলেন।

সর্বশেষ সব খবর

পোপ চতুর্দশ লিও

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ১০:২৭ এএম

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের আক্রান্ত অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে। ভ্যাটিকানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি।


মঙ্গলবার রোমের জেমেল্লি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার করা হয়। প্রায় ৯০ মিনিট ধরে চলা এই প্রক্রিয়ায় তার ডান ফুসফুসের 'লোয়ার লোব' বা নিচের অংশটি পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়।


পরে ভ্যাটিকানের এক মেডিকেল বুলেটিনে বলা হয়, "জ্ঞান ফেরার পর পোপ স্বাভাবিক ছিলেন এবং কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে নিজের কেবিনে স্থানান্তর করা হয়েছে।"


অস্ত্রোপচারের সময় অপসারণ করা ফুসফুসের টিস্যু পরীক্ষায় তার ‘পালমোনারি অ্যাডেনোকারসিনোমা’ শনাক্ত হয়। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের আগে করা পরীক্ষাতেও এই ক্যানসারের সন্দেহ করা হয়েছিল বলে জানিয়েছে ভ্যাটিকান।


পোপের প্রধান সার্জন ডা. স্তেফানো মার্গারিটোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইগি কার্বোনের নেতৃত্বে ‘ভিডিও-অ্যাসিস্টেড’ প্রযুক্তির সাহায্যে তার অস্ত্রোপচার করা হয়।


মূলত ক্যানসার আক্রান্ত সব টিস্যু নির্মূল করার জন্যই ফুসফুসের ওই অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে। ক্যানসারটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।


সিএনএনের খবরে বলা হয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক গুটি ধরা পড়ে। পরে চিকিৎসকরা সেটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পরামর্শ দেন। তবে তার শরীরে অসুস্থতার কোনো লক্ষণ ছিল না।


২০ অক্টোবর পর্যন্ত সব প্রকাশ্য কর্মসূচি বাতিল


সুস্থ হয়ে উঠতে পোপকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। ভ্যাটিকান জানিয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত পোপের সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।


গত রোববার সেন্ট পিটার্স স্কয়ারে প্রার্থনা শেষে সমবেত মানুষের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পোপ নিজেই ফুসফুসে গুটি শনাক্ত হওয়ার কথা জানান। তিনি বলেছিলেন, এটি প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে এবং নির্দিষ্ট একটি অংশে সীমাবদ্ধ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন।


তবে ক্যানসার শনাক্ত হওয়ার পর রোগটির পর্যায়, এটি লসিকাগ্রন্থিসহ শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কি না এবং পরবর্তী চিকিৎসা কী হবে—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।


রয়টার্সকে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ স্টিফেন লিউ বলেন, রোগের পূর্বাভাস বুঝতে টিউমারের আকার এবং লসিকাগ্রন্থিতে ক্যানসার ছড়িয়েছে কি না, তা জানা জরুরি।


“ক্যানসার ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে না ছড়ালে অস্ত্রোপচারেই রোগ নিরাময় হতে পারে। তবে চূড়ান্ত পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে পরিস্থিতি কম আশাব্যঞ্জক হতে পারে।”


পোপের সুস্থতা কামনায় ভক্তরা


পোপের অস্ত্রোপচারের খবর বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, পোপের অস্ত্রোপচারের খবর তাকে উদ্বিগ্ন করেছে।


তবে অসুস্থতার বিষয়টি দ্রুত শনাক্ত হওয়ায় এবং পোপ শান্ত থাকার কারণে তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে তারা আশাবাদী। পোপের সুস্থতা কামনায় মঙ্গলবার রোমের জেমেল্লি হাসপাতালের বাইরে জড়ো হন অনেক মানুষ। তাদের কেউ কেউ তাকে শুভকামনা জানাতে এবং প্রার্থনা করতে সেখানে অপেক্ষা করেন।


হাসপাতালে যাওয়ার সময় গাড়ির পেছনের জানালা দিয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন পোপ। হাসপাতালে পৌঁছে কর্মকর্তাদের সঙ্গে হাত মেলানোর পর তিনি ভেতরে প্রবেশ করেন।


দক্ষিণ আমেরিকা সফর নিয়ে অনিশ্চয়তা


রয়টার্স লিখেছে, আগামী ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের কথা রয়েছে পোপের। ১১ দিনের এই সফরের মধ্যে পেরুর অংশটি গুরুত্বপূর্ণ, কারণ সেখানে তিনি বহু বছর বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এখন নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সফরে বের হতে পারবেন কি না, তা নির্ভর করবে তার সুস্থ হতে কতটা সময় লাগবে, তার ওপর।


যুক্তরাষ্ট্রের শিকাগোতে ১৯৫৫ সালে রবার্ট প্রেভোস্ট নামে জন্ম নেওয়া পোপ চতুর্দশ লিও ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। তিনি পোপ ফ্রান্সিসের উত্তরসূরি।


টেনিস খেলা ও সাঁতার কাটার মত শারীরিক কর্মকাণ্ডে অভ্যস্ত পোপ লিওর গুরুতর কোনো স্বাস্থ্যসমস্যার কথা আগে জানা যায়নি। তবে ১৯৮৫ সালে পেরুতে থাকার সময় টাইফয়েডে আক্রান্ত হয়ে তাকে একবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।


ভ্যাটিকার বলেছে, পোপ হাসপাতালে থাকলেও তাদের দৈনন্দিন কার্যক্রম চলবে। তবে যেসব সিদ্ধান্তে পোপের স্বাক্ষর বা অনুমোদন প্রয়োজন, সেগুলো তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৪ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩০ এএম

ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১৪ অক্টোবর) সকালে আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে অবস্থানরত কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দেয় হুতিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে।


হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারির ওই সতর্কবার্তার কয়েক ঘণ্টা আগে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।


জোটের নির্দেশের জবাবে সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার প্রতিক্রিয়ায় সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ প্রতিশোধ নেওয়া হবে। এর পরপরই সৌদি আরামকোর প্রশাসনিক ভবনে হামলার ঘটনা ঘটে।


এদিকে, রিয়াদের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন। এ ছাড়া ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে হামলা, ইয়েমেনে তেল স্থাপনা ঘিরে পাল্টাপাল্টি হুঁশিয়ারি এবং রিয়াদমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক তেল সরবরাহ এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


সূত্র: আল জাজিরা

সর্বশেষ সব খবর