প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • প্রকাশ : সোমবার ১৬ মার্চ, ২০২৬, সময় : ৫:৩৯ এএম

ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের করদাতাদের খরচ হয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলার। এই হিসাবের মধ্যে যুদ্ধ শুরুর আগেই মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের ব্যয় ধরা হয়নি। 


যুদ্ধ শুরু হওয়ার সময় মধ্যপ্রাচ্যে আটকে পড়া হাজার হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়েছে। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, সামরিক ব্যয়ও তত বাড়বে।


বিশ্লেষকদের মতে, সামনে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধ নিয়ে রাজনৈতিক চাপও বাড়ছে। অনেকের ধারণা, এই নির্বাচন সামনে রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সীমিত করতে চাইতে পারেন, কারণ যুদ্ধটি রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


যুদ্ধ কত দিন চলবে সে বিষয়ে ট্রাম্প ও তাঁর প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যেও ভিন্নতা দেখা গেছে। শুরুতে ট্রাম্প বলেছিলেন যুদ্ধ প্রায় এক মাস চলতে পারে। পরে তিনি ইঙ্গিত দেন, ইরানের সরকার পতন এবং পারমাণবিক হুমকি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলতে পারে।


এই যুদ্ধের খরচ শুধু অস্ত্র বা সামরিক সরঞ্জামে সীমাবদ্ধ নয়। এর প্রভাব ইতিমধ্যেই সাধারণ মার্কিন নাগরিকের জীবনে পড়তে শুরু করেছে। পেট্রলের দাম বেড়েছে, সামনে খাদ্যের দামও বাড়তে পারে। 


কারণ, যুদ্ধের কারণে বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটছে। মূল্যস্ফীতির আশঙ্কায় মর্টগেজ ঋণের সুদ বাড়ছে। একই সঙ্গে যুদ্ধের বিস্তৃত অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় শেয়ারবাজারেও পতন দেখা যাচ্ছে।


প্যাসিফিক রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ ওয়েইন ওয়াইনগার্ডেন বলেন, যুদ্ধের কারণে পেট্রল, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দামে চাপ তৈরি হচ্ছে। পরিবহন, প্যাকেজিং ও সার উৎপাদনের খরচ বাড়ার ফলে এই দাম আরও বাড়তে পারে। এতে এমনিতেই উচ্চ জীবনযাত্রার ব্যয়ে বিপাকে থাকা পরিবারগুলোর ওপর বাড়তি চাপ পড়বে। এই যুদ্ধ কীভাবে মার্কিন নাগরিকদের দৈনন্দিন খরচে প্রভাব ফেলতে পারে, তা বোঝার জন্য কয়েকটি দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


পরিবহন ও জ্বালানি


সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবহন হয়। ইরান এই প্রণালির উত্তর দিক নিয়ন্ত্রণ করে। যুদ্ধ শুরুর পর যেকোনো জাহাজ সেখানে প্রবেশ করলে হামলার হুমকি দিয়েছে ইরান। 


বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। একই পথ দিয়ে সার, সার তৈরির কাঁচামাল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও যায়। ফ্রান্সের এসেক বিজনেস স্কুলের অর্থনীতির প্রভাষক হেরন লিম জানান, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, প্লাস্টিক ও রাবার তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালও এই পথ দিয়ে যায়। অন্যদিকে এশিয়া থেকে ওষুধ, পোশাক ও ব্যাটারির মতো পণ্য উল্টো পথে পরিবহন করা হয়।


ইরান নাকি এই পথজুড়ে নৌ মাইন পেতে রেখেছে এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এমন কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে, যেগুলো মাইন স্থাপন করছিল। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মাধ্যমে তেলবাহী জাহাজকে নিরাপত্তা দিয়ে পার করে দেওয়ার পরিকল্পনা করলেও দীর্ঘ মেয়াদে এটি কার্যকর সমাধান নয় বলে মনে করেন বিশ্লেষকেরা।


বিকল্প পথ ব্যবহার করাও সহজ নয়। কারণ, সুয়েজ খালের পথেও নতুন করে হামলার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর কারণে লোহিত সাগর হয়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


এর প্রভাব ইতিমধ্যে জ্বালানির বাজারে দেখা যাচ্ছে। মার্কিন মোটর ক্লাব এএএর তথ্য অনুযায়ী, ১২ মার্চ যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম প্রতি গ্যালন প্রায় ৩ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। মাত্র এক সপ্তাহেই দাম বেড়েছে প্রায় ৩৫ সেন্ট। 


এ ছাড়া জ্বালানির দাম বাড়ার কারণে শিগগিরই অনেক পরিবারকে বেশি বিদ্যুৎ ও গরমের বিল দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের কয়েকটি দেশ গৃহস্থালি ব্যবহারের জন্য জ্বালানি সংরক্ষণের পদক্ষেপ নিতে শুরু করেছে।


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ৮ মার্চ সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি তাদের জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত হানবে। তাদের ভাষায়, যদি প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারেন, তবে এই যুদ্ধ চালিয়ে যান।


বিশ্লেষকদের মতে, স্বল্প মেয়াদে মধ্যপ্রাচ্যের তেলের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্যদেশগুলো ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে বৈশ্বিক বাজারে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, দাম নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র তার জরুরি তেল মজুত থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল বাজারে ছাড়বে।


তবে অর্থনীতিবিদ ওয়েইন ওয়াইনগার্ডেনের মতে, এটি অনেকটা সংগীতের খেলায় চেয়ারের অভাবের মতো অবস্থা। খেলোয়াড় বেশি, চেয়ার কম। কৌশলগত তেল মজুত বাজারে ছাড়লে সাময়িক স্বস্তি মিলতে পারে, কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে তাতে বড় পরিবর্তন আসবে না।


কৃষি ও খাদ্য


যুদ্ধের প্রভাব পড়তে পারে কৃষি ও খাদ্য খাতেও। মার্কিন ফার্ম ব্যুরো ফেডারেশনের সভাপতি জিপি ডুভাল এক চিঠিতে ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, সার সরবরাহে বিঘ্ন এবং দাম বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কৃষকেরা বড় সমস্যায় পড়তে পারেন। এর ফল হিসেবে বাজারে খাদ্যের দামও বাড়তে পারে। প্রাকৃতিক গ্যাস সার তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল। আর পারস্য উপসাগরীয় অঞ্চল বিশ্বে ইউরিয়া সারের অন্যতম বড় উৎস। 


বিশ্বের প্রায় ৪৯ শতাংশ ইউরিয়া রপ্তানি এবং প্রায় ৩০ শতাংশ অ্যামোনিয়া রপ্তানি আসে এই অঞ্চল থেকে। বিশ্বের প্রায় এক–তৃতীয়াংশ ইউরিয়াও হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকেই ইউরিয়ার দাম প্রায় ৩৫ শতাংশ বেড়ে গেছে। তেল ও গ্যাস পরিশোধনের একটি উপজাত সালফারের প্রায় অর্ধেক সরবরাহও আসে উপসাগরীয় অঞ্চল থেকে। এই সালফার সার উৎপাদন ছাড়াও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।


হেরন লিম বলেন, যদি জাহাজে করে বাজারে সার পৌঁছানো না যায়, তাহলে কৃষকেরা কম সার ব্যবহার করতে বাধ্য হবেন। এতে ফসলের উৎপাদন কমে যেতে পারে এবং খাদ্যের দাম বেড়ে যেতে পারে।


বিমান ও পর্যটন


বিমান ভাড়াও বাড়তে শুরু করেছে। ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কট কিরবি সতর্ক করেছেন, জেট ফুয়েলের দাম বাড়ার কারণে বিমান ভাড়া বাড়তে পারে। যুদ্ধ শুরুর পর থেকেই জেট ফুয়েলের দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে।


ক্যাথে প্যাসিফিক ও তাদের বাজেট এয়ারলাইন এইচকে এক্সপ্রেস ইতিমধ্যে জ্বালানি সারচার্জ প্রায় দ্বিগুণ করেছে। হংকং এয়ারলাইনসও একই পদক্ষেপ নিয়েছে।


মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক জানিয়েছেন, জ্বালানি খরচ কমাতে কিছু ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে এবং খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হতে পারে।


যুদ্ধের কারণে ভ্রমণপথও বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা এড়িয়ে চলতে গিয়ে এশিয়া ও ইউরোপের অনেক রুটে বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের কিছু রুটে এই মাসে ভাড়া প্রায় ৯০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।


প্রযুক্তি


উৎপাদন ও প্রযুক্তি খাতেও প্রভাব পড়ছে। বিশ্বের প্রায় ৮ শতাংশ অ্যালুমিনিয়াম উৎপাদন হয় পারস্য উপসাগরীয় অঞ্চলে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় কাতার ও বাহরাইনের কয়েকটি অ্যালুমিনিয়াম কারখানা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছে। ফলে অ্যালুমিনিয়ামের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে গাড়ি, নির্মাণ ও বিমানশিল্পের খরচও বাড়তে পারে।


মধ্যপ্রাচ্য বিশ্বের হিলিয়াম উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ উৎস। সেমিকন্ডাক্টর তৈরিতে হিলিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসা যন্ত্র, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং প্রতিরক্ষা প্রযুক্তিতেও এর ব্যবহার রয়েছে। সরবরাহে বিঘ্ন ঘটলে আইফোন, ল্যাপটপসহ নানা ইলেকট্রনিক পণ্যের দামও বাড়তে পারে।


নেদারল্যান্ডসের গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক উইলিয়াম ফিগুয়েরোয়ার মতে, যুদ্ধের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পকেটে এর প্রভাব পড়তে শুরু করেছে। পেট্রলের দাম বেড়েছে, মূল্যস্ফীতির আশঙ্কায় মর্টগেজের সুদ বাড়ছে। তেল ও পরিবহন ব্যয় বাড়ার কারণে বৈশ্বিক অর্থনীতি মন্দার ঝুঁকির মুখেও পড়তে পারে।



সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে নির্বাচনী রাতের ফলাফল দেখার অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিনসের সঙ্গে ছবি তুলছেন তার সমর্থকেরা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩০ এএম

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ২৮ বছর পর ডেমোক্র্যাট দলের কোনো প্রার্থী গভর্নর নির্বাচিত হয়েছেন। জোনাথন ক্রেইস-টমকিনসের জয়ের এই ফল ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজের পূর্বাভাস।

৩৭ বছর বয়সী সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা ক্রেইস-টমকিনস তিন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থী।

১৯৯৮ সালের পর আলাস্কায় আর কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলটির ধারাবাহিক সাফল্যের মধ্যে ক্রেইস-টমকিনসের জয় নতুন সংযোজন।

এই জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টিতে ডেমোক্র্যাট গভর্নর থাকবেন।

নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি স্কুলের জন্য পূর্ণ অর্থায়ন এবং ডেটা সেন্টার নির্মাণে নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রেইস-টমকিনস।

রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কিও তাকে সমর্থন দিয়েছিলেন। ট্রাম্পের কিছু পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতির সঙ্গে দ্বিমত পোষণ করা রিপাবলিকানদের মধ্যে তিনি অন্যতম।

সর্বশেষ সব খবর

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার । ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০২ এএম

হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। খামারবাড়ি, গুদামঘর ও একটি বাড়ির পাশাপাশি পাশের বনের মাটির নিচেও এসব অর্থ লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধার হওয়া অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ফরিন্ট, ২৬ লাখ ৬০ হাজার ইউরো এবং ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এসব অর্থ গুনতে পাঁচটি টাকা গণনার যন্ত্র ব্যবহার করতে হয়েছে। রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর লেগেছে টানা আট ঘণ্টা।

অর্থগুলো উদ্ধার করা হয়েছে অরবান সরকারের সাবেক উন্নয়নমন্ত্রী মিক্লোশ সেসতাকের বিরুদ্ধে ঘুষের তদন্তের অংশ হিসেবে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে নিজের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনে টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর পরাজিত হন ডানপন্থি নেতা ভিক্টর অরবান। তার জায়গায় প্রধানমন্ত্রী হন পেতের মদিয়র। ক্ষমতায় এসে তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর প্রতিশ্রুতি দেন। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন পারগেটরি’।

দুর্নীতির পৃথক দুটি মামলায় অরবান সরকারের সাবেক দুই মন্ত্রী এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কারাগারে রয়েছেন। তবে তারাও অভিযোগ অস্বীকার করেছেন। মানব পাচারের একটি মামলায় অরবানের ভাইকেও আটক করেছে কর্তৃপক্ষ। অরবান অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।

প্রধানমন্ত্রী মদিয়র উদ্ধার হওয়া অর্থকে অরবানের ১৬ বছরের শাসনামলে গড়ে ওঠা দুর্নীতির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে এক জরিপে দেখা গেছে, দেশটির ৭০ শতাংশ মানুষ দুর্নীতিবিরোধী অভিযানকে খুবই জরুরি বলে মনে করছেন।

রাষ্ট্রবিজ্ঞানী গাবোর তোরোকের মতে, উদ্ধার হওয়া বিপুল অর্থের ছবি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। এতে অরবানের দল ফিদেজের রাজনৈতিক ক্ষতি হতে পারে। জরিপ অনুযায়ী, নির্বাচনের আগের তুলনায় নভেম্বরে দলটির জনসমর্থন কমে ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

সর্বশেষ সব খবর

স্থায়ীভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন ২০ হাজার অভিবাসী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৪ পিএম

অস্ট্রেলিয়ার দক্ষ অভিবাসন কর্মসূচিতে ২০ হাজার প্রার্থীকে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (সাবক্লাস ১৮৯) ক্যাটাগরির আওতায় এ সুযোগ পাবেন বিভিন্ন দেশের দক্ষ পেশাজীবীরা। যোগ্যতা পূরণ করলে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন।


অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের ১৫ অক্টোবরের আমন্ত্রণ রাউন্ডে এ আমন্ত্রণ জানানো হয়। চিকিৎসক, নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষক, কৃষিবিজ্ঞানীসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মীদের জন্য এ সুযোগ তৈরি হয়েছে।


সাবক্লাস ১৮৯ একটি পয়েন্টভিত্তিক স্থায়ী অভিবাসন ভিসা। এর জন্য কোনো নিয়োগকর্তার স্পনসরশিপ বা রাজ্য সরকারের মনোনয়ন প্রয়োজন হয় না। ভিসা পেলে অস্ট্রেলিয়ার যেকোনো স্থানে বসবাস ও কাজ করা যায়।


আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ইংরেজি ভাষার দক্ষতা বিবেচনা করা হয়। সাধারণত আমন্ত্রণ পাওয়ার সময় বয়স ৪৫ বছরের কম হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার জন্য অনুমোদিত কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক দক্ষতা মূল্যায়ন প্রয়োজন।


প্রাথমিক যোগ্যতা হিসেবে ন্যূনতম ৬৫ পয়েন্ট অর্জন করতে হলেও এতে আমন্ত্রণ নিশ্চিত হয় না। পেশাভেদে প্রতিযোগিতা ও প্রয়োজনীয় পয়েন্টের পার্থক্য রয়েছে। কোনো কোনো পেশায় আমন্ত্রণ পেতে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হতে পারে।


আগ্রহীদের প্রথমে স্কিলসিলেক্ট ব্যবস্থায় এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) জমা দিতে হয়। আমন্ত্রণ পেলে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ভিসার আবেদন করতে হবে। এরপর স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও অন্যান্য শর্ত যাচাই করে ভিসার সিদ্ধান্ত নেওয়া হয়।


তবে ২০ হাজারের এই সংখ্যা ভিসা অনুমোদনের নয়, বরং আবেদন করার আমন্ত্রণের সংখ্যা। তাই বাংলাদেশি প্রার্থীদের আবেদনের আগে নিজেদের পেশাগত যোগ্যতা ও সর্বশেষ অভিবাসন নীতিমালা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫৭ পিএম

ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব পরমাণু উপাদান শান্তিপূর্ণ কাজে ব্যবহারের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে না আইএইএ। এ বিষয়ে একটি গোপন প্রতিবেদনে সংস্থাটি তাদের উদ্বেগের কথা জানিয়েছে।


শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে স্থানান্তর করা হয়নি এমন নিশ্চয়তা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য আইএইএর হাতে নেই।


ইরানের ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে সংস্থাটির। গত বছর স্থাপনাটির অস্তিত্ব সম্পর্কে আইএইএকে জানিয়েছিল তেহরান। তবে এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ফলে স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান পরিস্থিতি এবং সেখানে কোনো পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস হয় অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।


আইএইএর হিসাবের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে। তবে হামলার পর থেকে ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম কোথায় রয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পায়নি সংস্থাটি।


আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা জরুরি। সংস্থাটির পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ ধাপে ধাপে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।


এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য সরবরাহের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে সংরক্ষিত সব গোপন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৭ পিএম

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর গবেষণা। 


এ গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা। দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণ করে তৈরি করা হচ্ছে বিশেষ নমুনা ব্যাংক। এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজতে চান গবেষকেরা।


রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরের রক্তের নমুনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।


সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে গবেষণার বিষয়টি তুলে ধরেন কোভালচুক। তিনি জানান, তাদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তাদের রক্তনালি, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।


কোভালচুকের ভাষ্য, বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিয়ে গবেষণা মানুষের আয়ু বাড়ানোর জন্য প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া বোঝার ভিত্তি তৈরি করতে পারে। অন্যদিকে পেত্রোভস্কি সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তানতিন কাতেনকো জানিয়েছেন, দীর্ঘজীবী প্রাইমেটদের রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্য কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।


রুশ প্রেসিডেন্টের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের সঙ্গে এ গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তারা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপন অব্যাহত রাখা সম্ভব হতে পারে, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন।


এরপর ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানে পুতিন বলেন, মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে। তাঁর এসব বক্তব্যের পর রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা নতুন করে আলোচনায় আসে।


তবে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। মানুষের বার্ধক্য ধীর করার জন্য জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদনের মতো বিষয় নিয়েও কাজ চলছে। এসব উদ্যোগকে ঘিরে রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘায়ু গবেষণার পরিধি বাড়ানো হয়েছে।


২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং কোভালচুকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।


রাশিয়ার এ গবেষণা উদ্যোগের পেছনে রাজনৈতিক নেতৃত্বের আগ্রহও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ দেশটির রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকারগুলোর একটি হয়ে উঠেছে। তবে গবেষণার ঘোষণা ও বাস্তব বৈজ্ঞানিক সাফল্যের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের উদ্যোগের অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র ও পরীক্ষিত ফলাফল এখনো সীমিত।


বিজ্ঞানীদের মতে, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া বোঝা মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় সহায়ক হতে পারে। কিন্তু বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি সমতা টানা যায় না। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে- এমন নিশ্চয়তা নেই। মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অমরত্ব অর্জনের ধারণার পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।


ফলে পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং রাশিয়ার সাত হাজার বানর নিয়ে গবেষণা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করলেও এর প্রকৃত বৈজ্ঞানিক সাফল্য জানতে অপেক্ষা করতে হবে গবেষণার ফলাফলের জন্য।


তথ্য সূত্র- ফার্স্ট পোস্ট

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩২ এএম

চার ঘণ্টার মতো স্থগিত থাকার পর চালু হয়েছে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট চলাচলের ওপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। 


তিনি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর জারি করা দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এফএএ। তবে কর্মকর্তারা এখনও এর কারিগরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন।  


হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে। এয়ারলাইনগুলোর নিয়মিত কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে।


সাংবাদিকদের তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এমন বিপর্যয়ের পেছনে ‘পুরানো হার্ডওয়্যার’ এর কথা উল্লেখ করে বিভ্রাটের জন্য অতিরিক্ত চাপের মুখে পড়া সুইচ এবং রাউটারকে দায়ী করেছেন তিনি। 


যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য দেশটির আইন প্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।


তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমস্যাটি ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা করে। এই ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।  


সিস্টেম বিভ্রাটের কারণ স্পষ্ট 

পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এ ঘটনার পেছনে সিস্টেম বিভ্রাটের কারণটি স্পষ্ট। তার মতে, সিস্টেমটি অনেক পুরনো এবং এতে পুরনো রাউটার ব্যবহার করা হয়েছে, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি।


মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে টেলিকম যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটে এ খাত চাপে রয়েছে। এসব অবকাঠামো আধুনিক করার জন্য ২০২৫ সালে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয় কংগ্রেস। তবে তা যথেষ্ট নয় জানিয়ে শুক্রবার দেশটির আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে এফএএ।


রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।


এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এফএএ। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে।  


ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। 


যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।


আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।

সর্বশেষ সব খবর