সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৫ বছর, বেসরকারিতে ৬ বছর। ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় একই মন্ত্রণালয়ের এমন দুই ধরনের শর্তে বিপাকে পড়েছেন অভিভাবকরা। সরকারি বিদ্যালয়ে লটারিতে সুযোগ না পাওয়া ৫ বছর বয়সী শিশুদের জন্য বেসরকারি বিদ্যালয়ে ভর্তির দরজাও বন্ধ হয়ে যাচ্ছে।শিক্ষাবিদরা বলছেন, একই শিক্ষানীতির অধীনে পরিচালিত দুই ধরনের প্রতিষ্ঠানে ভর্তির বয়সসীমায় এমন পার্থক্য অযৌক্তিক।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ২০২৭ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ভর্তি নীতিমালায় বয়সের এই ভিন্নতা রাখা হয়েছে। এতে সরকারি স্কুলে ভর্তির আবেদন করেও লটারিতে সুযোগ না পাওয়া পাঁচ বছর বয়সী শিশুদের এক বছর অপেক্ষা করা ছাড়া বিকল্প থাকবে না।
সরকারিতে পাঁচ, বেসরকারিতে ছয় বছর
গত ১৩ অক্টোবর প্রকাশিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।একই বিভাগের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এর ৩ নম্বর অনুচ্ছেদে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর এবং সাত বছরের কম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরাই এ শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। ফলে ২০২১ সালে জন্ম নেওয়া পাঁচ বছর বয়সী শিশু সরকারি স্কুলে আবেদনের সুযোগ পেলেও বেসরকারি স্কুলে আবেদন করতে পারবে না।
বিপাকে অভিভাবকরা
অভিভাবকদের আশঙ্কা, সরকারি স্কুলে আসন সীমিত। ফলে লটারিতে সুযোগ না পাওয়া শিশুদের বেসরকারি স্কুলে ভর্তির বিকল্পও বন্ধ হয়ে যাবে।
রাজধানীর শান্তিনগর এলাকার বাসিন্দা বাণী রহমানের মেয়ের বয়স পাঁচ বছর তিন মাস। তিনি সমকালকে বলেন, ‘এবার সরকারি স্কুলে সুযোগ না পেলে আমার মেয়েকে কোথাও ভর্তি করাতে পারব না? তার বয়সী অন্য শিশুরা সরকারি স্কুলে ভর্তি হয়ে যাবে, অথচ আমার মেয়ের জন্য বেসরকারি স্কুলের দরজাও বন্ধ থাকবে। এটা কেমন নিয়ম?’
আরেক অভিভাবক রফিকুল ইসলাম আদনান বলেন, ‘সরকারি স্কুলে আসন সীমিত। সেখানে সবাই তো ভর্তির সুযোগ পাবে না। আমার ছেলের বয়স পাঁচ বছর সাত মাস। তাকে সরকারি স্কুলে আবেদন করাব না। কিন্তু বেসরকারি স্কুলেও ভর্তি করাতে পারব না। এক দেশে দুই নিয়ম, এ কেমন বৈষম্য?
শিক্ষাবিদদের আপত্তি
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সমকালকে বলেন, সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে বয়সের এ বৈষম্য অযৌক্তিক। এটা ভুল, নাকি ইচ্ছাকৃত, তা আগে নিশ্চিত হতে হবে। কারণ, দুই ধরনের প্রতিষ্ঠানে বয়সের ভিন্ন শর্ত শিশুদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একই জাতীয় শিক্ষানীতির উল্লেখ করে দুই ধরনের ভর্তি নীতিমালায় বয়সের ভিন্নতা রাখা হয়েছে। বিষয়টি দ্রুত পর্যালোচনা করে অভিন্ন বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজন।
ফি ও কোটায় নির্দেশনা
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরের শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।সরকারি সেবা
নীতিমালায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের জন্য ৫ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীন দপ্তর বা সংস্থার কর্মীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে। এ ছাড়া সহোদর-সহোদরার জন্য ৩ শতাংশ
এবং যমজ ভাইবোনের জন্য ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক প্রতিযোগীতা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থানরত অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতি শুক্রবার খাবার বিতরণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।
এদিন ক্যাম্পাসে অবস্থানরত অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচি সম্পর্কে মো. আতিকুর রহমান বলেন, মানুষের প্রতি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পবিত্র জুমার দিনকে কেন্দ্র করে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার চর্চা বাড়াতেই ছাত্রদলের এ উদ্যোগ। ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের সম্পৃক্ত রাখতে চায় সংগঠনটি।
আতিকুর রহমান জানান, এ কার্যক্রম নিয়মিত কর্মসূচি হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে প্রতি শুক্রবার জুমার দিনে ক্যাম্পাসে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত থাকবে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প ও নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট কার্যালয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান হয়।
বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ক্যাম্প পরিচালক কৃষিবিদ ড. মো. জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এ ছাড়া স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল হকসহ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫৫ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্কাউটিংবিষয়ক বিভিন্ন সেশন, হাইকিং ও প্রাথমিক প্রতিবিধানসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি স্কাউটিংয়ের নিয়ম ও আদর্শ অনুসরণ করে নতুন ১০ জন সদস্যকে দীক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ছাদেকা হক বলেন, দীক্ষা গ্রহণ একজন রোভারের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আত্মমর্যাদাবোধ জাগ্রত করার পাশাপাশি জীবনকে সুশৃঙ্খল ও গোছানোভাবে পরিচালনা করতে সহায়তা করে। দীক্ষা নতুন জীবনের সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও স্কাউটদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের কাজের মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করতে হবে।
দীক্ষা গ্রহণকারী নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউট সদস্যদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। সদস্যদের আরও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও এসব কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে তাঁরা আরও ভালো ও গঠনমূলক কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্কাউটিংয়ের ঐতিহ্য অনুসারে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে রোভার স্কাউট গ্রুপের সভাপতি হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীনদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, বোতল ও কলমের বাক্স দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রথম প্যানেল আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জনের কৌশল, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের সঠিক পদ্ধতি এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।
দ্বিতীয় প্যানেলে ছাত্রশিবিরের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফল হওয়ার উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। আলোচনায় সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে যেতে শিক্ষার্থীরা ভয় পেত।গেস্টরুমে গিয়ে অনেক বড় বড় স্বপ্ন একদিনেই নিঃশেষ হয়ে যেত। জুলাই বিপ্লব এসে অনেক কিছু পরিবর্তন করে দিয়ে গিয়েছে। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে মাত্র ৩৬ দিনে তাড়িয়ে দিয়েছে এদেশের মানুষ। তবে বর্তমানে আমরা একটি সংকটের মধ্যে আছি। দেশের বর্তমান শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সংকট তৈরি হয়েছে এবং বেকারত্বের হার বাড়ছে। বাংলাদেশে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৫০-৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য যথাযোগ্য চাকরির ব্যবস্থা নেই। একই সাথে, মেধাবীদের ভালো জায়গায় যাওয়ার সুযোগ কমিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।
শিক্ষার্থীদেরকে তিনি আরও বলেন, কয়েকদিন আগে তোমরা দেখে থাকবে, স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া এনটিআরসি-র মাধ্যমে হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে স্কুল-কলেজ গভর্নিং কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। অথচ এই কমিটিগুলোতে দলীয় পরিচয়ে এমন একদল লোক বসে আছে যারা নিজেরাই কোনো রকমে টেনেটুনে পাশ করেছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে তারা টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্য করত। এর ফলে দিনশেষে আমরা জাতির মেধাবী শিক্ষকদের হারাতাম।
ছাত্রশিবির নিয়ে তিনি আরও বলেন, অন্যান্য সংগঠন থেকে ইসলামী ছাত্রশিবিরের মূল পার্থক্য হলো আমরা যারা ভালো করি, আমরা চাই আমাদের পরে যারা আসবে তারা যেন আরও ভালো করে। ইসলামী ছাত্রশিবির একটি ‘ফুল প্যাকেজ’ দেয়, যাতে একজন শিক্ষার্থী দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই সফল হতে পারে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার । ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে অত্যন্ত নীরবে-নির্ভৃতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা করতে না পারা শিক্ষার্থী, গুম-খুনের শিকার পরিবার কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান বিভিন্ন সমস্যার টেকসই সমাধান খোঁজার প্রচেষ্টা দেখে আমি সত্যিই মুগ্ধ। তাদের প্রতিটি উদ্যোগেই দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ উত্তরণের অভিনব পথ খুঁজে বের করার প্রয়াস রয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ তিনি আশা প্রকাশ করেন, মানুষের জীবনযাত্রার মান বদলে দেওয়া এসব উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম এবং শিল্পকারখানা পুনরুজ্জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
দিনব্যাপী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাঁদের চিন্তাভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবন পরিদর্শন শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আমরা ঘুরে ঘুরে ৮-১০টি প্রজেক্ট দেখলাম। কৃষি, ফিশারিজ ও গবাদি পশুর এই প্রজেক্টগুলো খুবই আশাব্যাঞ্জক।
এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা মনে করি, এগুলো আগামীতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। আমরা যেটা করব—যারা এই উদ্যোগগুলো নিয়েছেন, তারা যেন আরও বড় পরিসরে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা সর্বাত্মক ভূমিকা রাখব।"
অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, "আজকের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। আমরা ডিজিটাল যুগে বসবাস করছি; আমাদের আজকের এই উদ্ভাবনগুলো যদি সত্যিই বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে আমরা বহুদূর এগিয়ে যাব এবং এর মাধ্যমে আমাদের প্রিয় বাংলাদেশকেও আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।"
বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। এবারের আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক প্রকল্প ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাঁদের উদ্ভাবনী শক্তিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানান ফাউন্ডেশন কর্তৃপক্ষ।