ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাঁদের জন্য আয়োজিত বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন হামলাকারীর রেখেযাওয়া বার্তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
একজন সম্মানিত শিক্ষক থেকে কীভাবে একজন সম্ভাব্য ঘাতকে পরিণত হলেন এই ব্যক্তি, সে প্রশ্নের উত্তর খুঁজছেন তাঁরা। সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টমাস অ্যালেন। বয়স ৩১। ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের এই বাসিন্দা খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম তৈরির কাজও করতেন।
হামলার আগে পরিবারের সদস্যদের কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন অ্যালেন। সে বার্তায় তিনি লিখেছিলেন, ‘আমি যাঁদের বিশ্বাস ভেঙেছি, তাঁদের সবার কাছে ক্ষমা চেয়ে শুরু করছি।’
বার্তায় প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করার ইচ্ছার কথা এবং রাজনৈতিক ক্ষোভের কথাও লেখা ছিল। সবশেষে অ্যালেন লিখেছেন, ‘আমি ক্ষমা পাওয়ার আশা করি না।’
অ্যালেনের বোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছেন, লস অ্যাঞ্জেলেসে বামপন্থী আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকে তাঁর ভাই উগ্র কথাবার্তা বলার প্রবণতা দেখাতে শুরু করেন। একই সময়ে তিনি আগ্নেয়াস্ত্র কেনেন এবং নিয়মিত শুটিং রেঞ্জে অনুশীলন করতে থাকেন।
লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে চড়ে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান অ্যালেন। সেখানে বার্ষিক ডিনারের আয়োজক হিলটন হোটেলে ওঠেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তারা বলেন, অ্যালেনের কাছে ছিল একটি ডট থার্টি এইট ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি বারো গেজের শটগান। হামলার আগে পরিবারকে পাঠানো বার্তায় তিনি নিজেকে ‘ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন’ বলে পরিচয় দেন এবং ট্রাম্পবিরোধী মনোভাব প্রকাশ করেন। এরপর অ্যালেন স্থানীয় সময় গত শনিবার রাতে নৈশভোজের বাইরে নিরাপত্তাবেষ্টনী ভেদ করার চেষ্টা করেন।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সিএনএনকে বলেন, সন্দেহভাজন হামলাকারী কয়েকটি গুলি ছোড়েন এবং এক সিক্রেট সার্ভিস সদস্যকে গুলি করেন। বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় ওই সিক্রেট সার্ভিস সদস্য রক্ষা পান। সঙ্গে সঙ্গে অ্যালেনকে আটক করা হয়। ট্রাম্পসহ অন্য নেতারা পাশের হলরুমে নিরাপদে আশ্রয় নেন।
যেভাবে বেড়ে উঠেছেন অ্যালেন
লিংকডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়েছেন। সেখানে তিনি খ্রিষ্টান ফেলোশিপ সংগঠন ও নার্ফ ক্লাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে ফেসবুকে পোস্ট করা ছবিতেও তাঁকে খ্রিষ্টান ফেলোশিপের অনুষ্ঠানে দেখা যায়।
শিক্ষার্থী থাকাকালে ২০১৭ সালে হুইলচেয়ারের জন্য একটি জরুরি ব্রেকের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিলেন অ্যালেন। একই বছর তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সমাবর্তন ঘোষণায় তাঁর দুটি ছবি ছিল।
স্নাতক শেষে অ্যালেন সি-টু এডুকেশন নামের একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাঁকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে স্বীকৃতি দেয়।
শিক্ষকতার পাশাপাশি ভিডিও গেম ডেভেলপার হিসেবেও কাজ করতেন অ্যালেন। স্টিম প্ল্যাটফর্মে দেড় ডলারে বিক্রির জন্য ‘বোহরডম’ নামে একটি ইন্ডি গেম প্রকাশ করেন তিনি। গেমটির বিবরণে লেখা ছিল, এটি ‘একটি দক্ষতাভিত্তিক, অহিংস অ্যাসিমেট্রিক্যাল ফাইটিং গেম’।
লিংকডইনে অ্যালেন লিখেছিলেন, ‘ফার্স্ট ল’ নামে একটি দ্বিতীয় গেম তৈরির কাজ চলছে।
রাজনৈতিক সক্রিয়তা ও অস্ত্র কেনা
অ্যালেনের বোন বলেছেন, সাম্প্রতিক বছরগুলোয় অ্যালেন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন। যোগ দেন ‘দ্য ওয়াইড অ্যাওয়েকস’ নামের বামপন্থী সংগঠনে। ফেডারেল নির্বাচন কমিশনের নথি অনুযায়ী, ০২৪ সালের অক্টোবরে কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারে ২৫ ডলার দান করেছিলেন তিনি।
অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দপ্তরের তদন্তকারীরা বলেছেন, ২০২৩ সালের ৬ অক্টোবর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে হামলায় ব্যবহৃত পিস্তলটি কেনেন অ্যালেন। ২০২৫ সালের ১৭ আগস্ট টরেন্সের একটি দোকান থেকে শটগানটি কেনেন। দুটো ক্রয়ই বৈধভাবে হয়েছিল এবং দুই ক্ষেত্রেই এফবিআইয়ের মাধ্যমে তাঁর ব্যাকগ্রাউন্ড যাচাই করা হয়েছিল।
লস অ্যাঞ্জেলেস থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছে অ্যালেন হিলটন হোটেলে উঠেছিলেন। গত শনিবার সন্ধ্যায় পরিবারকে পাঠানো বার্তায় তিনি স্পষ্ট করে লিখেছিলেন, তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চান। বার্তায় তিনি মা-বাবা, সহকর্মী ও ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে নিশানা করার ইচ্ছা নেই বলে জানান।
বার্তায় অ্যালেন যুক্তি দেন, তাঁর এ পদক্ষেপ খ্রিষ্টীয় মূল্যবোধের পরিপন্থী নয়। তিনি লেখেন, অন্যের ওপর অত্যাচার চলতে দেখেও চুপ করে থাকাটাই বরং অধর্ম; সেটা অত্যাচারীর সহযোগী হওয়ার নামান্তর।
বার্তার শেষ দিকে তিনি লেখেন, এই প্রশাসনের কর্মকাণ্ডের কথা মাথায় এলেই তাঁর ভেতরে আগুন জ্বলে ওঠে।
বার্তা পেয়ে অ্যালেনের ভাই কানেকটিকাটের নিউ লন্ডন পুলিশ বিভাগকে বিষয়টি জানান। পরিবারের অন্য সদস্যরাও পুলিশে যোগাযোগ করেন।
সন্দেহভাজন হামলাকারী বাইরের নিরাপত্তাবলয় ভেদ করে হলরুমের ভেতরে ঢোকার চেষ্টা করেন। গুলিবিদ্ধ সিক্রেট সার্ভিস সদস্যকে হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালেনের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য খুঁজে বের করার কাজ শুরু করে। সিক্রেট সার্ভিস সদস্য ও মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্টি পুলিশ সদস্যরা রকভিলে তাঁর বোনের সাক্ষাৎকার নেন। টরেন্সে অ্যালেনের বাড়ির বাইরে জড়ো হন এফবিআই সদস্যরা। পুলিশ টেপ দিয়ে রাস্তার একটি অংশ ঘিরে ফেলে। বাড়িটিতে জ্বালানো হয় স্পটলাইট। ঘটনাস্থলে ভিড় করেন সাংবাদিকেরা, আকাশে চক্কর দিতে থাকে হেলিকপ্টার।
পাশের বাড়ির এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে সিএনএনকে বলেন, অ্যালেন ওই বাড়িতে থাকতেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে কয়েক দিন আগেও তাঁকে দেখেছেন। অ্যালেনের বাবা বন্ধুসুলভ মানুষ। তাঁর সঙ্গে প্রায়ই কথা হতো।
ডিসি জেলার মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের দুটি এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর আক্রমণের একটি-মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, সন্দেহভাজন হামলাকারী তদন্তকারীদের কোনো সহযোগিতা করছেন না।
ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত
ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপক মাত্রায় ব্যবহৃত হয়ে আসছে। এবার এই ড্রোন উৎপাদনের খরচের বিষয়টি খোলাসা করেছে তেহরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, দেশটির তৈরি শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বোচ্চ ২০ হাজার ডলার খরচ হয়।
রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাহেদ-১৩৬ এক ধরনের আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি আগে থেকে নির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো এটি ফিরে আসার জন্য তৈরি করা হয়নি।
২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনের উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন ও পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলক কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণেও ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৫ মিটার। ডানার বিস্তার আনুমানিক ২ দশমিক ৫ থেকে ৩ মিটার।
ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে বলে ধারণা করা হয়।
নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার কারণে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
ছবি: সংগৃহীত
৭ বছর আগে ‘খুন হওয়া’ নারীকে খুঁজে বের করলেন ‘খুনি’। ছবি: সংগৃহীত
পবিত্র মদিনা। ছবি: সংগৃহীত
চীনের তৈরি বৈদ্যুতিক বিমান। ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।
কোমাক জানিয়েছে, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই এর উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এদিকে বিমানটি বাণিজ্যিকভাবে ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহণে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।
বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে এর সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার। সূত্র: এনডিটিভি
সৌদি আরবকে ধ্বংস করতে আমার তিন দিন লাগবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত