নিহত সিয়ামের পরিবারের সদস্যদের আহাজারি। ছবিঃ সংগৃহীত
রাজধানীর মগবাজার এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিউ ইস্কাটন রোডের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন সিয়াম।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনের ফুটপাতে ফারুকের চায়ের দোকান।
ফারুক বলেন, ‘এক তরুণ এক কাপ চা দিতে বলেছিল। কয়েক সেকেন্ড পর ওই তরুণের মাথায় কিছু একটা পড়ল। এর সঙ্গে সঙ্গেই মাথার ছিন্নভিন্ন অংশ চায়ের কেটলিতে এসে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে শক্তিশালী ককটেল ছোড়া হয়। এটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিচে নিক্ষেপ করা হয়েছে। এটি সিয়ামের মাথায় গিয়ে পড়ে। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী ফুটপাতের দোকানে চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিয়ামের মা-বাবা ও ভাই ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বাবা আলী আকবর বলেন, ‘আমি গরিব মানুষ। আমি কোন রাজনীতি করিনি। সন্ত্রাসীরা আমার ছেলেকে কেন মারল। আমার ছেলে তো কোন অপরাধ করিনি। সন্ত্রাসীদের কারণে রাস্তায় কী চলা যাবে না? আমার ছেলে খুনের বিচার চাই।’
নিহতের মা শিজু বেগম আর্তনাদ করে বলেন,‘ সিয়াম তুই কই, আমার কোলে ফিরে আয়। আমার বুক খালি হয়ে গেল। বাপ তুই বুকে আয়।’ কথা বলতে বলতে তিনি অচেতন হয়ে পড়েন। স্বজনরা তার চোখেমুখে পানি দেন৷ মিনিট দুয়েক পরে চেতনা ফিরে পেয়ে আবার আর্তনাদ করতে থাকেন তিনি।
ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটে যান ঘটনাস্থলে। এছাড়া সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ককটেলটি ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। এটি শক্তিশালী ককটেল। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি তরুণের মাথায় পড়ে বিস্ফোরিত হয়। এ কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়াম তার কর্মস্থল থেকে ঘটনাস্থলের পাশে নাস্তা কিনতে এসেছিলেন। নাস্তা কেনার পর তিনি ফুটপাতে ফারুকের চায়ের দোকানে দাঁড়ান। ফারুককে চা দিতে বলেন তিনি। এরই মধ্যে ককটেল এসে তার মাথায় পড়ে।
সিয়ামের ছোট ভাই সিজান মজুমদার জানান, নিউ ইস্কাটন রোডে একটি বাসায় তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি খুলনা জেলায়। সাড়ে চার বছর আগে তাদের দুই ভাইকে নিয়ে বাবা মা ঢাকায় চলে আসেন। বাবা আলী আকবর ঢাকায় রিকশা চালান। চার বছর ধরে সিয়াম ইস্কাটন রোডে কার ডেকোরেশনের দোকানে কাজ করছিলেন। আজ সকাল ৯ টায় বাসা থেকে বের হন সিয়াম। কর্মস্থল থেকে রাতে বাসায় ফেরার কথা ছিল।
আজ রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম নিহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে।
ডিএমপি জানায়, ঢাকায় চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ। যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো। এই ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কোন তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করে ডিএমপি।
আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত
রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।
পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?
দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!
উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?
পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।
তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।
ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হননি।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।
তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে বিস্ফোরণে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।
আসিফ নজরুল। পুরনো ছবি।
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে তথ্য দিয়েছেন তিনি।
আসিফ নজরুল লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০ এর দিকের ঘটনা।”
ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”
পোস্টের শেষে তিনি লিখেছেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”
গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, সন্ধ্যার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।
তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।
ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে আসিফ নজরুলের মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে ধানমন্ডি থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, “সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। তবে এটি শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। আমরা এ ব্যাপারে দুই থানা মিলে সমন্বয় করে কাজ করছি।”
শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের মোবাইল ছিনতাই হওয়ার খবর পেয়েছি। আমরা এ নিয়ে কাজ করছি।”
তবে এ ব্যাপারে আসিফ নজরুলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়েরের খবর মেলেনি।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।
উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
গ্রেপ্তার দুজন হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
ছবি : সংগৃহীত
ঢাকার বিভিন্ন এলাকায় সকাল থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রিকশানির্ভর যাত্রীরা। কোথাও কোথাও প্যাডেলচালিত রিকশা চলতে দেখা গেলেও ব্যাটারিচালিত রিকশার সংকটে বিপাকে পড়েছেন অনেকে।
সোমবার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও শ্যামলীসহ বিভিন্ন এলাকায় খুব কম ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। কোথাও কোথাও অটোরিকশাচালকদের জড়ো হয়ে অন্য রিকশার চলাচলে বাধা দিতেও দেখা গেছে।
এদিকে বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা না চলায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরা। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদানসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করবে। তাদের দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদান এবং সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ নিশ্চিত করা।
সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এসব রিকশা চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রিকশার চলাচল জোনভিত্তিক করা, নির্দিষ্ট রুট নির্ধারণ, গতি নিয়ন্ত্রণ এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে।