ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের কারণে ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে ইয়েমেনের হুতিরাও যুদ্ধে জড়িয়ে পড়েছে।
যুদ্ধের প্রায় এক মাসের মাথায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতিরা; ইরান যুদ্ধে তাদের সম্পৃক্ততা বৈশ্বিক বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথকে হুমকির মুখে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি।
আল জাজিরাকে তিনি বলেন, “গত আড়াই বছরে আমরা দেখেছি, হুতিদের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। তারা যদি বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, যার ফলে লোহিত সাগর এবং শেষ পর্যন্ত সুয়েজ খালে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তাহলে বর্তমানে হরমুজ প্রণালি ও সুয়েজ খাল- এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথই বাধাগ্রস্ত হবে।”
তিনি বলেন, “এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ। ফলে এ ধরনের পরিস্থিতির প্রভাব হবে খুবই তাৎপর্যপূর্ণ।”
গাজায় ইসরায়েলের আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে বছর দুয়েক আগে হুতিরা লোহিত সাগরে পশ্চিমা দেশের জাহাজে হামলা চালায়, সেখানে চারটি জাহাজ ডুবেছে।
শতকোটি ডলারের বেশি অস্ত্রশস্ত্র খরচ হয়েছে লোহিত সাগরকে নিরাপদ করতে, তারপরও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ওই জলপথ এড়িয়ে চলে।
আল জাজিরা লিখেছে, ইসরায়েলে হুতিদের হামলাকে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরান একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে দেখতে পারে।
কয়েক সপ্তাহ আগে আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ বন্ধ করার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন দেশটির এক কর্মকর্তা। যদিও নির্দিষ্ট করে কোনো পথের কথা বলা হয়নি।
ইতোমধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর পর এখন দৃষ্টি যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথের দিকে- সম্ভবত বাব আল-মানদেব প্রণালি, যা লোহিত সাগরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌপথ।
এই নৌপথে বিঘ্ন ঘটলে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্যে ইরান ও তার মিত্রদের জন্য অতিরিক্ত কৌশলগত সুবিধা তৈরি হতে পারে। চলমান যুদ্ধে হরমুজ প্রণালিকে ভূ-রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।
বর্তমানে এই সরু জলপথের আশেপাশে প্রায় ২,০০০ জাহাজ আটকা পড়ে আছে, যা ইরানের উত্তর পাশে এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ পাশের মাঝে অবস্থিত।
হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, এর ফলে বিশ্ব অর্থনীতি এক আসন্ন মন্দার দিকে ধাবিত হচ্ছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ যে সমুদ্রপথ দিয়ে পার হয়, সেই পথটি যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তখন সুয়েজ খাল নিয়ে সতর্কতা এল কাতারের ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক এলমাসরির তরফে।
তিনি বলেছেন, হুতিদের ধারাবাহিক হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, যা শক্তিশালী হলেও ‘অভেদ্য নয়’।
এলমাসরি বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র, রকেট এবং ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। এখন যদি ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেও ইসরায়েলকে প্রতিরক্ষা গড়তে হয়, তাহলে পরিস্থিতি তাদের জন্য আরও জটিল হয়ে উঠবে।”
তবে রাজনৈতিক দিক থেকে ইসরায়েল এ পরিস্থিতিকে স্বাগত জানাতে পারে বলেও মনে করেন তিনি।
“তারা যুদ্ধের পরিধি বাড়াতে চায়, যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় এবং ডনাল্ড ট্রাম্প যেন অদূর ভবিষ্যতে কোনো সমঝোতার পথ না নেন, সেটিও তারা নিশ্চিত করতে চায়। ইসরায়েলের লক্ষ্য এখনো পূরণ হয়নি,” বলেন তিনি।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত