এমটি কায়রোস জাহাজে থাকা বাংলাদেশি নাবিক আজগর হোসাইন, ক্যাডেট আল আমিন ও নাবিক হাবিবুর রহমান
‘হঠাৎ পরপর বিস্ফোরণ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় লাইফবোটও। তেল ছড়িয়ে পড়ে জাহাজের চারদিকে। একমাত্র ভরসা লাইফজ্যাকেট পরে সাগরে ঝাঁপ দেওয়ারও উপায় ছিল না। কারণ, সেখানে প্রচণ্ড ঠান্ডায় জমে যাব। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। শেষবিদায় নিচ্ছিলাম একজন আরেকজনের কাছ থেকে।’
এভাবেই কৃষ্ণসাগরে এমটি কায়রোস নামে তেল পরিবহনকারী জাহাজে ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন হামলার সময়ের বর্ণনা দিচ্ছিলেন জাহাজটির চতুর্থ প্রকৌশলী বাংলাদেশের নরসিংদীর মাহফুজুল ইসলাম।
রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেন তিনি।
তুরস্কের উপকূলে কৃষ্ণসাগর অতিক্রম করার সময় গত শুক্রবার দুটি ট্যাংকারে হামলা করে ইউক্রেনের নৌবাহিনী। এই দুটি ট্যাংকারের একটি এমটি কায়রোস জাহাজের ২৫ নাবিকের চারজন ছিলেন বাংলাদেশি। জ্বালানি তেলবাহী ট্যাংকার দুটি রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ অংশ বলে বিবিসি জানায়।
মাহফুজুল ইসলাম ছাড়াও বাকি তিন বাংলাদেশি হলেন কুষ্টিয়ার আল আমিন, ঢাকার ধামরাইয়ের হাবিবুর রহমান এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজগর হোসাইন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তুরস্কের একটি হোটেলে রয়েছেন।
হামলার মুহূর্তের কথা বর্ণনা দিয়ে তুরস্ক থেকে প্রকৌশলী মাহফুজুল ইসলাম বলেন, তেল পরিবহনের জন্য খালি ট্যাংকার নিয়ে মিসরের পোর্ট সুয়েজ থেকে রাশিয়ায় নভোরোসিস্ক বন্দরের যাচ্ছিলাম। শুক্রবার বসফরাস প্রণালি অতিক্রম করে আমরা তখন কৃষ্ণসাগর অতিক্রম করছিলাম। স্থানীয় সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে প্রথম হামলা হয় প্রপেলারে।
মাহফুজুল ইসলাম বলেন, আমাদের ট্যাংকারের দিকে তিনটি নৌযানের মতো ড্রোন দ্রুতগতিতে ছুটে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই প্রথম প্রপেলারে আঘাত হানে। বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে জাহাজে তীব্র ঝাঁকুনি। সবাই হতচকিত হয়ে যাই। জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
এ পরিস্থিতিতে জাহাজের ক্যাপ্টেন ঘোষণা দেন, সবাইকে দ্রুত ব্রিজে যাওয়ার জন্য। আমি তখন কেবিন থেকে বেরিয়ে ওপরে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক ১০ মিনিট পর দ্বিতীয় ড্রোন আঘাত হানে। জাহাজ চালানোর জন্য যেখানে তেল থাকে সেখানেই দ্বিতীয় হামলা হয়। বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ট্যাংকারে ১ হাজার ১৬৩ টন জ্বালানি তেল ছিল তখন।
মাহফুজুল ইসলাম বলেন, ‘ব্রিজে যাওয়ার পর আমাদের চিন্তা তখন কীভাবে নিরাপদে উদ্ধার হব। তুরস্কের কোস্টগার্ডকে জানানো হয়। তাদের আসতে এক ঘণ্টা সময় লাগবে বলে জানায়। এর মধ্যে একটি বাণিজ্যিক জাহাজ থেকে একটি লাইফবোট নামিয়ে আমাদের উদ্ধারের জন্য আসে। তবে জাহাজের চারদিকে ছড়িয়ে পড়া তেলে আগুন জ্বলতে থাকায় নৌযানটি আমাদের উদ্ধার করতে পারেনি। তখনই ভয় চেপে বসে।’
জাহাজে ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন কুষ্টিয়ার আল আমিন। হোয়াটসঅ্যাপে তিনি বলেন, আগুন যখন ছড়িয়ে পড়ছিল তখন দ্রুত লাইফবোট নামানোর চেষ্টা করি। ক্যাপ্টেনের নির্দেশমতো আমিসহ তিনজন চেষ্টা করছিলাম, যাতে জাহাজের লাইফবোটে আগুন না ধরে। বাতাসের গতিবেগের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। লাইফবোটে আগুন ধরে বিস্ফোরণ হয়। চারদিকে দাহ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
ঢাকার ধামরাইয়ের হাবিবুর রহমান ছিলেন জাহাজটির নাবিক। তিনি জানান, ‘আমরা একজন আরেকজনের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছিলাম। মনে হয়েছে, বাঁচার আর কোনো আশা নেই। মৃত্যুর দুয়ার থেকে যেন ফিরে এলাম।’ জাহাজটিতে নাবিক হিসেবে কর্মরত ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজগর হোসাইন। তিনি বলেন, ‘জাহাজে যখন আক্রমণ হয় তখন আমি ডেকে ছিলাম। দেখি—তিনটি স্পিডবোট আমাদের অনুসরণ করছে। তাৎক্ষণিকভাবে ক্যাপ্টেনকে জানাই। হামলার পর বুঝতে পারি—আসলে এগুলো ছিল ড্রোন।’
আজগর হোসাইন বলেন, ‘সেই মুহূর্তের কথা ভাবলে এখনো গা শিউরে ওঠে। চারদিকে আগুন। লাইফ জ্যাকেট পড়ে আছি। কিন্তু সাগরে ঝাঁপ দেওয়ার সুযোগ নেই। কারণ প্রচণ্ড ঠান্ডা। আবার পানিতেও আগুন। তুরস্কের কোস্টগার্ড উদ্ধার না করলে আমাদের বেঁচে ফেরা হতো না।’
দুর্ঘটনার পর থেকে নাবিকদের আন্তর্জাতিক সংগঠনে যোগাযোগ শুরু করেছিলেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হামলার খবর জানার পরই আমরা তুরস্কের ইন্টারন্যাশনাল ট্রেড ওয়ার্কার্স ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি। জরুরি সহায়তা লাগলে সেটা আর্থিক, চিকিৎসা বা অন্য কোনো সহায়তার দরকার হলে যেন সহযোগিতা করে। তবে জাহাজ মালিক ও তুরস্ক কর্তৃপক্ষ সব সহায়তা দিয়ে যাচ্ছে। নাবিকেরা নিরাপদে আছে—এটাই বড় খবর।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাবিকদের মৃত্যুঝুঁকির মুখে পড়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২২ সালের ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল হামলার শিকার হয় বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। এ হামলায় নিহত হন জাহাজটিতে দায়িত্বরত প্রকৌশলী হাদিসুর রহমান। পরে জাহাজটিতে আটকে পড়া ২৮ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।
পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।
ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।
এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।
এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
ছবি : সংগৃহীত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।
এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।