ইসলামী ব্যাংক

  • প্রকাশ : বুধবার ২৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:১৮ পিএম

এস আলম গ্রুপের হাতে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ থাকার সময় ব্যাংকটিতে ১০ হাজার ৮৩২ জন কর্মী নিয়োগ হয়েছে। এদের মধ্যে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া কেবল জীবনবৃত্তান্ত বা সিভি জমা নিয়ে আট হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হয়। 


এর মধ্যে বেশির ভাগ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া এবং গ্রুপের আসাদগঞ্জ অফিসে রাখা বাক্সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। 


বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের নিয়োগ এবং আগস্টে সরকার পতনের পর ছাঁটাই প্রক্রিয়া যথাযথ ছিল কিনা, তা যাচাইয়ের জন্য চলতি বছরের এপ্রিলে গঠিত কমিটি এই প্রতিবেদন দেয়।


বিষয়টির গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন গভর্নর মো. মোস্তাকুর রহমান। সাধারণত বিভিন্ন ব্যাংকে পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয় যুগ্ম পরিচালকের নেতৃত্বে।


মূল্যায়ন পরীক্ষার পর ছাঁটাই হওয়া কর্মী এবং ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এ উদ্যোগ নেওয়া হয়। পরিদর্শন প্রতিবেদনে কোনো সুপারিশ না করে শুধু ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জমা দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কর্মী নিয়োগ এবং ছাঁটাই- দুটিই ব্যাংকের নিজস্ব বিষয়। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এসব কর্মী নিয়োগ দিয়েছিল। তারাই ছাঁটাই করেছে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ধরনের হস্তক্ষেপ করা সমীচীন হবে না।


পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকের মোট কর্মী ছিল ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১০ হাজার ৮৩২ জন। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু প্রার্থীর জীবনবৃত্তান্ত নিয়ে আট হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে শুধু চট্টগ্রাম জেলার আট হাজার ৯৯ জন। চট্টগ্রামের পটিয়া উপজেলার ছিল পাঁচ হাজার ১৪৮ জন। 


প্রতিবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যানের পটিয়ার বাড়ি ও আসাদগঞ্জের অফিসে জীবনবৃত্তান্ত জমার বাক্স থাকত। এসব বাক্সে লেখা থাকত পটিয়া জেনারেল, পটিয়া ক্যাশ, পুরুষ জেনারেল-সাতকানিয়া-লোহাগাড়া, পুরুষ ক্যাশ-গণ্ডামারা-বাঁশখালী, সনাতন জেনারেল, মহিলা ক্যাশ, পিয়ন-ডিপ্লোমা, পুরুষ জেনারেল, পুরুষ ক্যাশ ইত্যাদি। 


সলামী ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী, যে কোনো পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদন আহ্বান করে অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিতে হবে। পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ মার্কসকে ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচনা করতে হবে।


পরিদর্শন প্রতিবেদনে বিজ্ঞপ্তি ছাড়া কোন পদে কতজন নিয়োগ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তুলে ধরা হয়। ব্যাংকটি মোট ২৭টি পদে এসব নিয়োগ দেয়। এর মধ্যে পরীক্ষা ছাড়া সর্বোচ্চ দুই হাজার ৭৮৯ জন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) ও দুই হাজার ১৬০ ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেওয়া হয়। 


এর বাইরে মেসেঞ্জার কাম গার্ড এক হাজার ৫৪৪ জন এবং রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের স্টাফ হিসেবে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ৫০১ জন ট্রেইনি জুনিয়র অফিসার নিয়োগ দেওয়া হয়।


ওই সময়ে উচ্চপদের মধ্যে বিজ্ঞপ্তি ছাড়া দুজন এমডি, আটজন ডিএমডি, দুজন এসইভিপি, ব্যাংকটির ট্রেইনিং ইনস্টিটিউটের জন্য একজন প্রিন্সিপাল নিয়োগ হয়। আর পাঁচজন ইভিপির মধ্যে চারজনকে নিয়োগ দেওয়া হয় বিজ্ঞপ্তি ছাড়া। 


বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ডিএমডি হতে হলে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী পদে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। এ নিয়ম লঙ্ঘন করে এস আলমের পিএস আকিজ উদ্দিনকে মাত্র আট বছরের ব্যাংকিং অভিজ্ঞতা এবং মিফতাহ উদ্দীনকে ১৭ বছর অভিজ্ঞতায় ডিএমডি নিয়োগ দেওয়া হয়।


ছাঁটাইয়ের বিষয়ে যা আছে


বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের বিশদ পরিদর্শন ও চারটি বহির্নিরীক্ষকের বিশেষ নিরীক্ষায় ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট সময়কালের নিয়োগে অনিয়ম চিহ্নিত হয়। ফলে ওই সময়ে নিয়োগ পাওয়াদের যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী ব্যাংকের পর্ষদ। মূল্যায়ন পরীক্ষা বন্ধের জন্য দুই কর্মী ২০২৫ সালের ২১ আগস্ট হাইকোর্টে একটি রিট করেন।


বিষয়টি নিষ্পত্তির জন্য ওই বছরের ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন আদালত। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিতে বাধা নেই বলে জানানো হয়। ২৭ সেপ্টেম্বর ইসলামী ব্যাংক মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। 


প্রাথমিকভাবে সেখানে পাঁচ হাজার ৩৭৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে অংশগ্রহণকারী ৪০২ জনের সবাই চাকরিতে বহাল আছেন। চার হাজার ৯৭১ জন কর্মকর্তা পরীক্ষা দেওয়া থেকে বিরত ছিলেন। বিভিন্ন কারণে মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে না পারাদেরও ২৮৭ জনকে পরবর্তী সময়ে আবার যুক্ত করা হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, পর্ষদের সিদ্ধান্তে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চার হাজার ৬৮৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে চার হাজার ৪৪০ জনের বাড়ি চট্টগ্রামে। ১৫৫ জনের বাড়ি কক্সবাজার, ঢাকার ১০ জন এবং বাকি ৬১ জেলার ছিলেন ৮০ জন। 


এর বাইরে পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ১২১ জন, চুক্তির মেয়াদপূর্তিতে নবায়ন না করায় এক হাজার ১৯০ জন এবং অন্যান্য কারণে ১৩৬ জনকে চাকরিচ্যুত করা হয়েছে।


জানতে চাইলে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন বলেন, সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করেই কর্মী ছাঁটাই করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগ পাওয়াদের জন্য গত বছর একটি মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় যারা অংশ নেয়নি, শুরুতে তাদের ওএসডি করা হয়। পরবর্তী সময়ে সব প্রক্রিয়া অনুসরণ করে ছাঁটাই করা হয়।


কোন জেলার কত নিয়োগ


কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম জেলার সর্বোচ্চ আট হাজার ৯৯ জন নিয়োগ পান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৮ জন নিয়োগ দেওয়া হয় কক্সবাজার জেলা থেকে। এর পরের অবস্থানে কুমিল্লার, ১১৪ জন। ময়মনসিংহের ৯৯, বগুড়ার ৯৭ ও ঢাকা জেলা থেকে নিয়োগ পান ৯৬ জন। 


এ ছাড়া রাজশাহী থেকে ৮৩, যশোর থেকে ৭৮, গাইবান্ধা থেকে ৭৫, রংপুর থেকে ৬৬ এবং অন্যান্য ৫৪টি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় বাকি এক হাজার ৬২৭ জনকে। ২০১৭ সালে মাত্র ৩৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়। ২০১৮ সালে এক হাজার ১১৮ জন এবং ২০১৯ সালে দুই হাজার ৪৬৭ জন নিয়োগ দেওয়া হয়। 


২০২০ সালে নিয়োগ দেওয়া হয় দুই হাজার ১১০, পরের বছর ৮৬৫ জন। চরম তারল্য সংকটের সময় ২০২২ সালে দুই হাজার ১১৯ জন, ২০২৩ সালে ৩৯৭ জন এবং ২০২৪ সালে নিয়োগ দেওয়া হয় এক হাজার ৩৯২ জন কর্মী।


বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল দৈবচয়ন ভিত্তিতে ওই সময়ে নিয়োগ পাওয়া ১০ জন কর্মকর্তার লিখিত বক্তব্য নিয়েছে, যারা বর্তমানে ঢাকায় চাকরিতে আছেন। তারা জানিয়েছেন, এস আলমের নিজ বাড়ি ও আসাদগঞ্জ অফিসের বক্সে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তারা। সেখানেই তাদের মৌখিক পরীক্ষা এবং যোগদানপত্র দেওয়া হয়। এই ১০ জনের মধ্যে দুজনের মৌখিক পরীক্ষাও নেওয়া হয়নি।


প্রবেশনারি অফিসার নিয়োগেও নিয়ম লঙ্ঘন


কোনো অভিজ্ঞতা ছাড়া ব্যাংকে সর্বোচ্চ পদ হিসেবে বিবেচিত হয় প্রবেশনারি অফিসার। সব ব্যাংক এই নিয়োগ দেয় যাচাই-বাছাই করে। ইসলামী ব্যাংকে এ ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি। এস আলমের সময়ে প্রবেশনারি অফিসারের চারটি ব্যাচ নিয়োগ হয়। এর মধ্যে ২০১৯ সালের ২৪তম ব্যাচের ১৯০ জনকে নিয়োগ দেওয়া হয় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়া। 


এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় অংশ না নিয়েও নিয়োগ পেয়ে যান। সব প্রক্রিয়া সম্পন্ন করা হয় চট্টগ্রাম থেকে। ৮৪০ জনের সিভি পাঠানো হয় প্রধান কার্যালয়ে। এদের মধ্য থেকে ৭৬৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে মাত্র ৩৬ জন ৫০ শতাংশের বেশি নম্বর পান। পরে শর্ত শিথিল করে ২০ শতাংশ নম্বর পাওয়াদেরসহ ৫৫২ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। এদের পরে ৩০৪ জনকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় অংশ না নেওয়া ১২ জনসহ ১৯০ জনকে ইসলামী ব্যাংকে এবং বাকি ১২৬ জনকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে পাঠানো হয়। এদের সবার বাড়ি চট্টগ্রাম জেলায়। 


এদের মধ্যে ১৮৪ জন যোগদান করেন। এখনও চাকরিতে আছেন ৩১ জন। বাকিদের মধ্যে ২১ জন পদত্যাগ করেছেন, চাকরি হারিয়েছেন ১৩১ জন এবং একজন মারা গেছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, প্রবেশনারি অফিসারের ২৫তম ব্যাচের লিখিত পরীক্ষা নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মাধ্যমে। এই ব্যাচের লিখিত পরীক্ষায় ৫০ শতাংশের বেশি নম্বর পাওয়া ৯০৭ জনকে মৌখিক পরীক্ষায় ডাকা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৯৮ জনের বাড়ি ছিল চট্টগ্রামে। এই ব্যাচে নিয়োগ পাওয়া ১৫০ জনের মধ্যে ৮৮ জনই চট্টগ্রামের। এই ব্যাচের নিয়োগের সময় মৌখিক পরীক্ষার নম্বর ২৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। 


২০১৭ সালে ১৪৪ জন এবং ২০২৪ সালে ২০০ জন প্রবেশনারি অফিসারের নিয়োগ যথাযথ প্রক্রিয়া মেনে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২৪ সালের ২০০ জনের মধ্যে মাত্র ৩৬ জন ছিলেন চট্টগ্রাম জেলার।



সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১:৪০ পিএম

ব্যবসা শুরু করতে চান, কিন্তু পুঁজি নেই। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে প্রয়োজন হয় জামানতের। আবার ক্ষুদ্র উদ্যোক্তা ও স্বল্প আয়ের পেশাজীবী হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র এবং আর্থিক সক্ষমতা না থাকায় অনেকে ব্যাংকঋণ পান না। এমন জনগোষ্ঠীকে ব্যাংকঋণের আওতায় আনতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে ব্যাংকগুলো বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃ অর্থায়ন–সুবিধা নিয়ে ৭ শতাংশ সুদে ঋণ দেবে। 


ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না। আর দলগতভাবে ঋণের সর্বোচ্চ সীমা হবে ৪০ লাখ টাকা। ঋণের মেয়াদ ৫ বছর। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ আজ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপন অনুযায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, স্বল্প আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের মানুষকেও এ সুবিধা দেওয়া হবে। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে।


দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো নির্দেশনায় ঋণ পাওয়ার যোগ্যতা, ঋণের পরিমাণ, সুদের হার, জামানত ও বিতরণপ্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে।


বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জীবনমান উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোই এ উদ্যোগের উদ্দেশ্য। এ নিয়ে নতুন নীতিমালা করা হয়েছে।


কারা পাবেন এই ঋণ


এ ঋণে যেসব শ্রেণি-পেশার মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছেন পাড়া, মহল্লা ও গ্রামভিত্তিক অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা; জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি ও প্লাম্বার; ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী; আচার ও পিঠা প্রস্তুতকারী এবং ক্ষুদ্র তাঁতি ও চা-শ্রমিক।


মুদি ও মনিহারি পণ্যের দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী, মোবাইল রিচার্জ ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরাও ঋণের যোগ্য হবেন।


প্রচলিত ব্যবসার বাইরেও ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবার তৈরি এবং সম্ভাবনাময় উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা এ ঋণ পাবেন। বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরও ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।


কৃষকদের মধ্যে কৃষক স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা অগ্রাধিকার পাবেন। তাঁদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে যেসব প্রান্তিক ও ভূমিহীন কৃষকের স্মার্ট কার্ড নেই, তাঁরাও যাতে ঋণ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে সচেষ্ট থাকতে বলা হয়েছে।


নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো মহামারিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন। একই সুবিধা পাবেন উপকূলীয়, চর ও হাওর এলাকার স্বল্প আয়ের মানুষ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা।


প্রবাসীদের রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিদেশ থেকে ফিরে আসা শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের গ্রাহকেরা যেকোনো আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবেন।


শিক্ষার্থীদের জন্যও ঋণ


এ স্কিমে শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এ ক্ষেত্রে অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা দিতে হবে।


এ ছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। এসব ঋণের ক্ষেত্রেও অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।


একক ঋণ ১০ লাখ, দলগত ৪০ লাখ টাকা


একজন গ্রাহক বা অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পাবেন। তবে দলগত ঋণের পরিমাণ এর চার গুণ, অর্থাৎ সর্বোচ্চ ৪০ লাখ টাকা। এ জন্য দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে। প্রত্যেক সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা করে ঋণ পেতে পারেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন।


ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে। অনুমোদিত ঋণের অর্থ গ্রাহকের ওই হিসাবেই জমা হবে।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত ঋণে কোনো জামানত লাগবে না। তবে ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত লাগবে। এ ছাড়া ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে। এ জন্য গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে।


সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ


শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমের আওতায় ঋণ দিতে পারবে। তবে তাদের আদায় করা মুনাফার হারও বার্ষিক ৭ শতাংশের বেশি হতে পারবে না।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ পরিশোধে সর্বোচ্চ ৫ বছর বা ৬০ মাস সময় পাওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি দেওয়া যাবে। গ্রেস পিরিয়ড বাদ দিয়ে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক কিস্তিতে আসল, সুদ বা মুনাফা এবং সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের কিস্তি মাসিক, ত্রৈমাসিক, ছয় মাস অন্তর অথবা বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করতে পারবে ব্যাংক।


ঋণ দেওয়ার আগে ব্যাংককে গ্রাহকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি প্রতিবেদন নিতে হবে। তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে সিআইবি প্রতিবেদন সংগ্রহের জন্য কোনো চার্জ বা ফি নেওয়া যাবে না।


যেভাবে মিলবে ঋণ


কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ব্যাংকগুলো নিজেদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এ ঋণ বিতরণ করতে পারবে।


এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নেওয়া যাবে। তবে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শিডিউল অব চার্জেসের নির্দেশনার বাইরে ঋণ বা বিনিয়োগের প্রসেসিং ফি বাবদ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না।


ঋণ বিতরণ, আদায় ও গ্রাহকের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। এ জন্য প্রতিবার তিন মাস পার হলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন জমা দিতে হবে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৯ এএম

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে সোনার দাম আরো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।


নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৩ টাকা।


 এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।


এর আগে গতকাল ১২ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়।


এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৭২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

সর্বশেষ সব খবর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৮ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব প্রশাসনকে দুই ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ উদ্যোগকে আইনি ভিত্তি দিতে শিগগির প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে শুল্ক ও কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।


অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করার বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং শিগগির এ সিদ্ধান্তকে আইনি রূপ দেওয়া হবে।


দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে। একই সঙ্গে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রাজস্ব আদায়ের অগ্রগতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আয়কর খাতে প্রবৃদ্ধি ১৪ শতাংশের বেশি হয়েছে এবং শুল্ক খাতেও প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে প্রবৃদ্ধি কিছুটা কম। প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়মে ফিরে যাওয়ার ফলে এ খাতে রাজস্ব আদায় বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ছাড়া প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি আরও বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।


জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের প্রতিটি পয়সার সঠিক মূল্যায়ন করতে হবে। এ জন্য প্রতিটি প্রকল্প ও বিনিয়োগের ক্ষেত্রে প্রাপ্তি এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনা ও হিসাব-নিকাশ ছাড়া কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না।


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ প্রসঙ্গে তিনি জানান, এটি সরকারের সামগ্রিক অর্থনৈতিক কর্মসূচির একটি অংশ মাত্র। এ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্ড ও অন্যান্য বিকল্প উৎস থেকেও অর্থায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্ত্রী আরও জানান, আইএমএফের সঙ্গে চলমান কার্যক্রম ও কাঠামোগত বিষয়গুলো নিয়ে একটি কার্যদল কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট অগ্রগতি ও রূপরেখা চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। ঋণ বা সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা বা সমস্যা নেই বলেও তিনি নিশ্চিত করেন।


সরকারের সময়োপযোগী ও বিচক্ষণ পদক্ষেপের মাধ্যমে রাজস্ব আয় এবং সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য ও সামঞ্জস্য বজায় রাখা হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ সমস্ত উদ্যোগের সুফল শেষ পর্যন্ত দেশের জনগণই ভোগ করবে।


বিষয়:

এনবিআর

অর্থমন্ত্রী

জিডিপি

রাজস্ব

সর্বশেষ সব খবর
  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৪ এএম
  • আপডেট : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৪ পিএম


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪৪ এএম

উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।


খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।


খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানিয়েছেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিশেষ এই ওএমএস কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় গতকাল অর্থ মন্ত্রণালয়ের কাছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বা বিশেষ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।


অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের জন্য নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাস এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।


অর্থ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি পর্যায়ে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে প্রস্তাবিত বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান সরকারি মজুত থেকে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দের অনুরোধ করে খাদ্য মন্ত্রণালয়।


দরিদ্র মানুষকে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিজের গুদামে খাদ্যশস্য মজুত করে। মূলত চাল ও গম মজুত করা হয়। এই খাদ্যের একটি অংশ সরকার বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে। আরেকটি অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের সবচেয়ে বড় কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি। খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হয় কার্ডের বিপরীতে। যাঁরা কার্ড পাননি, তাঁরা এই সহায়তা নেওয়ার সুযোগ পান না। কার্ডহীনদের ভরসা ওএমএসের দোকান বা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি।


সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত এমন এক সময় নিল, যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। এদিকে নিম্নতম মজুরি বোর্ডও কাজ শুরু করেছে। ইতিমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি।


জানতে চাইলে বিশেষ এই ওএসএস পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক হবে না বলে মন্তব্য করলেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ছয় দিন হাড়ভাঙা পরিশ্রম করার পর ছুটির দিনে শুধু ওএমএসের চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ৩০০ টাকা বাঁচাতে এই উদ্যোগ কার্যকর সমাধান নয়। তা ছাড়া পোশাকশ্রমিকদের জন্য এটি সম্মানজনক হবে না। সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানা গেট থেকেই দিতে হবে। আর শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নিলেই শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।


ম্যাপড ইন বাংলাদেশের তথ্যানুযায়ী, দেশে ৩ হাজার ৩২০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ২৯ লাখ ৮৭ হাজার পোশাকশ্রমিক। তার মধ্যে ৫৭ শতাংশ নারী।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৬ এএম

টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।


এর আগে, গত ৬ নভেম্বর প্রথম দফায় এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তারও আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সব খবর

শীতকালীন ছবি (চ্যাটজিপিটি দিয়ে বানানো)

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ এএম

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে বাজারে। এতে কমতে শুরু করেছে দাম। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, সাদেক খান মার্কেট ও শ্যামলীর বাজার ঘুরে দেখা গেছে বাজারে প্রচুর শীতকালীন সবজির সরবরাহ। 


এসব বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি শিম ৫০ থেকে ৭০, পটোল, মুলা ও ঢ্যাঁড়শ ৪০ থেকে ৫০, উচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। তবে বেগুনের দর বেশি দেখা গেছে, প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। 


এবার অনেকটা স্বাভাবিক ফুল ও বাঁধাকপির দাম। মাঝারি আকারের প্রতি ফুল ও বাঁধাকপি কেনা যাচ্ছে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। তুলনামূলক কম দাম দেখা গেছে কাঁচামরিচের। খুচরা বাজার থেকে প্রতি কেজি কেনা যাচ্ছে ৭০ থেকে ১২০ টাকা দরে।



কমতির দিকে ডিম-মুরগি  

ডিম ও মুরগির বাজার কিছুটা কমতির দিকে রয়েছে। সবজির দর কমার কারণে ডিম-মুরগির বাজার স্থিতিশীল। ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকায়।

ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতো ১৭০ থেকে ১৮৫ এবং সোনালি জাতের মুরগি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। 

 

মসলার বাজার চড়া

নিত্যপণ্যের বাজারে কয়েকটি মসলা পণ্যের দর বেড়েছে। বিশেষ করে সপ্তাহ দুয়েকের ব্যবধানে জিরার কেজিতে ৪০ থেকে ৫০ টাকা এবং এলাচের কেজিতে ২০০ টাকার মতো দর বেড়েছে। খুচরা পর্যায়ে মানভেদে জিরার কেজি বিক্রি হয়েছে ৫৪০ থেকে ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দর ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা। সেই হিসাবে কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। 


সবচেয় বেশি দর বেড়েছে এলাচের। ১৫ থেকে ২০ দিন আগে মানভেদে এলাচের কেজি বিক্রি হয়েছে ৪৩০০ থেকে ৫২০০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৫০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকা। মাস দেড়েকের ব্যবধানে লবঙ্গের কেজিতে ৫০ টাকার মতো বেড়েছে। প্রতি কেজিতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা। এছাড়া এক মাসের ব্যবধানে আদার দাম বেড়েছে কেজিতে ২০ টাকার মতো। 


বর্তমানে প্রতি কেজি দেশি আদা ১২০ থেকে ১৫০ এবং আমদানি করা আদা ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজারে তেমন পরিবর্তন নেই। মান ও বাজারভেদে প্রতি কেজি কেনা যাচ্ছে ৪০ থেকে ৬০ টাকা দরে। 


কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈম বলেন, এলাচ আর জিরার দাম বেশি বেড়েছে। পাইকারি বাজারে বাড়ার কারণে খুচরায় বাড়ছে। তাঁর ভাষ্য, পাইকারি ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন বিশ্বাজারে মসলার দাম এবং ট্রাকের ভাড়া বেড়েছে। এ কারণে তাদের দাম বাড়াতে হচ্ছে।


খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। তাদের ভাষ্য, বিশ্ববাজারে দর বৃদ্ধি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কয়েকটি মসলার দাম বেড়েছে। 


তবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে জিরা, এলাচ ও আদার দাম কমেছে যথাক্রমে ১১, ১ ও ৫ শতাংশ। অন্যদিকে লবঙ্গের দর বেড়েছে ‍তিন শতাংশের বেশি। টিসিবির তথ্য বলছে, এক বছরে পেঁয়াজের দাম ৫৭ শতাংশ কমেছে।


কিছুটা বাড়তি চালের দাম 

বাজারে চালের দাম কিছুটা বাড়তি দেখা গেছে। প্রতি কেজি সরু চাল ৭০ থেকে ৮৫ টাকা এবং মাঝারি ধরনের চাল ৫৫ থেকে ৬৪ টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে এই দুই জাতের চালের কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। 


তবে মোটা চালের দাম অপরিবর্তিত দেখা গেছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। ছোলার দাম কিছুটা বেশি। এক মাসের ব্যবধানে ১০ শতাংশের মতো দর বেড়ে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।

পরিবর্তন নেই মাছে

মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। 


সর্বশেষ সব খবর