জোহরান মামদানি

  • প্রকাশ : রবিবার ১৯ জুলাই, ২০২৬, সময় : ৪:২২ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করেন, তাহলে তাকে গ্রেপ্তার করার মত কোনো আইনি এখতিয়ার নিউ ইয়র্ক নগর প্রশাসনের আছে কি না, তা খতিয়ে দেখার কথা বলেছেন শহরের মেয়র জোহরান মামদানি।


আন্তর্জাতিক অপরাধ আদালতের আদেশের প্রসঙ্গ টেনে তিনি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে (আন্তর্জাতিক অপরাধ আদালত) হওয়া উচিত।”


মেয়র বলেন, “তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে।


“আর আপনি দেখবেন, গত কয়েক বছরে তার কর্মকাণ্ড যে পরিণতি ডেকে এনেছে, সে কারণে অনেকেই এমন মত পোষণ করেন।”


মামদানি বলেন, কোনো বিদেশি নেতাকে গ্রেপ্তারে নিউ ইয়র্ক পুলিশকে নির্দেশ দেওয়ার এখতিয়ার তার আছে কি না, তা যাচাই করতে আইন বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে।


নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, “আইন আমাকে যা করার অনুমতি দেয়, আমরা সেটাই করব। তবে সেজন্য আমরা নতুন কোনো আইন তৈরি করব না।”


মামদানি এর আগে তার নির্বাচনি প্রচারের সময় নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, গাজায় আগ্রাসনের জেরে নেতানিয়াহুর ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, নির্বাচিত হলে সে অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ তিনি পুলিশকে দেবেন।


মামদানি এবং জাতিসংঘের একটি কমিশন গাজায় ইসরায়েলের আগ্রাসনকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে আসছেন।


তবে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়টি উড়িয়ে দেন নেতানিয়াহু।


তিনি বলেন, এ নিয়ে তিনি উদ্বিগ্ন নন। বরং তিনি মামদানির বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।


রেডিও হোস্ট সিড রোজেনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমার মনে হয়, তার দেখা উচিত সে কার নিন্দা করছে আর কার প্রশংসা করছে।”


তিনি এও বলেন, “তিনি ইসরায়েলের নিন্দা করছেন, যেটি একমাত্র গণতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকার মূল্যবোধের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এবং সত্যি বলতে আমার মনে হয়, তিনি মনে মনে আমেরিকাকে ঘৃণা করেন।”


জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন মামদানির বিরুদ্ধে নিউ ইয়র্ক সিটিতে বাড়তে থাকা ইহুদি-বিদ্বেষ মোকাবিলায় যথাযথ ভূমিকা না রাখার অভিযোগ এনেছেন।


নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগ অস্বীকার করে মামদানি বলেছেন, তার প্রশাসন ঘৃণা ছড়ানোর অপরাধ দমনে সিটির বিশেষ দপ্তরের বাজেট বা অর্থায়ন বাড়িয়েছে।


মামদানি ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানিয়েছেন, একইসঙ্গে ইসরায়েলের সমালোচনা করাকে তার রাজনৈতিক প্রচারের অন্যতম অংশ করে তুলেছেন।


নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মামদানির ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকে তার প্রজন্মের অন্যতম প্রধান নৈতিক লড়াই হিসেবে দেখেন।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২১ এএম

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।


এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।


এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।


মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।


তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।


ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।


মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’


এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’


সূত্র: আল জাজিরা


শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৩ এএম

ইরানের গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশজুড়ে শত শত বাঁধ এবং পানি স্থানান্তর প্রকল্প নির্মাণ করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন গবেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর যেসব অবস্থান সামনে এসেছে, সেগুলোর সঙ্গে দেশটির বিভিন্ন বাঁধ ও পানি অবকাঠামো প্রকল্পের ভৌগোলিক অবস্থানের উল্লেখযোগ্য মিল খুঁজে পেয়েছেন তারা। এতে প্রশ্ন উঠেছে, পানিসংকট মোকাবিলার নামে নির্মিত এসব প্রকল্পের পেছনে সামরিক উদ্দেশ্যও ছিল কি না।


মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকদের এই ধারণার ভিত্তি মূলত বাঁধ ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার স্থানগুলোর মধ্যকার ভৌগোলিক মিল। তবে ইরানের সামরিক স্থাপনাগুলোর গোপনীয়তার কারণে এসব পানি প্রকল্প বিশেষভাবে ক্ষেপণাস্ত্র ঘাঁটির জন্য নির্মিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। গবেষকেরাও বিষয়টিকে এখনো একটি সম্ভাবনা হিসেবেই দেখছেন।


জার্মানির হামবুর্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পানি নিরাপত্তা গবেষক নিমা শুকরি দীর্ঘদিন ধরে ইরানের বাঁধ নির্মাণ কর্মসূচি নিয়ে কাজ করছেন। তার গবেষক দল দেশটিতে অন্তত ৫৩৩টি বাঁধের সন্ধান পেয়েছে। আঞ্চলিক বিবেচনায় এই সংখ্যা অত্যন্ত বেশি। পরিবেশের ওপর এসব প্রকল্পের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সরকার কেন এত বিপুলসংখ্যক বাঁধ নির্মাণে বিনিয়োগ করছে, তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ছিল তার।


চলতি বসন্তে ইরানের সন্দেহজনক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার একটি মানচিত্র পর্যালোচনা করতে গিয়ে নতুন করে বিষয়টি তার নজরে আসে। মানচিত্রে হামলার লক্ষ্যবস্তুগুলো দেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত একটি বলয়ের মতো দেখা যায়। শুকরির বিস্ময় ছিল, তার দলের তৈরি বাঁধগুলোর অবস্থানসংক্রান্ত মানচিত্রের সঙ্গে এই বিন্যাসের উল্লেখযোগ্য মিল রয়েছে। ফলে ইরানের পানি ব্যবস্থাপনার অসংগতির প্রশ্নটি নতুন মাত্রা পায় যে, এসব অবকাঠামোর পেছনে সামরিক উদ্দেশ্য কাজ করেছে কি না। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে বাঁধের প্রয়োজন কেন?


সামরিক বিশেষজ্ঞদের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় নির্মিত ভূগর্ভস্থ অস্ত্রাগার ও সামরিক স্থাপনা সচল রাখতে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন। এসব স্থাপনার জন্য আলাদা অবকাঠামো তৈরি করা হলে জাতীয় বিদ্যুৎ গ্রিড কিংবা বেসামরিক পানি সরবরাহব্যবস্থার ওপর নির্ভরতা কমে। ফলে দীর্ঘস্থায়ী সংঘাতের সময় বেসামরিক অবকাঠামোতে হামলা হলেও সামরিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে।


ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইরানবিষয়ক বিশেষজ্ঞ ড্যানি সিত্রিনোভিচ নিউইয়র্ক টাইমসকে বলেন, এ ধরনের ব্যবস্থা ইরানের সামরিক স্থাপনাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করতে পারে। বর্তমানে তিনি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে (আইএনএসএস) গবেষণা করছেন। তার মতে, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে বেসামরিক পরিষেবার ওপর পুরোপুরি নির্ভরশীল না রাখার কৌশলগত স্বার্থ তেহরানের রয়েছে। এ কারণে বিকল্প অবকাঠামো, এমনকি বাঁধ ও পানি প্রকল্পেও বিনিয়োগ সামরিক পরিকল্পনার অংশ হয়ে থাকতে পারে।


ইরানের প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ এসব ভূগর্ভস্থ স্থাপনা। বছরের পর বছর ধরে পাহাড়ের গভীরে সুরক্ষিত বিশাল কমপ্লেক্স তৈরি করেছে দেশটি। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণ, উৎক্ষেপণের প্রস্তুতি এবং কোনো কোনো ক্ষেত্রে উৎপাদনের কাজও করা হয়। ইরানি কর্তৃপক্ষ এসব স্থাপনাকে ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী বলে অভিহিত করে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ইরানবিষয়ক সামরিক বিশেষজ্ঞ ফারজিন নাদিমির ধারণা, দেশটিতে এ ধরনের অন্তত ৩০টি স্থাপনা রয়েছে। উত্তর কোরিয়াসহ হাতে গোনা কয়েকটি দেশই তুলনীয় মাত্রার ভূগর্ভস্থ সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছে।


পরিবেশকর্মীদের গ্রেপ্তারের রহস্যেও নতুন প্রশ্ন

বাঁধ ও সামরিক স্থাপনার অবস্থানের সম্ভাব্য মিল নতুন করে আলোচনায় এনেছে ২০১৮ সালে ইরানে পরিবেশকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও। সে সময় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা কয়েক ডজন কর্মীকে আটক করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে ইরানি কর্তৃপক্ষ।


নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা গবেষকদের ধারণা, দুর্গম এলাকায় কাজ করতে গিয়ে পরিবেশকর্মীরা হয়তো অজান্তেই সংবেদনশীল সামরিক স্থাপনার কাছাকাছি চলে গিয়েছিলেন। সে কারণে তাদের কর্মকাণ্ডকে সন্দেহজনক মনে করে থাকতে পারে নিরাপত্তা বাহিনী।


ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা ওই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছিল। আটক ব্যক্তিদের মধ্যে ছিল পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের সদস্যরা। এ সংস্থার কাজের মধ্যে বিপন্ন এশীয় চিতাবাঘের মতো বন্যপ্রাণী পর্যবেক্ষণও ছিল। সংস্থাটির একজন প্রতিষ্ঠাতা কারাগারে মারা যান। অন্যদের কয়েক বছর বন্দি থাকতে হয়। পরে তাদের কেউ কেউ নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ করেন।


ইরানি কর্মকর্তাদের দাবি ছিল, দুর্গম বন্যপ্রাণীর আবাসস্থলে বসানো ক্যামেরাগুলো প্রাণী পর্যবেক্ষণের বদলে গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যবহার করা হচ্ছিল। পাঁচ বছরের বেশি সময় কারাবন্দি থাকা সংস্থাটির সহপ্রতিষ্ঠাতা মোরাদ তাহবাজ জানান, তাকে এমন অস্বাভাবিক অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল যে, তিনি নাকি সামরিক স্থাপনায় নজরদারির জন্য টিকটিকিকে প্রশিক্ষণ দিয়েছেন।


ওয়াশিংটনে নির্বাসিত ইরানি পানি ও পরিবেশ বিশেষজ্ঞ নিক কাউসার মনে করেন, সংরক্ষণকাজের অংশ হিসেবে দুর্গম এলাকায় যাতায়াতের সময় কর্মীরা হয়তো নিষিদ্ধ সামরিক এলাকার এত কাছে চলে গিয়েছিলেন যে আইআরজিসির সন্দেহ তৈরি হয়। তবে গ্রেপ্তারের পেছনে এটিই একমাত্র ব্যাখ্যা নয়। সে সময় পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করেছিলেন, আন্তর্জাতিক সহযোগিতা ও পরিবেশগত বিষয়ে যোগাযোগ বাড়াতে আগ্রহী ইরানের সংস্কারপন্থি সরকারকে দুর্বল করাও ছিল গ্রেপ্তারের উদ্দেশ্য।


ইয়াজদ ও হরমোজগান প্রদেশে বিশেষ নজর

গবেষকেরা দুটি অঞ্চলের বিষয়ে বিশেষভাবে অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখছেন। এর প্রথমটি মধ্য ইরানের ইয়াজদ প্রদেশ। সেখানে জাগরোস পর্বতমালা থেকে পানি সরিয়ে আনার জন্য বড় একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পানি গবেষক আমির আগাকুচাক দীর্ঘদিন ধরে এত বড় বিনিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মার্চে ওই এলাকায় বিমান হামলা এবং সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশের পর প্রকল্পটির পরিকল্পনায় সামরিক প্রয়োজনীয়তা ভূমিকা রেখেছিল কি না, তা নিয়ে ভাবতে শুরু করেন তিনি। যুদ্ধের সময় জাগরোস পর্বতমালা আলোচনায় আসে আরেকটি ঘটনায়। সেখানে বিমান বিধ্বস্ত হওয়ার পর এক মার্কিন বিমানসেনাকে উদ্ধার করা হয়েছিল।


দ্বিতীয় অঞ্চলটি দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশ। পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশন সেখানে বিরল লারিস্তান বন্য ভেড়া সংরক্ষণে কাজ করেছিল। তাহবাজের স্মৃতিচারণ অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তারা বারবার ওই অঞ্চলে সংস্থাটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেখানে তাদের উপস্থিতি নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের বিশেষ উদ্বেগ ছিল বলেও তার মনে হয়েছিল।


গত ১৪ জুলাই ওই অঞ্চলে মার্কিন বিমান হামলা চালানো হয়। মার্কিন সামরিক বাহিনী জানায়, অভিযানের লক্ষ্য ছিল সামরিক অবকাঠামো ও উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা। এসব হামলা এবং আগের গ্রেপ্তারের ঘটনা মিলিয়ে অঞ্চলটিতে পরিবেশগত কর্মকাণ্ড নিয়ে ইরানি কর্তৃপক্ষের সংবেদনশীলতার কারণ অনুসন্ধানে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।


তবে এসব তথ্য এখনো প্রমাণ করে না যে ইরানের বাঁধগুলো ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আড়াল করা বা সচল রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। পানি প্রকল্প, নিষিদ্ধ সামরিক এলাকা ও বিমান হামলার লক্ষ্যবস্তুর অবস্থানের মধ্যে দৃশ্যমান মিল গবেষকদের নতুন করে অনুসন্ধানে উৎসাহিত করছে। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে প্রশ্নবিদ্ধ এসব প্রকল্পের পেছনে দুর্বল পানি ব্যবস্থাপনা, সামরিক পরিকল্পনা নাকি উভয় কারণই কাজ করেছে, তা এখনো অমীমাংসিত।


অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৫ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়াকে সংযুক্তকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে ইউক্রেনের হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশ নিয়োগ করা ক্রিমিয়ার গভর্নর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, দিনিপ্রো নদীর ওপর নির্মিত রাজধানীর উত্তর ও দক্ষিণাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সেতুতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় পানি, বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভূগর্ভের বাইরে চলাচলকারী মেট্রোরেল ব্যবস্থার কিছু অংশও।

হামলার সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি হলে সাধারণত বাসিন্দারা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। এদিকে ক্রিমিয়ার মস্কো-সমর্থিত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী টানা দ্বিতীয় দিনের মতো কের্চ সেতুতে হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন এবং সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে হামলায় সেতুটির ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

২০১৪ সালে ক্রিমিয়া দখল ও নিজেদের সঙ্গে যুক্ত করার পর রাশিয়া সেতুটি নির্মাণ করে। ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেতুটির উদ্বোধন করেন। যুদ্ধের বিভিন্ন সময়ে ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে গুরুত্বপূর্ণ এই স্থাপনা।

অন্যদিকে ইউক্রেনের চেরকাসি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার (১৬ নভেম্বর) রাতে রাশিয়ার আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটল।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেন। বৈঠক শেষে কুশনার ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ তৈরিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা জানান।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে চলমান যুদ্ধে দেশটির এক-পঞ্চমাংশের মতো ভূখণ্ড রুশ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৫ পিএম

বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।


ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।


পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।


শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।


ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।


সূত্র: আনাদোলু এজেন্সি


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৫ পিএম

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।


ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।


বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।


বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।


এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।


সূত্র : আলজাজিরা

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৫ পিএম
  • আপডেট : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৫ এএম

এ সম্পর্কিত আরও খবর


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।


ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।


এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।