প্রধানমন্ত্রী তারেক রহমান রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে ভাষণ দেন

  • প্রকাশ : রবিবার ১০ মে, ২০২৬, সময় : ৬:৩০ এএম

পুলিশ কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। আজ রোববার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের ‘কল্যাণ প্যারেডে’ এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য।


তিনি বলেন, পুলিশের কাজ ‘দুষ্টের দমন আর শিষ্টের লালন’। জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক হোক আস্থা এবং নির্ভরতার। যে কোনো বিপদে আপদে জনগণ যেন থানা পুলিশকে তাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল মনে করতে পারে।


পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ‘জনগণ রাষ্ট্রের মালিক। এই মালিক যখন বিপদে পড়ে থানায় যায়, সেখানে তারা আপনাদের আচরণে যেন কিছু হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা আপনাদের দায়িত্বের অংশ।’


তিনি আরও বলেন, ‘আপনাদের মনে রাখা দরকার, আইনি সহায়তা পেতে সাধারণ মানুষ প্রথমেই থানায় আসে। পুলিশের সহায়তা চান।’


প্রধানমন্ত্রী বলেন, ‘বিপদে না পড়লে মানুষ থানায় যায় না। তাই, থানায় যাওয়ার পর তার বিপদ কমবে মানুষের মনে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত জরুরি। আপনারা অবশ্যই যে কোনো বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন। তবে সেখানে যদি মানবিকতার ছোঁয়া থাকে তাহলে আপনাদের কারণে সরকারের সাফল্যগুলো জনমনে ইতিবাচক প্রভাব ফেলবে।’


পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ে সরকারের দূত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পুলিশ সদস্যরা তাদের দক্ষতা এবং তাৎক্ষণিক কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কেবল আইন প্রয়োগকারী বাহিনীর সদস্য নন; তারা হচ্ছেন রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তার নিশ্চয়তা ও ন্যায়বিচার প্রদানের প্রথম দ্বার।’


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জান-মালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলো। সেই অন্ধকারের সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। আমি মনে করি, জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখাই পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ।’


প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতাসম্পন্ন একটি সুদক্ষ ও আধুনিক মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন। এই কঠিন কাজটিই বর্তমান গণতান্ত্রিক সরকার শুরু করেছে। সুতরাং সাধ্যের সবটুকু দিয়েই সরকার আপনাদের চাওয়া পাওয়াগুলো অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করবে।’


তারেক রহমান বলেন, আমরা থানাগুলোর পরিবেশ এমনভাবে করতে চাই, যা আইজি সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, যেন একজন মানুষ কোনো মাধ্যম ছাড়াই সরাসরি থানায় গিয়ে নির্ভয়ে তার অভিযোগ জানাতে পারেন এবং একসাথে প্রতিকারও পেতে পারেন।


প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। এ কারণেই পুলিশের জন্য জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি। তাই, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউস ডে’র মতো জনমুখী উদ্যোগের মাধ্যমে জনগণকে পুলিশি কার্যক্রমে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।


মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন কিংবা চুরি-ডাকাতি, সংঘবদ্ধ অপরাধ, কিশোর গ্যাং, আর্থিক জালিয়াতিসহ নানা ধরনের অপরাধ প্রবণতা রয়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত এসব অপরাধের শিকার হচ্ছেন। দেশে মাদক এবং অনলাইন জুয়ার ব্যাপারেও জনমনে উদ্বেগ রয়েছে। তাই, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ‘মাদক সরবরাহকারী এবং মাদকের উৎসমূল’ টার্গেট করে মাদক নিয়ন্ত্রণে পুলিশকে কার্যক্রম চালাতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে উদ্ভূত বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার পুলিশ প্রতিষ্ঠা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা বিশ্লেষণসহ বিকাশমান প্রযুক্তির সমন্বিত ও কার্যকর ব্যবহার আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে। এ লক্ষেই সরকার একটি আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।


তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, আর্থিক জালিয়াতি প্রতিরোধ, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় উন্নত প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও ফরেনসিক সুবিধা এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করাসহ এসব বিষয়গুলোকে আরও কার্যকর করতে সরকার পর্যায়ক্রমিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে।


সরকার দেশে মানবাধিকার সমুন্নত রেখে আইনের শাসন নিশ্চিত করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গুম-অপহরণ কিংবা বিচারবহির্ভূত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা পুলিশের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ পুলিশের প্রাতিষ্ঠানিক মর্যাদা, পেশাদারিত্ব ও জনআস্থা আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বদলি, পদোন্নতি কিংবা পুলিশে নিয়োগ এসব ক্ষেত্রে মেধা যোগ্যতা, দক্ষতা এবং সততাকেই আমরা প্রাধান্য দিতে চাই।


পুলিশে বাহিনীকেও আরও দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দ্রুত পরবর্তনশীল এই বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের পুলিশ বাহিনীকেও আরও দক্ষ এবং আধুনিক করে গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি তাদের আবাসন সংকট সমাধান, মানসম্মত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন এবং ঝুঁকি ভাতাসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়গুলো সরকারের বিবেচনায় রয়েছে।


সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কখনই পিছপা হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি দুর্বল শাসন কাঠামো, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মাথায় বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমন বাস্তবতায় আমাদের পক্ষে আপনাদের সব প্রত্যাশা কয়েক সপ্তাহ কিংবা কয়েকমাসের মধ্যে পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে কখনই পিছপা হবো না।


অস্ত্রের শক্তির চেয়ে মানবিকতা, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যই প্রধান শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পথ সহজ নয়, কিন্তু আমাদের উদ্দেশ্য মহৎ। আমরা একটি সমৃদ্ধ স্বনির্ভর গণতান্ত্রিক নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে চাই।’


অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৯ পিএম

দেশের পাঁচ বিভাগীয় ও জেলা পর্যায়ে নির্মিত পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে। ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোতে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।


দীর্ঘদিন আগে হাসপাতালগুলোর নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সেগুলো চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ায় হাসপাতালগুলো চালুর উদ্যোগ বাস্তবায়নের পথে। হাসপাতাল পাঁচটি চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


নতুন করে চালু হতে যাওয়া হাসপাতালগুলো হচ্ছে- বরিশাল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল এবং কুমিল্লা শিশু হাসপাতাল। প্রতিটি প্রতিষ্ঠানে ২০০টি করে শয্যা থাকবে। এসব হাসপাতালে শিশুদের নিবিড় পরিচর্যা এবং জটিল রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।


পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি উপপরিচালক, পাঁচটি সহকারী পরিচালক, ১০০টি সিনিয়র কনসালটেন্ট, ২০০টি জুনিয়র কনসালটেন্ট এবং ১০টি আবাসিক চিকিৎসকের পদ। 


এ ছাড়া ১৫টি আবাসিক সার্জন, পাঁচটি আবাসিক মেডিকেল অফিসার, ৩২৫টি মেডিকেল অফিসার, ১০টি সহকারী ডেন্টাল সার্জন, ২০টি ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং ২০টি অ্যানেসথেশিয়া-সংক্রান্ত পদ রাখা হয়েছে।


হাসপাতালগুলোর প্রশাসনিক কার্যক্রম শুরু করার প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। 


এতে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।


হাসপাতালগুলোতে শিশুদের জটিল ও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট এবং কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে হাসপাতালগুলোর সেবা সম্প্রসারণের সুযোগ থাকবে।


এসব প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। ২০০ শয্যার শিশু হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় এসব চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।


হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে গত ১০ মে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর। ওই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ শুরু করে।


এরই ধারাবাহিকতায় গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। হাসপাতালগুলোর জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের উদ্দেশ্যে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে তিনি সে সময় উল্লেখ করেন। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।


জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রতীকী ছবি

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ এএম

নিবন্ধনের ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা বায়োমেট্রিক তথ্য দিচ্ছেন না, তাদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়ছে, কাজের অগ্রগতি হচ্ছে না। এ কারণে সমন্বয় কমিটির বৈঠকে এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য ছয় মাস সময়সীমা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।


নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেয়ায় আবেদন বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে আবার আবেদন করতে পারবেন বলে উল্লেখ করেন আখতার আহমেদ।


ইসি সচিব বলেন, অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (নিষ্পত্তির অপেক্ষায়) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।


এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে বলেন, অনলাইনে এনআইডি আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো বা ডেকে পাঠানো হয়। কিন্তু কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে তার আবেদনটি বাতিল করা হবে। কারণ, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়।


সূত্র: বাসস


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৪ পিএম

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সেখানে তিনি আর্মি ট্যাকটিক্যাল ভেহিকেল (সাঁজোয়া যান) চালিয়ে জয়েন্ট স্পেশাল ফোর্সের চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন।এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যাত্রা করেন।স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি।


বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে।মহড়া পরিদর্শন শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:২২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার মধ্যে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে সরকার। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের জন্য ঢাকার সব বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থার মিশনের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উদ্দেশে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের বলেন, “এগুলো কূটনৈতিক পরিস্থিতি নিয়মিত ব্রিফিং। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকাবস্থায় মন্ত্রী হিসাবে আমার প্রথম ব্রিফিং।


“বিভিন্ন বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি, নীতি নিয়ে সর্বশেষ অবস্থা জানানো। আমরা বিনিয়োগসহ সার্বিক দিক নিয়ে কথা বলেছি। বিভিন্ন ক্ষেত্রে আমাদের নীতিগুলো কীভাবে এগোচ্ছে, সে বিষয়ে আমি কথা বলেছি। কীভাবে আমরা সন্ত্রাসীদের মোকাবেলা করছি, সে বিষয়ে।”


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা সন্ত্রাসবাদকে যেভাবে মোকাবেলা করছি, সেটাই সঠিক উপায়। এবং টেররিস্টদের ব্যাপারে যে আমরা কঠোর অবস্থান, বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে এবং বাংলাদেশের মানুষ চায় আমাদের সরকারও এদের ব্যাপারে কঠোর অবস্থান নেয়। সুতরাং আপনি জানেন, এখানে সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।


“আপনারা জানেন, সবাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সন্ত্রাসবাদ তো আর কোনোভাবেই সহ্য করা যায় না। মানে, এটা পৃথিবীর সব জায়গায় অগ্রহণযোগ্য।”


ওই ব্রিফিংয়ের পর সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।


সে প্রসঙ্গে টেনে হুমায়ুন কবির বলেন, “আমরা কী করছি, সে বিষয়ে দেশের মানুষকে সর্বশেষ অবস্থা জানিয়ে রাখতে চাই।


“তবে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দৃঢ় আছি। আমরা সেক্ষেত্রে দৃঢ় অবস্থানে।”


দেশের মানুষ এবং বিদেশি অংশীদারদের সঙ্গে উন্মুক্ত সংলাপ এবং আলোচনার মাধ্যমে সরকারের নীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন।


সাইবার সুরক্ষা আইনের মতো বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও এমন মতবিনিময় হবে বলে জানান তিনি।


সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার কোনো উদ্বেগ প্রকাশ করেছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “না, কারও কাছে এ বিষয়ে উদ্বেগ প্রকাশের জন্য এই ব্রিফিং নয়, আপনি বিষয়টা বললেন। এটা হচ্ছে, আমরা আমাদের নীতি নিয়ে কীভাবে এগোচ্ছি, সে বিষয়ে ছিল এটা।”


সন্ত্রাসী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, “এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই। টেররিস্ট তো আওয়ামী টেররিস্ট, টেররিজম। ওকে?


“বাংলাদেশের মানুষের উপর টেররিজম তো এক জায়গা থেকেই, যে আওয়ামী টেররিজম। স্পন্সর্ড বাই হাসিনা আপা ফ্রম দিল্লি। তো এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না যে ইয়ে হবে।


“তো হ্যাঁ, টেররিস্ট তো বাংলাদেশের মানুষ এখন এই গোষ্ঠীর লোককেই জানে, কারা। সুতরাং এইটা তো এখন আর কারও কাছে আশ্চর্যজনক বিষয় নয়।”


পরিস্থিতি মোকাবেলায় সরকার আরও কঠোর হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা একটা আত্মবিশ্বাসী সরকার। কেন? আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের ওভারহোয়েলমিং, দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না। অবৈধ না, যেমনটা অতীতে আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে এর জোরালো অবস্থান আছে।


“সুতরাং আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এটা মোকাবেলা করছি এবং আমাদের মানুষজনের সঙ্গে আত্মবিশ্বাসের কথা বলছি।”


আওয়ামী লীগ ‘বিচ্ছিন্ন সন্ত্রাস’ চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “এরা মনে করে যে, এগুলা করে মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এবং মানে মানুষ তো আতঙ্কিত হচ্ছেই না।


“আপনি যদি দেখে থাকেন, এটা উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। তারাই আতঙ্কিত হচ্ছে। এই টেররিস্টরাই আতঙ্কিত হচ্ছে। এজন্য আমি বলছি না যে—‘জয় বাংলা’ এখন পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান। মানে জয় বাংলা বলেই মনে হয় কেউ মারতেছে দৌড়।”


আরেক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান হবে দৃঢ়, এটাই বলতে পারি। আওয়ামী সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করব।”



আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৪ পিএম

দেশে ফিরতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


চিফ প্রসিকিউটর বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। অতএব, এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।


ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলে জানাতে হবে।


আমিনুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ দলের নেতাকর্মীরা যে খুনি, তা তারা প্রকারান্তরে বিশ্বের কাছে প্রমাণ করে দিচ্ছেন।


তিনি বলেন, এসব আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। স্পষ্টভাবে বার্তা দিতে চাই, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।


উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪৩ পিএম

ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছা ‘দুঃস্বপ্ন’ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরেই আসতে হবে। তাকে কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরানো সম্ভব। মঙ্গলবার সকালে ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে করে দেশে ফেরার দাবি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ইচ্ছা করতে পারেন, মানে বিছানায় ঘুমিয়ে নাইটমেয়ার (দুঃস্বপ্ন) দেখতে পারেন। নাইটমেয়ারের মধ্যে দেখতে পারেন, আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি। না, তিনি স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন।’


পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনি জানেন, তাকে ফেরানো হতে পারে কেবল হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর পর্যবেক্ষণের ভেতর দিয়ে। এটাই বিষয়।’


শেখ হাসিনার দেশে ফেরার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাই, মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে কনসালট্যান্টগুলো হায়ার করে, অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু রিয়েলিটি (বাস্তবতা) আর ডিজায়ার (আকাঙ্ক্ষা) দুই জিনিস। আপনাকে দুটার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হচ্ছে, কোনো সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া অন্য কোনোভাবে ফিরতে দেওয়া হবে না।’


দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো পরিষ্কার, টেররিস্ট তো একজনই; টেররিস্ট আওয়ামী টেররিস্ট, আওয়ামী টেররিজম।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ টেররিজম তো এক জায়গা থেকেই দেখে, আওয়ামী টেররিজম, স্পন্সরড বাই হাসিনা। আপা ফ্রম দিল্লি। এটা তো সবাই জানে, এটা তো রকেট সায়েন্স না!’ তার ভাষায়, বিষয়টি এখন আর কোনো বিস্ময়ের নয়।


গোপালগঞ্জের পরিস্থিতি সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে উল্লেখ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই সরকার তো আর এলোমেলো সরকার না, অবৈধ সরকার না।’


তিনি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন। কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং উল্টো সন্ত্রাসীরাই আতঙ্কিত হচ্ছেন।


‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। জয় বাংলা বললেই মনে হয় কেউ মারতেছে দৌড়।’


নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আগের দিন চারতলা থেকে নামার সময় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান শুনে খোঁজ নেন। পরে দেখেন, একজন ওই স্লোগান দিয়েই দৌড়ে পালাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাধারণ মানুষ এখন বলাবলি করে, মুসলমান হিসেবে আমরা মৃত্যুর আগে কালিমা পড়ার চেষ্টা করি; আর এসব কাপুরুষ সন্ত্রাসী পালানোর আগে বা শেষ সময়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালায়।’


হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। দলটির কোনো জনভিত্তি নেই, মানুষ তাদের ঘৃণা করে। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ গুণগত পরিবর্তন ও উন্নত শাসনব্যবস্থা চায়। এ ধরনের নোংরামি আর দেখতে চায় না। জনগণই এখন এসব ব্যক্তিকে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবে বলে মন্তব্য করেন তিনি।


সরকার ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর থাকবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন ও মোকাবিলা করা হবে।


এর আগে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করে সরকার। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি দেশের কূটনৈতিক মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সরকার। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে বলে কূটনীতিকদের জানানো হয়।


ব্রিফিংয়ে আরও বলা হয়, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান এবং পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপও কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।


এর আগে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা। এ জন্য ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ জানিয়েছেন শেখ হাসিনা। এর আগে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি দিয়েছিল তার পক্ষে কাজ করা ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স। পরে ১৯ নভেম্বর এ বিষয়ে অগ্রগতি জানতে আবারও চিঠি দেওয়া হয়।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।