বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর এবার ‘ভাঙন’ দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে দেড় দশখ ধরে ক্ষমতায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেসে। বিধানসভায় বিরোধীদলীয় নেতা নির্বাচনসহ নানা দ্বন্দ্বে জেরবার দলটি থেকে নির্বাচিত বেশ কিছু বিধায়ক এবার দল থেকে বেরিয়ে ‘নতুন তৃণমূল’ গঠনের ডাক দিয়েছেন।
সোমবার জি নিউজের এক খবরে বলা হয়, বিধানসভা নির্বাচনে দল থেকে নির্বাচিত ৮০ বিধায়ককে কলকাতায় নিজের কালীঘাটের বাসায় ডেকেছিলেন মমতা। কিন্তু বৈঠকে হাজির ছিলেন না ৬১ জন। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কেন এই গরহাজিরা। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের রাজনীতিতে বড় খবর হল, ‘ভাঙছে তৃণমৃল কংগ্রেস’।
দল থেকে সোমবার দুপুরে বহিষ্কার হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হচ্ছে ‘নয়া তৃণমূল কংগ্রেস’। নেতাদের বরাতে সংবাদমাধ্যমে এসেছে, এই নয়া তৃণমূল শিবিরে রয়েছেন কমপক্ষে ৫০ জন তৃণমূল বিধায়ক।
রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর বলছে, বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় হারের পর তৃণমূলের ভেতর নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ছিল। তবে সাম্প্রতিক দ্বন্দ্বের শুরু বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে।
তৃণমূলের পক্ষ থেকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকারের কাছে একটি চিঠি জমা পড়েছিল। ওই চিঠিতে উলুবেড়িয়া পূর্ব আসনের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালি আসনের বিধায়ক সন্দীপন সাহার নাম, সই ও হাতের লেখা জাল করে সমর্থন দেখানো হয়েছিল বলে তারা অভিযোগ করেন। তাদের এ অভিযোগের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।
‘সংবাদ প্রতিদিনের’ খবরে বলা হয়, এ নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ঋতব্রত ও সন্দীপন সাহা স্পিকারকে সই জাল করে ভুয়া চিঠি জমার বিষয়ে অভিযোগ করেছিলেন। তার ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার সচিবালয় অভিযোগ জানায়। এরইমধ্যে এ ঘটনার তদন্তে সিআইডিকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ঋতব্রত ও সন্দীপনের এ অভিযোগের পরপরই তাদের দল থেকে বহিষ্কার করে বিবৃতি দেয় তৃণমূল। এ ঘটনায় ঋতব্রতও কড়া প্রতিক্রিয়া দেখান। সাংবাদিকদের তিনি বলেন, “তৃণমূল সরকারে থাকাকালীন অনেক দুর্নীতি হয়েছে। তার কাছে অনেক তথ্য আছে।”
দুর্নীতির বিষয় নিয়ে রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে তদন্তের দাবি তোলেন তিনি। তবে বিধায়ক পদ তিনি ছাড়বেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে ‘এই সময়কে’ দেওয়া এক বক্তব্যে সন্দীপন সাহা বলেন, “নৈতিকতার জন্য আমায় বহিষ্কার করা হলে আমি খুশি। অনৈতিক কাজ হয়েছিল বলেই অভিযোগ দায়ের করেছিলাম। মানুষ কিছুদিন পরেই তৃণমূল দলটা তুলে দেবে।”
এ প্রতিবেদনে বলা হয়, রোববার চন্দননগর পৌরসভার ৩০ জন তৃণমূল কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। আগেই ওই পৌরসভার ভাইস চেয়ারম্যান মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। ফলে একসঙ্গে এত কাউন্সিলর পদত্যাগ করায় চন্দননগর পৌরসভার বোর্ড ভেঙে দিতে বাধ্য হয়েছে প্রশাসন।
এছাড়া আগের সপ্তাহে বুধবার কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের অরূপ চক্রবর্তী পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। দলের সঙ্গে দূরত্ব থেকে তৃণমূলের মুখপাত্রের পদ থেকেও ইস্তফা দেন। সঙ্গী হিসেবে তিনি পেয়েছেন রাজ্যসভার প্রাক্তন বিধায়ক শান্তনু সেনকেও। তিনিও ওই দিন তৃণমূলের মুখপাত্র পদ ছাড়েন।
নিজ দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস ও দলের মুখপাত্র বিশ্বজিৎ দেবও। তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য তারা সরাসরি দায়ি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছেন বারাসতের বিধায়ক কাকলি ঘোষ দস্তিদার। গত সপ্তাহের বুধবার তিনি তৃণমূলের আরেক বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত