ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ১১:৩৬ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদ্য সাবেক এমডি সাফিকুর রহমানসহ চারজনের রিমান্ড শুনানিতে উঠে এল শিশু গৃহকর্মীকে নির্যাতনের ভয়াবহ তথ্য। আজ মঙ্গলবার রিমান্ড শুনানির একপর্যায়ে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন সেই গৃহকর্মীর জবানবন্দির কিছু অংশ পড়ে শোনান।


সেই জবানবন্দিকে ‘রোমহর্ষক’ বর্ণনা করে বিচারক বলেন, “জবানবন্দিতে বলা হয়েছে, পিঠে খুন্তি দেওয়া হত। চোখে দেওয়া হত মরিচের গুঁড়া। বাথরুমের মধ্যে রাখত। খাবার দিত না।”


“পানির মধ্যে থাকার কারণে পায়ে পচন ধরে গেছে। পুরো শীতে শীতের পোশাক দেয়নি, খাবার দেয়নি। টয়লেটের পেস্ট, পানি খেয়ে থেকেছে। বাথরুম আর বাথরুমের আশেপাশে তাকে আটকে রাখত।”


বিচারক বলেন, “জবানবন্দিতে উঠে এসেছে তার শরীরের মধ্যে মুখ থেকে গলা পর্যন্ত লম্বা পোড়া দাগ, যা এখন সাদা হয়ে আসছে। কপালে লাঠি দিয়ে মারার দাগ। হাতে বাঁশের লাঠির ও পোড়া দাগ আছে। দাগটি এখনো দগদগে।”


“পায়ের উরুর অংশে খুন্তি দিয়ে ছ্যাঁকার দাগ আছে। পিঠে বাঁশের লাঠি দিয়ে মারার অসংখ্য চিহ্ন আছে। চোখ দুটি ভেতরে ঢোকানো ও কালো দাগ। শরীরে জ্বর ও মাথায় প্রচণ্ড ব্যথা আছে। মাথার চুল ধরে টানার কারণে মাথা ব্যথার কথা বলেছে শিশুটি।”


শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি ও গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদে মঙ্গলবার রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই রোবেল মিয়ার।


আজ মঙ্গলবার শুনানি নিয়ে সাফিকুর ও রূপালী খাতুনকে পাঁচ দিনের রিমান্ড এবং বীথির সাতদিন ও অপর গৃহকর্মী সুফিয়া বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।


গৃহকর্মী শিশুটিকে আইনি সহায়তা দেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ডিএমসি) ফাহমিদা আক্তার রিংকি। অর্ধশতাধিক আইনজীবী শিশুটিকে আইনি সহায়তায় আদালতে উপস্থিত হন।


রিমান্ড শুনানিতে রিংকি বলেন, “ভিকটিমের ওপর চার আসামি পাশবিক নির্যাতন করেছে। সাফিকুর রহমান কী কারণে নির্যাতন করেছে, তা জানার জন্য রিমান্ড প্রয়োজন। ১২ বছরের নিচে শিশুকে নির্যাতন করা অপরাধ। বীথি তাকে বাসায় রেখে নির্যাতন করেছে।”


“প্রথমে তারা শিশুটিকে খাটে রাখত। পরে নিচে, এরপর বারান্দায়, পরে টয়লেটে রাখে। টয়লেটের ‘পেস্ট, টিস্যু খেয়ে বেঁচে ছিল’ শিশুটি। শীতের মধ্যে শীতের কাপড়ও তাকে দেওয়া হয়নি।”


তিনি বলেন, “একটা ঘরের মধ্যে শিশুটির সঙ্গে যে ধরনের নির্যাতন করা হচ্ছে, তারা (বাসার অন্য গৃহকর্মী) কাজের লোক হলেও বাইরে এসে প্রকাশ করতে পারত। কিন্তু তারা তা করেনি।”


“খুন্তি গরম করে তাকে ছ্যাঁকা দিত। সরকারি উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার বাসায় এমন শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য লজ্জার। তাকে রোমহর্ষক নির্যাতন করা হয়েছে।”


আসামিদের পক্ষে এ কে আজাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।


এ আইনজীবী বলেন, “সাফিকুর রহমান অফিস করতেন। সপ্তাহে মাত্র একটা দিন বাসায় থাকতেন। তিনি এ ঘটনার বিষয়ে অবগত না। তার রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।”


শিশুটিকে নির্যাতনের ঘটনায় তার হোটেল কর্মচারী বাবা গত ১ ফেব্রুয়ারি সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি, বাসার দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমের নামে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানো হয়।


মামলায় অভিযোগ করা হয়, উত্তরা ৯ নম্বর সেক্টরে সাফিকুর রহমানের বাসার নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর ছোট শিশুদের দেখাশোনার জন্য ১১ বছরের আরেক শিশুকে গৃহকর্মী হিসেবে খুঁজে দেন। মেয়েটির বিয়েসহ যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি পেয়ে তার হোটেল কর্মচারী বাবা গত বছরের জুন মাসে সাফিকুর রহমানের বাসায় তাকে পাঠান। সবশেষ গত বছরের ২ নভেম্বর ওই বাসায় গিয়ে মেয়েকে দেখে আসেন বাবা।


এরপর আর মেয়েটিকে পরিবারের সঙ্গে ‘দেখা করতে দেওয়া হয়নি’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।


সেখানে বলা হয়, ৩১ জানুয়ারি বিমানের এমডির স্ত্রী ফোন করে গৃহকর্মী মেয়েটির অসুস্থতার কথা বলে তাকে নিয়ে যেতে বলেন। পরে মেয়েটিকে আনতে গিয়ে শরীরে অমানবিক নির্যাতনের চিত্র দেখতে পান তার বাবা। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।





ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ এএম

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার  ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ৩টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি জানান, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করা হয়েছে। তিনি সেখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন। পরে াসখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।


উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, নুরুল ইসলাম নাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। নাহিদকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।


নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য তিনি। ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর ১০ বছর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।


সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০০ পিএম

যানজট নিরসনে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে। পাশাপাশি মেট্রোরেলের সম্প্রসারণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে গণপরিবহন সুবিধা বাড়াতে মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।


সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, যানজটের কারণে দেশে প্রতি বছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। এর প্রধান কারণ লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি অপচয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমে এসেছে।


এ অবস্থায় ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনতে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেবেন কি না, তা জানতে চান তিনি।


জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। কারণ, আরও তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নতুন করে এআই ক্যামেরাসম্পন্ন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।


প্রধানমন্ত্রী বলেছেন, নগরবাসী এরই মধ্যে বিভিন্ন পয়েন্টে নতুন সিগন্যাল লাইট বসানো দেখতে পাচ্ছেন। যদিও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেনি, তবে সরকার আশা করছে আগামী দুই মাসের মধ্যেই এআই সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং যানজট তুলনামূলকভাবে অনেক কমে আসবে।


বিশ্বের অন্যান্য জনবহুল শহরের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর যে কোনো বড় রাজধানীতে সকালে অফিস-স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির সময়- এই দুই দফায় দুই থেকে চার ঘণ্টার মতো কিছুটা যানজট থাকে। বাংলাদেশেও স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। তবে সরকার এই ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


যানজট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা জানান, এরই মধ্যে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে মনোরেল চালুর বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


মনোরেলের বিশেষত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এটি অপেক্ষাকৃত ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার ভেতরের রাস্তাগুলোতেও মনোরেল নেওয়া সম্ভব হবে। এটি বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে অভাবনীয় সুবিধা যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।


সংসদ ভবন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা (সোলার প্যানেল) চালু করা হচ্ছে। পরবর্তী বৈঠকের আগেই এ প্রকল্পের দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবকে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। 

বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুৎসাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির তৃতীয় (মুলতবি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লুৎফুল্লাহেল মাজেদ, মাহবুবুল আলম এবং সাইফুল আলম উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরিকল্পনা বিষয়ে ডিপিডিসির মাধ্যমে ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি এবং সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত উৎপাদনক্ষমতা নির্ধারণ, দরপত্র আহ্বান এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে পাবলিক প্রোকিউরমেন্ট রুলস (পিপিআর) এবং সোলার পাওয়ার আইন, ২০২৬ অনুসরণ করে বুয়েট, সংসদ সচিবালয়, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব করা হয়। এ ছাড়া প্রস্তাবিত কমিটির কারিগরি সমীক্ষা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংক্রান্ত বিষয়াদি যাচাই-বাছাইয়ে কমিটির সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, মাহবুবুল আলম এবং সাইফুল আলমের সমন্বয়ে একটি উপকমিটি গঠন করা হয়।

সভায় ডিপিডিসি কর্তৃক প্রণীত কারিগরি স্পেসিফিকেশন আগামী ২৪ নভেম্বরের মধ্যে সংসদ সচিবের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।


জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক (ছবি: বিএনপি মিডিয়া সেল)

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৫৭ পিএম

প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 


আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।


জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।


৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা।


মেঘনা আলম

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩০ পিএম

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ-সংক্রান্ত চিঠি দেন।


অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করেছে দুদক।


মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।


রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।


প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:৫৭ পিএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তার এই সফরকে ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজিয়ে তোলা হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় চলছে সৌন্দর্যবর্ধনের কাজ। একই সঙ্গে জনসভাস্থল কালেক্টরেট মাঠে নির্মাণ করা হচ্ছে বিশাল প্যান্ডেল। প্রস্তুত করা হচ্ছে মঞ্চসহ প্রয়োজনীয় অবকাঠামো।


সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর মহেন্দ্রনগর পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।


পরে একটি জনসভায় যোগ দেবেন সরকারপ্রধান। এ ছাড়া জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।


প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকে সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি।