ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র একটি শর্ত জুড়ে দিয়েছে। শর্তটি হলো- ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বেশি মনোযোগী। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটাতে চাচ্ছেন। এ জন্য তিনি ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছেন।
২০২২ সালে রাশিয়ার আক্রমণের মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং তাঁর পরবর্তী যেকোনো পদক্ষেপের ওপর নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব আছে। আমার মতে, দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট ট্রাম্প এখনো ইউক্রেনের ওপর বেশি চাপ দেওয়ার কৌশলই বেছে নিচ্ছেন।’
চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দফা উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ করা।
যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। প্রাণ হারিয়েছেন লাখো মানুষ।
ইউক্রেনের নেতা বারবার বলে আসছেন, কোনো শান্তিচুক্তি হওয়ার পর রাশিয়া যাতে ভবিষ্যতে আবারও যুদ্ধ শুরু করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক অংশীদারদের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।
নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে বলে জানান জেলেনস্কি। প্রথমত, ইউক্রেনের সামরিক সক্ষমতা বজায় রাখতে অস্ত্র ক্রয়ে কে অর্থায়ন করবে?
দ্বিতীয়ত, ভবিষ্যতে রাশিয়ার কোনো আগ্রাসনের মুখে মিত্ররা ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাবে?
৪৮ বছর বয়সী জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হলে তবেই যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি চূড়ান্ত করবে।’
দুবাইয়ে আয়োজিত ওই বৈঠকে জেলেনস্কি সরাসরি অংশ নেননি। তবে মার্কিন অবস্থানের ‘সুক্ষ্ম দিকগুলো’ তিনি ভালোভাবেই বোঝেন বলে জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলছেন, পুরো দনবাসের নিয়ন্ত্রণ নেওয়া তাঁর যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য। আলোচনার টেবিলে এ লক্ষ্য অর্জিত না হলে যুদ্ধের মাধ্যমেই তা অর্জন করা হবে।
তবে রণাঙ্গনে গত দুই বছরে রাশিয়ার অগ্রগতির গতি ছিল বেশ ধীর। সামরিক বিশ্লেষকদের মতে, পুরো দনবাস দখল করতে দীর্ঘ সময় এবং প্রচুর জনশক্তির প্রয়োজন হবে। কারণ, এ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর শক্তিশালী প্রতিরক্ষাবলয় রয়েছে।
জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, দনবাস থেকে সেনা প্রত্যাহার করলে ওই অঞ্চলের শক্তিশালী প্রতিরক্ষাবলয় রাশিয়ার হাতে চলে যাবে, যা ইউক্রেন এবং সামগ্রিকভাবে ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।
তিনি বলেন, ‘আমি চাই যুক্তরাষ্ট্র এটা বুঝুক, আমাদের দেশের পূর্বাঞ্চল আমাদের নিরাপত্তা নিশ্চয়তারই একটি অংশ।’
এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত জানুয়ারিতে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা নিশ্চয়তা- সংক্রান্ত একটি দলিল শতভাগ প্রস্তুত। এখন শুধু স্বাক্ষরের অপেক্ষা।
তবে গত সপ্তাহে মায়ামিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর গত মঙ্গলবার তিনি বলেন, এ বিষয়ে আরও কাজ বাকি আছে।
কিয়েভে প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল অফিসে বসে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রত্যাশা, শান্তি আলোচনা স্থবির হয়ে পড়লে ওয়াশিংটন আগ্রহ হারিয়ে ফেলবে এবং একসময় মধ্যস্থতার টেবিল থেকে সরে যাবে। এমন একটি ঝুঁকি আসলেই আছে। ইরান সংকটের কারণে চলতি মাসে নির্ধারিত চতুর্থ দফার ত্রিপক্ষীয় আলোচনা স্থগিত করা হয়েছে।
জেলেনস্কি বলেন, সীমানা ও নিরাপত্তা- সংক্রান্ত অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করে একটি শান্তিচুক্তিতে পৌঁছানোর একমাত্র পথ হলো ট্রাম্প, পুতিন এবং তাঁর নিজের একটি শীর্ষ পর্যায়ের বৈঠকে বসা।
ট্রাম্পের সঙ্গে তাঁর অতীতের তিক্ততা নিয়ে জেলেনস্কি বলেন, ‘কারও ভালো লাগা বা মন্দ লাগার জন্য আমি কোনো চকলেট বক্স বা গাড়ি নই। আমার মনে হয় মার্কিন প্রেসিডেন্ট বিষয়টিকে অনেক বেশি বাস্তবসম্মতভাবে দেখছেন এবং তিনি সম্ভবত দ্রুত যুদ্ধের অবসান চান। আমরাও তাই চাই।’
গত বুধবার ইউক্রেনের শহরগুলোয় রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণের পর জেলেনস্কি ট্রাম্প প্রশাসনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সরবরাহ অব্যাহত রাখায় ধন্যবাদ জানান।
পারস্য উপসাগরে উত্তেজনার কারণে প্যাট্রিয়টের চাহিদা বেড়ে যাওয়া সত্ত্বেও ইউক্রেনে সরবরাহ বন্ধ হয়নি। এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, ইরান সংকটের কারণে প্যাট্রিয়ট সরবরাহ কমে যেতে পারে।
ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, আটক ও দেশান্তরের শিকার হচ্ছেন মুসলিমরা। ছবি: সংগৃহীত
রুশ শিল্পী আলেক্সি সেরগিয়েঙ্কোর আঁকা ‘শেনজেন ২৬’ শিরোনামের নতুন পপ আর্ট চিত্রকর্মটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলো ইন্দোনেশিয়া। ছবি: সংগৃহীত
জব্দ করা স্বর্ণ ও রুপি। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে গলির ক্রিকেট খেলেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী প্রিন্সেস কেট মিডলটন। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে তাদের ক্রিকেট খেলার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন প্রিন্স অব ওয়েলস উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস কেট। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে বেশ প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে শচীনকে হাতের ইশারায় ক্রিকেটের বিভিন্ন মুহূর্ত বুঝিয়ে দিতেও দেখা যায়। মনোযোগ দিয়ে তার কথা শোনেন উইলিয়াম ও কেট।
পরে সেখানে আয়োজন করা হয় গলির ক্রিকেট খেলা। স্কুল শিক্ষার্থীদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাট হাতে নেন উইলিয়াম ও কেট। খেলার আগে উইলিয়ামকে ক্রিকেটের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন শচীন। এ সময় কেটকে মাঠের পাশে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে দেখা যায়।
ক্রিকেট খেলার পাশাপাশি বিশেষভাবে সাজানো একটি চায়ের দোকানেও যান রাজদম্পতি। সেখানে ঐতিহ্যবাহী মাটির কাপে চা পান করেন তারা।
এদিন প্রিন্স উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, নেভি ব্লু রঙের নেহরু স্টাইলের হাতাকাটা জ্যাকেট ও গাঢ় রঙের ট্রাউজার। অন্যদিকে কেট মিডলটন পরেছিলেন হালকা লেবু-সবুজ রঙের ব্লেজার, সাদা টপ ও একই রঙের ট্রাউজার। শচীনকে দেখা যায় নেভি ব্লু শার্ট ও গাঢ় রঙের জিনস পরা অবস্থায়।
এর আগে সকালে ভারতের পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই উন্নয়নে অবদানের প্রশংসা করে একটি বার্তা দেন রাজদম্পতি। বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কার আয়োজন আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তারা।
ইনস্টাগ্রামে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের আনুষ্ঠানিক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়, ‘এ বছরের আর্থশট প্রাইজে অংশ নিতে ভারতে আসতে পেরে ক্যাথরিন ও আমি আনন্দিত।’
ছবি : সংগৃহীত
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির ওপর নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারপন্থী বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান সমর্থিত হুতি আন্দোলন।
ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে সৈন্য সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকাটি পুনরুদ্ধারে কয়েক সপ্তাহ ধরে চলা অভিযানের সমাপ্তি ঘটল। সেপ্টেম্বরে আকস্মিক অভিযানের মাধ্যমে হুতিরা এলাকাটি দখল করে নেয়। এতে বিশ্ববাজারে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয় এবং হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।
রোববার হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, তারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এ বিষয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
সরকারপন্থী বাহিনী অক্টোবরের শুরুর দিকে জানিয়েছিল, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিরাপদ করেছে। এর আগে হুতিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এলাকাগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তারা। এর এক মাস আগে হুতিরা প্রণালির মুখে অবস্থিত পেরিম দ্বীপ এবং কৌশলগত বন্দর শহর মোখাসহ বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়।
তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সৌদি-সমর্থিত বাহিনী রোববার জানায়, অন্যান্য এলাকায় নিজেদের শক্তি বাড়াতে তারা ওই এলাকা থেকে সরে আসছে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদনে 'সাউদার্ন আর্মড ফোর্সেস'-এর বিবৃতির বরাত দিয়ে বলা হয়, তাদের সেনারা ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দাব এলাকা থেকে সরে আসছে। সম্মুখভাগ শক্তিশালী করা এবং বিদ্যমান হুমকি মোকাবিলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হুতিরা জানিয়েছে, এই জলপথের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি তারা। তবে সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রাখবে।
এলাকাটি দখলের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য সৌদি আরব লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল।
এর জবাবে সৌদি আরব শত শত বিমান হামলা চালায়। অন্যদিকে হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও অবকাঠামো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
জাতিসংঘের প্রাক্কলন অনুযায়ী, সংঘাত তীব্রতর হওয়ায় ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা থেকে সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। দীর্ঘ এই সংঘাতে দেশটি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর জোট সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর লক্ষ্যে হস্তক্ষেপ করলে সংঘাত আরও তীব্র হয়।
চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে পড়তে শুরু করে। ওই সময় হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে থাকা তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।
হুতিদের দাবি, আমাদের নিয়ন্ত্রিত এলাকার বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ এবং সানা বিমানবন্দরে বিমান হামলার জবাবে আমরা এসব পদক্ষেপ নিয়েছি। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে আসছে।