ছবি : সংগৃহীত
চেক ডিজঅনারের এক বছরের সাজার আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লোকসংগীত শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ সাদিক আহম্মেদ।
আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া বলেন, “২০০৭ সালের ২১ নভেম্বর আসামি মুজিব পরদেশীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
“এর মধ্যে বাদী পাবেন ৫ লাখ টাকা এবং অবশিষ্ট ৩ লাখ ৮০ হাজার টাকা যাবে রাষ্ট্রীয় কোষাগারে।”
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৩ সালে মামলার বাদী মজিবুর রহমানের ছোট ভাই সোলায়মান সরদারকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা বলে ৪ লাখ ৪০ হাজার টাকা নেন মুজিব পরদেশী এর মধ্যে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ২০ হাজার এবং নগদে আরও ২ লাখ ২০ হাজার টাকা গ্রহণ করা হয়।
পরবর্তীতে সোলায়মানকে যুক্তরাজ্যে নিতে ব্যর্থ হলে মুজিব পরদেশীর কাছ টাকা ফেরত চান বাদী। তখন তিনি ২ লাখ ২০ হাজার টাকা করে দুটি চেক দেন। কিন্তু চেক দুটি ব্যাংকে জমা দিলে ‘তহবিল অপর্যাপ্ত’ জানিয়ে তা একাধিকবার প্রত্যাখ্যাত হয়।
এ ঘটনায় বাদী একাধিকবার আইনি নোটিস পাঠালেও টাকা পরিশোধ করা হয়নি। পরে ২০০৪ সালের ১ জুন মামলা দায়ের করেন মজিবুর রহমান।
মামলায় অভিযোগ করা হয়, মুজিব পরদেশী তার সংগীতশিল্পীর পরিচয়কে কাজে লাগিয়ে বিদেশে নেওয়ার কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন।
এর আগে গত ৪ অগাস্ট ১০ লাখ টাকার আরেকটি চেক ডিজঅনার মামলায় মুজিব পরদেশীকে কারাগারে পাঠানো হয়। ২০২২ সালে মাগুরার আদালতে মামলাটি করেন ইদ্রিস আলী বিশ্বাস। পরের বছরের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার সময় মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ওই পরোয়ানার ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এরপর আইনজীবী আব্দুর রহমান মিয়া মজিবুর রহমানের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। তিনি আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড। ছবি: সংগৃহীত
এক লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন।দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমতলী পৌরসভার লেকের সৌন্দর্যবর্ধন কাজের ঠিকাদার শেখ নোমান রেজা উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কাজের বিল ছাড়ের জন্য রুবেল খান তার কাছে ঘুস দাবি করেছেন। ওই টাকা না দিলে বিল আটকে দেওয়াসহ কাজে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টির হুমকি দেন ওই প্রকৌশলী। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শেখ নোমান রেজার মাধ্যমে একটি ট্র্যাপ কেস (ফাঁদ) পরিচালনার উদ্যোগ নেয় দুদক।
পরিকল্পনা অনুযায়ী, ঠিকাদার শেখ নোমান রেজার মাধ্যমে এক লাখ টাকা ঘুস দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে রুবেল খান ওই টাকা গ্রহণ করলে আগে থেকে ওত পেতে থাকা দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ঘুসের এক লাখ টাকা উদ্ধার করা হয়।অভিযান শেষে দুদক পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ কেস পরিচালনার মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুসের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধার টাকার নম্বরের সঙ্গে ট্র্যাপ কেসে ব্যবহৃত টাকার নম্বরের সঙ্গে মিল পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার থেকেই নয়, পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়, সব কাজ থেকেই তিনি ঘুস নেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘আটক রুবেল খানকে থানা হেফাজতে রাখা হয়েছে। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।’
ছবি: সংগৃহীত
২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। কোনো আসামি অসুস্থ থাকলেও ভার্চ্যুয়ালি হাজির করতে হবে। এদিকে জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।
দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়।
রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা।
পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।
অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।
একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।
কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী BG-148 ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদ (Mohammed Jahed)-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।