সংগৃহীত ছবি

  • প্রকাশ : মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬, সময় : ৪:৫৫ এএম

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন।


শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে প্রশ্ন ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন তাঁরা। শিক্ষার্থীরা উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন। দুই মহাসড়কে যান চলাচল এখন বন্ধ রয়েছে।


সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও বগুড়াতেও শিক্ষার্থীরা অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের অবরোধ চলছে। বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পুলিশ তাঁদের বাধা দিয়েছে।


ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 


উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক শিক্ষার্থীরা সকাল থেকে অবরোধ করেছেন। উত্তরা ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


ভিসি চত্বরের সামনে পুলিশের বাধা 


সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন।  দুপুরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।


সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ 


বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।


ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। 


শিক্ষার্থীরা এ সময় ‘দফা এক দাবি এক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে আমি কে, ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’– এরকম নানা স্লোগান দেন।


বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, ‘পদার্থবিজ্ঞান পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই ভুল করা হয়েছে। বাকি যেই ছয়টি প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো অনেক বেশি কঠিন ছিল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন করা হয়েছে। এখন আমি যদি ফেল করি এর দায়ভার কি শিক্ষামন্ত্রী নেবেন? তিনি তো নেবেন না।’


ঢাকা আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহনাফ মুনজি বলেন, 'বৈরী আবহাওয়ার ভেতরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কারণে আমাদের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। আবার অনেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রাস্তাতে পড়ে গেছে। অ্যাডমিট কার্ড ভিজে নষ্ট হয়ে গেছে। এসবের দায় কি শিক্ষামন্ত্রী নেবেন?’


এই শিক্ষার্থী আরও বলেন, ‘যিনি শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না, আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না, তাঁর পদত্যাগ চাই।'


পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার রব্বানী হোসেন সকালে প্রথম আলোকে বলেন ,শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়েছে। এখন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


বগুড়ায় বিক্ষোভ–সমাবেশ 


বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে তারা মহানগরীর সাতমাথা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি নগরীর সাতমাথা এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যায়।কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করা হয়। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেয় শিক্ষার্থীরা।


ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ 


দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।




সর্বশেষ সব খবর

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।


শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।


পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?


দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!


উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?


পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।


তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৮ এএম

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হননি।


বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।


তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।


এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তবে বিস্ফোরণে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।

সর্বশেষ সব খবর

আসিফ নজরুল। পুরনো ছবি।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।


বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে তথ্য দিয়েছেন তিনি।


আসিফ নজরুল লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০ এর দিকের ঘটনা।”


ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”


পোস্টের শেষে তিনি লিখেছেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”


গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, সন্ধ্যার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।


ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


এদিকে আসিফ নজরুলের মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে ধানমন্ডি থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, “সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। তবে এটি শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। আমরা এ ব্যাপারে দুই থানা মিলে সমন্বয় করে কাজ করছি।”


শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের মোবাইল ছিনতাই হওয়ার খবর পেয়েছি। আমরা এ নিয়ে কাজ করছি।”


তবে এ ব্যাপারে আসিফ নজরুলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়েরের খবর মেলেনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫২ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।


উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সর্বশেষ সব খবর

ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।


গ্রেপ্তার দুজন হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।




এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশার সংকটে বিপাকে পড়েছেন অনেকে।


সোমবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে। 


এদিকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।


রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করবে। তাদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।


সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।

সর্বশেষ সব খবর