তিন মোটরসাইকেলে এসে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা, ছবি: ভিডিও থেকে নেওয়া

  • প্রকাশ : সোমবার ১০ আগস্ট, ২০২৬, সময় : ১০:২৯ পিএম

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। 


প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হকের। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি টাকা বহনকারী গাড়িটির গতিরোধ করেন। 


একপর্যায়ে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামানোর পর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তারা। মামলার এজাহারে ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।


সূত্র জানায়, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত তাসীন আক্তার হক। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। পেট্রোল পাম্প-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। 


শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুদিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয়। ফলে রোববার তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়।গতকালও নিয়ম অনুযায়ী পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে নেওয়া হচ্ছিল। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিরোধ করেন। পরে তারা গাড়িতে ধাক্কা দেন এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার পর টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান।


ছিনতাই হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার উল্লেখ করা হয়েছে মামলায়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্পের টাকা একই সময়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হতো। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে টাকা নিয়ে ব্যাংকের উদ্দেশে রওনা হওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রোববার বিশেষ করে শুক্র ও শনিবারের দুদিনের টাকা একসঙ্গে ব্যাংকে নেওয়া হবে এ তথ্য দুর্বৃত্তদের কাছে আগে থেকেই ছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। 


একই সঙ্গে টাকা বহনের নির্দিষ্ট সময় ও রুট সম্পর্কে কেউ তথ্য সরবরাহ করেছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট তদন্ত করছে।


উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগম বলেন, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই। তবে আমাদের একাধিক ইউনিট কাজ করছে। আশা করি শিগগির আসামি গ্রেফতার ও রহস্য উন্মোচন হবে।


তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপি সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর দায়িত্বও পালন করেন খুরশীদ জাহান হক। তিনি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন।




  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা। 


পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

শাহজালালে ১ কোটি ১২ লাখ টাকার পণ্য আটক, সতর্কতায় কাস্টমস গোয়েন্দা

ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে!


  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।


গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।


ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।




অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।




একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।


কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।


চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম
  • আপডেট : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ এএম

সৌন্দর্যের আড়ালে স্বাস্থ্যঝুঁকি

বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।


গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী BG-148 ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদ (Mohammed Jahed)-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।


কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:৩৯ পিএম

গাঁজার আসরে মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যাওয়ার পর জোট খুলেছে প্রায় ৫ বছর আগের এক হত্যা রহস্যের। বেরিয়ে এসেছে ভাড়াটে হত্যাকারীদের তথ্য, যাদের পাঠিয়েছিলেন নিহতেরই আপন বড় ভাই। ২০২১ সালের জুনে মাগুরার সুইপার কলোনিতে মানিক লাল ডোম (৩৫) হত্যার ঘটনায় করা মামলার চার্জশিটের খসড়া ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদরদপ্তরে পাঠানো হয়েছে।


কর্মকর্তারা জানান, নিহত মানিকের ছেলে আসন লালের (২১) সঙ্গে অভিযুক্ত এক হত্যাকারীর বাগবিতণ্ডাকে কেন্দ্র করে ৫ বছর আগের ওই ঘটনার জট খুলেছে সম্প্রতি।


একপর্যায়ে মেজাজ হারিয়ে স্থানীয় মাছ বাজারে কাজ করা মেহেদী হাসান আকাশ (৩০) আসনকে হুমকি দিয়ে বলেন—'তোর বাবার যে অবস্থা করেছি, তোরও একই অবস্থা করব।'


দুজনে গাঁজা সেবনের সময় আকাশ এই হুমকি দিয়েছিলেন। যা পরে সিআইডির জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে। অবশেষে স্থানীয় পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে কয়েক বছর ধরে আটকে থাকার পর মামলাটি সুরাহার দিকে যাচ্ছে।


তদন্তে জানা গেছে, নিহত মানিক মর্গ সহকারী হিসেবে কাজ করতেন। পারিবারিক বিরোধের জের ধরে তার বড় ভাই হীরা লাল ডোম (৫০) চারজনকে ভাড়া করে তাকে হত্যা করেন।


মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৯ জুন রাতে মাগুরার সুইপার কলোনিতে নিজ বাড়িতে ছোট ছেলে সুন বাবুকে নিয়ে ঘুমাতে যান মানিক। পরদিন ভোর ৪টার দিকে শিশুটির পাশে পড়েছিল বাবার রক্তাক্ত মরদেহ।


পরদিন মানিকের স্ত্রী আশা রানি মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।


প্রথমে স্থানীয় পুলিশ মামলাটি তদন্ত করলেও, পরের বছরের ১২ জানুয়ারি এটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রায় সাড়ে তিন বছর চেষ্টার পরও পিবিআই কোনো আসামিকে শনাক্ত করতে পারেনি।


গত বছরের মে মাসে পিবিআই জেলা আদালতে একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে অবশ্য কোনো আসামির নামই ছিল না, আর এতে ইতি টানা হয় তদন্তের।


তবে, আদালত ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন এবং একই বছরের অক্টোবরে সিআইডির মাগুরা ইউনিটকে নতুন করে তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।


দায়িত্ব নেওয়ার পর এসআই আনিসুর নিহতের ছেলে আসনকে তার বাবার হত্যাকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আসন বাগবিতণ্ডার সময় আকাশের দেওয়া ওই হুমকির বিষয়টি জানান।


এসআই আনিসুর এ সূত্র ধরে এগোনোর সিদ্ধান্ত নেন। পরে চলতি বছরের ২৬ এপ্রিল মাগুরার পুরাতন মাছ বাজার এলাকা থেকে আকাশকে আটক করা হয়।


এসআই আনিসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আকাশের ওই মন্তব্যটি আমার মনে সন্দেহ তৈরি করে। আমি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি।'


'জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকাশ সত্য বলে দেন এবং তার ৩ সহযোগীর নাম প্রকাশ করেন। এর পরই তাদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান শুরু হয়,' বলেন তিনি।


পরে ওই হত্যার মূল পরিকল্পনাকারী হীরা লালসহ মোট ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি।


অপর অভিযুক্তরা হলেন—লিয়াকত আলী ওরফে ঝন্টু (৬৯), শিকল সাঁইজি ওরফে লিটন পাগলা ওরফে রুবেল (৪০) ও নিরঞ্জন কুমার দাস (৪৩)।


তৎকালীন র‍্যাব-৪ (বর্তমান এসআরবি-৪)-এর সহায়তায় গত ১৫ জুলাই ঢাকার শাহ আলী মাজার এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।


সিআইডির তথ্য অনুযায়ী, মানিক ও হীরা লালের মা-বাবা সরকারি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তাদের মৃত্যুর পর হীরা পুরো পেনশনের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। আর ওই টাকা নিয়েই দুই ভাইয়ের বিরোধ ছিল।


সিআইডির তদন্ত থেকে জানা যায়, মা-বাবার রেখে যাওয়া এক টুকরো জমি নিয়ে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। আর এসব বিরোধ নিয়ে মানিক প্রায়ই হীরাকে অপমান করতেন।


সেই অপমানের বদলা হিসেবেই হীরা তার ভাইকে হত্যার সিদ্ধান্ত নেন বলে জানান কর্মকর্তারা।


এরপর তিনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য ৪ জনের সঙ্গে যোগাযোগ করেন, যাদের সঙ্গে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে মানিকের ওপর আগে থেকেই ক্ষোভ ছিল।


তদন্ত কর্মকর্তা জানান, একবার ঝগড়ার সময় মানিক আসামি ঝন্টুকে চড়ও মেরেছিলেন।


আদালতে অভিযুক্ত আকাশ ও রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে সিআইডি জানায়, ঘটনার দিন ভোরে চার ভাড়াটে হত্যাকারী মানিকের শোবার ঘরে প্রবেশ করে। আকাশ মানিকের পা চেপে ধরেন এবং রুবেল ও নিরঞ্জন তার হাত ও বুক চেপে ধরে রাখেন। লিয়াকত মুখ চেপে ধরে মানিককে মেঝেতে টেনে নামান এবং একটি ভারী দা দিয়ে তার গলা কেটে দেন।


মানিকের মৃত্যু নিশ্চিত করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


পাঁচ অভিযুক্তই এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সিআইডিও অতি সম্প্রতি তাদের তদন্ত আনুষ্ঠানিকভাবে শেষ করেছে।


তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর ডেইলি স্টারকে জানান, 'আদালতে জমা দেওয়ার আগে চূড়ান্ত পর্যালোচনার জন্য চার্জশিটের একটি খসড়া ইতোমধ্যে সিআইডি সদরদপ্তরে পাঠানো হয়েছে।'


টেকনাফের রঙ্গিখালী গ্রামের গহীন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলিতে গুলিবিদ্ধ সেনাসদস্য মো. তিতাস শেখ (২৮) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রামু ১০ পদাতিক ডিভিশনের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে। 


আইএসপিআরের তথ্য অনুযায়ী, মানব পাচার চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় গুলিবিদ্ধ হন সেনাসদস্য তিতাস। অভিযানে মানব পাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার দুর্গম পাহাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।


তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বিবাহিত ছিলেন। তিতাস টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে অভিযান চলাকালে সন্ত্রাসীদের ছোড়া গুলি তিতাসের বুকের বাঁ পাশের ওপরের অংশে লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে টেকনাফের লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বিভিন্ন পাহাড়ে দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের উদ্ধারে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়। 



রোহিঙ্গা আশ্রয়শিবির ২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।


সেনাবাহিনী এক শোকবার্তায় নিহত তিতাস শেখের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।



ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০২ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১২ এএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়টি ‘সোনর ডিম’ জব্দ করার তথ্য দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।


রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিগামী একটি ফ্লাইটের এক যাত্রীকে নামিয়ে এনে তার সহযোগিতায় প্রথমে তিনটি ‘সোনার ডিম’ জব্দ করা হয়। পরে বিমানবন্দরের বোডিং ব্রিজ থেকে আরও তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়।




সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়েছে, আবুধাবি থেকে এসব ‘সোনার ডিম’ দেশে আনা হয়েছিল। কিন্তু এখানে ‘কাঙ্ক্ষিত দাম’ না পেয়ে আবার ফেরত নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।


মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ছয়টি সোনার ডিম জব্দ করার তথ্য দিয়ে অধিদপ্তর বলেছে, এগুলোর বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে নামিয়ে আনা হয়।


পরবর্তীতে তার সহযোগিতায় তিনটি ‘সোনার ডিম’ উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।


এছাড়া অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি ‘সোনার ডিম’ জব্দ করেন, যার ওজন আগের তিনটির সমান।


সিআইআইডি বলছে, স্বর্ণের প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছে তারা।


এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তথ্য দিয়েছে অধিদপ্তর।