ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়ানো হলেও নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মো. হাফিজুর রহমান বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন।তিনি বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির জন্য দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এ পর্যন্ত আন্দোলন যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের আড়ালে কিংবা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করেও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য আসছে।
এসআরবির এই কর্মকর্তা জানান, যারা ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা করছে, তাদের এবং এসব ঘটনায় সম্পৃক্ত বেশ বড় সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের কাছে সোপর্দ করেছেন।জনগণকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হাফিজুর রহমান বলেন, আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া জেলা সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া পৌঁছে তিনি পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি এলাকার মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার সংলগ্ন মরা গড়াই খালের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে সম্ভাব্য উদ্বোধনস্থল ও সংশ্লিষ্ট প্রকল্পের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
এ সময় জিকে সেচ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে। প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক সেচ সুবিধা পাবেন। এর ফলে ধানসহ বিভিন্ন ফসল ও সবজির উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে। পাশাপাশি প্রায় ৪০ লাখের বেশি মানুষ এ সেচ সুবিধার আওতায় আসবেন। এতে কৃষকদের সেচসংকট দূর হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মান ও জীবিকা উন্নত হবে।
প্রকল্পের আর্থিক ও কৃষি গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পে প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর কৃষিজমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে এ অঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলার মরা গড়াই খাল খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ এ খালটি কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে গিয়ে মিশেছে। খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নদী ও খাল পুনরুদ্ধার কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। এসব প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান ও নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের কাজ যথাযথ পরিকল্পনা ও মানসম্মতভাবে বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের উড়োজাহাজে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান।
উপদেষ্টা জাহেদ বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের। আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারত) ওখানে আছেন, যারা শুধু অভিযুক্ত না, শেখ হাসিনা সাজাপ্রাপ্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন।’
তিনি বলেন, ‘সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন, না তাদের (ভারতের) বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তিনি আসলে অনেক কিছু, তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে।’
ভারতের প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওইদিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তারাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের পজিটিভলি এনগেজ হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই।’
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সেটা হচ্ছে আমরা একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চাই। হাসিনা যদি এভাবে বাংলাদেশে আসতে না চান, হয়তো কোর্টে যাবেন। কোর্টে গিয়ে উনি বলার চেষ্টা করতে পারেন। কিন্তু তিনি তো আসতেই চান। সুতরাং, তার এখন আর কোর্টে যাওয়ার বা আইনি ঝামেলা থাকার কোনো কারণ আছে বলে মনে করি না। সুতরাং তাকে প্রত্যর্পণ করে দিলেই হয়।’
উপদেষ্টা জাহেদ আরও বলেন, ‘ভারত তাকে জোর করে প্রত্যর্পণ করবে, ব্যাপারটা এরকম না। শেখ হাসিনা বলছে আমি যেতে চাই এবং বাংলাদেশ চাইছে তাকে প্রত্যর্পণ করা হোক—সুতরাং দুটো মিলে গেল। তাহলে এই দায় তো ওই সরকারের (ভারত) ওপর পড়ছে না। আর তার প্রত্যর্পণে আর কোনো আইনি ব্যারিয়ার আছে বলেও আমি মনে করি না।’
‘তার (শেখ হাসিনা) খুব সহজ একটা বুদ্ধি আছে। ভারতকে বলতে পারেন আমাকে তুমি প্রত্যর্পণ করে দাও বাংলাদেশের হাতে। ব্যাস হয়ে গেল। তারপর দেখা যাক আমরা আসলে কি চাই না চাই,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, নভেম্বরে সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময়ে গণপরিবহনসহ বিভিন্ন পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা, ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা কোনো ঝটিকা মিছিল করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেপ্তার হবেন।পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, নভেম্বরে এই পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি। পুলিশের স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসব ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া আছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে জানিয়ে উপদেষ্টা বলেন, এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ডা. জাহেদ উর রহমান আরও বলেন, নভেম্বরে এই পর্যন্ত বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একটি হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশে এ ধরনের তাণ্ডব ধারাবাহিকভাবে চালানো হয়েছে।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জানান, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টনের বিষয়ে করা চুক্তির মেয়াদও ওই দিন শেষ হবে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জনশক্তিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন বলেও জানান তিনি।
মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফ করেন নিম্নতম মজুরি বোর্ডের সৈয়দ আজাদ সুবহানী
আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। একই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং সবুজ বিনিয়োগের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট’ এবং ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে তাদের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ঋণের ভার বহনের পরিবর্তে মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতি রক্ষায় পর্যাপ্ত অনুদানভিত্তিক তহবিল প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকি মোকাবিলার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ ও ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কার্বন বাণিজ্যের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।
পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সম্ভাবনার সংযোগ তুলে ধরে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ‘ব্লু কার্বন’ সংরক্ষণ; কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও ‘অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং’ (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’-এর আওতায় প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হিসেবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্য অর্জনে দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী, বহুপাক্ষিক সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের বাংলাদেশে সবুজ বিনিয়োগ ও কার্বন বাজার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এসব অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS), আইডব্লিউএম (IWM) এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসিসি (UNFCCC)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আমরা চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পথচলা সবাই কাঁধে-কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করব।’ তিনি বলেন, বৈঠকে দেশের মানুষের স্বার্থ ও জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। পলাতক স্বৈরাচারের অপশক্তি দেশের বাইরে অবস্থান করেও যাতে বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। আজকের মতবিনিময়ের মাধ্যমে সেই ঐক্যের বার্তা সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।’ ২৪ এর গণঅভ্যূত্থানের সময়কার স্মৃতিচারণ করে মাহদী আমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সব শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ ও মত-পথের মানুষ একত্রিত হয়েছিল। তারা এমন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিল, যেখানে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। আজকের বৈঠকে সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটেছে।
মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা, মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির প্রতিফলন ঘটিয়ে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকা প্রয়োজন।
এনসিপির সঙ্গে নতুন করে ঐক্য গঠনের কোনো বিষয় রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। তখন কেউ কার রাজনৈতিক আদর্শ কী, তা বিবেচনা করেনি। দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ একটি স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।
রাষ্ট্রের মালিক একমাত্র জনগণ উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ-এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্রকামী মানুষের মধ্যে ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও বলেছেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করেছে, তা নোট অব ডিসেন্টসহ শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রেকর্ডসংখ্যক প্রায় শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে।
দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়। ৪০ মিনিটের বৈঠকটি শেষ হয় দুপুর ২ টায়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।