সোহেল খান

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:০৪ পিএম

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে মারা গেছেন নাটক ও সিনেমার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল আনুমানাকি ৬০ বছর।


‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় ছিলেন।


সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, "সকালবেলা উঠে নাস্তা করে সবার সঙ্গে কুশলাদি বিনিময়, হাসি-ঠাট্টা করে পোশাক পরিবর্তনের জন্য নিজের রুমে গিয়েছিলেন। রেডি হয়ে বের হয়ে রুমের সামনে পড়ে যান।


“হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেন হার্ট অ্যাটাক করে মারা গেছেন।”


ইকবাল জানিয়েছেন, সোহেল খানের মরদেহ পরিবারের সঙ্গে কথা বলে তার বাড়ি সাভারের ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে।


ঘটনার বর্ণনা দিয়ে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ফেইসবুক এক পোস্টে লিখেছেন, “একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠল। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান।”


বিস্তারিত তুলে ধরে জয় আরও লিখেছেন, “তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।”


সোহেল খান কয়েক দশক ধরে নাটক ও সিনেমায় কাজ করে চলেছেন। দেশের একটা প্রজন্মের দর্শকের কাছে তার বেশ জনপ্রিয়তা। সোহেল খানের কাজ শুরু মোস্তফা সরয়ার ফারুকীর মাধ্যমে। ফারুকীর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে প্রথম পর্দায় আসেন তিনি।


এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’সহ বিভিন্ন একক নাটকে সোহেল খান অভিনয় করেছেন। ‘ফোরটোয়েন্টি’ ধারাবাহিক দিয়েও দীর্ঘ সময় পর্দায় থাকেন তিনি।


সোহেল খান নাটকের পাশাপাশি দারুচিনি দ্বীপ (২০০৭), প্রজাপতি (২০১১), দেশ: দ্য লিডার (২০১৪), পরবাসিনী (২০১৭), প্রিয় কমলা (২০২১), কেমনে কি! (২০২১), শান (২০২২) এবং জংলি (২০২৫) সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।


তাকে দর্শক বেশিরভাগ সময়ে হাস্যরসাত্মক চরিত্রেই বেশি পেয়েছে। অভিনয় করেছেন খল চরিত্রেও।




অভিনেত্রী তানিয়া বৃষ্টি

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৭ পিএম

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে নয় মাস পর ফিরেছেন চেনা আঙ্গিনায়। ‘অংশীদার’ নাটকের অভিনয়ে দর্শকদের প্রশংসাও পাচ্ছেন তানিয়া বৃষ্টি। পারিবারিক টানাপোড়েন এবং নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের গল্প নিয়ে নির্মিত এ নাটকের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন তিনি। গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজারের বেশি ভিউ হয়েছে।


নাটকটির বিষয়বস্তু নিয়ে সোশাল মিডিয়া ও ইউটিউবে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরছেন দর্শকরা। অনেকে বলছেন, নাটকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।


আশরাফুল নামের একজন লিখেছেন, "নায়কবিহীন নাটক সুপার হিট তানিয়া বৃষ্টি দ্বারাই সম্ভব, অভিনয় সেরা অভিনেত্রী তানিয়া বৃষ্টি।"


সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, “নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে, এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।”


বাবলী জাহান নামের আরেক দর্শক লিখেছেন, “নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপ দেখছি, তবে বাবা মারা যাওয়ার আগে আমাদের নামে দলিল করে দিয়ে গেছেন।”


রায়হান খান লিখেছেন, "বর্তমান সমাজের এই অবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে সুন্দর একটি নাটক বর্তমান সমাজের সাথে মিল রয়েছে।"


ইউটিউবের মন্তব্যের ঘরে হাসান নামের এক দর্শক লিখেছেন, "এই নাটক সমাজের বাস্তবতা তুলে ধরেছেন, শেষের দিকে শিক্ষামূলক ভাবে নাটকটি তৈরি করেছেন।"


ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।


দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা ইকসান রনি বলেন, “‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।”


এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয় করছেন।


নাটক ছাড়াও চলচ্চিত্রেও করেছেন তানিয়া। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।


দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল এই অভিনেত্রীর। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।


চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় প্রথম দফায় অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয় তাকে। অক্টোবরের শুরুতে তিনি অভিনয়ে ফেরেন।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। দেশের বাইরে থেকেও যে লাখো মানুষের ভালোবাসা ও সমর্থন তার সঙ্গে রয়েছে, তা নতুন করে উপলব্ধি করলেন এই প্রতিযোগী।


প্রিলিমিনারি রাউন্ড শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জানিয়েছেন, প্রায় ৮ কোটি ভোটের সমর্থন তাকে আবেগাপ্লুত করেছে।ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘প্রায় ৮ কোটি ভোটের এই অভাবনীয় সমর্থন শুধু একটি সংখ্যা নয়, এটি আমার প্রতি আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং বাংলাদেশের মানুষের এক বিশাল আবেগের প্রতিফলন।’


দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও প্রতিটি মুহূর্তে দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন অনুভব করছেন বলে জানান মাহি। তার ভাষায়, এই যাত্রায় তিনি একা এলেও প্রতিটি মুহূর্তে অনুভব করেছেন, তার সঙ্গে রয়েছে পুরো বাংলাদেশ। মানুষের প্রতিটি ভোট, বার্তা ও দোয়া তাকে আরও সাহসী করেছে।আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে চান জানিয়ে মাহি আরও লিখেছেন, ‘আমি জানি, আপনারা আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখছেন। আমিও মন থেকে চাই আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম গর্বের সঙ্গে তুলে ধরতে।’


পোস্টের শেষাংশে দেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ। ভালোবাসি আমার দেশের মানুষকে। তোমরাই আমার সবচেয়ে বড় শক্তি।’


এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি হওয়ার গল্পটিও মাহির জন্য বেশ নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট জেতেন তিনি। এরপর মাত্র একদিনের প্রস্তুতি নিয়ে ৮ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে দেশ ছাড়েন। আগামীকাল (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত আয়োজন।মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ১৯৯৭ সালের ৭ ফেব্রুয়ারি সিলেটে জন্ম ও বেড়ে ওঠা তার। ২০১৪ সালে ‘রং আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। এরপর র‍্যাম্প, ফ্যাশন শো ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন।


‘তরুণ তুর্কী’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন মাহি। তবে অসুস্থতার কারণে ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় তিন বছর মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকতে হয় তাকে। বিরতি কাটিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত হন। ‘গার্লস স্কোয়াড’ সিরিজ তার অভিনয়জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে পরিচিতি বাড়ান।মাহির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১১ পিএম

নিজ নিজ ক্ষেত্রে দুজনেই কিংবদন্তি। একজন ছয় দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের, অন্যজন অভিনয়ে হয়ে উঠেছেন একাধিক প্রজন্মের আদর্শ। শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। আর সেখানেই দর্শকদের উপহার দিয়েছেন এক মুগ্ধকর সন্ধ্যা।


বলা হচ্ছে সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেতা তারিক আনাম খানের কথা। শুক্রবার তারা একসঙ্গে হাজির ছিলেন ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা: লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক অনুষ্ঠানে। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদযাপন করা হয় রুনা লায়লার সমৃদ্ধ সংগীতজীবনের ছয় দশকের বেশি সময়ের পথচলা।অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। অন্যদিকে, গান পরিবেশন করেন রুনা লায়লা। পাশাপাশি দুজনের কথোপকথনেও জমে ওঠে আয়োজন। পুরো অভিজ্ঞতা তারিক আনাম খানের কাছে ছিল বিশেষ কিছু। রুনা লায়লার প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন তিনি।


অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তারিক আনাম খান লেখেন, ‘ভাবিনি কোনো দিন তার (রুনা লায়লা) সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি। অনুষ্ঠানের আগে সে কথা বলেছিলাম তাকে, বলেছিলাম আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।’গান ও আড্ডার ফাঁকে রুনা লায়লার কাছে নাচও শিখেছেন তারিক আনাম খান! সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা লেখেন, ‘তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন। গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনই করে।’


এদিকে, নিজের সংগীতজীবনের এই বিশেষ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, ‘আমার ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের এক অপূর্ব, স্মরণীয় সন্ধ্যা কাটালাম। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতোই নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’


আয়োজক, অতিথি, দর্শক ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।


অভিনেত্রী রম্যা কৃষ্ণান

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৬ পিএম

ভারতের চলচ্চিত্রশিল্পে যৌন হয়রানির অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রম্যা কৃষ্ণান। তার মতে, এ ধরনের শোষণ শুধু নারী শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ নয়; নারী-পুরুষ উভয় এর শিকার হতে পারেন। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসব কথা বলেন তিনি।


মালয়ালম চলচ্চিত্রশিল্পে নারীদের প্রতি বৈষম্য ও হয়রানির নানা চিত্র উঠে এসেছিল বিচারপতি হেমা কমিটির প্রতিবেদনে। এরপরও ভারতের চলচ্চিত্রশিল্প নারীদের জন্য পুরোপুরি নিরাপদ হয়ে উঠেছে, এমনটা বলা যায় না। কাস্টিং কাউচ নিয়ে আলোচনা এখনো চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন রম্যা।অভিনেত্রী বলেন, ‘অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে। তবে সময়ের সঙ্গে শোষণের ধরন বদলাতে পারে। কখনো কাউকে জোর করা হয়, কখনো সম্মতির বিষয় থাকে, আবার কখনো বিষয়টি স্বাভাবিক আচরণের আড়ালে ঘটে। কেউ এটা অস্বীকার করতে পারবেন না।’রম্যার মতে, চলচ্চিত্রশিল্পকে শুধু ‘যৌন হয়রানি’ শব্দ দিয়ে ব্যাখ্যা করাও যথাযথ নয়। কারণ, এ ধরনের হয়রানি শুধু অভিনয়ে সুযোগ পাওয়ার সময় ঘটে না; বরং কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবারসহ সমাজের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘এটা সব জায়গায় ঘটে এবং নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে না।’


অভিনেত্রীর মতে, চলচ্চিত্রশিল্প একটি চাকচিক্যময় পেশা। এ পেশার মানুষ সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন বলে তাদের অভিজ্ঞতাগুলোও সহজে জনসমক্ষে আসে। তবে কর্মক্ষেত্র বা পরিবারের মতো অন্যান্য জায়গায় নারীরা যে হয়রানির শিকার হন, সেসব ঘটনা অনেক সময় আলোচনায় আসে না।


প্রসঙ্গত, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন রম্যা কৃষ্ণান। বলিউডের সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ সিনেমায় দেখা গেছে তাকে। এতে রজনীকান্তের অভিনীত চরিত্র ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ানের স্ত্রী বিজয়ার ভূমিকায় ফিরেছেন তিনি।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী

সামান্থা রুথ প্রভু মা হলেন পুত্রসন্তানের


সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৫১ এএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন। গত ১৯ নভেম্বর তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি জানিয়েছেন সামান্থা। নবজাতকের ছোট্ট হাত মা-বাবার হাতের মুঠোয় রাখা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাদের সুন্দর পুত্রসন্তান। দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’

গত জুনে সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে অন্য তারকা দম্পতিদের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেননি তারা। তেলেগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে বেবি বাম্প প্রদর্শনের মধ্য দিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

সন্তান জন্মের আগে সামান্থা ও রাজ নিজেদের বাড়িতে বিশেষ পূজার আয়োজন করেন। সেখানে পরিবারের বড়দের আশীর্বাদ নিতেও দেখা যায় তাদের। ২০২৫ সালের ১ ডিসেম্বর ভারতের কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে তাদের পরিচয়। পরে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজেও একসঙ্গে কাজ করেন তারা। সামান্থা ও রাজের প্রথম সন্তান আগমনের খবরে বিনোদনজগতের তারকা ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। 


সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদের উত্তাল সময়ের অজানা গল্প শোনালেন সাবেক দেহরক্ষী কেতন করান্ডে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৫ এএম

বলিউডের ইতিহাসে সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেম এবং বিচ্ছেদ আজও অন্যতম আলোচিত অধ্যায়। এবার সেই উত্তাল সময়ের এক অজানা অভিজ্ঞতার কথা সামনে আনলেন ঐশ্বরিয়ার সাবেক দেহরক্ষী কেতন করান্ডে। তার দাবি, সালমান খানের হাত থেকে ঐশ্বরিয়াকে নিরাপদ রাখতেই সাত দিনের জন্য তাকে বিশেষভাবে নিয়োগ করা হয়েছিল।

২০০২ সালে রোহন সিপ্পি পরিচালিত ‘কুছ না কহো’ সিনেমায় অভিষেক বচ্চনের বিপরীতে শুটিং করছিলেন ঐশ্বরিয়া। শোনা যায়, অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার এই পেশাগত ঘনিষ্ঠতা সে সময় ভালোভাবে নেননি সালমান খান। সাংবাদিক কাবেরী বামজাই তার ‘দ্য থ্রি খানস: অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ নিউ ইন্ডিয়া’ বইয়েও অভিষেকের সঙ্গে কাজ করার বিষয়ে সালমানের আপত্তির কথা উল্লেখ করেছিলেন।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আর্ট মিডিয়া এন্টারটেইনমেন্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেতন করান্ডে জানান, খুব অল্প সময়ের জন্য তিনি ঐশ্বরিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কেতন বলেন, ‘একবার আমি ঐশ্বরিয়া রাইয়ের দেহরক্ষী ছিলাম। সালমান খানের কারণেই আমাকে কাজে নেওয়া হয়েছিল। সালমানের হাত থেকে তাকে নিরাপদ রাখতে সাত দিনের জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল।’ তার এই নিয়োগের কথা সালমান জানতেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন কেতন।

তিনি বলেন, ‘সালমানজি হয়তো জানতেন, অনেক বছর হয়ে গেছে তো।’ কেতনের মূল কাজ ছিল ঐশ্বরিয়ার বাসা থেকে তাকে গাড়িতে তোলা, সঙ্গে থাকা এবং নিরাপদে শুটিং সেট ও বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া এবং ফিরিয়ে আনা। সাক্ষাৎকারে সে সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন কেতন। তিনি জানান, একবার চলচ্চিত্র নির্মাতা বিক্রম ভাট আয়োজিত একটি ফ্যাশন শোতে ঐশ্বরিয়াকে নিয়ে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান নির্বিঘ্নে শেষ হলেও ফেরার পথে আচমকাই সালমান খানের মুখোমুখি হয়ে পড়েন তারা।

সেই মুহূর্তের বর্ণনা দিয়ে কেতন বলেন, ‘সেদিনও ঠিক একইভাবে ম্যাডামকে বাসা থেকে নিয়ে গাড়িতে বসে রওনা দিয়েছিলাম। শো শেষ হওয়ার পর যখন সেখান থেকে বের হলাম, দেখি সামনেই সালমান খান সাহেব দাঁড়িয়ে রয়েছেন। আমরা সবাই এমন ভয় পেয়ে গিয়েছিলাম যে কী করব বুঝতে পারছিলাম না।’ কেতন গাড়ি থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু চালক অত্যন্ত দ্রুততার সঙ্গে সালমানকে পাশ কাটিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

এই ঘটনার পর বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান কেতন করান্ডে। তিনি জানান, তিনি নিজে সালমান খান এবং ঐশ্বরিয়া রাই দুজনেরই বড় ভক্ত ছিলেন। তাই তাদের ব্যক্তিগত টানাপোড়েন বা সম্পর্কের জটিলতার মাঝখানে জড়িয়ে পড়তে চাননি। সে কারণেই মাত্র সাত দিন দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় সেই কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমায় প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইকে। এরপর ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ এবং ২০০২ সালে ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেন তারা। তবে বিচ্ছেদের পর আর কখনো একসঙ্গে রুপালি পর্দায় দেখা যায়নি এই জুটিকে।