কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান।
উল্লেখ্য, এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
জতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সিনিয়র রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও ভারতের পতাকা।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭- ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কূটনৈতিক সূত্র জানায়, সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।
সূত্র জানায়, দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।
২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ, ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল। ছবি : বঙ্গভবন
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে ও জ্ঞান অর্জন করতে হবে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
এদিন অধ্যক্ষ মেজর মো. শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রকাশিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর অধীনে বঙ্গভবন পরিদর্শনে যায়। প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এত দূর থেকে বঙ্গভবন পরিদর্শন করতে এবং এর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে তারা এসেছে জেনে তিনি আনন্দিত।
শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’ ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনাব্যবস্থা সম্পর্কে জানার গুরুত্বও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে তারা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়। এ সময় মির্জা ফখরুল রাঙামাটি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বিমানবাহিনীর পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর থেকে তাদের অবসর-উত্তর ছুটি (এলপিআর) শুরু হবে। এরপর ২০২৭ সালের ১ জুন থেকে তাদের অবসর কার্যকর হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
অবসরপ্রাপ্তির তালিকায় রয়েছেন উইং কমান্ডার সানজিদা আক্তার, উইং কমান্ডার এনামুল কবির, স্কোয়াড্রন লিডার এসএম তানজিল আহসান, স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার চৌধুরী এবং স্কোয়াড্রন লিডার সানজানা শারমিন চৌধুরী।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ধিত মেয়াদি কমিশনে থাকা প্রথম দুই কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ১/১৯৯৭ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।
অন্যদিকে, স্বল্পমেয়াদি কমিশনে থাকা বাকি তিন কর্মকর্তার চাকরির সময়সীমা অতিক্রান্ত হওয়ায় বিমানবাহিনী অ্যাক্ট রুলস, ১৯৫৭-এর রুল ২৪(১০) এবং বিমানবাহিনী নির্দেশিকা ২/২০১৪ অনুযায়ী তাদের অবসর দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরপ্রাপ্ত এই পাঁচ কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরসংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন।