বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল। ছবি : বঙ্গভবন
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ও জ্ঞান অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
এদিন অধ্যক্ষ মেজর মো. শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রকাশিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর অধীনে বঙ্গভবন পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এত দূর থেকে বঙ্গভবন পরিদর্শন করতে এবং এর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে তারা এসেছে জেনে তিনি আনন্দিত।
শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনাব্যবস্থা সম্পর্কে জানার গুরুত্বও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে তারা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল রাঙামাটি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের পতাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭- ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।
মাস খানেক আগে প্রস্তাব ফেরত দিলেও শেষ পর্যন্ত মহেশখালীর কুতুবজোমে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের অনুমোদন পেয়েছে চীন।
একই ব্যয়ে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার কমিটির সভার পরে অর্থ মন্ত্রণালয় বলছে, মহেশখালীতে সরকারি পর্যায়ে (জিটুজি) কুতুবজোম এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিএনইই) যে দর দিয়েছে, তাতে সায় মিলেছে কমিটির।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নথি বলছে, সুপারিশকৃত দরদাতা সিএনইই। সরকারকে এরজন্য ব্যয় করতে হবে ১৫ বছর মেয়াদে প্রায় ১২ হাজার ৩২৪ কোটি টাকা, অথবা ২০ বছর মেয়াদে প্রায় ১৩ হাজার ১৬১ কোটি টাকা।
অক্টোবরে একই ব্যয়ে এলএনজি টার্মিনাল করার প্রস্তাব ফেরত পাঠানোর পর ব্যয় কাটছাঁটের আলোচনা ছিল। কিন্তু ব্যয় অপরিবর্তিত রেখেই অনুমোদনের তথ্য মিলেছে নথিতে।
তবে তাতে দৈনিক ফি, টার্মিনালের ক্ষমতা বা চালুর সময়ের কথা নেই।দেশের জ্বালানি সরবরাহের সংকটের মধ্যে আরও একাধিক এলএনজি টার্মিনাল করার কথা বলছে বিএনপি সরকার। এর প্রেক্ষিতে বিভিন্ন দেশ তাদের আগ্রহ জানিয়ে আসছে।
এরমধ্যে গত ১৯ জুন সিএনইই কুতুবজোমে একটি অফশোর এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব দেয়। এতে দৈনিক রিগ্যাসিফিকেশন সক্ষমতা ধরা হয়েছে ৬০০ মিলিয়ন ঘনফুট, সর্বোচ্চ সক্ষমতা ৭৫০ মিলিয়ন ঘনফুট।
তখন এ নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য বলছে, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে ১৫ বছরের চুক্তিতে প্রতিষ্ঠানটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার নেবে।
বর্তমানে এক্সিলারেট এনার্জির টার্মিনালের জন্য সরকারের দৈনিক খরচ ২ লাখ ৫৪ হাজার ডলার। সামিট এলএনজি টার্মিনালের জন্য খরচ ২ লাখ ৪৯ হাজার ১১৫ ডলার।
অর্থাৎ কুতুবজোমে এলএনজি টার্মিনাল নির্মাণ করলে সিএনইই-কে বর্তমান ব্যয়ের চেয়ে ৩৫ থেকে ৩৭ শতাংশ বেশি দিতে হবে এই চুক্তির আওতায়।
বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে দেশীয় উৎপাদন ও আমদানি করা এলএনজি মিলিয়ে সরবরাহ হয় প্রায় ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট।
মহেশখালীতে বর্তমানে দুটি ভাসমান টার্মিনাল আছে, এক্সিলারেট এনার্জির (দৈনিক সক্ষমতা ৬০০ মিলিয়ন ঘনফুট) ও সামিটের (৫০০ মিলিয়ন ঘনফুট)। কোনো টার্মিনাল বিকল হলে সরবরাহে বড় প্রভাব পড়ে।
জ্বালানি সংকট মোকাবেলায় দেশে নতুন তিন থেকে চারটি ভাসমান এলএনজি টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার।
এসব প্রকল্পে চীনা বিনিয়োগকারীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগকারীরাও আগ্রহী বলে জানিয়ে আসছের সরকারের মন্ত্রীরা।
গত ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই কার্যালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এফএসআরইউ স্থাপনে ‘স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক’ প্রক্রিয়ার ওপর জোর দেন।
তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, “দ্রুততম সময়ে টার্মিনাল নির্মাণের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানির প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।”
তবে সব আলোচনা ও সমালোচনার মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণের মতো বড় কাজ প্রথমেই পেল চীন। তাদের তরফে অক্টোবরের শেষে দেওয়া প্রস্তাবে ২০২৮ সালের মধ্যে টার্মিনাল চালুর কথা রয়েছে।
এলএনজি আমদানি
ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের পাশাপাশি এদিন অর্থনৈতিক বিষয়ক কমিটিরও বৈঠক হয়। দুই কমিটি মিলিয়ে এলএনজি আমদানির পাঁচটি প্রস্তাব অনুমোদন করেছে।
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ সামাল দিতে এসব প্রস্তাবে সায় দিয়েছে দুই কমিটি।
এরমধ্যে রয়েছে জাপানের মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি সরাসরি এলএনজি কেনার প্রস্তাব।
এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং এবং ওজিমাডু অ্যান্ড মেরিটেস ওয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড থেকে সরাসরি ক্রয়ে এলএনজি কেনার নীতিগত অনুমোদন মিলেছে।
অর্থনৈতিক বিষয়ক কমিটির তিনটি সিদ্ধান্তই পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুযায়ী সরাসরি ক্রয়ের। অর্থাৎ প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই এগুলো কেনা হবে। তবে এখনও এগুলো কেবল নীতিগত অনুমোদন পেয়েছে, দাম ও পরিমাণ পরে ক্রয় কমিটিতে আসবে।
এর বাইরে ক্রয় কমিটির বৈঠকে ওমানের ওকিউ ট্রেডিং থেকে ২০২৭ সালের এলএনজি কার্গোর জন্য তিনটি ‘সাইড লেটার’ সই ও দর অনুমোদন হয়েছে।
আর মালয়েশিয়ার পেন্টিচিউড এনার্জি থেকে ২০২৭ সালে দুই কার্গো এলএনজি কেনা হবে। উভয়পক্ষের সম্মতিতে কম বা বেশি হতে পারে বলা হয়েছে নথিতে।
এছাড়াও রমজান উপলক্ষে খেজুর আমদানি, সার আমদানি এবং কিছু অবকাঠামো নির্মাণ প্রকল্পের কেনাকাটায় সায় মিলেছে বৈঠকে।