বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবন
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর এটাই প্রথম ঘটনা।
জানা যায়, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও অন্য কমিশনারদের কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। ২২ কর্মকর্তার মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো ও ৫ জনের বেতন সর্বনিম্ন স্তর বা গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে বিএসইসি সরকারের এই নির্দেশ পালন করে।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় মামলা হয়। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে ওই মামলা করেছিলেন। ফৌজদারি মামলার পাশাপাশি এ ঘটনায় সরকারি বিধি অনুযায়ী তদন্ত ও বিভাগীয় মামলা রুজু হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই তদন্ত এবং অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর নানা প্রক্রিয়া শেষে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বিএসইসিতে নির্দেশনা পাঠানো হয়। এই ২৩ কর্মকর্তার মধ্যে ২২ জনের বিরুদ্ধে গতকাল ব্যবস্থা নিয়েছে বিএসইসি। অন্য কর্মকর্তা আগেই অন্য আরেক অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বরখাস্ত হওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিএসইসির পক্ষ থেকে এই সিদ্ধান্তে কথা তাঁদের জানানো হয়। তবে বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি তাঁরা আজ বুধবার হাতে পেয়েছেন। অনেকে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে উপস্থিত হয়ে এই চিঠি গ্রহণ করেন।
কী ঘটেছিল গত বছরের ৫ মার্চ
গত বছরের ৫ মার্চ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা তৎকালীন বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টার বেশি অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনী এসে তাঁদের অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে এই কর্মকর্তারা ওই ঘটনা ঘটান। পরে তাঁরা বিভিন্ন দাবিদাওয়া ও তৎকালীন কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। এমনকি এই ঘটনায় কর্মবিরতিও পালন করেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা। এ নিয়ে কয়েক দিন সংস্থাটিতে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়, বিএসইসি চেয়ারম্যান (সাবেক) খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এবং কমিশনার (সাবেক) মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখের উপস্থিতিতে কমিশনের নির্ধারিত সভাকক্ষে সভা চলাকালে অভিযুক্ত ব্যক্তিরাসহ আরও কিছু কর্মকর্তা-কর্মচারী জোরপূর্বক ও অনধিকার প্রবেশের মাধ্যমে কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করেন। এরই মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসিটিভি ক্যামেরা, ওয়াই–ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেন এবং বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।
অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় দুর্বৃত্তরা, ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান অর্থমন্ত্রীর
ছবি : সংগৃহীত
চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহ দুয়েকের ব্যবধানে জাত ও মানভেদে কেজিতে চালের দাম বেড়েছে এক থেকে চার টাকা। একই সঙ্গে শিম, ফুলকপি, মুলা, বেগুনসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। তবে ডিম ও মুরগির বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে।
চাল ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। ফলে মিল পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিছুটা প্রভাব পড়েছে। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আমন মৌসুমের ধান উঠলে চালের দাম কমে আসবে।
অন্যদিকে সবজি বিক্রেতারা বলছেন, বৃষ্টি ও পরিবহন সংকটে কিছু এলাকা থেকে ঢাকায় সবজি কম আসছে। তবে বৈরী আবহাওয়া না থাকলে এবং সরবরাহ বাড়লে শীতের সবজির দাম কমে আসবে। তবে বৃষ্টির কারণে ক্রেতা সংকটে বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের দামের এ তথ্য জানা গেছে।
এদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, নানা অজুহাতে ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়ান। পাইকারি ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ ও মিলগেটের মূল্য প্রকাশ করা উচিত। একই সঙ্গে নিত্যপণ্যে অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা জরুরি।
বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ জাতের চাল কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। খুচরা বাজারে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সপ্তাহ দুয়েক আগে কেজি ৮৫ টাকার আশপাশে ছিল। বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা হয় সরু (মিনিকেট) ও মাঝারি (পায়জাম ও ব্রি ২৮-২৯) জাতের চাল। এ দুই ধরনের চালের দামও বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুই টাকার মতো বেড়ে মিনিকেট চালের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আর মাঝারি চাল কিনতে কেজিতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা। তবে মোটা চালের (গুটি স্বর্ণা-চায়না ইরি) দামে তেমন পরিবর্তন দেখা যায়নি, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।
কারওয়ান বাজারের খুচরা চাল ব্যবসায়ী মুক্তা রাইস এজেন্সির স্বত্বাধিকারী শাহজাহান মিয়া সমকালকে বলেন, ধানের মজুত শেষের দিকে। এ কারণে পাইকারিতে নাজিরশাইল চালের বস্তায় (২৫ কেজি) ৪০ থেকে ৬০ টাকার মতো বেড়েছে। তিনি বলেন, নভেম্বরের শেষদিকে আমন ধান উঠতে শুরু করবে। বাজারে নতুন চাল আসবে। তখন দাম কমতে পারে।
মৌসুমি সরবরাহ সংকটের অজুহাতে নাজিরশাইলের দাম বাড়ার কথা জানালেও মিনিকেটের দাম বাড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি ব্যবসায়ীরা। তাদের কেউ কেউ বলছেন, নাজিরশাইলের দাম বাড়ার সুযোগে চালকল মালিকরা মিনিকেটের দামও বাড়িয়েছেন।
এ বছর বাজারে দামের রেকর্ড গড়া পোলাও চালের দাম এখন কিছুটা কমতির দিকে। খোলা পোলাও চাল কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। মাস দুয়েক আগেও এই চালের কেজি ২০০ টাকার বেশি ছিল। এ ছাড়া প্যাকেটজাত চালের কেজি ২১০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে গতকাল পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত ছিল ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এদিকে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দেশের বিভিন্ন এলাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে ঢাকায় সবজির সরবরাহ কমেছে, এতে কয়েকটি সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। আকার ভেদে বাজারে প্রতি পিস ফুলকপি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে কেনা গেছে ২৫ থেকে ৩৫ টাকায়। ১০ থেকে টাকা ২০ টাকা বেড়ে শিমের দাম কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। এ ছাড়া পটোল ও ঢ্যাঁড়শের কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১১০ থেকে ১২০ এবং পুরোনো আলুর ২৫ থেকে ৩০ টাকায় কেনা যাচ্ছে। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
আগারগাঁওয়ে ভ্যানে করে সবজি বিক্রি করেন সাইফুল ইসলাম। তিনি বলেন, কয়েক পদের সবজির পাল্লায় (৫ কেজি) ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে ক্রেতা একেবারেই কম। কিন্তু বেশি দামে কেনার কারণে সবজি অবিক্রীত থাকলে তাঁর লোকসান হবে বলে জানান এই সবজি ব্যবসায়ী।
কারওয়ান বাজারের পাইকারি সবজি বিক্রেতা রিপন মিয়া বলেন, বৃষ্টি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় দাঙ্গা-হাঙ্গামার কারণে সবজির ট্রাক কম আসছে। সরবরাহ কম থাকলে দাম বাড়বেই।
গেল সপ্তাহের মতোই স্থির রয়েছে ডিম-মুরগির বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় কেনা যাচ্ছে। ব্রয়লারের কেজি ১৭০ থেকে ১৮০ এবং সোনালি জাতের মুরগির ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, এখন চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে জিনিসপত্রের দাম বাড়ান।
তিনি বলেন, মূলত করপোরেট দখলে চলে যাওয়ায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইচ্ছেমতো দাম বাড়ালেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
ছবি : সংগৃহীত
দেশের বাজারে একদিনে ১১ হাজার টাকা কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয়েছে ১০ হাজার ৯৫৪ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকায় আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৫ টাকা।
স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে।
ফাইল ছবি
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি কমেছে। বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে স্বর্ণের দাম গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে লেনদেনের একপর্যায়ে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে নেমেছে।
সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি অনুসরণের ক্রমবর্ধমান প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।’
ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
মঙ্গলবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে সম্ভবত আবারও সুদের হার বাড়াতে হবে। অন্যদিকে সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা প্রায় ২ দশমিক ২ শতাংশ।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়। ফলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে এবং এর দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।
এদিকে ফেডারেল রিজার্ভের ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণীর অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে।
বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, ‘ফেডারেল ওপেন মার্কেট কমিটির বৈঠকের কার্যবিবরণীতে আগের বৈঠকে কর্মকর্তাদের অবস্থান সম্পর্কে আরও ইঙ্গিত পাওয়া যেতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত আরও তিন দফা সুদের হার বাড়তে পারে—বাজারের এমন প্রত্যাশার বিষয়টিও এতে স্পষ্ট হতে পারে।’
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। লেনদেনের একপর্যায়ে এর দাম ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ বুধবার জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং প্লাটিনামভিত্তিক বিনিময়-বাণিজ্য তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
তবে বুধবার প্লাটিনামের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। চলতি বছর এ পর্যন্ত ধাতুটির দাম কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
ছবি : সংগৃহীত
নতুন উদ্যোক্তা তৈরি ও তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ঋণ সহায়তা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পেতে পারেন। তবে এ ঋণ পেতে হলে ব্যবসার পরিকল্পনা, লাভজনকতা ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তুলে ধরে নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
তরুণ উদ্যোক্তা ঋণের জন্য আবেদন করতে প্রথমে নিকটস্থ যে কোনো ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে। সেখানে বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তা ঋণ সহায়তা কর্মসূচির আওতায় ঋণ নিতে আগ্রহের কথা জানিয়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আবেদনপ্রক্রিয়া ও শর্তাবলিও জেনে নিতে হবে।
আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া গেলে সেখান থেকেও সংগ্রহ করে পূরণ করা যেতে পারে।
যেসব কাগজপত্র প্রয়োজন
আবেদনের সঙ্গে সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয় সেগুলো হলো-
> জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি।
> ট্রেড লাইসেন্সের কপি, যদি থাকে।
> শিক্ষাগত যোগ্যতার সনদ ও সত্যায়িত কপি।
> পূর্ণাঙ্গ ব্যবসায়িক পরিকল্পনা বা বিজনেস প্ল্যান।
> ব্যাংকের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।
ব্যবসায়িক পরিকল্পনায় যা তুলে ধরতে হবে
ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যবসার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কী ধরনের ব্যবসা করতে চান, প্রাথমিক বিনিয়োগ কত লাগবে, পণ্য বা সেবার বাজার চাহিদা কেমন এবং কীভাবে আয় ও মুনাফা হবে—এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পাশাপাশি ব্যবসা থেকে সম্ভাব্য আয়, ব্যয়, মুনাফা এবং ঋণের অর্থ কীভাবে পরিশোধ করা হবে, তার একটি বাস্তবসম্মত হিসাব দিতে হবে। ব্যবসাটির মাধ্যমে কতজনের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতিতে কী ধরনের অবদান রাখবে, সেটিও তুলে ধরা প্রয়োজন।
আবেদন ফরমে ব্যবসার বিস্তারিত পরিকল্পনা লেখার পর্যাপ্ত জায়গা না থাকলে আলাদা কাগজে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঋণ পেতে যেসব বিষয়ে গুরুত্ব দেবেন
ব্যবসায়িক পরিকল্পনা যেন বাস্তবসম্মত, সুস্পষ্ট ও তথ্যভিত্তিক হয়, সেদিকে নজর দিতে হবে। শুধু ঋণের পরিমাণ উল্লেখ করলেই হবে না; কেন অর্থ প্রয়োজন, কোথায় ব্যয় হবে এবং ব্যবসা থেকে কীভাবে ঋণ পরিশোধ করা সম্ভব হবে, তার ব্যাখ্যা থাকতে হবে।
সবশেষে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট ব্যাংক শাখায় জমা দিতে হবে। ব্যাংক আবেদন যাচাই-বাছাই করে নির্ধারিত নীতিমালা ও যোগ্যতার ভিত্তিতে ঋণের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
মনে রাখতে হবে, আবেদন করলেই ঋণ নিশ্চিত নয়। ঋণের পরিমাণ, যোগ্যতা, সুদের হার, জামানত ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী যাচাই করে নিতে হবে।