প্রতীকী ছবি

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে নেমেছে।


সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।’


ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।


মঙ্গলবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে সম্ভবত আবারও সুদের হার বাড়াতে হবে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।


বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।


সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং এর দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।


এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।


বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীতে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’


স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।


বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।


তবে বুধবার প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছর এ পর্যন্ত ধাতুটির দাম কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।


সূত্র: রয়টার্স




ফাইল ছবি

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৫ পিএম

ঢাকার একটি ক্যাফের মালিক একান্ত গত এক বছর ধরে ব্যাংক থেকে নিজের জমা টাকা তুলতে পারছেন না। তিনি বলেন, ‘প্রতিবার ব্যাংকে গেলে কোনো উত্তর পাওয়া যায়নি।’ তাঁকে শুধু বলা হয়েছে, ব্যাংকে তারল্য সংকট। 

শুধু তিনি নন, অন্তত অর্ধডজন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীরা তাঁদের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ করেছেন। তাঁদের অনেকে সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার শেষকৃত্যের মতো প্রয়োজনীয় কাজের জন্য এই অর্থ জমিয়েছিলেন। বাংলাদেশের ব্যাংক খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। এর অন্যতম কারণ শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাট। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর ক্ষমতায় ছিল তাঁর সরকার। ব্যাপক দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। এসব ঋণের বড় একটি অংশ আর কখনোই ফেরত আসবে না।

ব্যাংকের মালিকানা ও ঋণ গ্রহণ—দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক কারাগারে রয়েছেন, কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। এর ফলে ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। বিপরীতে ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। পরিস্থিতি এতটাই নাজুক যে, পুরো ব্যাংক খাতের মূলধন পরিস্থিতি নেতিবাচক পর্যায়ে চলে গেছে।

ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেটস এখন ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ। এই সূচক দিয়ে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও মূলধনের অবস্থা পরিমাপ করা হয়। এ পরিস্থিতি বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশের ‘বাংলাদেশ প্যারাডক্স’ বা বাংলাদেশের বৈপরীত্যের একটি নেতিবাচক পরিণতির আশঙ্কা তৈরি করেছে। ১৮ কোটি মানুষের দেশটিতে অর্থনৈতিক সাফল্যের বিপরীতে রাজনৈতিক পরিস্থিতি বরাবরই নাজুক।

১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা চরম দুরবস্থায় থাকা একটি দেশ হিসেবে বর্ণনা করেছিলেন। তখন দেশটি ছিল দরিদ্র, বন্যাপ্রবণ এবং শরণার্থী ছাড়া বিশ্ববাজারে রপ্তানির মতো পণ্যও ছিল সামান্য। 

অথচ পরবর্তী সময়ে বাংলাদেশ উন্নয়নের এক বিস্ময়কর উদাহরণ হয়ে ওঠে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য হ্রাস এবং স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়। দুর্বল সুশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেও এ সাফল্য এসেছে। তবে দেশটির রাজনৈতিক ইতিহাসে ত্রুটিপূর্ণ গণতন্ত্র ও সামরিক অভ্যুত্থানের মধ্যে বারবার পালাবদল ঘটেছে।

নতুন নির্বাচিত সরকারও এখন নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে। ফেব্রুয়ারির নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়ী হয়ে অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়। নতুন সরকারকে একদিকে ব্যাংক খাতের সংকট, অন্যদিকে দেশের প্রধান রপ্তানি শিল্প তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে অর্থনৈতিক চাপ সামলাতে হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও হিমশিম খাচ্ছে সরকার।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটেছে। সরকার এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তবে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তবে তিনি দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

বাংলাদেশের রাজনীতির উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে অর্থনীতির যোগসূত্র তৈরি হয়েছে ব্যাংক খাতের মাধ্যমে। অন্তর্বর্তী সরকারের সময় ব্যাংক খাতের লুটপাট নিয়ে একটি গবেষণাপত্র তৈরি করেছিলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘ব্যাংক লুটপাটের যে চোরতান্ত্রিক ব্যবস্থা উত্তরাধিকারসূত্রে আমরা পেয়েছি, এখন সেটিই মোকাবিলা করতে হচ্ছে।’

ব্যাংক খাতে খেলাপি ঋণ মূলত দুই ধরনের প্রতিষ্ঠানে বেশি কেন্দ্রীভূত। একটি ইসলামী ব্যাংক, যেখানে সুদের পরিবর্তে শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা অনুসরণ করা হয়। অন্যটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন। তুলনামূলকভাবে দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা ভালো।

দেশের অন্যতম বৃহৎ ঋণদাতা ইসলামী ব্যাংক বাংলাদেশ। একসময় ব্যাংকটির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দলটি নিষিদ্ধ ছিল। পরে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। এস আলম গ্রুপের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগও উঠেছিল, যদিও প্রতিষ্ঠানটি তা অস্বীকার করেছে। গ্রুপটির মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকটির প্রায় অর্ধেক ঋণ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদ জনসমক্ষে আর আসেননি। জামায়াতে ইসলামী দাবি করে, ব্যাংকগুলোর বিরুদ্ধে আগে আনা অভিযোগগুলো ছিল সাজানো। আওয়ামী লীগ সরকারের পছন্দের ব্যবসায়ীদের হাতে ব্যাংক তুলে দেওয়ার জন্যই এসব অভিযোগ আনা হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

খেলাপি ঋণ বেড়ে যাওয়ার পেছনে ইতিবাচক একটি কারণও রয়েছে। সেটি হলো ব্যাংক খাতে স্বচ্ছতা বৃদ্ধি। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বকেয়া ঋণের আসলের মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থের কিস্তি এক বছরের জন্য স্থগিত রাখার সুযোগ দেয়। পরবর্তী সময়ে বাকি ঋণ পরিশোধের জন্য ১০ বছর সময় দেওয়া হয়। এই ২ শতাংশ অর্থ পরিশোধ করলেই ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, খেলাপি ঋণের প্রকৃত হার তখনকার সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। সে সময় সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে। নতুন নিয়মে ৯০ দিনের বেশি সময় ধরে বকেয়া থাকা ঋণকে খেলাপি হিসেবে গণ্য করা হয়। এতে খেলাপি ঋণের হার বেড়ে এখন ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যাংক খাতের এই সংকট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশের মতো। যদিও অন্তর্বর্তী সরকার দাবি করেছিল, আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল।

অর্থনীতির এই ধীরগতির পেছনে শুধু ব্যাংক খাতের সংকট দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এখন শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

বিশ্বব্যাংকের ধারণা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে প্রবণতা ছিল, তা উল্টে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬ দশমিক ২ বিলিয়ন ডলার বা জিডিপির ১ দশমিক ২ শতাংশ সরবরাহ করেছে। তবে এ অর্থ যথেষ্ট হবে না বলেই মনে করা হচ্ছে।

ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাবে, কয়েক বছরের মধ্যে ব্যাংক খাতের পুনঃমূলধনীকরণে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে।

উদ্বেগের বিষয় হলো, নতুন সরকার ব্যাংক খাত সংস্কারের ক্ষেত্রে ধীরগতিতে এগোচ্ছে। জুন মাসে সরকার কিছু সমস্যাগ্রস্ত ঋণগ্রহীতার জন্য ঋণ পুনঃ-তপশিলের সুযোগ দেয়। নতুন একটি নিয়মে ব্যাংকগুলোর ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রেও সীমা আরোপ করা হয়েছে। এতে ঝুঁকি বিবেচনায় নিয়ে ঋণের সুদ নির্ধারণের ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা সমস্যাকে ভবিষ্যতের জন্য ফেলে রাখছি না। আমরা ব্যাংকের ব্যালান্সশিট পরিষ্কার করার চেষ্টা করছি। কোনো ভালো সম্পদ বা ঋণ হিসাবকে সহায়তা করার প্রয়োজন হলে এবং সামান্য সময় বাড়িয়ে দিলে ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেই সুযোগ দিতে পারি।’

বিদেশি উৎস থেকে উল্লেখযোগ্য সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণের জন্য সরকারের হাতে খুব বেশি অর্থ নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আয় কম। জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব আদায় করে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও এ হার খুবই কম। উদাহরণ হিসেবে পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে।

এদিকে খাদ্য ও জ্বালানি খাতে ভর্তুকিসহ বিভিন্ন ব্যয়ের কারণে সরকারের বাজেট ঘাটতি জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। এ ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। মূলত বেসরকারি ও তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে সরকার ব্যয় নির্বাহ করছে। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তা যুক্ত হয়ে অর্থ সরবরাহ বাড়াচ্ছে। ফলে মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে রাজনীতি থেকে অর্থনীতিকে আলাদা করে দেখার সুযোগ নেই। উচ্চ মূল্যস্ফীতি ও স্থবির প্রবৃদ্ধির পরিস্থিতিতে অর্থনীতি ক্রমেই সংকটের দিকে যাচ্ছে।

একজন অর্থনীতিবিদের মতে, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যবসায়ীরা গত ১৫ বছর ধরে অপেক্ষা করছেন—কখন তাঁদের লুটপাটের সুযোগ আসবে। তাঁরা বেশিদিন সেই সুযোগ থেকে বঞ্চিত থাকতে চাইবেন না। এর ফলে নতুন ব্যবসায়ী গোষ্ঠীকে সুবিধা দিতে ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হতে পারে।

বাংলাদেশের একজন সাবেক সরকারি কর্মকর্তা দ্য ইকোনমিস্টকে বলেন, ‘মৌলিকভাবে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি।’


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ১:০০ পিএম

নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঋণ সহায়তা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে এ ঋণ পেতে হলে ব্যবসার পরিকল্পনা, লাভজনকতা ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।


যেভাবে আবেদন করবেন


তরুণ উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করতে প্রথমে নিকটস্থ যে কোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নিতে আগ্রহের কথা জানিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আবেদনপ্রক্রিয়া ও শর্তাবলিও জেনে নিতে হবে।


আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও সংগ্রহ করে পূরণ করা যেতে পারে।


যেসব কাগজপত্র প্রয়োজন


আবেদনের সঙ্গে সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয় সেগুলো হলো-


> জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।


> ট্রেড লাইসেন্সের কপি, যদি থাকে।


> শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত কপি।


> পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।


> ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।


ব্যবসায়িক পরিকল্পনায় যা তুলে ধরতে হবে


ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কী ধরনের ব্যবসা করতে চান, প্রাথমিক বিনিয়োগ কত লাগবে, পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে আয় ও মুনাফা হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।


পাশাপাশি ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার একটি বাস্তবসম্মত হিসাব দিতে হবে। ব্যবসাটির মাধ্যমে কতজনের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখবে, সেটিও তুলে ধরা প্রয়োজন।


আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।


ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন


ব্যবসায়িক পরিকল্পনা যেন বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক হয়, সেদিকে নজর দিতে হবে। শুধু ঋণের পরিমাণ উল্লেখ করলেই হবে না; কেন অর্থ প্রয়োজন, কোথায় ব্যয় হবে এবং ব্যবসা থেকে কীভাবে ঋণ পরিশোধ করা সম্ভব হবে, তার ব্যাখ্যা থাকতে হবে।


সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।


মনে রাখতে হবে, আবেদন করলেই ঋণ নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাচাই করে নিতে হবে।


অধিবেশনে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৬ পিএম

​অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের লক্ষ্য হতে হবে, ঋণ নেওয়া প্রতিটি টাকা যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা ও জনকল্যাণে অর্থবহ অবদান রাখে। আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ করাও আমাদের লক্ষ্য।’ কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে ​রোববার দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এ লক্ষ্য অর্জনে তিনি বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর জোর দেন।


​অর্থমন্ত্রী বলেন, ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান দায়, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমিত সুযোগ দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ। ​তিনি জানান, অর্থায়নের নতুন উপায় হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের কথা ভাবছে। সরকারের ঋণ গ্রহণের সাফল্য বিচারে ঋণের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সেই অর্থ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে কতটা কার্যকরভাবে কাজে লাগছে। 


আজ রোববার ও আগামীকাল সোমবার এই সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’। ​অর্থায়নের ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও আন্তর্জাতিক পুঁজিবাজারের পরিবর্তনের মধ্যে কীভাবে টেকসইভাবে ঋণ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে সম্মেলনে যোগ দিয়েছেন দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা। এতে অংশ নিচ্ছেন অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তর এবং এডিবি, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারাও অংশ নিচ্ছেন।


অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং। সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল। স্বাগত বক্তব্য দেন এডিবির বাংলাদেশ মিশনের জ্যেষ্ঠ সামাজিক খাত কর্মকর্তা এস এম এবাদুর রহমান।


​তানভীর শাহরিয়ার গনি বলেন, কতটা ঋণের দায় বহন করা সম্ভব, তা বিবেচনায় নিয়ে বাংলাদেশের উচিত ডলারে ইস্যু করা ইউরোবন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনা খতিয়ে দেখা। উদীয়মান বাজারের সরকারি বন্ড নিয়ে জেপি মরগ্যানের একটি সূচকে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে দেশের সরকারি সিকিউরিটিজ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও পরিচিতি পেতে পারে। তাঁর মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনীতির ভিত মজবুত করতে হবে, লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং বিনিয়োগ থেকে পাওয়া অর্থ নিজ দেশে ফেরত নেওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা রাখতে হবে। ​বড় শিল্প প্রকল্পে অর্থায়নের জন্য আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থার সঙ্গে দেশের সংযোগ বাড়ানো এবং ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যে সম্পর্ক জোরদার করার কথাও বলেন তিনি।


​অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির মধ্যে সরকারের অর্থায়ন আরও স্বচ্ছ করতে এবং সরকার কখন কতটা ঋণ নেবে, সে বিষয়ে আগাম ধারণা দিতে অর্থ বিভাগ বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের জন্য কাজ করছে। তিনি বলেন, বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেওয়া আরও জটিল হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেসব ঋণের আসল-সুদ পরিশোধের দায় নিয়ে প্রতিবেদন উন্নত করা, ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা এবং আরও বেশি বিনিয়োগকারীকে বাজারে আনার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।


​এডিবির ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। ২০২০–২১ অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধে মোট ব্যয় ছিল জিডিপির ২ দশমিক ৩ শতাংশ। ২০২৪–২৫ অর্থবছরে তা বেড়ে ৩ শতাংশ হয়েছে।


বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে এর পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য রপ্তানির চেষ্টা

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৩ পিএম

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে এর পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য রপ্তানির চেষ্টা করেছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম। 



এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় ঘোষিত ‘সর্টেড কপার’ পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিল জাপান। কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করেছিল। 



এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সর্টেড কপার’ রপ্তানির ঘোষণা দিয়ে বিল অব এক্সপোর্ট দাখিল করে প্রতিষ্ঠানটি। তবে কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রপ্তানির চেষ্টা ধরা পড়ে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন প্রণয়ন এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবী হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা না থাকায় অনেকে ব্যাংকঋণ পান না। এমন জনগোষ্ঠীকে ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন–সুবিধা নিয়ে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। 


ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। আর দলগতভাবে ঋণের সর্বোচ্চ সীমা হবে ৪০ লাখ টাকা। ঋণের মেয়াদ ৫ বছর। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপন অনুযায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকেও এ সুবিধা দেওয়া হবে। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।


দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্যতা, ঋণের পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। এ নিয়ে নতুন নীতিমালা করা হয়েছে।


কারা পাবেন এই ঋণ


এ ঋণে যেসব শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা; জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার; ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী; আচার ও পিঠা প্রস্তুতকারী এবং ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।


মুদি ও মনিহারি পণ্যের দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও ঋণের যোগ্য হবেন।


প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা এ ঋণ পাবেন। বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।


কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের স্মার্ট কার্ড নেই, তাঁরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।


নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। একই সুবিধা পাবেন উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা।


প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশ থেকে ফিরে আসা শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।


শিক্ষার্থীদের জন্যও ঋণ


এ স্কিমে শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।


এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ঋণের ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।


একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা


একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দলগত ঋণের পরিমাণ এর চার গুণ, অর্থাৎ সর্বোচ্চ ৪০ লাখ টাকা। এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পেতে পারেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।


ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ গ্রাহকের ওই হিসাবেই জমা হবে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত লাগবে। এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে।


সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ


শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক কিস্তিতে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংক।


ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন নিতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।


যেভাবে মিলবে ঋণ


কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে।


এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের নির্দেশনার বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।


ঋণ বিতরণ, আদায় ও গ্রাহকের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ জন্য প্রতিবার তিন মাস পার হলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৯ এএম

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম আরো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।


নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৩ টাকা।


 এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।


এর আগে গতকাল ১২ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়।


এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।