মহসেন রেজায়ি
ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির উপদেষ্টা মহসেন রেজায়ি বলেছেন, আলোচনায় অচলাবস্থা চলছে। এ অচলাবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকেই ভাঙতে হবে।
২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে শান্তিচুক্তি নয়: যুক্তরাষ্ট্রকে ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি এখন ২,৪০০ কোটি ডলারের অবরুদ্ধ ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার ওপর ঝুলে রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা আলি খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন।
একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করলে তারা ‘অন্ধকার গলিতে প্রবেশ করবে’।
তিনি বলেন, “আলোচনায় অচলাবস্থা চলছে। এ অচলাবস্থা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেই ভাঙতে হবে। বল এখন ট্রাম্পের কোর্টে।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গেই ইরান তাদের অবরুদ্ধ তহবিলের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড়ের দাবি জানায় বলে খবর পাওয়া গেছে। পরের ধাপে ইরান অবশিষ্ট জব্দ অর্থ ছাড়ের কথা বলেছে। তবে মার্কিন কর্মকর্তারা সম্পদ ছাড়ের বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের আশঙ্কা, এই সময়ে অবরুদ্ধ অর্থ ছাড় দিলে ইরানের ওপর চাপ ধরে রাখার গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হারিয়ে যাবে।
অন্যদিকে ট্রাম্প বলে আসছেন, যে কোনো নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির চেয়ে অনেক বেশি জোরাল হতে হবে। একইসঙ্গে তিনি ইরানের কাছে বিপুল অর্থ হস্তান্তরের মতো পদক্ষেপ এড়াতে চান।
সিএনএন-কে দেওয়া বিরল সাক্ষাৎকারে রেজায়ি যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ও নতুন করে হামলা হলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন। তার বক্তব্য তাৎপর্যপূর্ণ। কারণ, তিনি ইরানের নিরাপত্তাব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বর্তমান সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠজন হিসেবেও তাকে দেখা হয়।
রেজায়ি বলেন, জব্দ অর্থ মুক্ত করা হলে তা দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে ভূমিকা রাখবে। ট্রাম্প প্রশাসন এ অর্থ মুক্ত করলে তা ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে ‘এক নতুন দিগন্ত’ খুলে দিতে পারে।
“ট্রাম্প ইরানের সঙ্গে কোনও চুক্তিতে পৌঁছতে চাইলে তার প্রতি ইরানের আস্থা রাখার পরীক্ষা হল, এই ২ ,৪০০ কোটি ডলার। এটি এমন এক পরীক্ষা, যা যুক্তরাষ্ট্রকে পাস করতে হবে। তবেই পথ খুলবে,” বলেন তিনি।
রেজায়ি আরও বলেন, “এটি আমাদের নিজেদের অর্থ, যুক্তরাষ্ট্রের নয়।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে ইরান যুদ্ধ পারস্য উপসাগরের বাইরেও ছড়িয়ে দিতে পারে। সে ক্ষেত্রে হরমুজ প্রণালি থেকে শুরু করে ভারত মহাসাগর, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও ভূমধ্যসাগর পর্যন্ত সামরিক অভিযান ছড়িয়ে পড়তে পারে।
এর আগে যেসব মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, সেগুলোর বাইরে আরও বিভিন্ন ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তবে রেজায়ির মতে, নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা আপাতত কম।
হরমুজ প্রণালির ওপর সার্বভৌমত্ব কেবল ইরান ও ওমানের বলে দাবি করেন রেজায়ি। তিনি বলেন, যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এপথ দিয়ে পরিবহন হত। জাহাজ চলাচলের জন্য ফি আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনও টোল নয়, বরং হরমুজ প্রণালি রক্ষণাবেক্ষণ ব্যয়ের অংশ হিসাবেই নেবে ইরান।
মুজতাবা খামেনির স্বাস্থ্য ও ইরানের নীতি-নির্ধারণে তার বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রেজায়ি কোনও মন্তব্য করেননি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুজতাবা খামেনির সম্ভাব্য বৈঠকের বিষয়টিও তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।
রেজায়ি বলেন, “এমন কিছু ঘটবে না। আমরা এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে আছি। ট্রাম্পই আলোচনাকে অচলাবস্থার মধ্যে নিয়ে গেছেন।”
ওদিকে, ট্রাম্প চলতি সপ্তাহে বলেছিলেন, মুজতাবা খামেনির সঙ্গে তার ‘সম্পর্ক বেশ ভালো যাচ্ছে বলে মনে হচ্ছে’ এবং তার সঙ্গে বৈঠকে করতে পারলে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন।
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত