ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলায় বিয়ের আসরে বরকে দেখার পর বিয়েতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। কনের দাবি, আগে তাকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, আসরে আসা ব্যক্তি তিনি নন। এ ঘটনায় বরযাত্রী ফিরে গেলেও শেষ পর্যন্ত বিয়ে আর হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের বুধবারের (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজস্থানের ছাতারগড় থেকে বরযাত্রী ফিরোজপুরে এসেছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা ও সাতফেরা শুরুর আগেই কনে আপত্তি জানান।
কনে পরিবারের সদস্যদের জানান, বিয়ের আগে তাকে যে ছেলের ছবি দেখানো হয়েছিল, সেই ব্যক্তি নয়, অন্য একজনকে বর হিসেবে আনা হয়েছে। তার এ অভিযোগের পর দুই পরিবারের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয় এবং বিয়ে স্থগিত হয়ে যায়। তবে কনের অভিযোগ অস্বীকার করেছে বরের পরিবার।
তাদের দাবি, দুই পরিবারের সম্মতিতেই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের প্রস্তুতির সময় দুই পরিবারের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ ছিল এবং কনের পরিবারের কাছে বরের ছবি পাঠানো হয়েছিল।
বরের নানা মহেন্দ্র সিং জানান, বিয়ের মধ্যস্থতাকারী এবং কনের মায়ের কাছেও বরের ছবি পাঠানো হয়েছিল। ঘটনাটি পরে পুলিশের কাছেও গড়ায়। বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
ফিরোজপুরের গুরু হরসাহাইয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। তদন্তের সময় বর ও কনে উভয় পক্ষের পরিবারের বক্তব্য নেওয়া হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, পরে দুই পরিবার নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে নেয়। তবে বিরোধ মিটলেও শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান আর সম্পন্ন হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
প্রতীকী ছবি
বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০৩৫ সালের মধ্যে খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। তখন অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। তবে ইসলাম ও খ্রিষ্টান—দুই ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। ২০২০ থেকে ২০৭০ সাল—এ ৫০ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময়ে ২০২ কোটি থেকে বেড়ে তাঁদের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬৪ কোটিতে।
অন্যদিকে, একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। তাঁদের সংখ্যাগত এ বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
কোন ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে
বিশ্বের প্রধান ধর্মগুলোর অনুসারীদের মধ্যে মুসলিমদের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়বে বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে। অন্যদিকে, বৌদ্ধধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে। গবেষকেরা বলছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার বদলের পেছনে সবচেয়ে বড় ভূমিকা জনসংখ্যাতাত্ত্বিক কারণের। অনেকে মনে করেন, ধর্ম বদলই এর মূল কারণ। বাস্তবে ধর্ম বদলেরও প্রভাব আছে, তবে বেশির ভাগ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে।
পিউ রিসার্চের এ গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে—জনগোষ্ঠীর বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন।
গবেষণা বলছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের এ হার ২ দশমিক ৫। অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে সেই জনগোষ্ঠীর নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন।
জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।
কোন কোন দেশে সবচেয়ে বেশি মুসলিম থাকবেন
মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি বাড়বে সেসব দেশে, যেখানে মুসলিমরাই বর্তমানে সংখ্যাগরিষ্ঠ। ২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ৭৪ শতাংশই হবে এসব দেশে।
২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ছিল ইন্দোনেশিয়ায়। দেশটিতে তাঁদের সংখ্যা ছিল ২৩ কোটি ৯০ লাখ। তবে অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তান শীর্ষস্থানটি দখল করতে পারে।
পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ২০২০ ও ২০৭০ সালের চিত্র তুলনা করা হয়েছে। তাই ঠিক কোন বছর পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে, তা বলা হয়নি। তবে পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখ হতে পারে। অন্যদিকে, ইন্দোনেশিয়ায় এ সংখ্যা বাড়বে ১৫ শতাংশ। ফলে ২০৭০ সালের অনেক আগেই দুই দেশের অবস্থান বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০৭০ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাসের তালিকায় ভারতের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। দেশটিতে মুসলিমদের সংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে উঠে আসবে তৃতীয় স্থানে। দেশটিতে মুসলিমদের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ২৮ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। এতে ইন্দোনেশিয়া নেমে যাবে চতুর্থ স্থানে।
২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় ইথিওপিয়া ও আফগানিস্তান জায়গা করে নেবে। বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। এ সময় সুদানে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। এতে দেশটি মুসলিমদের সংখ্যার দিক থেকে তুরস্ককেও ছাড়িয়ে যাবে।
পিউ রিসার্চ সেন্টারের এ পূর্বাভাসে বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশ ও অঞ্চলে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের বসবাস।
পূর্বাভাস তৈরির ক্ষেত্রে জন্মহার, মৃত্যুহার ও ধর্ম পরিবর্তনের প্রবণতা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হলেও যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনে এ চিত্র বদলে যেতে পারে।
ছবি : সংগৃহীত
বাহরাইনের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, অভিযানে ওই দুই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা ধ্বংস হয়েছে।
তবে বাহরাইন ভিন্ন কথা বলেছে। দেশটি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেও বলেছে, বেসামরিক শিল্প স্থাপনায় হামলা হয়েছে। হামলায় ওই স্থাপনায় আগুন ধরে গেছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের কয়েকটি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা ছিল ‘ইরানের আগ্রাসনের’ অংশ। এতে আগুন লেগে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলার শিকার স্থাপনাটির নাম বা অবস্থান জানায়নি।
এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত (এয়ার রেইড সাইরেন) বেজে ওঠে। তখন মন্ত্রণালয় বাসিন্দাদের কাছের নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায়। তবে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি।
অন্যদিকে এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলোয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে অভিযান চালানো হয়েছে।
অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত আগ্রাসন এবং ইরানের আকাশসীমা লঙ্ঘনের জবাব এ অভিযান। মূলত দুটি মার্কিন এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পরই এ অভিযান চালানো হয়েছে।
এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, আইআরজিসি বাহরাইনের শেখ ইসা আর জুফাইরে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে অভিযান চালিয়েছে।
আইআরজিসি আরও জানায়, ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন করার জবাব দেওয়ার পাশাপাশি হেঙ্গাম দ্বীপের রাডার স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে।
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বারবার আক্রমণের শিকার হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সম্প্রতি এ নৌবহরে তিনটি ড্রোন হামলা হয়েছে।
যুদ্ধের শুরু থেকেই ইরানও প্রতিবেশী দেশগুলোয় একের পর এক হামলা চালিয়ে আসছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে সেসব দেশে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা।
দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকলের তথ্য দিলে সর্বোচ্চ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯৩ লাখ ১৩ হাজার ৮০ টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। চলতি সপ্তাহে অনুষ্ঠিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টে (সিএসএটি) নকলের প্রমাণ দিতে পারলে এ পুরস্কার পাওয়া যাবে।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি জানান, প্রতি ঘটনায় পুরস্কারের পরিমাণ সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। কোনো ব্যক্তি একাধিক নকলের ঘটনা প্রকাশ করতে পারলে প্রতিটি অতিরিক্ত ঘটনায় আরও ১০ কোটি ওন করে পুরস্কার বাড়তে পারে।
তিনি আরও জানান, যারা নিজেরা পরীক্ষায় নকল করার কথা স্বীকার করে সংশ্লিষ্ট অন্যদের তথ্য দেবেন, তাদের নিজেদের অপরাধের জন্য শাস্তি কমানো হবে। তবে তারা পূর্ণ পুরস্কার পাওয়ার যোগ্য থাকবেন।
লি জে মিয়ং বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নকল করা সরকারি কর্মকর্তাদের দুর্নীতির মতোই গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রেসিডেন্টের ভাষায়, পরীক্ষায় নকলের মাধ্যমে কয়েক লাখ পরীক্ষার্থীর সারা জীবনের পরিশ্রম ও প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করা হয়।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট দেশটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় পরীক্ষা। এ পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ অনেকাংশে নির্ভর করে।
সূত্র: আনাদোলু এজেন্সি
১৯৭৭ সালে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ধর্ষণের বিরুদ্ধে নারীদের প্রতিবাদ। ছবি: দ্য গার্ডিয়ান
‘নারীরা যা-ই পরুন, যেখানেই যান বা যা-ই পান করুন, তাদের ‘না’ বলার অধিকার রয়েছে।’ সম্প্রতি ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ডকে ধর্ষণের মামলায় ১০ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়ার সময় এ মন্তব্য করেন বিচারক। পাঁচ দশক আগে যুক্তরাজ্যে ধর্ষণের বিচার ও ভুক্তভোগীদের প্রতি আচরণ ছিল একেবারেই ভিন্ন। নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দ কখনোই যৌন সহিংসতার অজুহাত হতে পারে না- দীর্ঘ ৫০ বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছে নারী অধিকার সংগঠন ‘উইমেন অ্যাগেইনস্ট রেপ’ (ডব্লিউএআর)।
১৯৭৭ সালে যুক্তরাজ্যে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। তখন ধর্ষণের শিকার নারীদের অভিযোগকে প্রায়ই গুরুত্ব দেওয়া হতো না। এমনকি অভিযুক্তদের পেশাগত ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে শাস্তি কমানোর ঘটনাও ঘটেছে। ওই বছর ধর্ষণের দায়ে দণ্ডিত সেনাসদস্য টম হোল্ডসওয়ার্থকে তার সম্ভাবনাময় সামরিক ক্যারিয়ারের কথা বিবেচনা করে আপিলে মুক্তি দেওয়া হয়। একই বছর তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা রুথ হল জানান, সাধারণ নারীদের একটি ছোট দল মিলে এই আন্দোলন শুরু করেন। তাদের দাবির মধ্যে ছিল বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া, ধর্ষণ মামলায় নারীর অতীত যৌনজীবনকে অপ্রাসঙ্গিকভাবে তুলে না আনা এবং রাতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
১৯৭৭ সালের ১৬ জুলাই লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতীকী বিচারের আয়োজন করেন আন্দোলনকারীরা। দীর্ঘ প্রচেষ্টার পর ১৯৯১ সালে যুক্তরাজ্যে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৫ সালে সংগঠনটি ধর্ষণের ঘটনায় ইংল্যান্ড ও ওয়েলসে প্রথম বেসরকারি মামলা পরিচালনা করে। ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হন।
তবে পরিস্থিতি পুরোপুরি বদলায়নি। রেপ ক্রাইসিস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৬ বছরের বেশি বয়সী প্রতি চারজন নারীর একজন ধর্ষণের শিকার হয়েছেন। ২০২৪ সালে পুলিশের নথিতে ৭১ হাজার ২২৭টি ধর্ষণের ঘটনা উঠলেও মাত্র ২ দশমিক ৭ শতাংশ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সংগঠনটির কর্মীদের মতে, প্রাতিষ্ঠানিক নারীবিদ্বেষ এখনো বড় বাধা। তবে ক্ষমতাবান ব্যক্তি কিংবা তারকা—কেউই আইনের ঊর্ধ্বে নন, এই ধারণা প্রতিষ্ঠায় পাঁচ দশকের আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত পাঁচ দশকে ধর্ষণবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান বার্তা ‘না মানে না’। এর মানে হচ্ছে, নারীর পোশাক, চলাফেরা কিংবা ব্যক্তিগত পছন্দ কখনোই যৌন সহিংসতার অজুহাত হতে পারে না। সম্মতি ছাড়া কোনো যৌন আচরণই গ্রহণযোগ্য নয়।
সূত্র: দ্য গার্ডিয়ান
ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ)।
আইএনএ জানায়, হারথা বিদ্যুৎকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ে। দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।অগ্নিকাণ্ডের পর ৮০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের ধোঁয়ার কুণ্ডলী, পুড়ে যাওয়া গাড়ি এবং উদ্ধার তৎপরতা দেখতে মানুষের ভিড় দেখা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণের অভাবের পাশাপাশি চাহিদার সর্বোচ্চ সময়ে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেয়। বিশেষ করে গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের সময় এ সংকট প্রকট হয়।
এর আগেও দেশটির বিভিন্ন সাবস্টেশন ও বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে।