সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ’র প্রতিনিধি দল
দেশের পোশাক শিল্পের বিকাশের পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএ’র প্রতিনিধিরা তাদের শিল্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলোর সমাধানে তারা স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি দাবি ও প্রস্তাবনাও উপস্থাপন করেন।
তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন।
বিজিএমইএ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের সমস্যাগুলো সমাধানে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। এগুলো দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, তাই সবকিছু সমাধানে কিছুটা সময় লাগবে। তবে পোশাক শিল্পের যেসব সমস্যা এখনই সমাধান করা সম্ভব, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এ লক্ষ্যেই আমাদের সরকার এ শিল্পের টেকসই উন্নয়নে কাজ করছে।’
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকার ব্যবসা-বাণিজ্যবান্ধব বাজেট প্রণয়ন করেছে।
উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিজিএমইএ’র প্রতিনিধি দলকে বলেন, ‘এই শিল্পের বিকাশে যা যা করা দরকার, সরকার তা করবে। জনগণের সমস্যা এবং আপনাদের সমস্যার সমাধান করতেই এ সরকার দায়িত্ব নিয়েছে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।’
বৈঠক শেষে বিজিএমইএ’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেনসহ বিজিএমইএ’র অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রতীকী ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিষয়টিকে তিনি ‘উদ্ভট বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথাগুলো বলেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার চায়, শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক। তাঁর পুনর্বিচার চায় ভারত।
শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ আছে কি না, তা জানতে চান সাংবাদিক। জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে একটা ট্রায়াল (বিচার) হয়ে গেছে, সেটার আবার ট্রায়াল চায় কোনো দেশ। এটাকে বলা হয় ‘ডি নোভো ট্রায়াল’। মানে আরেকবার বিচার। একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই ট্রায়াল বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এই ট্রায়াল বাতিল করেছে। একইভাবে বাংলাদেশ তা বাতিল করেছে। পাকিস্তানেও তা নেই।
চিফ প্রসিকিউটর বলেন, এখন যে দেশ এটা চর্চা করে না, তারা আরেকটা দেশকে এই ট্রায়ালের জন্য অ্যাডভাইস (উপদেশ) করে। বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই। যে সরকার অ্যাডভাইস করছে এখন, সেই ভারত এই মামলার ট্রায়াল প্রসিডিংয়ের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে আসামি (শেখ হাসিনা) আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন অ্যাডভাইস করল না যে বাংলাদেশে গিয়ে তিনি বিচার মোকাবিলা করুক। অথবা কেন বলল না যে যথাসময়ে গিয়ে তিনি আপিল করুক। তা না করে আপিলের সময় পার করল। বিচারের সময় পার করল।
এখন এসে আবার বাংলাদেশকে ডি নোভো ট্রায়ালের, অর্থাৎ পুনর্বিচারের অ্যাডভাইস করছে। এসব উদ্ভট বক্তব্য তাঁরা (চিফ প্রসিকিউটর) প্রত্যাখ্যান করেন। পুনর্বিচারের আইনগত কোনো সুযোগ নেই। গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার ৫৭ দিন পর গত ১৩ জানুয়ারি এই মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে আইনে। এই মামলায় শুরু থেকে পলাতক ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা। আসাদুজ্জামান খানও পলাতক।
ব্রিফিংয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আপিলের সুযোগ তো সরকারও দিতে পারবে না, আমিও দিতে পারব না। এটা তো তাদের (আওয়ামী লীগ সরকার) প্রণীত আইন।...এই আইন এবং রুলস অব প্রসিডিউর ব্যবহার করে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে, ব্যবহার করেছে, এই আইন চর্চা করেছে। আমরা তো কোনো আইন পরিবর্তন করি নাই।’ এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘...আইনে যদি প্রভিশন না থাকে, তাহলে এটা তো সরকার ইচ্ছা করলে দিতে পারবে না। এটা তো আমারও এখতিয়ার নাই, ট্রাইব্যুনালেরও এখতিয়ার নাই, গভর্নমেন্টেরও এখতিয়ার নাই।...অতএব কে কী অ্যাডভাইস করল, ওটা তো আসলে আমাদের আমলে নেওয়ার কোনো সুযোগ নাই।’
মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। নতুন চেয়ারম্যান হয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারে ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করার শর্তে তাঁকে এ নিয়োগ দেওয়া হয়।
যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাঁকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল
অন্য প্রজ্ঞাপনে এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানানো হয়। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাঁকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। সে হিসাবে তাঁর দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই রোববার তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করেন
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে।
তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পরিবারের একজন সদস্য জানান, স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে ব্লক ধরা পড়ার পর তার এনজিওগ্রাম করা হয়েছে ও এনজিওপ্লাস্টি করা হবে। আজ বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ওই পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেও দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়।
প্রতীকী ছবি