নতুন আতঙ্ক ডেঙ্গুর প্রকোপের

  • প্রকাশ : মঙ্গলবার ৩০ জুন, ২০২৬, সময় : ১১:২৭ পিএম

সাড়ে তিন মাস ধরে সংক্রমণ ভীতি ছড়িয়ে যাচ্ছে হাম। টিকাসহ নানা উদ্যোগেও কমছে না এই রোগের প্রকোপ। 


এর মধ্যেই আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। শুধু জুনেই রোগী হয়েছে চার গুণ। মৃত্যুও বাড়ছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় লক্ষ্যভিত্তিক মশা নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 


তারা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে জুলাইয়ে ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু। আর জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করতে না পারলে মৃত্যু আরও বাড়তে পারে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন এবং জুনে ১৩ জন প্রাণ হারিয়েছেন। জুনেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যা ২ হাজার ৯০৭। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৭১৪, অর্থাৎ এক মাসের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় চার গুণ হয়েছে। 


অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৮০ রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৮ জন। 


উদ্বেগজনক এ পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কবিরুল বাশারের সঙ্গে কথা বললে তিনি বলেন, এখন থেকে প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়বে। জুলাই ও আগস্টে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এবার ঢাকার চেয়ে ঢাকার বাইরে সংক্রমণ বেশি হওয়ার শঙ্কা রয়েছে।


তিনি বলেন, অনেক রোগী চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে ঢাকায় আসছেন। দীর্ঘ সময় যাতায়াতের কারণে রোগীর শরীরে পানিশূন্যতা ও প্লাজমা লিকেজের মতো জটিলতা দেখা দিতে পারে। তাই জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে হবে, যাতে সব রোগীকেই রাজধানীতে আসতে না হয়।


ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু ফগিং কার্যকর নয় বলেও মন্তব্য করেন ড. কবিরুল বাশার। তিনি বলেন, মশার প্রজননস্থল শনাক্ত করে সেখানে লার্ভা ধ্বংস করতে হবে। এভিডেন্সভিত্তিক লক্ষ্য-নির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে মশার প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নিতে হবে।


বর্তমানে ডেঙ্গুর সবচেয়ে বেশি প্রকোপ বরিশাল বিভাগে। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৯ জন। চট্টগ্রামে ১ হাজার ১৪০ ও খুলনায় ৭০১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঢাকার দক্ষিণ সিটিতে সংক্রমণ বেশি। দক্ষিণে ৮৭১ জন ও উত্তরে ৫৩২ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে। 


ঢাকার ২০ ওয়ার্ডে এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনক 


সংক্রমণ ভয়াবহ হওয়ার শঙ্কা থাকলেও ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মশা নিয়ন্ত্রণে আগাম ও কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে এখনও ঘাটতি রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নিয়মিত কিছু কার্যক্রম চালালেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মাঠ পর্যায়ের কার্যক্রমে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে।


স্বাভাবিক নিয়মে তিন মাস পরপর স্বাস্থ্য অধিদপ্তর রাজধানীতে এডিস মশার ঘনত্বের জরিপ চালায়। তবে আর্থিক সংকটের কারণে এবার সেই জরিপ হয়নি। পরে ডিএসসিসি নিজস্ব অর্থায়নে একটি জরিপ চালায়। এতে ২০টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার উদ্বেগজনক উপস্থিতি পাওয়া যায়। এসব ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।


সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ না। সারাবছরই ডেঙ্গুর সংক্রমণ দেখা যাচ্ছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রশাসনিক প্রস্তুতি ও সতর্কতা পর্যাপ্ত নয়।


ডা. মুশতাক আরও বলেন, দেশে দুই দশক ধরে ডেঙ্গু রোগী শনাক্ত হলেও গত ছয় বছরে পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে ২০১৯ সালের পর থেকে প্রায় প্রতিবছরই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাঁর ভাষ্য, প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। জেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী না করতে পারলে মৃত্যুর হার বাড়াবে।


এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস বলেন, ডেঙ্গু প্রতিরোধে এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর দাবি, এবার ঢাকার বাইরের জেলাগুলোতে ডেঙ্গুর প্রকোপ বেশি। ডিএনসিসি আগেই প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে। 


জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে হাম ও ডেঙ্গু- দুই ধরনের সংক্রমণ পরিস্থিতি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। জনগণকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।


হাম পরিস্থিতি 


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুর একজন ঢাকার, অন্যজন সিলেটের। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে ৭১৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর।


২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৮০ শিশু। এর মধ্যে ১১৪ শিশু হামে এবং উপসর্গ রয়েছে ৮৬৬ শিশুর শরীরে। এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪২-তে। ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২১ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮১ শিশু।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ১ লাখ ১ হাজার ৭৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৯৬৫ শিশুর। এ সময়ে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ শিশু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ৯৭৪ জন।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত টিকাদান কাভারেজ না থাকায় হামের প্রকোপ দীর্ঘায়িত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক রোগ নিয়ন্ত্রণ পরিচালক অধ্যাপক ডা. বে-নজীর আহমেদ বলেন, হামের সংক্রমণ থামাতে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হয়। তবে যেসব এলাকা থেকে বেশি রোগী আসছে, সেখানে সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ফলে ভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। বিশেষ টিকাদান কর্মসূচির প্রচার-প্রচারণাও যথেষ্ট ছিল না। এবার ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অনেক অভিভাবক সে বিষয়ে জানতেন না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, বস্তি এবং কম সচেতন জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম মুশতাক হোসেন বলেন, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রথম ধাপে জরুরি টিকাদান কর্মসূচি চালানো হয়েছে। তবে শুধু জরুরি কর্মসূচি দিয়ে দায়িত্ব শেষ হয় না। নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করে টিকা নিশ্চিত করতে হবে। এ প্রক্রিয়াকে মাইক্রোপ্ল্যানিং বলা হয়। 


তিনি বলেন, বাস্তব পরিস্থিতি উপেক্ষা করলে সমস্যার সমাধান হবে না। যেসব শিশু এখনও টিকা পায়নি, তাদের দ্রুত টিকার আওতায় আনতে হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী দ্বিতীয় ডোজ নিশ্চিত করাও জরুরি।


হাম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাম নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে। 




প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩২ পিএম

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানি ব্যয় কমানোর লক্ষ্যে খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে শুল্ক-কর কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। 


রোববার মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে খেজুর আমদানিতে কমানো শুল্ক আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। আর মাল্টা ও আপেলের ক্ষেত্রে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কমানো করহার কার্যকর থাকবে।


এদিকে একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে গত ১৪ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশকে আইনে রূপান্তরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলো। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে ভ্যাটের দাখিলপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এ পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এ কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।


সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এখন জাতীয় সংসদের চলতি অধিবেশনে অধ্যাদেশটি আইনে রূপান্তরের লক্ষ্যে সংশোধন আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এটি চূড়ান্ত করা হয়েছে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:০২ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিষয়টিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।


আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথাগুলো বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার চায়, শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক। তাঁর পুনর্বিচার চায় ভারত।


শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ আছে কি না, তা জানতে চান সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে একটা ট্রায়াল (বিচার) হয়ে গেছে, সেটার আবার ট্রায়াল চায় কোনো দেশ। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই ট্রায়াল বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এই ট্রায়াল বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ তা বাতিল করেছে। পাকিস্তানেও তা নেই।


চিফ প্রসিকিউটর বলেন, এখন যে দেশ এটা চর্চা করে না, তারা আরেকটা দেশকে এই ট্রায়ালের জন্য অ্যাডভাইস (উপদেশ) করে। বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। যে সরকার অ্যাডভাইস করছে এখন, সেই ভারত এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি (শেখ হাসিনা) আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করল না যে বাংলাদেশে গিয়ে তিনি বিচার মোকাবিলা করুক। অথবা কেন বলল না যে যথাসময়ে গিয়ে তিনি আপিল করুক। তা না করে আপিলের সময় পার করল। বিচারের সময় পার করল।


এখন এসে আবার বাংলাদেশকে ডি নোভো ট্রায়ালের, অর্থাৎ পুনর্বিচারের অ্যাডভাইস করছে। এসব উদ্ভট বক্তব্য তাঁরা (চিফ প্রসিকিউটর) প্রত্যাখ্যান করেন। পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।


রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে। এই মামলায় শুরু থেকে পলাতক ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। আসাদুজ্জামান খানও পলাতক।


ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।...এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই।’ এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘...আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্নমেন্টেরও এখতিয়ার নাই।...অতএব কে কী অ্যাডভাইস করল, ওটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।’


মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।


প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।


যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাঁকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। 


এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল


অন্য প্রজ্ঞাপনে এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানানো হয়। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। সে হিসাবে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

 


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করেন

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:১৬ পিএম

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।


আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।


সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।


তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:০৩ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তার হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।


পরিবারের একজন সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে ও এনজিওপ্লাস্টি করা হবে। আজ বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।


এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।


হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।


প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২০ এএম

বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে চলতি মৌসুমের তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’। আগামী ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ১৮ নভেম্বরের দিকে এর প্রভাবে ভারতের বিভিন্ন উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, তা এখনো নিশ্চিত নয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য উইকের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট একটি বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে ১৪ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। ১৫ নভেম্বর এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর ১৬ থেকে ১৭ নভেম্বরের মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। নামটি প্রস্তাব করেছে ইরান। এর অর্থ অশুভ মন বা মন্দ স্বভাব।


আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলের দিকে এগোতে পারে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি পূর্বাভাস মডেলে সমুদ্রের মধ্যেই গতিপথ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।


এ ছাড়া পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে ১৪ নভেম্বরের পর।


ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগোলে তামিলনাড়ুতে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। চেন্নাইসহ উত্তর উপকূলীয় তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় অর্ণব ও মুরুসু অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছিল। ‘আকভান’ সৃষ্টি হলে এটি হবে চলতি মৌসুমের তৃতীয় ঘূর্ণিঝড়।