নিজেদের ঠিক করা শর্ত পূরণ হলেই ‘যুদ্ধের ইতি’ টানবে ইরান
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান বলেছে, নিজেদের ঠিক করা শর্ত পূরণ হলেই ‘যুদ্ধের ইতি’ টানবে।
মার্কিন প্রস্তাব সম্বন্ধে অবগত এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির রাষ্ট্র-মালিকানাধীন প্রেস টিভির সঙ্গে কথোপকথনে এ কথা বলেছেন।
তিনি ওয়াশিংটনের প্রস্তাবকে ‘মাত্রাতিরিক্ত’ আখ্যা দিয়েছেন।
“ইরান তখনই যুদ্ধের ইতি টানবে যখন তারা চাইবে এবং যখন তাদের শর্তগুলো পূরণ হবে,” ওই ইরানি কর্মকর্তা এমনটাই বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা, এনডিটিভি।
যুক্তরাষ্ট্রের হামলা মোকাবেলা এবং তেহরানের নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত মার্কিনিদের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ অব্যাহত রাখতে চায় ইরান, ভাষ্য ঊর্ধ্বতন ওই কর্মকর্তার।
গত এক বছরে দুইবার যুক্তরাষ্ট্র আলোচনার নামে ইরানের সঙ্গে প্রতারণা করেছে জানিয়ে তিনি বলেন, উভয় ক্ষেত্রেই অর্থপূর্ণ কোনো সংলাপে জড়ানোর কোনো ধরনের আগ্রহ ওয়াশিংটনের ছিল না। দুইবারই আলোচনা চলাকালে ইরানের ওপর হামলা হয়; সেসব উদাহরণ টেনে সাম্প্রতিক প্রস্তাবের ব্যাপারে তেহরান নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে।
এদিকে বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তারা উপসাগরে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি প্রস্তাব খতিয়ে দেখছে, তবে মধ্যপ্রাচ্যজুড়ে এরই মধ্যে ছড়িয়ে পড়া সংঘাতটি বন্ধে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছা তাদের নেই।
তার এ মন্তব্যে মনে হচ্ছে, ইরানের দেওয়া শর্ত মেনে নিলে আলোচনার টেবিলে বসতে তেহরানের দিক থেকে খানিকটা আগ্রহ এখনও অবশিষ্ট আছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরান মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এ খবর চাউর হওয়ার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, তারা যদি ‘পরাজয়’ না মেনে নেয় তাহলে ‘আরও কঠোর’ হামলা হবে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পাশাপাশি ইরান যুদ্ধ বন্ধে তাদের পাল্টা ৫ শর্তও হাজির করেছে।
এগুলো হল- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন ও হত্যাযজ্ঞ’ পুরোপুরি বন্ধ হওয়া, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেন কোনো সামরিক পদক্ষেপ না হয়, তা নিশ্চিতে সুনির্দিষ্ট নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা, যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির সুস্পষ্ট ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া, অঞ্চলজুড়ে সব ফ্রন্ট ও সব প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা।
যুদ্ধ বন্ধ চাইলে এগুলোর পাশাপাশি জেনিভা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় তেহরান যেসব শর্ত দিয়েছে সেগুলোও মানতে হবে, বলেছে ইরান।
ওই আলোচনার কয়েকদিনের মাথায়, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায় এবং তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের হত্যা করে বসে।
ইরানের প্রতিক্রিয়ার আগে পাকিস্তানের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার প্রস্তাবে থাকা বিভিন্ন শর্ত, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিলুপ্তি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার বিনিময়ে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা আছে বলে জানান।
ইরান সংলগ্ন এই হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়।
মধ্যস্থতার কাজে নিয়োজিত মিশরের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রভিত্তিক এক বার্তা সংস্থাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে অঞ্চলজুড়ে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের সহায়তা দেওয়ার ওপর নিষেধাজ্ঞার কথাও বলা আছে।
যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা জ্বালানি স্থাপনায় ইরানের হামলা এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে তেহরানের দেওয়া বিধিনিষেধ বিশ্বজুড়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং শিগগিরই এই অবস্থার পরিবর্তন না ঘটলে বিশ্বজুড়ে ভয়াবহ জ্বালানি সঙ্কট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।
ইরানের এমন কৌশলগত পদক্ষেপে যুক্তরাষ্ট্র ব্যাপক চাপে পড়েছে বলেই মনে হচ্ছে। পরিস্থিতি সামলাতে তারা এখন হরমুজ প্রণালি সংশ্লিষ্ট ইরানি উপকূল এবং ইরানের রপ্তানি হাব খার্ক দখলে স্থল সেনা পাঠানোর কথা ভাবছে বলে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
চার সপ্তাহ ধরে চলা এ যুদ্ধ এরই মধ্যে ইরানে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল এখন পর্যন্ত লেবাননে দুই সেনাসহ তাদের ২০ নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এর বাইরে ১৩ মার্কিন সেনা এবং ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ও উপসাগরীয় আরব দেশগুলোতে আরও কয়েক ডজন সামরিক-বেসামরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত