পবিত্র কুমার বড়ুয়া।

  • প্রকাশ : শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬, সময় : ১২:৩১ এএম

রাজধানীর পল্টনের শারমিন একাডেমিতে শিশু নির্যাতনের মামলায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন। 


পবিত্র কুমার শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। স্কুলে শিশুটিকে নির্যাতনের ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল বৃহস্পতিবার এ নিয়ে পল্টন থানায় একটি মামলা হয়। 


পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, শিশুটির মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার শিশু অধিকার আইনে একটি মামলা করেছেন। মামলায় পবিত্র বড়ুয়া ও শারমিন জামানকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। স্কুলটিও বন্ধ রয়েছে।


শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে- স্কুলের পোশাক পরা শিশুকে টেনেহিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যান এক নারী। তিনি শিশুটিকে চড় মারেন। এরপর অফিস কক্ষে থাকা এক পুরুষ কখনও শিশুটির গলা চেপে ধরেন, কখনও মুখ চেপে ধরেন। ভয়ে শিশুটি কাঁদছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিলেন। একপর্যায়ে পুরুষটি একটি স্ট্যাপলার হাতে শিশুটির কাছে এগিয়ে গিয়ে তার মুখ স্ট্যাপল করার ভঙি করেন। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে এমন দৃশ্য দেখার পর এ নিয়ে নানা সমালোচলা চলছে। পরে জানা যায়, এটির ঘটনাস্থল রাজধানীর পল্টনের শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।


জানা যায়, নির্যাতনের ঘটনাটি গত ১৮ জানুয়ারি দুপুর ১টার দিকের। ৪ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওটি শেয়ার দিয়ে অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সেইসঙ্গে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।



সর্বশেষ সব খবর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের ১৫ দিনের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৫৮ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে ‘চাঁদ ট্রাভেলস’-এর মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর ঠিকানায় অবস্থিত পল্টন টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ দণ্ডাদেশ দেয়া হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেখা যায়, এইচ এম জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও প্রতিষ্ঠানটির কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করেও বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়াসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিবাসন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতারণা প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’।

সরকারের লক্ষ্য নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা। নিরীহ মানুষকে সর্বস্বান্ত করে অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করা কাউকেই ছাড় দেয়া হবে না। এ ধরনের প্রতারণায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিদেশগামী কর্মীদের সতর্ক করে মন্ত্রী আরও বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা অবশ্যই যাচাই করতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত হওয়া থেকে বিরত থাকতে হবে।

বিএমইটি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতারক চক্র নির্মূলে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২০ পিএম

এক লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা তাকে আটক করেন।দুদক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমতলী পৌরসভার লেকের সৌন্দর্যবর্ধন কাজের ঠিকাদার শেখ নোমান রেজা উপ-সহকারী প্রকৌশলী রুবেল খানের বিরুদ্ধে ঘুস দাবির অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, কাজের বিল ছাড়ের জন্য রুবেল খান তার কাছে ঘুস দাবি করেছেন। ওই টাকা না দিলে বিল আটকে দেওয়াসহ কাজে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টির হুমকি দেন ওই প্রকৌশলী। এমন অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী শেখ নোমান রেজার মাধ্যমে একটি ট্র্যাপ কেস (ফাঁদ) পরিচালনার উদ্যোগ নেয় দুদক।


পরিকল্পনা অনুযায়ী, ঠিকাদার শেখ নোমান রেজার মাধ্যমে এক লাখ টাকা ঘুস দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে রুবেল খান ওই টাকা গ্রহণ করলে আগে থেকে ওত পেতে থাকা দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ঘুসের এক লাখ টাকা উদ্ধার করা হয়।অভিযান শেষে দুদক পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‌‘ট্র্যাপ কেস পরিচালনার মাধ্যমে একটি বিশেষ অভিযান চালিয়ে রুবেল খানকে ঘুসের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। তার পকেট থেকে উদ্ধার টাকার নম্বরের সঙ্গে ট্র্যাপ কেসে ব্যবহৃত টাকার নম্বরের সঙ্গে মিল পেয়েছি।’


তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি শুধু নোমান রেজার থেকেই নয়, পৌরসভায় যত ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ হয়, সব কাজ থেকেই তিনি ঘুস নেন। এর মাধ্যমে রুবেল খান বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তাকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’


এ বিষয় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘আটক রুবেল খানকে থানা হেফাজতে রাখা হয়েছে। কাল তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৩ পিএম
  • আপডেট : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৭ এএম


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৩ পিএম

২০১৩ সালের মতিঝিলের শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার এখন থেকে কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।


সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন। কোনো আসামি অসুস্থ থাকলেও ভার্চ্যুয়ালি হাজির করতে হবে। এদিকে জাতীয় সংসদে প্রশ্ন ওঠার পর আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানোর পাশাপাশি মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।


এই মামলার অপর আসামিদেরও আজ এভাবে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার আজ ট্রাইব্যুনাল–২ এ শুনানি ছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এই মামলার আসামি ৪১ জন। এই মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন জিয়াউল আহসান।


দুপুর ১২টার দিকে পুলিশের একটি ভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। দেখা যায়, জিয়াউল আহসানের দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো। মাথায় হেলমেট। বুকে ভেস্ট। তাকে পুলিশের প্রিজনভ্যান থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেয়া হয়। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩১ পিএম

রেক্টাম বা পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসের কাপড়ে মাখানো স্বর্ণসদৃশ পেস্টসহ দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু জব্দ করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। আজ রোববার জাতীয় রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 


রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি করেন কাস্টমস কর্মকর্তারা। 


পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি শনাক্ত হয়। এরপর সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর ওজন প্রায় এক কেজি। এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা পরিশোধন ও পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তদেশীয় চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটি শনাক্ত এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

সর্বশেষ সব খবর

শাহজালালে ১ কোটি ১২ লাখ টাকার পণ্য আটক, সতর্কতায় কাস্টমস গোয়েন্দা

ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বাড়ছে!


  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ব্যাগেজের আড়ালে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন চোরাচালানের প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক-কর ফাঁকি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।


গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দার এ-শিফটের পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোনসহ মোট ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৮৩৪ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করা হয়েছে।


ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS218 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী মো. আবুল হোসেনের ব্যাগেজ থেকে ১৭১ গ্রাম স্বর্ণের বারসহ কসমেটিকস, খাদ্যদ্রব্য ও ওষুধ আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৩৫.৭০ লাখ টাকা।




অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG389 (ব্যাংকক–ঢাকা) ফ্লাইটে আগত যাত্রী শাহ আলম আজিজের ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার, Samsung, Honor ও Realme ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান ও ৬.৩৭৫ কেজি কসমেটিকস পাওয়া যায়। প্রযোজ্য কর আদায় ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৫.৩০ লাখ টাকা।




একই ফ্লাইটে আগত যাত্রী উম্মা হানির ব্যাগেজে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০.৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধায় ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দিয়ে অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ২১.৭৭ লাখ টাকা।


কাস্টমস গোয়েন্দার পর্যবেক্ষণে ছোট ছোট চালানে স্বর্ণ ও স্মার্টফোন আনার ঘটনা ক্রমবর্ধমান চোরাচালান ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এসব চালান পৃথকভাবে ছোট হলেও সামগ্রিকভাবে উল্লেখযোগ্য রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা সংঘবদ্ধ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।


চোরাচালানের পরিবর্তিত কৌশল মোকাবিলা ও সরকারি রাজস্ব সুরক্ষায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সতর্ক অবস্থানে থেকে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে।

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম
  • আপডেট : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ এএম

সৌন্দর্যের আড়ালে স্বাস্থ্যঝুঁকি

বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম আটক


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৮ পিএম

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার অভিযানে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১,৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।


গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর ২০২৬ তারিখে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই–চট্টগ্রামগামী BG-148 ফ্লাইটে আগত যাত্রী মোহাম্মদ জাহেদ (Mohammed Jahed)-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।


কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।


কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সব খবর