টোল-ফ্রি নম্বর ৩৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহযোগিতায় এটুআই-এর ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে। মূলত নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে সম্পূর্ণ টোল-ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ চাপলে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এই সেবার আওতায় ভোটাররা ভোট প্রদানের নিয়ম ও পদ্ধতি, নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদানের নিয়ম এবং প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত তথ্যও এখানে মিলবে।
এ ছাড়া, জরুরি নির্দেশনা, প্রয়োজনীয় যোগাযোগ নম্বর এবং নির্বাচন কমিশনের নির্ধারিত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম ও পোস্টাল ভোটিং অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানানো হচ্ছে।
গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট আকারে) চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে ইতোমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক প্রয়োজনীয় তথ্য ও সহায়তা নিয়েছেন। এই হেল্পলাইনটি কেবল তথ্যসেবাই নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত তথ্য গ্রহণ এবং সম্ভাব্য অস্থিরতা আগাম শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার একটি সহায়ক মাধ্যম হিসেবেও কাজ করবে।
তবে এটি সরাসরি পুলিশ কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে না; বরং একটি ‘ইনফরমেশন ইনটেক, আর্লি ওয়ার্নিং অ্যান্ড ফরওয়ার্ডিং সিস্টেম’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে তিনটি কর্মসূচিতে যোগ দেবেন এবং বিকেলে ঢাকায় ফিরে আসবেন।’
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে, লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন।
এছাড়া, সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় এবং জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ।
বিএনপির নেতা হিসেবে তারেক রহমান ২২ বছর আগে লালমনিরহাটে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সফর।
ছবি : সংগৃহীত
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ৩টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে াসখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আজ জাতীয় সংসদে চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।
যানজট নিরসনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি মেট্রোরেলের সম্প্রসারণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।
সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমে এসেছে।
এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।
বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময়- এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।
সংসদ ভবন। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।