ভাঙচুর হওয়া নিজের স্টুডিওতে গিয়ে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের কাছে স্টুডিওর ভবনটি নিয়ে জমিজমা–সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
ভিডিওতে ভাঙচুর করা স্টুডিও ঘুরে ঘুরে দেখান সালমান। স্টুডিওর কর্মীরা এ সময় কান্নায় ভেঙে পড়লে তাদেরকে সান্ত্বনা দেন তিনি। রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, ‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’
সালমান বলেন, ‘বাংলাদেশে আপনি যদি কোনো কিছু করতে চান এবং কারও তোষামোদ না করেন বা সিকিউরিটির জন্য টাকা না দেন—তাহলে আপনার সঙ্গে এমনটাই হবে। আমি সব সময় বলি, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না।’
সালমান পরে অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ওই ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।
তিনি বলেন, তারা হয়তো চাঁদা বা এ–জাতীয় কিছু দাবি করেছিল...। ভবনের মালিকের সম্পত্তির ক্ষতি করতে গিয়ে আমার সম্পত্তির ক্ষতি করা হয়েছে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরেই মূলত ভবনটিতে হামলা চালানো হয়েছে। হামলায় গোলাম মহিউদ্দিনের লোকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।
ওসি জানান, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে তার স্টুডিও তৈরি করেছিলেন।
এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।
টিআইবি
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি বলেছে, দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি সারাদেশে দলের আত্মশুদ্ধি অভিযান প্রয়োজন।
নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে লুটপাট, ভাঙচুর ও জবরদখল, কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে টিআইবি।
আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাড্ডা এমসিএইচ-এ লুটপাট, ভাঙচুর ও জবরদখল সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর দৃষ্টান্ত। জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কী ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন, সে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী শাসনের পতনের পর ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড দেশবাসীর কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। সাধারণ জনগণের মানসপটে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এমন প্রেক্ষাপটে বিএনপির নীতিনির্ধারকেরা দলীয় নেতাকর্মীদের একটি অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির পরিণতি ভেবে দেখছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে বিএনপির নেতাকর্মীদের একটি অংশের বিরুদ্ধে সারাদেশে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ব্যাপক অভিযোগ উঠছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূলসহ বিভিন্ন পর্যায়ের দলের অনেক নেতাকর্মীর বেপরোয়া আচরণ গণমাধ্যম, পর্যবেক্ষক ও রাজনৈতিক মহলে উদ্বেগের সঙ্গে আলোচিত হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও গাবতলীসহ চট্টগ্রাম, সিলেট ও খুলনার প্রধান বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল সংযোগ ও ইন্টারনেট এবং বর্জ্য সংগ্রহের ব্যবসাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চাঁদাবাজি ও দখলবাজির হাতবদল ঘটেছে। এগুলোকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা ও অন্তর্ঘাত অনেক ক্ষেত্রে সহিংস রূপ নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দৈনিক, মাসিক ও এককালীন চাঁদাবাজির এই অপতৎপরতা চলমান থাকার পাশাপাশি সরকারের একজন মন্ত্রী চাঁদাবাজিকে ‘দুর্নীতি নয়, সমঝোতার লেনদেন’ হিসেবে উল্লেখ করে একাধিকবার বক্তব্য দিলেও তাঁর অবস্থানের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে চাঁদাবাজি ও দখলবাজি আরও স্বাভাবিকতা লাভ করেছে বলে মন্তব্য করেন তিনি।
কিশোরগঞ্জের জলমহাল দখল নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং ক্রিয়েটিভ স্টুডিও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ২০২৪ সালের আগস্টের পর থেকে সংঘটিত ঘটনাবলির ধারাবাহিকতা। এসব ঘটনা সরকারের ভালো উদ্যোগ ও সদিচ্ছাকে ম্লান করে জনগণের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে।
তিনি বলেন, সরকারি দল যদি দুর্নীতিবিরোধী নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখনই কার্যকর আত্মশুদ্ধিমূলক পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের সুযোগ হারাতে পারে। স্বার্থান্বেষী গোষ্ঠীকে কঠোরভাবে দমন করতে না পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, দলীয় নেতা-কর্মীদের এ ধরনের অপতৎপরতায় উচ্চ পর্যায় থেকে বিব্রতবোধের পরিপ্রেক্ষিতে বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও কঠোর প্রতিরোধমূলক কৌশলের ঘাটতি রয়েছে। পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের এসব কর্মকাণ্ডে জড়িতদের সরকারি দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার কারণে আইনশৃঙ্খলা বাহিনীও কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলে দাবি করেছে টিআইবি।
এর ফলে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছে সংস্থাটি। এর দায়ভার সরকারকেই নিতে হবে উল্লেখ করে প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে। এর মধ্যে তিনি জাপান ও সৌদি আরব যাবেন দ্বিপক্ষীয় সফরে। আর জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ৩১) অংশ নিতে তিনি যাবেন তুরস্কে। টোকিও, রিয়াদ ও আঙ্কারায় বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অক্টোবরে জাপান সফর এবং নভেম্বেরে প্রথমে তুরস্ক, এরপর সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্র জানিয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক, দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফর হওয়ার কথা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, আসন্ন এই তিন সফরের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে যোগাযোগ চলছে।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সেদেশ সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের এই সফর আয়োজনের বিষয়ে সম্প্রতি ঢাকায় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়।
আঙ্কারা থেকে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের আনাতোলিয়ায় আগামী ১০ থেকে ১২ নভেম্বর কপ৩১-এর শীর্ষ নেতাদের বৈঠক হবে। এই বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।
ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরের দ্বিতীয়ার্ধে রিয়াদ সফরে যেতে পারেন। সফরটি আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে।
জাপান সফর
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে তারেক রহমানের তিন থেকে চার দিনের টোকিও সফর এমন সময়ে হতে যাচ্ছে, যখন দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর করার প্রক্রিয়া অব্যাহত আছে।
২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস টোকিও সফর করেছিলেন। তাঁর সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সাতটি সমঝোতা স্মারক সই হয়।
পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য ঠিক করা হয়ছিল। সফরে দুই দেশ নিজেদের কৌশলগত অংশীদারত্বও পুনর্নিশ্চিত করেছিল।
তখন জাপান জানিয়েছিল, ‘বে অব বেঙ্গল’ উদ্যোগের আওতায় বাংলাদেশে অবকাঠামো উন্নয়নসহ জাপানি শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে তারা সহযোগিতা জোরদার করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়ীদের সম্মেলন আয়োজন ও জনশক্তি রপ্তানির অগ্রগতি পর্যালোচনা প্রাধান্য পেতে পারে।
তুরস্ক সফর
তুরস্কের আনাতোলিয়ায় কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে ৯ থেকে ২০ নভেম্বর। আর কপ৩১-এর শীর্ষ নেতাদের সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর। এই দুই দিনের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কূটনৈতিক সূত্রের আভাস, কপ৩১-এ প্রথম দুই দিনের বদলে তৃতীয়–চতুর্থ দিনে শীর্ষ নেতাদের সম্মেলন রাখার বিষয়টিকে রাজনৈতিক মনোযোগ ধরে রাখার একটি কৌশল মনে করা হচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা একটি দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ। কারণ, প্যারিস জলবায়ু চুক্তির এক দশকের বেশি সময় পর এখন মূল প্রশ্ন, নতুন লক্ষ্য ঠিক করা নয়।
বরং প্রশ্ন, আগে ঘোষিত লক্ষ্য কীভাবে বাস্তবায়িত হবে, জলবায়ু অর্থায়নসহ ক্ষতিপূরণ তহবিল কতটা কার্যকর হবে।
সৌদি সফর
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত রিয়াদ সফরও তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহ্যগত জনশক্তি রপ্তানির বাইরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।
গত আগস্টে সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন।
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সম্প্রতি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য আগামী পাঁচ বছর একটি রূপান্তরমূলক পর্যায় হতে পারে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গতিশীল বিনিয়োগ গন্তব্য হিসেবে বর্ণনা করেন তিনি।
বর্তমানে ২৮ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কর্মরত, যা দেশটিকে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজারে পরিণত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পিত সৌদি সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জ্বালানি আমদানি, বিনিয়োগ চুক্তি এবং আঞ্চলিক-আন্তর্জাতিক ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা প্রশ্নে সৌদি আরবের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকর উপায়ে সমাধানের জন্য দারুণ এক উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘প্রবাসীদের কষ্ট লাঘবে মন্ত্রণালয় গঠন করেছে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।’
প্রবাসী মন্ত্রণালয়ের একদল অভিজ্ঞ কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ খুব সহজেই সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন।
ইমেইলে আসা প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ করে, প্রবাসীদের পাঠানো প্রতিটি আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপন করা হবে, যেন নীতিনির্ধারক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
অফিস আদেশে বলা হয়, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেলটি।
প্রধানমন্ত্রী তারেক রহমান
পূর্বের এক প্রচেষ্টা বাতিল হওয়ার পর, এবার নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি চূড়ান্ত করার লক্ষ্য রাখছে ভারত ও বাংলাদেশ—এমনটিই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অক্টোবরের শেষ সপ্তাহে বা নভেম্বরের শুরুতে বাংলাদেশে নিযুক্ত নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দায়িত্ব গ্রহণের পর এ সফর পুনর্বিন্যাসের প্রচেষ্টা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অমিমাংসিত বিষয়টিই প্রধান উদ্বেগ—যা এই সফর বাস্তবে রূপান্তরিত হবে কি না তা নির্ধারণ করতে পারে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা এবং তার জবাবে মোদির দ্রুত সাড়া সফরটির তারিখ দ্রুত চূড়ান্ত হওয়ার সম্ভাবনাকে কিছুটা বাড়িয়ে দিয়েছে।
তবে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল সম্প্রতি ঢাকা সফর করেছেন কি না—যেটি ১৭ সেপ্টেম্বর হয়েছে বলে ধারণা করা হচ্ছে সে বিষয়ে কোনো পক্ষই স্পষ্ট করে কিছু জানায়নি।
ছবি : সংগৃহীত
নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগবঞ্চিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা প্রার্থীরা। আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে নিয়োগ বঞ্চিতরা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২ টা ৪৮ মিনিট) এখনও শাহবাগে অবস্থান করছেন তারা।
শাহবাগ থানার সামনে টিএসসি অভিমুখে সড়কে মেট্রোরেলের নীচে আন্দোলনকারীরা অবস্থান করছেন। ফলে সড়কে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। আন্দোলনকারীরা জানান, তাদের সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে গেছেন, প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবেন।
ভোলা থেকে আসা এস এম খোকন বলেন, 'প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করলে তাদের আহ্বানে সাড়া দিয়ে কথা বলার জন্য আমাদের সাতজন প্রতিনিধি সচিবালয়ে গেছেন। তারা না আসা পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।'
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে আন্দোলনে যোগ দেওয়া সুপারিশপ্রাপ্ত রুবেল প্রধান বলেন, '৮ ফেব্রুয়ারি আমি সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হই। পরবর্তীতে মার্চ ও এপ্রিলে ১৫তম গ্রেডের দুটি সরকারি চাকরির ভাইভা থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক পদে যোগ দেব ধরে নিয়ে আমি সেগুলোতে অংশ নেইনি। এমনকি বাংলাদেশ ডাক বিভাগের একটি সরকারি চাকরিতেও যোগ দিইনি; কারণ টিউশনি করে পড়াশোনা করা এই শিক্ষকতা পেশাটার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা ছিল। কিন্তু আজ আট মাস পর ২৪ তারিখে আমার নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি' তিনি বলেন, আমার ইউনিয়নের পাঁচজনের মধ্যে চারজনের নিয়োগপত্র আসেনি।
'সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ' ব্যানারে এ কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধীরাজু ভাস্কর্যদ এক সংবাদ সম্মেলন থেকে রোববার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন চাকরিপ্রার্থীরা। এই প্ল্যাটফর্ম থেকে দাবি করা হয়, ১৪ হাজার ৩৮৪ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনে অন্তত ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।’
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ রাজধানীর বিভিন্ন স্থানে হামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘যারা সেখানে আইন লঙ্ঘন করছে কিংবা কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, সরকার অবশ্যই কঠোর হাতে তা দমন করবে। সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। সরকার কঠোরভাবে এসব দমন করবে।’
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রী নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। বিশ্বের রাষ্ট্র প্রধানরা প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করেছেন।’
এদিকে নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না; এটি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী।
প্রেস উইংয়ের সদস্যরা জানান, পাঁচদিনের সফরে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ, সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিশ্ব দরবারে। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জন্য নিজের পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে রোববার সকাল ৮টা ২১ মিনিটে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।
এ সময় জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের প্রতিনিধিদল বিমানবন্দর অভ্যর্থনা জানায়।