আইফোনের বিভিন্ন যন্ত্রাংশসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৮ জানুয়ারি, ২০২৬, সময় : ১১:২৮ এএম

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় গোপন অভিযান চালিয়ে আইফোন জালিয়াতি চক্রের তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শতাধিক আইফোন ও বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ। গ্রেপ্তারকৃতরা হলেন- তান জিয়ান , উ জুন ও ডং হংওয়েই।


বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।


ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, আইফোনের বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য পৌনে ২ কোটি টাকা।


তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ দেশে এনে রাজধানীর গোপন ডেরায় ‘এসেম্বল’ করে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করত। পরে সেগুলো নতুন মোড়কে প্যাকেটজাত করে আসল আইফোন হিসেবে বাজারে বিক্রি করা হতো।


ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, এই জালিয়াতি চক্রের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছিল এবং এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও বলেন, দামি স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকতে হবে। অননুমোদিত বা সন্দেহজনক দোকান থেকে কম দামে ফোন কিনলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।


ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি আইফোনের বিভিন্ন পার্টস আলাদাভাবে বিদেশ থেকে অবৈধভাবে দেশে এনে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে। সেখানে যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের আদলে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো, যা পরে আসল আইফোন হিসাবে বাজারে বিক্রি করা হতো। 


তিনি আরও জানান, প্রায় দেড় বছর ধরে এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল এবং এ সময়ে বিপুল পরিমাণ ভুয়া আইফোন বাজারে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।


এ সময় ডিবি কর্মকর্তা সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিশিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানান তিনি। 


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আইফোন, চীন




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৮ এএম

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।


রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে। 


জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।


অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।


শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।


পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?


দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!


উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?


পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।


তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৮ এএম

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে চলন্ত অটোরিকশা থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।তবে এতে কেউ হতাহত হননি।


বৃহস্পতিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত।


তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।


এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

তবে বিস্ফোরণে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করে। সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোরিত হয়। ঘটনার সময় দুর্বৃত্তরা অটোরিকশার ভেতরেই ছিল।


আসিফ নজরুল। পুরনো ছবি।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৬ এএম

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।


বুধবার রাত সাড়ে ৭টার দিকে গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যাওয়া হয় বলে এক ফেইসবুক পোস্টে তথ্য দিয়েছেন তিনি।


আসিফ নজরুল লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০ এর দিকের ঘটনা।”


ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে ওই পোস্টে তিনি লিখেছেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।”


পোস্টের শেষে তিনি লিখেছেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের উপর খুব বিরক্ত হয়ে আছি।”


গণমাধ্যমকে আসিফ নজরুল বলেন, সন্ধ্যার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।


তিনি জানান, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও ছেলেটি দৌড়ে পালিয়ে যায়।


ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক। তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।


এদিকে আসিফ নজরুলের মোবাইল ছিনতাইয়ের ব্যাপারে জানতে চাওয়া হলে ধানমন্ডি থানার ওসি এমদাদুল হক তৈয়ব বলেন, “সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবর জানতে পেরেছি। তবে এটি শেরেবাংলা নগর থানা এলাকায় পড়েছে। আমরা এ ব্যাপারে দুই থানা মিলে সমন্বয় করে কাজ করছি।”


শেরেবাংলা নগর থানার এসআই সঞ্জীব চৌধুরী বলেন, “কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারের মোবাইল ছিনতাই হওয়ার খবর পেয়েছি। আমরা এ নিয়ে কাজ করছি।”


তবে এ ব্যাপারে আসিফ নজরুলের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়েরের খবর মেলেনি।


  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫২ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এসব উদ্ধার করা হয়।


উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১। জয় বাংলা’। এ ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি ও ধর্মঘটকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩০ পিএম

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।


গ্রেপ্তার দুজন হলেন- মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।




এসআরবি-২ জানায়, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার উদ্দেশ্যে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছে। পরে সেখানে বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তারা পেট্রোল বোমা ও গানপাউডার নিয়ে সেখানে অবস্থান করছিলেন।