আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে
সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন।
‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান বলেন, ‘মব সন্ত্রাস যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে সেটি অন্য সবকিছুর মতো নির্বাচনেও প্রভাব ফেলতে বাধ্য। এ ক্ষেত্রে সরকারেরও দায় আছে। সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি।’
মবের উৎপত্তি নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশে মব সহিংসতা শুরু হয়েছে সরকারের ভেতর থেকে। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে প্রথম মবের উৎপত্তি হয়েছিল। সরকারের বাইরের শক্তি যারা এখন মব করছে, তারা ক্ষমতায়িত হয়েছে সচিবালয়ে মব সৃষ্টির পরে। এর ফলে সরকারের নৈতিক ভিত্তিও দুর্বল হয়েছে।’
নির্বাচনকে কেন্দ্র করে আর একটি হত্যাকাণ্ডও হবে না-এমন আশাবাদ ব্যক্ত করেন ইফতেখারুজ্জামান।
তিনি বলেন, ‘আর যেন নির্বাচনকেন্দ্রিক সহিংসতা না হয়। তবে সহিংসতার ঝুঁকি শুধু ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত নয়, এর পরবর্তী কয়েক দিনও থাকতে পারে। সরকার এই ঝুঁকির বিষয়টি ভালোভাবেই জানে এবং ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা ও সক্ষমতা তাদের রয়েছে।’
অবশ্য বাংলাদেশের অতীত নির্বাচনী ইতিহাসের কারণে উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক।
তিনি বলেন, অতীতের নির্বাচনগুলো থেকে শিক্ষা নিয়ে এবার সহিংসতা প্রতিরোধ করতে হবে।
ইফতেখারুজ্জামান জুলাই-পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢালাওভাবে মামলায় জড়িয়ে সাংবাদিকদের আটক রাখা হয়েছে। পেশাগত অবস্থান অপব্যবহারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া কতটুকু বিচার আর কতটুকু প্রতিশোধ-সে প্রশ্ন থেকে যাচ্ছে। এর ফলে প্রকৃত অপরাধী, কর্তৃত্ববাদের দোসরদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা কতটুকু সম্ভব ও গ্রহণযোগ্য হবে, সে প্রশ্নও থেকে যাচ্ছে।
প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে হলে হত্যা, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকির মতো অপরাধের প্রকৃত দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ন্যায়সংগত ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করতে হবে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “রাজনীতিবিদ ও আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায়। এ কারণে ঐকমত্য কমিশনে জনগণের কাছে জবাবদিহি সরকারব্যবস্থার জন্য যে পদ্ধতিগুলো উপস্থাপন করা হয়েছিল, প্রতিটি ক্ষেত্রে তাদের আপত্তি ছিল।”
নোট অব ডিসেন্টের মৌলিক কনসেপ্ট ধারণ করলে আপত্তি থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য বা সিদ্ধান্ত হয়েছে, সেটিই বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠদের মতামতকে প্রাধান্য দেওয়ার রীতি বিশ্বব্যাপী প্রচলিত আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এমনটি হবে কি না, সেটি দেখার বিষয়। গণভোটের রায় ‘হ্যাঁ’-এর পক্ষে গেলে সে ক্ষেত্রে যারা সরকারে যাবে, তাদের সদিচ্ছার ওপর সংস্কার বাস্তবায়ন নির্ভর করবে।’
সরকারের সম্প্রচার কমিশন অধ্যাদেশ ও গণমাধ্যম কমিশন অধ্যাদেশ নিয়ে সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক। এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, মিডিয়া বিশেষভাবে সরকার কর্তৃক উপেক্ষিত হয়েছে এবং মিডিয়ার প্রতি নতুন করে ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারের ভেতরের ও বাইরের শক্তি কাজ করেছে। বাইরের শক্তিকে সরকারই অতিক্ষমতায়িত করেছে।
গণমাধ্যম স্বাধীনভাবে পেশাদারত্বের সঙ্গে নিরাপদে কাজ করুক-এ চিন্তাভাবনা অন্তর্বর্তী সরকার ধারণ করেছে কি না, সে প্রশ্নও তোলেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুটি মিডিয়া কমিশন লোকদেখানো পদক্ষেপ ছাড়া আর কিছু নয়।
ইফতেখারুজ্জামান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচারক নিয়োগ কমিটি, স্বাধীন বিচার বিভাগ সচিবালয়ের মতো কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সচিবালয় কতটুকু কার্যকর হবে, তার জবাব পরবর্তী সরকারকে দিতে হবে। এ ছাড়া বিচারব্যবস্থার ভেতরে দলীয়করণ এখনো বড় চ্যালেঞ্জ।
গণতান্ত্রিক সংস্কার সফল করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনগুলোকে রাজনীতিমুক্ত করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দৃঢ় অঙ্গীকার প্রয়োজন বলে উল্লেখ করেন ইফতেখারুজ্জামান।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকেলে ঢাকায় ফিরে আসবেন।’
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন।
এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।
বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।
ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ৩টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে াসখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আজ জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।
যানজট নিরসনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি মেট্রোরেলের সম্প্রসারণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমে এসেছে।
এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।
বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময়- এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ ভবন। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।