• প্রকাশ : শনিবার ০৯ মে, ২০২৬, সময় : ১১:৫০ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’-এর টেবিল টেনিস ইভেন্টের ছাত্রী বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একই বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দল রানারআপ হয়েছে। শনিবার (৯ মে) এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৩০৭ জন খেলোয়াড় অংশ নেন। এর মধ্যে ছাত্রীদের টেবিল টেনিসে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়।

গত বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর শুক্রবার (৮ মে) দ্বিতীয় দিনের খেলাগুলো সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার খেলাগুলো গ্রুপ পর্ব থেকে শুরু হয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্বের মাধ্যমে সম্পন্ন হয়। ধারাবাহিক এই প্রতিযোগিতামূলক পর্বগুলো শেষে ছাত্রী বিভাগের টেবিল টেনিস ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শিরোপা নিশ্চিত করে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রানারআপ হয়।

পুরো আসরজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং একই সঙ্গে ক্রীড়াসুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতিটি ম্যাচ উপভোগ্য হয়ে ওঠে, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।




কুবি ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল

  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ৮:০৫ পিএম

প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৫ আগস্ট) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের উত্তর মোড় সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া তা'লিমুল কুরআন মাদ্রাসায় (পাকিস্তান মসজিদ) এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং জুলাই আন্দোলনে শহীদদের জন্য দোয়া করা হয়।


এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য একটাই, যাতে এতিম, অসহায়, দুস্থ ও কোমলমতি শিশুদের দোয়ায় দেশনেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তায়ালা জান্নাত দান করেন। আমাদের এই নেত্রী দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। স্বৈরাচার এরশাদের আমল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত তিনি আন্দোলন-সংগ্রাম করে গেছেন।’


তিনি বলেন, ‘আজকের এই দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি সাড়ে ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আবদুল কাইয়ুমের মাগফিরাতও কামনা করছি। যারা আহত হয়েছেন, তাঁদের সুস্বাস্থ্য কামনা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এভাবেই সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।’


কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এই দোয়ার আয়োজনটি মূলত ছিল আপসহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আজ তিনি এই পৃথিবীতে নেই। আমরা বাংলাদেশের জনগণ সবাই তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর আপসহীনতার গুণাবলি এবং গণতন্ত্রের জন্য তাঁর যে সংগ্রাম, তা মনে ধারণ করে আগামী দিনে আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে চাই।’


তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি আমরা প্রত্যাশা করি, বর্তমান সময়ের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতি হবে পরিবর্তনের রাজনীতি। চিরাচরিত নিয়মে কারও জন্মদিনে কেক কেটে উদযাপন করার পরিবর্তে আমরা এখন প্রতিটি মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। পাশাপাশি আমাদের কোমলমতি শিক্ষার্থী ভাই-বোন এবং এতিম শিশুরা, যারা বিভিন্ন সময় অর্থের অভাবে পাঠ্যপুস্তক কিংবা শিক্ষাসামগ্রী কিনতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি।’


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ৩:৩৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন প্রায়ত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ উদ্দীন খান।


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং ইউট্যাবের সেক্রেটারি অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান।


এছাড়া ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ ও সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।


দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ ৮২তম জন্মদিন। তাঁর পুরো জীবনটাই বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্রের জন্য তিনি উৎসর্গ করেছেন। স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তিনি বিগত সরকারের দ্বারা নিপীড়িত, নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছেন। আমরা মন খুলে এই মহান ব্যক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।”


  • প্রকাশ : শনিবার ১৫ আগস্ট, ২০২৬, সময় : ২:৫৯ পিএম

আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিতর্ক দল ‘বুটেক্সডিসি বুনন’। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে শিরোপা জেতে দলটি।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পাশাপাশি ‘আগামীর বাংলাদেশ: তারুণ্যের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদা রওনক খান, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড অ্যান্ড ইয়ুথ লিডারশিপের অ্যাডভাইজার ফারজুনী রেজা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম ও মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল কাদির এবং এঞ্জেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজীর আরাফার। আলোচনা সঞ্চালনা করেন বন্ধুসভার বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক এসএম কামরুল ইসলাম।


সংসদীয় ধারার এ প্রতিযোগিতায় প্রথম পর্বে আটটি দল অংশ নেয়। সেখান থেকে চারটি দল পরবর্তী পর্বে উন্নীত হয়। পরবর্তী পর্বের বিজয়ী দুটি দল ফাইনালে মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে বুটেক্সডিসি বুনন চ্যাম্পিয়ন হয়।


চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন বুটেক্সের ৪৮তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহমুদুল হাসান, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাদ আল আশরাফি এবং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ শহিদুল ইসলাম। ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহিদুল ইসলাম।


বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির এটি প্রথম সাফল্য। বড় মঞ্চে বুটেক্সকে তুলে ধরতে পারা এবং প্রতিযোগিতামূলক বিতর্কে বুটেক্স ডিবেটিং ক্লাবের জয়ের ধারা অব্যাহত রাখতে পারায় আমি গর্বিত।’


সাধারণ সম্পাদক সাদ আল আশরাফি বলেন, ‘নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিজয় অর্জন করা সব সময়ই গর্ব ও সৌভাগ্যের বিষয়। এই সাফল্য শুধু তিনজন বিতার্কিকের নয়; ক্লাবের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী সবার।’


ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘বুটেক্সডিসির জন্য কিছু করতে পারা সত্যিই এক অনন্য অনুভূতি। জাতীয় পর্যায়ে নিজের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়।’


সমাপনী পর্বে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া বিতার্কিক ও বিচারকদের সম্মাননা দেওয়া হয়।


  • প্রকাশ : শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:২৮ পিএম

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মশক নির্মূল অভিযান ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বাকৃবি প্লাটুন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।



উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন, প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম, পিইউও বাকৃবি প্লাটুন ও সহকারী অধ্যাপক মো: তারিকুল ইসলাম, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আতোয়ার রহমান এবং কর্পো: পাপেল মাহমুদসহ বাকৃবি বিএনসিসি সদস্যবৃন্দ।


আয়োজকরা জানান, দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন।


সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম বলেন , বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন এ র‍্যালি ও মশক নিধন অভিযানের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক কল্যাণে বিএনসিসির এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সচেতনতা বাড়বে বলে আশা করছি ।


অধ্যাপক এ কে এম. রফিকুল ইসলাম বলেন আমাদের মূল লক্ষ্য হলো দেশের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে এবং দুর্যোগের সময় স্বেচ্ছাসেবক হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যুদ্ধের মতো পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।


তিনি আরও বলেন আজকের এই র‍্যালির আয়োজন করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য। মশার কামড় থেকে হওয়া এই রোগটি রুখতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধির জন্য আজকের এই র‍্যালির আয়োজন করা হয়েছে।


  • প্রকাশ : শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬, সময় : ৪:১৯ পিএম

বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।


কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন এন্ড সার্জারি বিভাগের অধ্যাপক এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আহসানুল হক। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান। যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সের অধ্যাপক ড. মোইজুর রহমান।


এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. ইলিয়াছুর রহমান ভূঁইয়া, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদুল আলম, এনাটমি ও হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল করিম, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মুকতার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) পরিচালক (পরিকল্পনা) ড. মোহাম্মদ বজলুর রহমান, বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ফাতেমা আক্তার এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতীকুল হক। এছাড়া এক্স-অফিসিও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবির মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা।


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশ : শুক্রবার ১৪ আগস্ট, ২০২৬, সময় : ১:০৯ পিএম

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকসহ পাঁচ শিক্ষক-কর্মকর্তাকে বক্তব্য দেওয়ার জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী বুধবার (১৯ আগস্ট) তাদের দুদকের নোয়াখালী কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

‎দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে গত ১১ আগস্ট জারি করা এক নোটিশে সংশ্লিষ্ট পাঁচজনকে আগামী ১৯ আগস্ট নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগ-সংক্রান্ত বিষয়ে তাঁদের কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে বলে জানিয়েছে দুদক।

‎দুদকের নোটিশ অনুযায়ী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত নিয়োগ নীতিমালা অমান্য করে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তাকেও নিয়োগ করা হয়েছে।

‎নোটিশে বলা হয়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা প্রয়োজন। এ জন্য তাঁদের জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে উপস্থিত হয়ে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

‎দুদকের তলব করা অন্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী, আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. জামশেদুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্রাবন্তী দত্ত।

‎নোটিশে দেওয়া সূচি অনুযায়ী, ১৯ আগস্ট সকাল ১০টায় মো. জামশেদুল ইসলাম, সকাল ১০টা ৩০ মিনিটে প্রাবন্তী দত্ত, বেলা ১১টায় অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ১১টা ১৫ মিনিটে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং ১১টা ৩০ মিনিটে মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরীকে উপস্থিত হতে বলা হয়েছে।

‎এ বিষয়ে নোটিশে অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হয়নি। দুদকের অনুসন্ধানের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সংশ্লিষ্টদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে।

‎উল্লেখ্য, নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগে এর আগেও দুদকের অনুসন্ধান ও অভিযান হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগের পর দুদক তথ্য সংগ্রহ করেছিল।